ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাঁচবারের চেষ্টায় বিচারক হলেন সিভিল জজ সাইমন


পাঁচবারের চেষ্টায় বিচারক হলেন সিভিল জজ সাইমন

যেভাবে আইন পেশায়

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করার পর থেকে তিনি আর কখনো বিসিএসে অংশ নেননি। সাইমন বলেন, ‘আইন নিয়ে পড়েছি, আইন বিষয়েই মনে টানে। তাই আইন পেশাকেই লক্ষ্য হিসেবে বেছে নিয়েছি। কিন্তু স্বপ্নপূরণের পথ যে এত দীর্ঘ হবে, শুরুতে বুঝতে পারিনি। তবে থেমে যাইনি। অবশেষে পাঁচবারের প্রচেষ্টায় সফল হয়েছি।’

সাফল্যে বন্ধুর ছায়াসঙ্গ

আরও পড়ুন: প্রায় সাড়ে তিন শ পদে জনবল নেবে সিএজি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহপাঠী রায়হান সোবহান ছিলেন সাইমনের দীর্ঘ পথচলার অন্যতম সঙ্গী ও শুভাকাঙ্ক্ষী। তাঁরা একসঙ্গে শিক্ষকতা করেছেন এবং বই লিখেছেন; সাফল্য ও ব্যর্থতার নানা বাঁকে রায়হান সাইমনের পাশে ছিলেন। কঠিন সময়ে বন্ধুর সাহচর্য ও অনুপ্রেরণা সাইমনের পথচলাকে অনেকটাই সহজ করে দিয়েছে। বর্তমানে রায়হান সোবহান সুপ্রিম কোর্টের আইনজীবী।

ব্যর্থতার দিনগুলোতে মায়ের সান্ত্বনা

ব্যর্থতার দিনগুলোতে সাইমনের সবচেয়ে বড় আশ্রয় ছিলেন তাঁর মা। প্রথম দিকে পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে মন খারাপ করে বসে থাকতেন। মা তখন তাঁর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন। তিনি বলতেন, ‘এইবার হয় নাই, পরেরবার হবে, ইনশাআল্লাহ।’ মায়ের এই সামান্য কথাই তাঁকে নতুন করে স্বপ্ন দেখার সাহস জোগাত। এক সন্ধ্যায়, মাগরিবের কিছুক্ষণ পর জুডিশিয়ারির ফল প্রকাশিত হলো। উৎকণ্ঠা নিয়ে তালিকায় রোল নম্বর খুঁজলেন; কিন্তু এবারও নাম নেই। সেদিন অনলাইনে শিক্ষার্থীদের কোচিং করানোর কথা ছিল। ফল প্রকাশের পর সন্ধ্যা ৭টায় যথারীতি অনলাইন ক্লাস নিতে বসেন তিনি। প্রায় দুই ঘণ্টা ধরে পড়ালেন, শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে উৎসাহ দিলেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা মন্তব্য করলেন, ‘স্যার, আপনি রোবট, নাকি মানুষ? আজ আপনার রেজাল্ট দিয়েছে, (পরীক্ষার ফল খারাপ হওয়ায়) মন খারাপ থাকার কথা। অথচ আপনি আমাদেরই মোটিভেট করছেন!’ সাইমন মুচকি হেসেছিলেন। কিন্তু শিক্ষার্থীরা জানতেন না, সেদিন অন্যদের সাহস জোগাতে জোগাতে নিজের ভেতরেও একটুখানি সান্ত্বনা খুঁজছিলেন তিনি।

স্বপ্ন, সংসার ও দায়িত্ব

আরও পড়ুন: কক্সবাজারে কনস্টেবল পদে নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এবং পরে লিগ্যাল হোমে সরাসরি ক্লাস নেওয়া শুরু করেন। একদিকে নিজের বিচারক হওয়ার স্বপ্ন, অন্যদিকে শিক্ষার্থীদের প্রতি দায়িত্ব। পঞ্চমবারের প্রস্তুতির সময় এই দুইয়ের সঙ্গে যুক্ত হয় সংসার ও পারিবারিক দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের ক্লাস, কোচিং, বিয়ে, স্ত্রীর গর্ভধারণ, আদালতে হাজিরা এবং নিজের পড়াশোনা, সবকিছু সামলাতে হিমশিম খেতে হয়েছে তাঁকে। দিন শুরু হতো সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস দিয়ে। সেখান থেকে ফিরে কোচিংয়ে সকাল ৯টা থেকে টানা ক্লাস, বিকেলে আবার পড়ানো, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের সময় দেওয়া। এরপর লাইব্রেরিতে নিজের পড়াশোনা। বাসায় ফিরে রাতের খাবার সেরে আবার বই নিয়ে বসতেন, পড়া চলত রাত ২টা পর্যন্ত। কয়েক ঘণ্টার ঘুম শেষে সকাল সাড়ে ৬টায় আবার নতুন দিনের শুরু। এভাবে ছয় মাসেরও বেশি সময় কেটেছে। শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়লেও তা কাউকে বুঝতে দিতে চাইতেন না। বিশেষ করে মা ও স্ত্রীর কাছে নিজের কষ্ট আড়াল করতেন। জীবনের সবচেয়ে কাছের মানুষ দুজনের চোখে নিজের জন্য দুশ্চিন্তা দেখতে চাননি তিনি। বরং তাঁদের কাছে এমন একজন হয়েই থাকতে চেয়েছেন, যিনি সব প্রতিকূলতা সামলে নিতে পারেন, বারবার হোঁচট খেলেও আবার উঠে দাঁড়ান।

শেষ পরীক্ষা, শেষ অপেক্ষা

সাইমনের সর্বশেষ বিজেএস পরীক্ষা ছিল ১৭তম বিজেএস। বয়সসীমা শেষ হয়ে আসছিল। এরপর আর সুযোগ থাকবে না, সেটিও তিনি জানতেন। তবু নিজেকে সান্ত্বনা দিতেন, জীবনে তাঁর একটি পরিচয় তো আছেই, তিনি একজন আইনজীবী। কিন্তু বিচারক হওয়ার স্বপ্নটি তখনো মনের গভীরে সমানভাবে জেগে ছিল। পরীক্ষা শেষ করেই আবার ফিরলেন শিক্ষকতায়। কিছু কিছু দিন চারটি ক্লাস নিয়েছেন, প্রতিটি দুই ঘণ্টার। অর্থাৎ নিজের স্বপ্নের ফলাফলের অপেক্ষায় থেকেও দিনে আট ঘণ্টা সময় দিয়েছেন শিক্ষার্থীদের। নিজের ভবিষ্যৎ অনিশ্চিত হলেও অন্যদের স্বপ্ন গড়ে দেওয়ার কাজটি থামিয়ে রাখেননি।

মায়ের বিশ্বাসের প্রতিদান

আরও পড়ুন: বেপজা ৩৩২ জনকে নিয়োগ দেবে, অষ্টম শ্রেণি পাসের জন্যও সুযোগ

অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। জীবনের শেষ বিচার বিভাগীয় পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হলো মাগরিবের নামাজের ঠিক আগে। এবার আগের মতো অস্থিরতা ছিল না, ছিল না তেমন উৎকণ্ঠাও। স্বাভাবিকভাবেই ফলের তালিকায় চোখ বোলাতে গিয়ে হঠাৎ থমকে গেলেন। সেখানে তাঁর রোল নম্বর! পাঁচবারের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। মুহূর্তেই চোখ ভিজে উঠল তাঁর। কত ব্যর্থতা, নির্ঘুম রাত, ক্লান্তি আর সিজদায় করা প্রার্থনা যেন একসঙ্গে ফিরে এলো। মা তখন নামাজে দাঁড়িয়ে। নামাজ শেষ হওয়ার অপেক্ষাটুকুও সইল না। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরলেন। মুখে কোনো কথা নেই, শুধু চোখের পানি। যে মা প্রতিবার ব্যর্থতার পর মাথায় হাত বুলিয়ে বলতেন, ‘পরেরবার হবে, ইনশাআল্লাহ’, সেদিন তাঁর সামনেই সত্যি হলো সেই আশ্বাস। স্ত্রীও তখন নির্বাক। সাইমন বুঝলেন, কিছু আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। কিছু অর্জনের গভীরতা কেবল তাঁরাই অনুভব করতে পারেন, যাঁরা সেই অর্জনের পেছনের দীর্ঘ অপেক্ষা, ত্যাগ আর অনিশ্চয়তার দিনগুলো কাছ থেকে দেখেছেন।

নতুনদের জন্য পরামর্শ

সাইমন সৈয়দের পরামর্শ—কোনো অবস্থাতেই হাল ছাড়া যাবে না। ব্যর্থতা আসবে, মন খারাপ হবে, কখনো কান্নাও পেতে পারে। তবু চেষ্টা চালিয়ে যেতে হবে। দেশের বাইরে চলে যাওয়ার পরামর্শ অনেকেই দিয়েছিলেন তাঁকে। কিন্তু মন যদি দেশ, পরিবার ও মায়ের কাছে পড়ে থাকে, তবে সেখানেই থেকে স্বপ্নের পেছনে ছুটতে হবে। তাঁর মতে, বিচারক হওয়ার প্রস্তুতি শুধু আইনের বইয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না, মানুষের দুঃখ-কষ্ট ও অধিকারও বুঝতে হবে।

আরও পড়ুন: এইচএসসি পাসে চাকরি দেবে টিসিবি, আবেদন প্রক্রিয়া জানুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোর্ট ও ট্রাইবুনালের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫১ এম


কোর্ট ও ট্রাইবুনালের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা

ভাইভা রুমে প্রবেশ করার পর অনুমতি নিয়ে স্যারদের সালাম জানাই। এরপর চেয়ারম্যান স্যার আমাকে বসতে বলেন।

চেয়ারম্যান

আপনি কি জজ হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী?
—জি স্যার, আমি আত্মবিশ্বাসী।

বিচার বিভাগের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়, আপনার মতে প্রধান সমস্যা কী?
—স্যার, আমার মতে বিচার বিভাগের প্রধান সমস্যা হলো মামলা জট।

মামলা জট কিভাবে নিরসন করা যাবে?

—স্যার, মামলা জট নিরসনের জন্য বিচারকের সংখ্যা এবং আদালতের সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন।
(আমি নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ নিয়ে আলোচনা করি এবং বিচার বিভাগের কাঠামোগত সমস্যাগুলো তুলে ধরি।)

সিভিল জজের নাম পরিবর্তনের কারণ কী?

—‘জজ’ শব্দের সঙ্গে ‘সহকারী’ শব্দটি যুক্ত থাকায় বিভ্রান্তি ও ভাষাগত অসংগতি সৃষ্টি হয়।
এছাড়া দেওয়ানি আদালতের নামের সঙ্গে ‘সহকারী’ শব্দটি থাকায় আদালতের স্বাধীনতা ও এখতিয়ার সম্পর্কে বিচারপ্রার্থী ও জনমনে অস্পষ্টতা দেখা দেয়।
Civil Courts Amendment Act-এর প্রস্তাবনার আলোকে আমি ব্যাখ্যা করি।

দাগ সংশোধনের মামলা কোথায় করতে হবে?

(দুঃখ প্রকাশ করে বলি, ‘স্যার, এই মুহূর্তে মনে করতে পারছি না।’)

লিমিটেশন অ্যাক্ট-এর উদ্দেশ্য কী?

—(দুটি উদ্দেশ্য উল্লেখ করি) অহেতুক বিলম্ব রোধ করা এবং অন্তহীন মামলার সমাপ্তি ঘটিয়ে আইনি বিষয়ে স্থায়ী ও নিশ্চিত সমাধান নিশ্চিত করা।
(এরপর Vigilantibus non dormientibus jura subveniunt maxim উল্লেখ করি। অর্থাৎ আইন তাদের সহায়তা করে, যারা নিজেদের অধিকার সম্পর্কে সতর্ক।)

Limitation Act- এর Condonation of Delay কোথায় আছে?

