শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪৭ এম
চট্টগ্রামে চাঁদাবাজদের কার্যকলাপ ক্রমাগত ভয়াবহ আকার ধারণ করছে। চাঁদা না পেলে গুলি, হামলা এবং প্রাণনাশের হুমকি এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নির্মাণাধীন ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান এবং বাসাবাড়ি-কোথাও নিরাপত্তা পাওয়া যাচ্ছে না। দেশি ও বিদেশি নম্বর থেকে ফোন করে লাখ লাখ টাকা চাঁদা চাওয়া হচ্ছে। চাঁদা দাবি না করলে সশস্ত্র হামলা চালানো হচ্ছে, বাসার ফটকে গুলি ছোড়া হচ্ছে এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
এসব ঘটনার পর মামলা, গ্রেপ্তার এবং পুলিশি পাহারা কিছুতেই দুর্বৃত্তদের তাণ্ডব থামাতে পারছে না। ব্যবসায়ীরা এতে আতঙ্কিত হয়ে পড়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের মে পর্যন্ত চট্টগ্রাম নগরী ও আশপাশে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও দখলকে কেন্দ্র করে সহিংসতায় ৩৫ জন নিহত হয়েছেন। গোলাগুলির ঘটনা ৪০টির বেশি ঘটেছে। একই সময়ে চাঁদাবাজির জন্য ৬৮টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে ভুক্তভোগীর সংখ্যা ১৫১ জন। শুধু চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম ১৭ মাসে চাঁদাবাজির ১৫টি মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ গত রোববার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় এক ভূমি ব্যবসায়ীর বাড়িতে গুলি ছোড়া হয়। বাড়ির মালিক জাফর আহমদের অভিযোগ, তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। টাকা না দেওয়ার পর গুলি চালানোর পর ফোন করে তাকে বলা হয়, "আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল শরীরে করব।"
অন্যদিকে, বেনামে অভিযোগ নেওয়া অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবাজ বিডি ডটকম’-এ চলতি বছরের ২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বিভাগ থেকে ১৩৭টি অভিযোগ জমা পড়েছে। এতে মোট এক কোটি ৫৭ লাখ ৭৬ হাজার ৩৩ টাকা চাঁদা দাবির কথা বলা হয়েছে।
নগরীর চকবাজার থানার চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় দুই দফা গুলির ঘটনা ঘটে। প্রথমবার চলতি বছরের ২ জানুয়ারি এবং দ্বিতীয়বার ২৮ ফেব্রুয়ারি। পরিবারের ভাষ্য, বিদেশে অবস্থানরত সন্ত্রাসী বড় সাজ্জাদের পরিচয়ে ফোন করে চাঁদা দাবি করা হয়েছিল। টাকা না পেয়ে হামলা চালানো হয় বলে তাদের অভিযোগ।
গ্রুপের এমডি মুজিবুর রহমান বলেন, বাড়ির পেছনের খালপাড় থেকে ভারী অস্ত্র দিয়ে গুলি করা হয়েছিল। একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে তাদের কোম্পানি থেকে চাঁদা দাবি করে আসছিল। মাসখানেক আগে কোম্পানির চেয়ারম্যানকে ফোনে হুমকি দেওয়া হয়েছিল।
পুলিশ পাহারা থাকার পরও হামলার বিষয়ে তিনি বলেন, প্রথমবার বাড়ির সামনে থেকে গুলি করলেও সেখানে পুলিশ থাকায় দ্বিতীয়বার বাড়ির পেছন থেকে গুলি করে। এভাবে চলতে থাকলে ব্যবসার পরিবেশ বিঘ্নিত হবে এবং ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগবেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
গত ২৬ জুলাই দক্ষিণ পাহাড়তলীর বড় দীঘিরপাড়-ভাটিয়ারী এলাকায় ব্যবসায়ী জসীম উদ্দিনের নির্মাণাধীন ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তার অভিযোগ, প্রায় এক মাস ধরে দেশি-বিদেশি নম্বর থেকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। টাকা না দেওয়ায় সাত-আটজনের একটি দল ভবনে ঢুকে ভাঙচুর এবং শ্রমিকদের মারধর করে।
তিনি বলেন, তাকে ১০০ পুলিশের সামনে গুলি করার এবং চালের গুদামে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। তার ভাষ্য, হামলাকারীরা গাড়ি নিয়ে এসে ভবনে প্রবেশ করে ভাঙচুর চালায়।
ওই ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করার কথা জানায়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ বলেন, কয়েকজন ভবনে ঢুকে ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে। ভবনের মালিক চাঁদা দাবির অভিযোগ করলেও কারো নাম উল্লেখ করেননি বলে জানান তিনি।
এর আগে গত ১৩ জুলাই নগরীর বাকলিয়া অ্যাকসেস রোডে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করে।
পুলিশের ভাষ্য, হামলার সঙ্গে সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ও তার সহযোগীদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।
গত ১১ আগস্ট পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় রুনা টাওয়ারের ফটকে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এর আগে ভবন মালিকের প্রবাসী ছেলের কাছে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। এক ঘণ্টার মধ্যে টাকা দেওয়ার আলটিমেটামও দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার পর অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ভবনের নিরাপত্তাকর্মী কামাল হোসেন বলেন, ঘটনার পর থেকে সবাই আতঙ্কে আছেন। গুলির বিষয়টি নিয়ে কেউ কথা বলবেন না। এ ঘটনায় পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
চট্টগ্রামের হাটহাজারী এলাকায়ও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। আমান বাজারের চিকিৎসক ইউসুফ ফারুকী পারভেজের কাছে প্রথমে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে তা বাড়িয়ে ২০ লাখ টাকা করা হয় বলে পুলিশের ভাষ্য। বিদেশি নম্বর ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তাকে হুমকি দেওয়া হচ্ছিল।
নগর পুলিশ এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে। জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, টাকা না দিলে ‘১০০ পুলিশ রাখলেও’ ওই চিকিৎসককে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিরা কারাগারে থাকা ডেভিড ইমনের বেতনভুক্ত কর্মচারী বলে তার দাবি। তাদের কাছ থেকে বিদেশি নম্বর ব্যবহার করা চারটি মোবাইল ফোন জব্দ করার কথাও জানায় পুলিশ।
গত রোববার রাতে বায়েজিদ থানার শহীদনগরের ভূমি ব্যবসায়ী জাফর আহমদের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তার অভিযোগ, প্রায় ১০ মাস আগে থেকেই ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। সম্প্রতি আবার ফোন করে একই অঙ্কের টাকা চাওয়া হয়। টাকা না দেওয়ায় দুটি মোটরসাইকেলে করে চারজন এসে বাড়ির জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে।
তার ভাষ্য, গুলির পর তাকে ফোন করে বলা হয়- আজ বাড়িতে গুলি করেছি, কাল শরীরে করব। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, দুটি মোটরসাইকেলে করে চারজন এসে গুলি ছুড়ে পালিয়ে যায়। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে নগর পুলিশ কমিশনার হাসান শওকত আলী আমার দেশকে বলেন, চাঁদাবাজির সঙ্গে জড়িত অস্ত্রসহ বেশ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে। নগরবাসীর আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। নগরবাসীকে চাঁদাবাজমুক্ত সমাজ উপহার দেওয়া পুলিশের অগ্রাধিকার বলে উল্লেখ করেন কমিশনার।
বিজিএমইএর পরিচালক ও সংগঠনটির সাবেক প্রথম সহসভাপতি এসএম আবু তৈয়ব বলেন, আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। এভাবে চলতে থাকলে ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব পড়বে। প্রতিদিন কোনো না কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটছে। ব্যবসায়ীরা যদি নিজেদের প্রতিষ্ঠান ও বিনিয়োগের নিরাপত্তা না পান, তাহলে নতুন বিনিয়োগে আগ্রহ হারাবেন। এর প্রভাব শুধু ব্যবসায়ীদের ওপর নয়, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতির ওপরও পড়বে।
তিনি আরো বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। রাজনৈতিক ব্যক্তিদেরও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তারা এগিয়ে এলে চাঁদাবাজি অনেকাংশে কমে আসবে। যারা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করছে এবং চাঁদা না পেয়ে গুলি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক, কাউকে ছাড় দেওয়া উচিত নয়।
চাঁদাবাজি ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হকের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হ্যাপি বার্থডে টু ইউ, তারেক রহমান। আপনার ডাক নাম পিনু। কিছু মানুষ বলেন পিনো। কোনটি সঠিক, তা আমার জানা নেই। আমি অনুরোধ করছি, আপনার ডাক নামটি যেন সঠিকভাবে উইকিপিডিয়ায় উল্লেখ থাকে, সেই ব্যবস্থা করবেন।
আমি আপনাকে ‘তারেক’ বলে ডাকব। কারণ, গত শতাব্দীর শেষ ভাগ থেকে চলতি শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত যখন আপনার সঙ্গে কথা হতো, তখন আমি আপনাকে ‘তারেক’ বলেই ডাকতাম। আপনার জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর, বুধবার। আপনার সম্পর্কে কিছু বলার চেষ্টা করলে বিষয়টি অনেক লম্বা হয়ে যাবে। তাই আজ আমি শুধুমাত্র দুটি বিষয় নিয়ে আলোচনা করব।
এক.
ম্যাডাম খালেদা জিয়া ও আপনার সঙ্গে আলোচনার পর ২০০৬ সালে আমি সাপ্তাহিক যায়যায়দিনকে দৈনিক যায়যায়দিনে রূপান্তরিত করি। ২০০৭ সালের মার্চে আপনি তেজগায়ের লাভ রোডে যায়যায়দিন ভবনে এসেছিলেন। ম্যাডাম খালেদা জিয়া বলেছিলেন, এটি যেন এশিয়ার মধ্যে একটি দর্শনীয় ভবন হয়। এর আগে ২০০২ সালে ম্যাডাম খালেদা জিয়া চেয়েছিলেন, আমি যেন একুশে পদক গ্রহণ করি। তখন আমি সেই প্রস্তাব গ্রহণ করিনি। কারণ, আমি তখন রাজনৈতিক সরকারের দেয়া কোনো পদক চাইনি।
২৪ বছর পরে, ২০২৬ সালে, আমি যখন একুশে পদক পাই, সেটা ছিল ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে। তবে পদকটি আমি গ্রহণ করি নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত দিয়ে। পদক প্রদান অনুষ্ঠানে বলা হয়েছিল, বাংলাদেশে সাংবাদিকতায় নতুন যুগের সূচনা করায় এই পদক দেয়া হলো।
তারেক, আপনার হয়তো মনে আছে, ২০০৮ সালে ঢাকা সেন্ট্রাল জেল থেকে আপনাকে পিজি হাসপাতালে আনা হলে, আমি অনেক স্যান্ডউইচ নিয়ে আপনাকে দেখতে গিয়েছিলাম। আমি জানতাম, আপনি আমার বাসার স্যান্ডউইচ পছন্দ করেন। কিন্তু আমি অবাক হয়েছিলাম, আপনি শয্যাশায়ী অবস্থায় একজনকে বললেন, সবগুলো ফ্রিজে রেখে দিতে! আপনি খেলেন না দেখে আমি হতবাক হয়েছিলাম!
এর তিন বছর পরে, ২০১০ সালে, যখন আমি লন্ডনে গিয়ে আপনার সঙ্গে দেখা করি, তখন আমি প্রশ্ন করেছিলাম, কেন সেদিন স্যান্ডউইচ খাননি? আপনি হেসে উত্তর দিয়েছিলেন, ‘ফ্রিজে ভাগ ভাগ করে রেখে তিন দিন খেয়েছিলাম!’
