০৮:৫২ পি.এম
মাদকসেবী ছেলের দাবিকৃত নেশার টাকা দিতে দেরি হলে বাবা ও মাকে অমানুষিক নির্যাতন করার ঘটনায় বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা গ্রামে বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক মাদকসেবী ছেলেকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ জুন) সকালে।
দন্ডপ্রাপ্ত বিকাশ ওই গ্রামের বিপুল চন্দ্র বালার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার বলেছেন, দীর্ঘদিন থেকে মাদকাসক্ত বিকাশ বালা মাদকের টাকা জোগাড় করতে না পারলেই তার বসতঘর ভাংচুরসহ মা ও বাবাকে মারধর করে আসছিলো। তাকে সুস্থ্য করার জন্য ছয় মাস একটি রিহ্যাব সেন্টারে রাখা হয়েছিলো। কিন্তু সেখান থেকে বের হয়ে তিনি (বিকাশ) এলাকার কিছু মাদকসেবীদের প্ররোচনায় পুনরায় মাদকাসক্ত হয়ে পড়েন। এর আগে বিকাশের মা ও বাবা তাদের জমি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠিয়ে ছিলেন। কিন্তু সেখান থেকেও মাদকাসক্ত বন্ধুদের প্ররোচনায় বিকাশ দেশে ফিরে আসেন।
তিনি আরও জানিয়েছেন, মঙ্গলবার সকালে মাদক সেবনের তথ্য পেয়ে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সহযোগিতায় হরিসেনা গ্রামে অভিযান চালিয়ে বিকাশ বালাকে একশ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। পরে আটককৃত বিকাশকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান।
আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন