মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:৪৯ পি.এম
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে পড়াশোনা তার জীবনে চলার পথে অনেক কিছু শিখিয়েছে। তিনি উল্লেখ করেন, রসায়ন তাকে ভাবনার জগৎকে প্রকাশ করতে সাহায্য করেছে এবং কাজের প্রতি ভালোবাসা ও অদম্য স্পৃহা জুগিয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী, তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এ বিভাগে ভর্তি হওয়ার পর তিনি অনেক কিছু শিখেছেন। তিনি জানান, কীভাবে নিজের কাজকে ভালোবাসতে হয়, সেই শিক্ষাও তিনি এখান থেকে পেয়েছেন। এ বিভাগের থেকে পাওয়া অনুপ্রেরণা নিয়ে তিনি দেশাত্মবোধ ও ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সবাইকে দেশাত্মবোধ নিয়ে আন্তরিকতার সঙ্গে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় তিনি প্রখ্যাত রসায়নবিদ মুকাররম হোসেন খন্দকারকে স্মরণ করে বলেন, এ বিভাগের শিক্ষার্থীদের তার আদর্শ ধারণ করতে হবে এবং নিজেদের উৎকৃষ্টমানের রসায়নবিদ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগের মান নিশ্চিত করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ পরীক্ষা বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষার মানের করার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যে বৈষম্য এবং আত্মীকরণসংক্রান্ত জটিলতা নিরসনেও কাজ চলছে।
শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের সবচেয়ে বড় সাফল্য হলো শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। তিনি উল্লেখ করেন, অন্য কোনো পেশার সঙ্গে তুলনা না করে শিক্ষকতার মাধ্যমে সমাজ ও দেশের জন্য কী অবদান রাখা যাচ্ছে, সেটি বিবেচনা করতে হবে।
শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমে পরিবর্তন আনার ওপর গুরুত্ব দিয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রশিক্ষণ শুধু প্রথাগত হলে চলবে না। এতে নতুনত্ব, সৃজনশীলতা, প্রযুক্তির ব্যবহার এবং বিষয়ভিত্তিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম সাজাতে হবে।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির পরিচালক ড. আতিকুল ইসলাম পাঠান, পরিচালক অধ্যাপক মো. শাহজাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাস ও নগদ টাকাসহ ছয়জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাঁচপুর ফলিয়া দিগর গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা পুলিশের একটি দল কামালেরপাড়া ইউনিয়নের পাঁচপুর ফলিয়া দিগর গ্রামে অভিযান পরিচালনা করে। ওই সময় স্থানীয় শহিদুল ইসলামের বসতঘরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় ছয়জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন— পাঁচপুর ফলিয়া দিগর গ্রামের আছির উদ্দিন (৫৭), শাহ আলম (৪৭), রব্বানী (৩৫), হারুন (৪৫), সরোয়ার হোসেন (৫২) ও শহিদুল ইসলাম (৫৫)।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জুয়া ও মাদকবিরোধী অভিযান জোরদার করতে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌমাইন বিস্ফোরণের কারণে চতুর্থ একটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
সংস্থাটি জানায়, ইরানের অনুমোদনহীন পথে চলাচলের সময় জাহাজটি মাইনের আঘাতে পড়ে।
আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এর আগে একই জলপথে নৌমাইনের আঘাতে আরও তিনটি জাহাজে আগুন ধরে যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে নৌবাহিনীর জনসংযোগ দপ্তর এ তথ্য প্রকাশ করে। তবে চতুর্থ জাহাজটির নাম, এর মালিকানা, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা জাহাজগুলোর ওপর হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রয়েছে—এমন দাবি করে তেহরান এসব পদক্ষেপ গ্রহণ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি কারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে। তিনি উল্লেখ করেন, নতুন বিনিয়োগের মাধ্যমে এসব কারখানা পুনরুজ্জীবিত হলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে কলেজ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
সরকারি মালিকানাধীন বন্ধ শিল্পকারখানা চালু এবং নতুন শিল্পে ঋণ দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী আবদুল মুক্তাদির বলেন, সরকারি মালিকানাধীন অধিকাংশ শিল্পকারখানার আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়ে গেছে। এসব কারখানার তালিকা তৈরি করে পুনরুজ্জীবনের জন্য কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আগামী বছরের শুরু থেকে এ বিষয়ে দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে। সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি কারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে।
জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নতুন শিল্পে বিনিয়োগের জন্য ঋণ দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, কৃষিতে বাংলাদেশের উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার এখনো সম্ভব হয়নি। ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। উৎপাদন সক্ষমতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ চাল রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে।
আবদুল মুক্তাদির বলেন, একসময় পেঁয়াজে আমদানি নির্ভরতা থাকলেও বর্তমানে দেশের চাহিদার তুলনায় বেশি উৎপাদন হচ্ছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। তরুণদের এ খাতে সম্পৃক্ত করতে পারলে কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতি—উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