০৮:১৩ পি.এম
সাতক্ষীরা, ১৪ নভেম্বর ২০২৬ : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, যাতে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং ভারত থেকে অবৈধ অনপ্রবেশ প্রতিরোধ করা যায়।
সীমান্তের পরিস্থিতি বিবেচনায় টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। রাতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপন এবং থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার দুপুরে শ্যামনগর উপজেলায় ব্যাটালিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিজিবি’র নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ এসব তথ্য প্রকাশ করেন।
আরও পড়ুন: খুলনায় নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নেতা কচি গ্রেফতার
লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ জানান, সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অন্ধকার ও দুর্গম এলাকায় সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। রাতের সময় সীমান্তে নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। থার্মাল ড্রোন ব্যবহারের মাধ্যমে দুর্গম ও অন্ধকার এলাকায় সন্দেহজনক চলাচল শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করে তিনি সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল, অবৈধভাবে পারাপারের চেষ্টা কিংবা অস্বাভাবিক কর্মকান্ড চোখে পড়লে বিজিবিকে দ্রুত জানানোর আহ্বান জানান।
তিনি আরও জানান, যদি কোনো পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে, তবে তাকে গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা বের হতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা ও মানুষের জানমাল রক্ষায় পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে বিজিবি’র নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: শেরপুরে ৭ হাজার ১৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন