শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৫০ পি.এম
রমজান মাসের বাইরেও বছরের প্রতি সোমবার ও বৃহস্পতিবার মসজিদে নববীতে ইফতার আয়োজন করা হয়ে থাকে। নফল রোজা পালনকারী হাজারো মুসল্লি একত্রে ইফতারে অংশগ্রহণ করেন, যা সুন্নাহ অনুসরণ করে করা হয়।
পবিত্র মদিনা শহরটি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিতে ভরপুর, যা বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে ভালোবাসা, শ্রদ্ধা ও আত্মিক প্রশান্তির এক বিশেষ স্থান। প্রতিদিন, বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ এই পবিত্র নগরীতে আসেন। কিছু মানুষের জন্য এটি বহুদিনের স্বপ্নপূরণ, আবার কিছু মানুষের জন্য এটি জীবনের অন্যতম কাঙ্ক্ষিত সফর।
মদিনায় এসে মুসল্লিদের জন্য অন্যতম আকর্ষণ হলো মসজিদে নববী ও রাসুলুল্লাহ (সা.)-এর রওজা শরিফের জিয়ারত। প্রতিদিন হাজারো মুসল্লি দীর্ঘ সারিতে দাঁড়িয়ে রওজা শরিফে সালাম জানান। প্রিয় নবীর রওজার কাছে পৌঁছানোর মুহূর্তে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। কেউ দরুদ ও সালাম পাঠ করেন, কেউ নীরবে দাঁড়িয়ে থাকেন, আবার কারও চোখের পানিও অনুভূতির প্রকাশ হয়ে ওঠে।
রাসুলুল্লাহ (সা.)-এর রওজা শরিফের পাশে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক (রা.) এবং দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব (রা.) শায়িত আছেন। এই কারণে স্থানটি মুসলমানদের কাছে বিশেষ মর্যাদা ও আবেগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
তবে, মসজিদে নববীর আরেকটি ব্যতিক্রমী আয়োজন অনেকের কৌতূহল সৃষ্টি করে। সেটি হলো রমজান মাসের বাইরে নির্দিষ্ট দিনে ইফতারির ব্যবস্থা।
প্রতি সোমবার ও বৃহস্পতিবার মসজিদে নববীতে রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করা হয়। ইসলামে এ দুই দিনে নফল রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। মহানবী (সা.) নিজেও নিয়মিত সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তাই, তার সুন্নাহ অনুসরণ করে অনেক মুসল্লি এই দুই দিনে নফল রোজা পালন করেন। তাদের সুবিধার্থে মসজিদে নববীতে এই ইফতার আয়োজন করা হয়।
আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে ইফতার শুরু হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিরা একসঙ্গে একই সারিতে বসে ইফতার করেন। ভাষা, বর্ণ ও দেশের ভেদাভেদ ভুলে একসঙ্গে খাবার ভাগাভাগি করার দৃশ্য ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অনন্য উদাহরণ।
মসজিদে নববীর পাশেই অবস্থিত ঐতিহাসিক জান্নাতুল বাকি। ইসলামের ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সমাধিস্থল এই কবরস্থান। পবিত্র এই স্থান মুসল্লিদের মনে করিয়ে দেয় দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্ব এবং পরকালের কথা।
দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামলেও মদিনার আধ্যাত্মিক পরিবেশে যেন ভাটা পড়ে না। মসজিদে নববীর আলোকোজ্জ্বল প্রাঙ্গণে নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়া চলতে থাকে।
সবশেষে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা নিজ দেশে ফিরে যান। তবে, তাদের হৃদয়ে থেকে যায় পবিত্র মদিনার অমলিন স্মৃতি, মসজিদে নববীর প্রশান্তি এবং প্রিয় নবীর শহরে আবারও ফিরে আসার আকাঙ্ক্ষা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী (ইউনিফিল) এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ দেশটিতে সফর করতে যাচ্ছেন। তার লেবাননে পৌঁছানোর সময় আগামী সপ্তাহ নির্ধারিত হয়েছে। ৩১ ডিসেম্বর ইউনিফিলের কার্যক্রমের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। জাতিসংঘ যদি মেয়াদ না বাড়ায়, তাহলে ওই দিনই বাহিনীর বর্তমান মিশন শেষ হয়ে যাবে।
চলতি সপ্তাহের শুরুতে ইউনিফিলের ব্যাপারে কঠোর সমালোচনা করেন মাইক ওয়াল্টজ। মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ইসরাইল হায়োম সামিট’ অনুষ্ঠানে তিনি বলেন, জাতিসংঘের এই শান্তিরক্ষী বাহিনীকে ‘সন্ত্রাসীদের মানবঢাল’ হিসেবে অভিহিত করেছেন।
ওই অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত লেবাননে তার সফরের উদ্দেশ্যও পরিষ্কার করেন। তিনি জানান, ‘ইউনিফিল নামে পরিচিত এই মানবঢাল সরিয়ে দেওয়া এবং গত ২০ বছর ধরে সেখানে থাকা শান্তিরক্ষা মিশনে পরিবর্তন আনাই হবে আমার লক্ষ্য।’
এদিকে, যুক্তরাষ্ট্র ইউনিফিলের পরিবর্তে একটি বেসামরিক মিশন গঠনের বিষয়টি বিবেচনা করছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, ইউনিফিলের পরিবর্তে নতুন মিশন গঠনের ক্ষেত্রে সামরিক বাহিনী থাকা বাধ্যতামূলক নয়। এটি বেসামরিক মিশনও হতে পারে।
জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী ইউনিফিল দীর্ঘকাল ধরে লেবাননে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বাহিনীটির বর্তমান ম্যান্ডেট বা কার্যক্রম পরিচালনার অনুমোদন রয়েছে। জাতিসংঘ যদি মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত না নেয়, তাহলে ওই দিনই এর অনুমোদন শেষ হবে।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদ সচিবালয়ে ১৫৫ জনকে নিয়োগ দেয়া হবে বিভিন্ন পর্যায়ের ২৮ পদে। সংসদ সচিবালয় ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে। আবেদন জমা দেয়ার সময়সীমা ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
