মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:০৩ এম
জাপান কৃষি খাতে শ্রমিকের জন্য বাংলাদেশ ও নেপালের দিকে মনোযোগ দিচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ঐতিহ্যগতভাবে কৃষি শ্রমিকের সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে ঝুঁকছে টোকিও। সোমবার চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিদেশি শ্রমিক সরবরাহ ও প্রশিক্ষণ দেওয়ার জন্য টোকিওভিত্তিক কোম্পানি মিরাই কৃষি কাজের জন্য প্রথম বাংলাদেশি শ্রমিক সরবরাহের ইঙ্গিত দিয়েছে। ভিয়েতনাম ও ফিলিপাইনের মতো দেশগুলো থেকে শ্রমিকদের জাপানে আসার সংখ্যা কমে যাওয়ায় দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে শ্রমশক্তির সন্ধান শুরু করেছে জাপানি কোম্পানিগুলো।
গত আগস্টে, জাপানের কৃষিক্ষেত্রের দক্ষতার বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মিরাই বাংলাদেশের দুই প্রার্থীকে চাকরির অফার দেয়। তারা শিগগিরই উত্তর-পূর্বাঞ্চলীয় আমোরি প্রিফেকচারে চাকরিতে যোগ দেবেন।
চাকরির অফার পাওয়া ২১ বছর বয়সী ময়মনসিংহের বাসিন্দা আহসান হাবিব বলেন, “আমি জাপানে যাওয়ার সুযোগে আপ্লুত। জাপানের কৃষি ব্যবস্থা সম্পর্কে এখন পড়াশোনা করছি। নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।”
অপর প্রার্থী ২০ বছর বয়সী বরিশালের বাসিন্দা সিয়ামুর রহমান বলেন, “জাপানে কাজের সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। জাপানে গিয়ে আমি কঠোর পরিশ্রম করতে চাই।”
জাপান সরকারের তথ্য অনুসারে, কৃষি খাতে ‘টাইপ ১’ বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি শ্রমিক গ্রহণ করে। এই শ্রমিকরা জাপানে পাঁচ বছর পর্যন্ত অবস্থান করতে পারেন। গত বছরের তুলনায় চলতি বছরের জুনে জাপানে কৃষি শ্রমিকের সংখ্যা ২৬ শতাংশ বেড়ে ৪৪ হাজার ৫০ জনে দাঁড়িয়েছে।
জাপানের ইমিগ্রেশন সার্ভিস এজেন্সির তথ্য অনুযায়ী, দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি শ্রমিক এসেছে ইন্দোনেশিয়া থেকে। মোট ১৮,২৫৫ ইন্দোনেশিয়ান শ্রমিক জাপানে রয়েছেন। এর বিপরীতে নেপাল থেকে ৯১৬, শ্রীলঙ্কা থেকে ৬৩৮ ও বাংলাদেশ থেকে ৩৩৪ শ্রমিক জাপানে গিয়েছে।
মিরাইয়ের প্যারেন্ট কোম্পানি সাসটেইনেবল হোল্ডিংসের ক্যারিয়ার অ্যাডভাইজরি বিভাগের জেনারেল ম্যানেজার ইউজি নোমুরা জানান, ভিয়েতনাম, ফিলিপাইন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোতে মজুরি বেড়ে যাওয়ায় ওই অঞ্চলগুলো থেকে কৃষি শ্রমিক আকৃষ্ট করতে জাপান ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে।
তিনি বলেন, “শ্রমিক সরবরাহ উৎসের সন্ধানে দক্ষিণ এশিয়ার দিকে আমরা ঝুঁকছি। যদিও বাংলাদেশ বড় কোনো কৃষিপ্রধান জাতি নয়, তবে ১৭ কোটি জনসংখ্যার কৃষিভিত্তিক দেশ হিসেবে এর উন্নতির বড় ধরনের সম্ভাবনা রয়েছে।”
সাসটেইনেবল হোল্ডিংস ২০১৭ সাল থেকে মিরাইয়ের মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশ থেকে বিদেশি শ্রমিক জাপানে সরবরাহ করছে। কোম্পানিটি তাদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করছে। ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা ও নেপালে মিরাইয়ের সহযোগী রিক্রুট স্কুল রয়েছে।
১৮ থেকে ৩০ বছর বয়সি চাকরিপ্রার্থীদের মধ্যে নারীরা বেশিরভাগই পরিচর্যার কাজে যাচ্ছেন। অন্যদিকে, পুরুষরা কৃষি খাতে চাকরিতে ঝুঁকছেন। নোমুরা জানান, কৃষিতে ‘নির্দিষ্ট দক্ষ কর্মী’ মর্যাদা অর্জন করতে প্রার্থীদের এন-ফোর প্রাথমিক পর্যায়ের জাপানি ভাষা পরীক্ষা এবং লিখিত ও ব্যবহারিক কৃষি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
তিনি বলেন, “জাপান অগ্রসর কৃষি প্রযুক্তির দেশ। এ কারণে জাপানে কাজের অভিজ্ঞতা নিয়ে অনেকেই অস্ট্রেলিয়া ও ইসরাইলে গিয়ে কৃষিক্ষেত্রে চাকরি বা নিজস্ব ব্যবসা করছেন।”
মিরাই বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে তিনটি সহযোগী রিক্রুট স্কুল পরিচালনা করে। ঢাকার স্কুলে জাপানি ভাষা ও অন্যান্য বিষয়ে পড়ান নোরিকো নুর নবি। হাবিব ও সিয়ামের সাফল্যে উচ্ছাসিত তিনি। বাংলাদেশে দুই দশকের বেশি অবস্থানের অভিজ্ঞতায় এ জাপানি নাগরিক বলেন, প্রত্যেক শ্রমিকের সংস্কৃতিগত প্রেক্ষাপট ও মানসিকতার অনুধাবন কার্যকর প্রশিক্ষণের জন্য প্রধান চাবিকাঠি। একইসঙ্গে জাপানে বিদেশি শ্রমিকদের জন্য নিরাপদ পরিবেশ গড়ার বিষয়ে গুরুত্ব দেন তিনি।
বিদ্যমান জনসংখ্যায় বৃদ্ধদের সংখ্যা বেড়ে যাওয়াসহ নানান কারণে দীর্ঘদিন ধরে জাপানের কৃষি খাত তীব্র শ্রমিক সংকটে ভুগছে। সরকারি তথ্য অনুযায়ী, টাইপ-১ শ্রমিক ও সাধারণভাবে অবস্থানের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এমন টাইপ-২ মর্যাদাপ্রাপ্ত কর্মীদের অন্তর্ভুক্ত করে, গত বছরের ডিসেম্বরের শেষ নাগাদ জাপানে কৃষি খাতে বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মী এবং কারিগরি শিক্ষানবিশদের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৯০৫ জনে।
মোট শ্রমিকের ৬০ শতাংশের বেশি অর্থাৎ ৩৯ হাজার ২৩৪ বিদেশি কর্মী ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে এসেছে।
তবে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর পরিবর্তিত পরিস্থিতি জাপানে দক্ষিণ এশীয়দের জন্য নতুন সুযোগের দরজা খুলে দিচ্ছে। সাসটেইনেবল হোল্ডিংসের পরিচালক নোরিয়ুকি তাকাকুরা বলেছেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মানুষ তাদের আন্তরিকতা ও পরিশ্রমের জন্য পরিচিত, যার ফলে তাদের সম্মানের চোখে দেখা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের কারণে সংঘর্ষ এবং ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। উভয় পক্ষের অন্তত পাঁচজন গুলিবিদ্ধসহ ৭-৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে রাতে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বেশ কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় আটটি মোটরসাইকেল ও পবিত্র কোরআন পুড়ে যায়।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গুলিবিদ্ধসহ আহতদের মধ্যে রয়েছেন, ঈশ্বরদী পৌর শহরের পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন এবং শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল ও মহিদুল ইসলাম। অন্য আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত পাঁচজনই গুলিবিদ্ধ হয়েছেন। তাদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে নদীপথের আলোচিত কাঁকন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এছাড়া, জাকারিয়া পিন্টুর সমর্থকদের এবং স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে বালুর ব্যবসা নিয়ে বিরোধ ছিল।
এসব বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় কাঁকন বাহিনীর বিরুদ্ধে মিছিল বের করে জাকারিয়া পিন্টুর ভাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব (বর্তমানে বহিষ্কৃত) মেহেদী হাসানের অনুসারী ছাত্রদলের নেতাকর্মীরা। সংঘর্ষের সময় কাঁকন বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ৭-৮ জন আহত হন।
জাকারিয়া পিন্টুর সমর্থকদের দাবি, সোমবার সন্ধ্যায় তাঁরা এলাকায় আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কাঁকন বাহিনীর সদস্য ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে তাদের বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।
অন্যদিকে, স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, জাকারিয়া পিন্টুর সমর্থকেরা পূর্বপরিকল্পিতভাবে এলাকায় এসে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। সন্ধ্যার ঘটনার পর রাতে তারা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, ছমির মেম্বার, নুরুল আলম ও নুরুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। একপর্যায়ে বাড়িতে থাকা আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে মোটরসাইকেলগুলো পুড়ে যায়। এ সময় বাড়িতে থাকা বেশ কয়েকটি পবিত্র কোরআন পুড়ে যায়।
সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। তারা অত্যন্ত চতুরতার সঙ্গে এ ধরনের বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মন্টু মিয়া (৫৩) নামে এক কারাবন্দী হাজতির মৃত্যু ঘটেছে।
রোববার, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে, হাসপাতালে মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল ৫টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানার ১২(১১)২৪ নম্বর মামলায় তিনি বন্দী ছিলেন। মামলাটির ধারাগুলো হলো ৩২৬/৩০৭/১৪৯/১৪৮/১৪৭/১৪৩/১২০/৩৪/১০৮ পিসি।
মন্টু মিয়া ঢাকার বংশাল থানার নয়াবাজার বাদশা লেন এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