সেদিন, লন্ডনের একটি দোতলা বাড়িতে আপনি দরজা খুলে আমাকে গ্রহণ করলেন, তখন আপনার হাতে একটি ক্রাচ ছিল। আপনি বললেন, ‘আমার দুটি ক্রাচ ছিল। এখন আমি এক ক্রাচেই চলতে পারি। আমি সেরে উঠছি। ওয়েলিংটন হাসপাতালের (লর্ডস ক্রিকেট মাঠের পাশে) চিকিৎসা আমাকে সুস্থ করে তুলছে।’
‘তাহলে বাকি ক্রাচটি কোথায়?’ আমি প্রশ্ন করলাম।
‘ওই দেখেন, ঘরের কোণে।’ আঙুল দিয়ে দেখিয়ে বললেন তারেক রহমান।
এরপর আমি জিজ্ঞেস করলাম, কিভাবে আপনার ওপর এত শারীরিক অত্যাচার হয়েছে, সেটা আমি জানতে চাই। তিনি বলতে চাননি। আমি বললাম, ‘আপনাকে বলতেই হবে। দেশের পলিটিশিয়ানদের যদি এভাবে নির্যাতন করা হয়, তাহলে সেটা জনগণকে জানাতে হবে। ভবিষ্যতে যেন এ রকম না হয়, সে জন্যই বলতে হবে। প্লিজ, আপনি বলুন।’
তারেক কিছুক্ষণ চুপ থাকলেন...
কয়েক সেকেন্ড পর তার ওপর হওয়া নির্যাতনের কথা বলতে রাজি হলেন। আপনি যা বলেছিলেন, সংক্ষেপে তা হলো—
‘আমাকে সে সময় ঢাকা সেন্ট্রাল জেল থেকে নেয়া হয়েছিল ক্যান্টনমেন্টের একটি স্থানে।’
‘আপনি কি স্থানটি চিনতে পেরেছিলেন?’ আমি প্রশ্ন করি।
তখন আপনি একটু হাসলেন। তারপর বললেন, ‘এই জায়গাতেই আমার শৈশব কেটেছে। চোখ বাঁধা থাকলেও বুঝতে পেরেছিলাম, আমাকে ক্যান্টনমেন্টের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এখানকার লেফট-রাইট ও আপ-ডাউন— প্রতিটি বাঁক আমার চেনা।’
তার বলার এক পর্যায়ে আমি জিজ্ঞেস করেছিলাম, ‘আপনাকে এত নির্যাতন করল, আপনি কি খুব ব্যথা পেয়েছিলেন?’
তিনি বললেন, ‘আমি পরদিন বুঝতে পেরেছি যে, আমি আসলে কতটা আহত হয়েছি! বড় আঘাত পেলে আপনি সেই মুহূর্তে বুঝতে পারবেন না, কিন্তু পরে সেটার ব্যথা টের পাবেন। সেভাবে পরে বুঝেছি।’
এরপর ২০১২ সালে তারেক রহমানের সঙ্গে আমার আরেকবার দেখা হয়। তখন তিনি দক্ষিণ লন্ডনের উপকণ্ঠে থাকতেন।
সে সময় তার বাড়ির পাশে একটি হোটেলের রিসেপশন রুমে মঞ্চের মতো একটি স্থানে আমি বসেছিলাম। তারেক সেই রুমে ঢুকে দুই হাত প্রসারিত করে লাফ দিয়ে মঞ্চে উঠলেন! তিনি বোঝাতে চাইলেন, এবার আর ক্রাচ নয়; তিনি পুরোপুরি সুস্থ। বললেন, ‘দেখেন শফি ভাই, এখন আমার হাতে কোনো ক্রাচ নেই।’
দুই.
এরপর যেদিন লন্ডনে তার নতুন ভাড়া বাড়িতে গিয়েছিলাম, সেদিন তার স্ত্রী জুবাইদাও তার রুমে ছিলেন।
এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে চাই। আমি ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং ও কারেন্সি বিষয়ে এমএ পাস করে ১৯৫৭ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পড়তে লন্ডনে চলে যাই। কারণ, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় আমার বাবা সাইদুর রহমানের ওপর হওয়া সরকারি ভোগান্তি ও হয়রানি দেখে বুঝেছিলাম, আগে আর্থিকভাবে স্বাধীন হতে হবে। এ কারণে এমএ পাস করা সত্ত্বেও পাঁচ বছরের সিএ কোর্স করেছিলাম, যেন দেশে-বিদেশে ভালো কাজ করতে পারি।
আমি ছোটবেলা থেকেই গানের ভক্ত ছিলাম। বিশেষ করে সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, গীতা দত্ত ও মান্না দে-র। আমার ইচ্ছা ছিল গিটার বাজানো এবং সেটা ভালোভাবে শেখা। সাংবাদিকতার প্রথম আয় দিয়ে আমি গিটার কিনেছিলাম। গিটারের ছয়টি তার, কিন্তু ঢাকায় তখন গিটার বাজানোর সময় মাত্র দুটি তার ব্যবহার করা হতো! যখন আমি রেডিওতে হাওয়াইয়ান গান শুনতাম, তখন ধ্বনি অন্য রকম লাগত। এই কৌতূহল আমাকে লন্ডনে নিয়ে গিয়েছিল! সেই জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পাস করেও আমি দেশে ফিরে আসিনি। এরপর হাওয়াইয়ান স্টাইলে গিটার শেখার চেষ্টা করি। অর্থাৎ, আমি লন্ডনে থেকে গিয়েছিলাম হাওয়াইয়ান গিটার বাজানোর মোহে।
১৯৬৩ সালে লন্ডন থেকে ঢাকায় ফিরলাম। তখন কোনটিকে মূল পেশা হিসেবে বেছে নেব, সেটাই ছিল বড় প্রশ্ন। গান? অ্যাকাউন্টিং? লেখা?
আমি বুঝেছিলাম, আমাকে গান ছেড়ে লেখার দিকে মন দিতে হবে। লেখকসত্তাকে প্রধান করতে হবে। তাই ৩০ বছরের বেশি সময় গিটার বাজানো সত্ত্বেও লেখালেখির মতো অনিশ্চিত জীবন বেছে নিলাম। আমি তখন ইস্ট পাকিস্তানের একমাত্র ফাইভ স্টার হোটেল ইন্টারকন্টিনেন্টালের জেনারেল ম্যানেজারও হয়েছিলাম। তখন সংগীতচর্চা ছেড়ে দিলাম। শুধু হোটেল ম্যানেজমেন্ট ও লেখালেখিতে মন দিলাম।
আমি সেদিন তারেকের বাড়িতে গিয়ে দেখলাম, একটি কীবোর্ড এবং কিছু স্টাফ নোটেশন। দেখেই বুঝতে পারলাম, এখানে কেউ পাশ্চাত্য গান শেখার চেষ্টা করছে।
তখন আমি জুবাইদাকে জিজ্ঞেস করলাম, ‘তুমি কি গান গাও কিংবা পিয়ানো বাজাতে পারো?’
জুবাইদা হাসলেন এবং বললেন, ‘আমি না।’
‘তাহলে কে বাজায়?’ আমি প্রশ্ন করলাম।
জুবাইদা লাজুক মুখে বললেন, ‘পিনো বাজায়।’
আমি আকাশ থেকে পড়লাম! কিছুক্ষণ চুপ থাকলাম।
জুবাইদা আমাকে আরও জানালেন, ‘পিনোর ছোটবেলায় পিয়ানো বাজানোর শখ ছিল। গান গাইতে ভালোবাসত। ছোটবেলায় সে শিশু একাডেমির শিশু পত্রিকায়তেও লিখতো। আমি ওর গত জন্মদিনে পিয়ানোটি উপহার দিয়েছি।’
আমার ধারণা, দেশে ফিরে তারেকের সংগীতচর্চা বন্ধ হয়ে গেছে। তবু আমি অনুরোধ করব, কর্মক্লান্ত দিনের শেষে শোবার আগে প্রতি রাতে যেন তিনি একটি গান শোনেন। আমি আরও অনুরোধ করব, বিশ্বের সর্বকালের সেরা গান জন লেননের ‘ইমাজিন’ যেন শোনেন। আর কিছুদিন আগে ইউটিউবে প্রচারিত শঙ্কর মহাদেবনের গাওয়া কাজী নজরুলের ‘দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার’ গানটি শুনেন। কাজী নজরুল ইসলামের মতো আপনাকেও মানুষকে আহ্বান করতে হবে।
জনগণের প্রতি আমার অনুরোধ— তারেক রহমানকে আপনারা বিশ্বাস করুন। তিনি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনে মানুষের ভোটাধিকার নিশ্চিত করবেন। প্লিজ, আপনারা তাকে সময় দিন। পাঁচ বছর পর নির্বাচনে আপনারা যা ভালো মনে করেন, সেই সিদ্ধান্ত নেবেন।
আমি যখন গাজীপুরের কাশিমপুর জেলের নির্জন সেলে ছিলাম, তখন আমার একটি স্ট্রোক হয়েছিল। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তখন আমাকে প্রথমে গাজীপুর হাসপাতালে নেয়া হয়েছিল। স্বাস্থ্যর অবনতি ঘটলে আমাকে পিজি হাসপাতালে নেয়া হয়েছিল। চিকিৎসা শেষে আমাকে ঢাকা সেন্ট্রাল জেলের ৩ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বেডে নেয়া হয়েছিল।
তখন আমি জেল কর্মকর্তাকে প্রশ্ন করেছিলাম, ‘এই ওয়ার্ডের তো সব বেড ভর্তি। এই ৩ নাম্বার বেড খালি ছিল কেন?’
কর্তব্যরত জেল কর্মকর্তা আমাকে বললেন, ‘আপনার আগে এই বেডে তারেক রহমান সাহেব ছিলেন। আমরা তারেক রহমানের সম্মানার্থে এই বেডে এর আগে কাউকে দেইনি।’
আমি জেনে খুশি হলাম যে, সে সময় আওয়ামী লীগের অপপ্রচার সত্ত্বেও মানুষ ভয়-ভীতি উপেক্ষা করে তারেককে শ্রদ্ধা করতেন। তারেক রহমান তখনও জনপ্রিয় ছিলেন।
মি. তারেক রহমান, আজ ২০ নভেম্বর আপনার জন্মদিন।
আপনার সুস্বাস্থ্য কামনা করি। আপনার জন্মতিথি পালন করুন।
জন্মদিনে সবাইকে নিয়ে ইউটিউবে শঙ্কর মহাদেবনের গাওয়া ‘দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার’ গানটি শুনুন।
কারণ, আপনাকে—
‘এ তুফান ভারি, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।’
এই কামনা আমাদের সবার।
ভালো থাকুন তারেক রহমান।
লেখক: দৈনিক যায়যায়দিন-এর সম্পাদক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে দগ্ধ ও আহত হয়ে পাঁচজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (রেসিডেন্ট সার্জন) ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ভর্তি হওয়া রোগীদের প্রত্যেকের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত (ইনহেলেশন ইনজুরি) হয়েছে।
ভর্তি হওয়া রোগীদের মধ্যে রয়েছেন—মঈন (১৫), ময়না (৩৬), ফাতেমা (৯), ফাতেমা (৩০) ও নাদিরা (৩০)।
রোগীদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, ‘হাসপাতালে ভর্তির পর সবার প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে। বর্তমানে প্রত্যেক রোগীর অক্সিজেন স্যাচুরেশন (SpO₂) স্থিতিশীল রয়েছে। চিকিৎসকেরা তাঁদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