যেসব পদে নিয়োগ
গাইড: ১১তম গ্রেডের এই পদে একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৫ হাজার টাকা। আবেদনকারীর কাছে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি থাকা আবশ্যক।
ক্যাটালগার: ১১তম গ্রেডের তিনটি শূন্য পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৫ হাজার টাকা। আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট: ১৩তম গ্রেডে একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৪ হাজার টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
ফটোগ্রাফার (স্টিল): একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৪ হাজার টাকা (১৩তম গ্রেড)। আবেদনকারীর কাছে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রিসহ ফটোগ্রাফির ওপর সনদ থাকতে হবে। অথবা এইচএসসি পাসসহ ফটোগ্রাফিতে ডিপ্লোমা থাকতে হবে।
টেকনিশিয়ান (নেটওয়ার্ক): একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৪ হাজার টাকা (১৩তম গ্রেড)। আবেদনকারীর কম্পিউটার সায়েন্স, টেলিযোগাযোগ বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।
টেকনিশিয়ান (হার্ডওয়্যার): পাঁচটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৪ হাজার টাকা (১৩তম গ্রেড)। আবেদনকারীর কম্পিউটার সায়েন্স, হার্ডওয়্যার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।
ডাটা টেকনিশিয়ান: দুটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৪ হাজার টাকা (১৩তম গ্রেড)। আবেদনকারীর স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি পাস এবং দুই বছরের ট্রেড সার্টিফিকেটসহ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ২৩ জনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৪ হাজার টাকা (১৩তম গ্রেড)। আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বাংলা ও ইংরেজি সাঁটলিপি এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ও ডাটা এন্ট্রিতে নির্ধারিত গতিসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: পাঁচটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৩ হাজার টাকা (১৪তম গ্রেড)। আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অপারেটর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। টাইপিং স্পিড বাংলায় ২০ ও ইংরেজিতে ২৫ শব্দ হতে হবে।
গ্রন্থাগার সহকারী: দুটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২৩ হাজার টাকা (১৪তম গ্রেড)। আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
সহকারী সিকিউরিটি ইনস্পেক্টর: ১২টি পদে নিয়োগ দেয়া হবে। বেতন মূল ২৩ হাজার ৮০০ টাকা (১৪তম গ্রেড)। আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শারীরিক যোগ্যতা এবং উচ্চতা ও ওজনের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত পূরণ করতে হবে।
অ্যাম্বুলেন্স ড্রাইভার: দুটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২২ হাজার ৮০০ টাকা (১৫তম গ্রেড)। আবেদনকারীর কাছে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাস এবং ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
ড্রাইভার: ছয়টি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২২ হাজার ৮০০ টাকা (১৫তম গ্রেড)। আবেদনকারীর কাছে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাস এবং ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: ২২ জনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২১ হাজার ৯০০ টাকা (১৬তম গ্রেড)। এইচএসসি পাসসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও টাইপিংয়ে নির্ধারিত গতিতে বাংলা ও ইংরেজি টাইপ করতে জানতে হবে।
আইন সহকারী: একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২১ হাজার ৯০০ টাকা (১৬তম গ্রেড)। এইচএসসি পাস এবং কোনো আইনজীবীর সহকারী হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অফসেট প্রিন্টিং টেকনিশিয়ান: একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২১ হাজার ১০০ টাকা (১৬তম গ্রেড)। এইচএসসি পাসসহ অফসেট প্রিন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
প্রটোকল অ্যাসিস্ট্যান্ট: দুটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২১ হাজার ৯০০ টাকা (১৬তম গ্রেড)। এইচএসসি পাস এবং কম্পিউটার পরিচালনা ও ই-মেইল ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
