০৮:১১ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, তেহরান থেকে ওয়াশিংটনের বিরুদ্ধে নতুন কোনো উসকানি না এলে, আপাতত ইরানে সামরিক অভিযান না চালানোর বিষয়ে চিন্তা করছেন। তিনি সাম্প্রতিক সময়ে জাতীয় নিরাপত্তাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টাদের কাছে এই মনোভাব প্রকাশ করেছেন।
শনিবার (১৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সাম্প্রতিক সময়ে ইরানে হামলার হুমকি দিয়ে উত্তেজনা বৃদ্ধি এবং সংঘাত বন্ধের ইঙ্গিত—দুই ধরনের বক্তব্যই দিয়ে আসছেন। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরাইলের সঙ্গে শুরু হওয়া এই অজনপ্রিয় যুদ্ধের সমাপ্তি সম্পর্কে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।
সূত্রের খবর অনুযায়ী, ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন যে, নতুন কোনো উসকানি না থাকলে তিনি ইরানে হামলা না চালানোর বিষয়টি বিবেচনা করতে পারেন। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক এবং একাধিক গোয়েন্দা ব্রিফিংয়ের পর ট্রাম্প ইরানে হামলা আপাতত স্থগিত রাখার বিষয়টি ভাবছেন। একই সঙ্গে, মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্রদেশও ট্রাম্পকে পূর্ণমাত্রার যুদ্ধে না ফেরার অনুরোধ জানিয়েছেন। মিত্রদের এ অবস্থানের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন: গাজার হাসপাতালে ইসরাইলি হামলার নিন্দা ১৮ মুসলিম দেশের
গত বৃহস্পতিবার ক্রীড়া সম্প্রচারক স্টিফেন এ স্মিথকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি চাইলে এখনই যুদ্ধ শেষ করতে পারি। কিন্তু যেসব দেশকে নিরাপত্তা দিতে চাই, তাদের অনুরোধে আমরা একটু দীর্ঘ ও আরও সংযত পথ বেছে নিয়েছি।”
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ সুরক্ষায় সব ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে রয়েছে। তিনি দাবি করেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং ইরানের অর্থনীতির পতনের কারণে যুক্তরাষ্ট্র এখন অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে।
সিআইএ এবং অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের কোনো মন্তব্য করেনি।
একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত অন্য একজন ব্যক্তির তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপে ইরানে হামলা নিয়ে তাদের মতামত জানতে চেয়েছেন ট্রাম্প। দুই নেতাই মার্কিন প্রেসিডেন্টকে নতুন করে হামলা শুরু না করার পরামর্শ দিয়েছেন। সূত্রগুলো বলছে, ট্রাম্প এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেননি।
আরও পড়ুন: নরওয়ে সমুদ্র তলদেশে তৈরি করছে বিশ্বের সবচেয়ে গভীর ও দীর্ঘতম সড়ক টানেল
আলোচনা সম্পর্কে অবগত আরও দুজন ব্যক্তির ভাষ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর সৌদি যুবরাজকে ট্রাম্প জানিয়েছিলেন, মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার পরিকল্পনা করছেন তিনি। তবে যুবরাজ তাকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ করেন। তার যুক্তি ছিল, ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরাইল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন