ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

স্কুলে ভর্তিতে বয়সসীমায় নতুন সংশোধন আনল সরকার


স্কুলে ভর্তিতে বয়সসীমায় নতুন সংশোধন আনল সরকার

সরকার শিক্ষা ব্যবস্থায় প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমায় একটি নতুন সংশোধন এনেছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি এবং বেসরকারি স্কুলে ভর্তির জন্য একই বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। উভয় ধরনের স্কুলের ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭ (সংশোধিত)’ প্রকাশ করেছে।

সংশোধিত নীতিমালায় উল্লেখ করা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি ছয় বছর বা তার বেশি হতে হবে। তবে শিক্ষার্থীর বয়স অবশ্যই সাত বছরের কম হতে হবে। এই ক্ষেত্রে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।

আরও পড়ুন: জবির শীতকালীন ছুটি বাতিল, রমজানে সমন্বয় হবে

শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ পাঁচ বছর অতিরিক্ত সুবিধা প্রদান করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ. লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্তে সব জেলায় গণশুনানি করবে ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৩ এম


আ. লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্তে সব জেলায় গণশুনানি করবে ট্রাইব্যুনাল

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম, অপহরণ, ক্রসফায়ার এবং জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্তে দেশের প্রতিটি জেলায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও চিফ প্রসিকিউটর কার্যালয়। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, গণশুনানির মাধ্যমে এসব অপরাধ চিহ্নিত করে বিচারের উদ্যোগ নেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শাপলা চত্বর হত্যা মামলার শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

জেলা পর্যায়ে তদন্তের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রসিকিউশন ও ইনভেস্টিগেশন এজেন্সি যৌথভাবে প্রতিটি জেলায় সরেজমিন পরিদর্শন করবে। সেখানে গণশুনানি নিয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধগুলো চিহ্নিত করা হবে।’

তিনি আরো বলেন, প্রয়োজনে অভিযুক্তদের তাত্ক্ষণিক আইনের আওতায় আনার ব্যবস্থা করা হবে। গণশুনানিতে যদি কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়, তাহলে অপরাধীদের ঘটনাস্থল থেকেই গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে।

চিহ্নিত অভিযোগ ও ঘটনাগুলোর তদন্ত শেষে ট্রাইব্যুনালে এনে বিচার শুরুর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে ৪৩ হাজার ১৯৬ কোটি টাকার ভর্তুকি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৪ এম


২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে ৪৩ হাজার ১৯৬ কোটি টাকার ভর্তুকি

সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে গড়ে ১৩ টাকা ২০ পয়সা দরে ক্রয় করেছে। বিদ্যুতের ক্রয়মূল্য এবং পাইকারি বিক্রয়মূল্যের মধ্যে যে পার্থক্য রয়েছে, সেটি ভর্তুকি হিসেবে সরকার প্রদান করে থাকে। ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকার ৪৩ হাজার ১৯৬ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

জাতীয় সংসদে বৃহস্পতিবার বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য তুলে ধরেন। তিনি এ সময় জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট, ভর্তুকি, আমদানি, নতুন অবকাঠামো নির্মাণ এবং দেশীয় খনিজ সম্পদ উত্তোলনের পরিকল্পনার বিষয়গুলো আলোচনা করেন।

মন্ত্রী জানান, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার জ্বালানি তেলের দাম ভর্তুকি দিয়ে বিক্রি করছে। আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে কম দামে জ্বালানি তেল বিক্রি করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আট মাস ধরে নিজস্ব তহবিল দিয়ে আমদানি কার্যক্রম পরিচালনা করছে। চলতি বছরের মার্চ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিপিসির লোকসান হয়েছে ২৭ হাজার ৬৬৯ কোটি ৭৯ লাখ টাকা।

তিনি আরও বলেন, যদি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে, তাহলে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুসারে দেশেও ভোক্তা পর্যায়ে দাম পুনর্নির্ধারণ করা হবে।

বিএনপির সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এবং জামায়াতের সংসদ সদস্য আমির হামজার পৃথক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণ ও গ্যাস সংকট কমাতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরাসরি সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির মাধ্যমে বিদেশ থেকে এলপিজি আমদানি শুরু করেছে।

দ্রুত এলপিজি আমদানির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আমদানি করা এলপিজি মহেশখালীর মাতারবাড়ীতে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের জেটি ব্যবহার করে খালাস করা হবে।