—স্যার,

Limitation Act, 1908-এর Section 5-এ।

Condonation of Delay কোন গ্রাউন্ডে করা যায়?
—স্যার, ‘সাফিসিয়েন্ট কজ’ থাকলে আপিল ও আবেদনের ক্ষেত্রে বিলম্ব মওকুফ করা যায়।

‘সাফিসিয়েন্ট কজ’-এ কী কী বিষয় অন্তর্ভুক্ত হবে?
—স্যার, উচ্চ আদালতের বিভিন্ন নজিরে অসুস্থতা, নিকটাত্মীয়ের মৃত্যু, আইনজীবীর ভুল তারিখ লিপিবদ্ধ করা ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

বোর্ড সদস্য-১

‘রিজেকশন অব প্লেইন্ট’ কোথায় আছে?

—স্যার, কোড অব সিভিল প্রসিডিউর, ১৯০৮-এর অর্ডার-৭, রুল ১১-তে উল্লেখ আছে।

অর্ডার-৭, রুল ১১-এর গ্রাউন্ডের বাইরেও কি সেকশন-১৫১ সিপিসি অনুযায়ী ‘রিজেকশন অব প্লেইন্ট’ মঞ্জুর করা যাবে?
—জি স্যার, করা যাবে।

স্পষ্ট বিধান থাকা সত্ত্বেও সেকশন-১৫১ প্রয়োগ করা যাবে?
(আমি বিস্তারিত উত্তর দিই। কিন্তু আমার উত্তরে স্যার সন্তুষ্ট হননি।)

এক্সিকিউশন ডিসমিস হলেও কি সেকশন-১৫১ সিপিসি অনুযায়ী রিস্টোর করা যাবে?
(আমি একটি কেস ডিসিশন মনে করার চেষ্টা করি, কিন্তু মনে করতে পারিনি। পরে দুঃখ প্রকাশ করি।)

বোর্ড সদস্য-২

দেওয়ানি ও ফৌজদারি আইনে ‘বারডেন অব প্রুফ’ কোথায় আছে?
—‘বারডেন অব প্রুফ’ হলো মামলা প্রমাণের দায়িত্ব।
দেওয়ানি কার্যবিধির অর্ডার ১৮, রুল ১-এ ‘রাইট টু বিগিন’-এর বিধান রয়েছে।
(এ ছাড়া এভিডেন্স অ্যাক্ট, ১৮৭২-এর সেকশন ১০১-১০৬ উদাহরণসহ ব্যাখ্যা করি।)

বোর্ড সদস্য-৩

‘ফাংকটাস অফিসিও’ কী?

—স্যার, কোনো বিচারক যখন রায় লিখে স্বাক্ষর করেন, তখন সাধারণভাবে সেই রায় পরিবর্তন করতে পারেন না।
এটিই ‘ফাংকটাস অফিসিও’।
তবে সিপিসি-এর সেকশন-১৫২ এর ব্যতিক্রম রয়েছে।

রংপুরে চারজন মারা যাওয়ার ঘটনাটি মার্ডার নাকি Culpable Homicide?
(ওই সময় এটি সাম্প্রতিক চাঞ্চল্যকর ঘটনা ছিল)
—স্যার, বিষয়টি Facts and circumstances দেখে নির্ধারণ করতে হবে।

আপনার কাছে কী মনে হয়?

(আমি ঘটনার বিষয়ে নিজের মূল্যায়ন তুলে ধরি। এরপর স্যার পরবর্তী প্রশ্ন করেন।)

উল্লিখিত ঘটনায় Cognizance-কে গ্রহণ করবেন?
—স্যার, CrPC-এর সেকশন-১৯০ অনুযায়ী Magistrate Cognizance গ্রহণ করতে পারেন।

Sessions Judge কি Cognizance গ্রহণ করতে পারবেন?

—স্যার,

Sessions Judge-এর সরাসরি Cognizance গ্রহণের ক্ষমতা নেই।

কখনোই নেই?