লাইনম্যান: দুটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২১ হাজার ৯০০ টাকা (১৬তম গ্রেড)। আবেদনকারীর কম্পিউটার/ইলেকট্রিক্যাল বিষয়ে এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি পাস। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অপারেটর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এবং সংশ্লিষ্ট কাজে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ক্যামেরাম্যান সহকারী: একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২১ হাজার ৮০০ টাকা (১৭তম গ্রেড)। এইচএসসি পাস এবং ক্যামেরাম্যান সহকারী হিসেবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট: ২৪ জনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২১ হাজার টাকা (১৮তম গ্রেড)। এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত পূরণ করতে হবে।
মোয়াজ্জিন: একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (১৯তম গ্রেড)। আবেদনকারীর আলিম ও কারিয়ানা পাস হতে হবে। সুকণ্ঠের অধিকারী হতে হবে।
মেকানিক (গ্রেড-সি): একজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২০ হাজার ৫০০ টাকা (১৯তম গ্রেড)। এসএসসি (ভোকেশনাল) পাস অথবা সরকার অনুমোদিত টেকনিক্যাল স্কুল থেকে অটোমোবাইলের ওপর প্রশিক্ষণসহ অষ্টম শ্রেণি পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতাকর্মী: তিনটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড)। এসএসসি পাস হতে হবে। তবে এ পদে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক/সাময়িক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।
সহকারী ডেসপাচ রাইডার: তিনটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড)। এসএসসি পাস হতে হবে। তবে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক/সাময়িক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। মোটরসাইকেল চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
কামরা পরিচারক/পরিচারিকা: ১৪ জনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড)। এসএসসি পাস হতে হবে। তবে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক/সাময়িক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।
নিরাপত্তা প্রহরী: ১০ জনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড)। অষ্টম শ্রেণি পাস হতে হবে। শারীরিকভাবে উপযুক্ত হতে হবে।
পরিচ্ছন্নতাকর্মী: চারজনকে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড)। পেশাগতভাবে অভিজ্ঞ হতে হবে।
ক্লিনার/হেলপার: দুটি পদে নিয়োগ দেয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড)। অষ্টম শ্রেণি পাস হতে হবে।
বয়সসীমা ও আবেদনের নিয়ম
আবেদনকারীদের বয়স ২১ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আগ্রহী প্রার্থীদের সংসদ সচিবালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট https://bps.teletalk.com.bd -এ প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১২ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে। আবেদন জমা দেয়ার শেষ সময় ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।
আবেদন ফি জমা দিতে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে নির্ধারিত পদ্ধতিতে এসএমএস পাঠাতে হবে।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদনপদ্ধতি ও শর্তাবলি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ওয়েবসাইট www.parliament.gov.bd এবং টেলিটকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ১৩ জনকে ৭টি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। এইচএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।
এক নজরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি
পদের বিবরণ
আবেদন শুরু: ৮ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ৭ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীদের মাগুরা জেলার স্থায়ী নাগরিক হতে হবে।
কর্মস্থল: মাগুরা জেলা
বয়স: ১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তুরস্কের পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ফলে চার সেনাসদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মালাতিয়া প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। খবরটি প্রকাশ করেছে সামা টিভি।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় চার সেনাসদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মালাতিয়া প্রদেশের রাজধানী শহরের দক্ষিণ উপকণ্ঠে সামানকয় এলাকায় সন্ধ্যার দিকে এস-৭০ মডেলের সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, হেলিকপ্টারে থাকা চার সেনাসদস্যের সবাই নিহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘হেলিকপ্টারে থাকা আমাদের চার বীর সহযোদ্ধা শহীদ হয়েছেন।’ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চলছে বলেও জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহত সেনাসদস্যদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। একই সঙ্গে তুর্কি সশস্ত্র বাহিনী এবং দেশবাসীর প্রতিও সমবেদনা জানানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী এবং চিকিৎসক দলের সদস্যরা পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