মন্ত্রী জানান, সরকারিভাবে এলপিজির সরবরাহ বাড়াতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বছরে এক লাখ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন নতুন এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জমি অধিগ্রহণসহ প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। মাতারবাড়ী, মোংলা এবং টাঙ্গাইলের এলেঙ্গায় এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট স্থাপনের কার্যক্রমও চলছে।

গৃহস্থালি পর্যায়ে বোতলজাত এলপিজির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে মোংলায় প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাতারবাড়ীতে এলপিজি স্টোরেজ টার্মিনাল স্থাপনের বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। এলপিজির বাজারমূল্য নিয়ন্ত্রণ এবং সরকার নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে সারা দেশে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশে বিদ্যুতের গড় উৎপাদন খরচ ছিল প্রতি ইউনিট ১১ টাকা ১৬ পয়সা। বিভিন্ন বিতরণকারী প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের কাছে প্রতি ইউনিট গড়ে ১০ টাকা ৪০ পয়সা দরে বিদ্যুৎ বিক্রি করা হয়েছে।

মন্ত্রী বলেন, সরকার বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতি ইউনিট গড়ে ১৩ টাকা ২০ পয়সা দরে বিদ্যুৎ কিনেছে। বিদ্যুতের ক্রয়মূল্য ও পাইকারি বিক্রয়মূল্যের পার্থক্য সরকার ভর্তুকি হিসেবে দিয়ে থাকে। ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকার ৪৩ হাজার ১৯৬ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

জামায়াতের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী জানান, দেশের মোট গ্যাস সরবরাহের প্রায় ৩৫ শতাংশ আমদানি করা এলএনজি পুনর্গ্যাসীকরণের মাধ্যমে পাইপলাইনে সরবরাহ করা হয়। চাহিদা মেটাতে উচ্চমূল্যে এলএনজি আমদানি করে গ্রাহকদের নির্ধারিত দামে গ্যাস দিতে হয়। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এলএনজি আমদানির ব্যয় আরও বেড়েছে। তবে আমদানি মূল্যে গ্রাহকদের কাছে গ্যাস বিক্রি করা সম্ভব হয় না।

মন্ত্রী বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্ধারিত প্রক্রিয়ায় গ্যাসের দাম নির্ধারণ করা হয়, যা সময়সাপেক্ষ। ফলে আমদানি ব্যয় ও বিক্রয়মূল্যের পার্থক্য সরকার ভর্তুকি হিসেবে দিয়ে থাকে। ২০২৫-২৬ অর্থবছরে এলএনজি খাতে সরকার ১৪ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী বলেন, দেশে বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা, অপরিকল্পিত নীতি এবং সাম্প্রতিক বৈশ্বিক জ্বালানিসংকটের পুঞ্জীভূত ফল।

মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০২৫ ও জাতীয় রুফটপ সোলার কর্মসূচিসহ একাধিক নীতিমালা নেওয়া হয়েছিল। তবে বাস্তবায়ন কৌশলের অস্পষ্টতা ও তাড়াহুড়োর কারণে এসব উদ্যোগ থেকে প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। কিছু সৌরবিদ্যুৎ প্রকল্প তড়িঘড়ি বাতিল করায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে এবং দেশ সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ হারিয়েছে। তিনি আরও বলেন, তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) প্রকল্প বাতিল এবং সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) যথাসময়ে চালু না হওয়ায় জ্বালানি ও গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে। এর প্রভাব বিদ্যুৎ উৎপাদনেও পড়েছে।

মন্ত্রী জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহে সংকট দেখা দেয়। গত ২১ জুলাই কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে আগুনে বৈদ্যুতিক কেব্‌ল ও অন্যান্য যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে দেশজুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দেয়।

জামায়াতের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, অনুমোদিত লোডের বিপরীতে ডিমান্ড চার্জ ও ভ্যাট প্রিপেইড মিটারের জন্য নির্ধারিত বিশেষ কোনো চার্জ নেই। প্রচলিত পোস্টপেইড মিটারের মাসিক বিলেও একই চার্জ প্রযোজ্য।

তবে ইউটিলিটি প্রতিষ্ঠানের সরবরাহ করা প্রিপেইড মিটারের ক্ষেত্রে মাসিক মিটার ভাড়া দিতে হলেও গ্রাহক খোলা বাজার থেকে প্রিপেইড মিটার কিনে স্থাপন করলে এ ভাড়া এড়াতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%