—স্যার,

CrPC-এর সেকশন-১৯৩ অনুযায়ী Sessions Court সাধারণত যথাযথভাবে মামলাটি প্রেরিত হওয়ার পর বিচারকার্য গ্রহণ করে।

পুলিশ কিছু আসামিকে Charge Sheet থেকে বাদ দিলে Sessions Judge কি পরে তাঁদের বিরুদ্ধে Cognizance নিতে পারবেন?
(উত্তর দেওয়ার চেষ্টা করি; কিন্তু স্যারকে সন্তুষ্ট করতে পারিনি। পরে দুঃখ প্রকাশ করি।)

বোর্ড সদস্য-৪

কোর্ট ও ট্রাইবুনালের মধ্যে পার্থক্য কী?
(আমি নিজের মতো করে ব্যাখ্যা দিই।)

সরকারি চাকরি-সংক্রান্ত বিরোধের মামলা কোথায় করতে হবে?
—স্যার, Administrative Tribunal-এ।

সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে এ বিষয়ে বিধান রয়েছে?
—স্যার, সংবিধানের আর্টিকেল-১১৭-এ।

শিশু কারা?

—স্যার, ১৮ বছরের নিচে সবাই শিশু।

কোন আইনের কোন ধারায় আছে?

—স্যার, শিশু আইন, ২০১৩-এর সেকশন ৪-এ।
(এরপর চেয়ারম্যান স্যার বললেন, ‘ঠিক আছে। আপনি আসুন।’ এরপর সালাম দিয়ে ভাইভা রুম থেকে বের হয়ে এলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে এক নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে আরেক নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫১ এম


কালিয়াকৈরে এক নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে আরেক নেতা

গাজীপুরের কালিয়াকৈরে ইউনিয়ন তাতী দলের সভাপতি তুষার ইমরানের বাড়িতে প্রকাশ্যে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার একটি ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, জেলা জিয়া মঞ্চের সভাপতি জহিরুল ইসলামের পক্ষের লোকজন মাটি ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে এ অগ্নিসংযোগ করেছে। গত মঙ্গলবার, ওই বিরোধের মধ্যে তুষার ইমরানের পক্ষের লোকজন জহিরুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করেন।

ঘটনার পর পাঁচটি ঘর ও দুটি দোকান পুড়ে গেছে। শুক্রবার সকালে উপজেলার ঠাকুরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আসে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তুষার ইমরানের বাড়িতে আগুন দেয় কিছু লোক। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ৫টি ঘর ও দুটি দোকান পুড়ে গেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের ঘরের মালপত্রসহ সব কিছু পুড়ে গেছে।

জানা যায়, কালিয়াকৈর মধ্যপাড়া ইউনিয়ন তাতী দলের সভাপতি তুষার ইমরান এবং জেলা জিয়া মঞ্চের সভাপতি জহিরুল ইসলামের মধ্যে মাটি ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল। এর জেরে গত মঙ্গলবার রাতে জহিরুল ইসলামকে কুপিয়ে জখম করেন তুষার ও তার লোকজন। বর্তমানে জহিরুল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গতকাল সকালে জহিরুল ইসলামের পক্ষের লোকজন তুষার ইমরানকে গ্রেপ্তারের দাবিতে এলাকায় মানববন্ধন করেন। অভিযোগ উঠেছে, মানববন্ধন শেষে তারা তুষার ইমরানের বাড়িতে গিয়ে প্রকাশ্যে পেট্রোল ঢেলে তার ঘরে আগুন দেন। এ সময় বাড়ি, দোকান, সিএনজিচালিত অটোরিকশাসহ সবকিছু পুড়ে যায়।

তুষার ইমরান ও জহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তারিকুল ইসলাম বলেন, ঠাকুরপাড়ায় তুষার ইমরান নামের একজনের বাড়িতে আগুন লাগে। আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে এর আগেই বাড়িঘর ও দোকান সব পুড়ে গেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তবে বাড়ির লোকজন আমাদের জানিয়েছেন পূর্ব শত্রুতার কারণে তাদের বাড়িতে একদল লোক আগুন দিয়েছে।

কালিয়াকৈরে থানার ওসি সহিদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কুপিয়ে আহত করার ঘটনাতেও কেউ অভিযোগ করেনি বলে জানান ওসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে ইজতেমা বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের মহাসড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ এম


পঞ্চগড়ে ইজতেমা বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের মহাসড়ক অবরোধ

পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জুবায়েরপন্থি হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ঈমান-আকিদা রক্ষা কমিটি। তারা তাবলিগ জামাতের সাদপন্থিদের ইজতেমা বন্ধের দাবি জানায়। গতকাল শুক্রবার, প্রায় দুই ঘণ্টা ধরে চলা অবরোধের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। তবে তারা রাত ১০টার মধ্যে ইজতেমা বন্ধ না হলে আবারও মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন। রাত সাড়ে ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইজতেমা মাঠে বয়ান চলছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় চিনিকল মাঠে গত বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়। সাদ অনুসারীদের আয়োজনে ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ঈমান-আকিদা রক্ষা কমিটি ৯ নভেম্বর সংবাদ সম্মেলন করে। তারা প্রশাসনের কাছে ইজতেমা আয়োজন বন্ধের দাবি জানায়। জেলা প্রশাসন বৃহস্পতিবার ও শুক্রবার চিনিকল মাঠে ইজতেমার অনুমতি দেয় এবং শুক্রবার জুমার নামাজের পর ইজতেমার কার্যক্রম বন্ধের কথা বলা হয়। কিন্তু বিকেল পর্যন্ত ইজতেমা কার্যক্রম চলমান থাকায় বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা জেলা শহরের চৌরঙ্গী মোড়ের পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এ সময় আন্দোলনকারীরা ইজতেমা মাঠের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের পুলিশ বাধা দেয়।

অবরোধের ফলে পঞ্চগড় শহরের গুরুত্বপূর্ণ চৌরঙ্গী মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দূরপাল্লার বাস, ট্রাক, পণ্যবাহী যানবাহনসহ বিভিন্ন পরিবহন আটকে পড়ে সড়কের দুই পাশে। এতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। জরুরি কাজে বের হওয়া মানুষ চরম ভোগান্তিতে পড়েন। পরে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ও সদর থানার ওসি মোকলেছুর রহমান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। দুই ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিকেলে ইজতেমার মঞ্চে বক্তব্য দিয়ে আসরের নামাজের পর মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ করার আহ্বান জানান। প্রতিমন্ত্রীর এই আহ্বান অমান্য করে ইজতেমার কার্যক্রম চালু রাখা হয়। ইজতেমার দ্বিতীয় দিন শুক্রবার হওয়ায় ইজতেমাস্থলে দুপুরের পর থেকে জুমার নামাজে মুসল্লিদের ঢল নামে। সেখানে একসঙ্গে নামাজ আদায় করেন কয়েক হাজার মুসল্লি।

জেলা শহরের তেলিপাড়া এলাকার মুসল্লি রহিমুল ইসলাম জানান, "আমাদের তিন দিন ইজতেমা হওয়ার কথা ছিল। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে এসেছি। মোনাজাত হয়েছে। তবে এখনও আখেরি মোনাজাত হয়নি। মাইকে আমাদের মাঠ ছেড়ে না যাওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়েছে। আমরা সেই নির্দেশনা মেনে এখানেই রয়েছি।"

পঞ্চগড় সাদ অনুসারী জেলা তাবলিগ জামাতের দায়িত্বশীল আব্দুল হক জানান, শুক্রবার জুমার দিন হওয়ায় দুপুরে ইজতেমাস্থলে জুমার নামাজের জামাত হয়। শনিবার (আজ) সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে। "আমাদের মোনাজাত হয়েছে। কিন্তু নিরাপত্তার স্বার্থে মাঠ ছেড়ে কাউকে যেতে নিষেধ করা হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ার কথা বলে ৮ দিন সাগরে ভাসিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে পালাল পাচারকারীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৩ এম


মালয়েশিয়ার কথা বলে ৮ দিন সাগরে ভাসিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে পালাল পাচারকারীরা

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়া নেওয়ার কথা বলে মাছ ধরার ট্রলারে তোলা ৭২ জন নারী, পুরুষ ও শিশুকে মানবপাচারকারী চক্র আট দিন ধরে সাগরে ভাসিয়ে রাখে। পরবর্তীতে ট্রলারের মাঝিমাল্লা ও পাচারকারীদের মধ্যে বিরোধ দেখা দিলে যাত্রীদের কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে নামিয়ে দিয়ে তারা পালিয়ে যান।

শুক্রবার রাতে পুলিশ ২৮ জনকে উদ্ধার করেছে, যাদের মধ্যে একজন শিশু, দুজন নারী এবং ২৫ জন পুরুষ রয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, ট্রলারে থাকা অন্য যাত্রীরা বিভিন্ন দিকে চলে গেছেন।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যে, তাদের মালয়েশিয়া নেওয়ার কথা বলে ট্রলারে তোলা হয়েছিল। কিন্তু মাঝপথে পাচারকারীদের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধ শুরু হয়। এক পর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টে তীরে ভিড়িয়ে দিয়ে তারা পালিয়ে যান।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় করে যাত্রীদের সাগরে অবস্থানরত একটি বড় ট্রলারে তোলা হয়। এরপর থেকে ৭২ জন ওই ট্রলারে অবস্থান করছিলেন, যাদের মধ্যে নারী ও শিশুও ছিলেন।

উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস জানিয়েছেন, ১২ নভেম্বর ছোট নৌকায় করে তাদের সাগরে থাকা বড় ট্রলারে নেওয়া হয়। এরপর কয়েকদিন সাগরে ভাসমান অবস্থায় থাকতে হয়। এ সময় ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও কথা-কাটাকাটি শুরু হয়।

ইলিয়াস বলেন, একপর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টের কাছে এনে তীরে ভেড়ানো হয়। পরে পাচারকারী চক্রের সদস্যরা দ্রুত নেমে পালিয়ে যান। তিনি অভিযোগ করেন যে, ওই সময় ট্রলারে থাকা দুজনকে আটকে রেখে বেঁধে রাখা হয়েছিল।

তার ভাষ্য অনুযায়ী, ট্রলারে মোট ৭২ জন ছিলেন। পুলিশ ২৮ জনকে উদ্ধার করেছে, বাকিরা ট্রলার থেকে নেমে বিভিন্ন দিকে চলে যান।

মানবপাচারে আব্দুল আমিনের সংশ্লিষ্টতার অভিযোগ

এদিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে আব্দুল আমিনের (৪১) বিরুদ্ধে মানবপাচার, অপহরণ ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রের দাবি, তিনি এলাকায় প্রভাব বিস্তার করে পাহাড়কেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। অভিযোগ রয়েছে, মালয়েশিয়াগামী যাত্রীদের প্রথমে জিম্মি করে রাখা হয়। পরে রাতের আঁধারে মাছ ধরার ছোট নৌকায় করে সাগরের মাঝপথে বড় ট্রলারে তুলে দেওয়া হয়। এ প্রক্রিয়ায় আব্দুল আমিনের সংশ্লিষ্টতার অভিযোগ স্থানীয়রা করেছেন।

স্থানীয়দের দাবি, পুলিশ হত্যা ও তিন বন্ধু হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি তিনি। তার বিরুদ্ধে অপহরণ, মাদক কারবার ও মানবপাচারের অভিযোগও রয়েছে।

এ ছাড়া টেকনাফ সদর ইউনিয়নের সাইফুল ইসলাম, শামসুল আলম ওরফে কালা বাম্বু, হেলাল, ইসমাইল ও মো. আব্দুল্লাহসহ আরো ২০ থেকে ৩০ জনের একটি মানবপাচারকারী সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ ঘটনায় সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রার নামে মানবপাচার এবং নারী ও শিশুসহ যাত্রীদের জীবনঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ট্রলারে থাকা বাকি যাত্রীদের অবস্থান নিশ্চিত করা এবং পাচার চক্রের মূল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%