প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যেভাবে আইন পেশায়
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করার পর থেকে তিনি আর কখনো বিসিএসে অংশ নেননি। সাইমন বলেন, ‘আইন নিয়ে পড়েছি, আইন বিষয়েই মনে টানে। তাই আইন পেশাকেই লক্ষ্য হিসেবে বেছে নিয়েছি। কিন্তু স্বপ্নপূরণের পথ যে এত দীর্ঘ হবে, শুরুতে বুঝতে পারিনি। তবে থেমে যাইনি। অবশেষে পাঁচবারের প্রচেষ্টায় সফল হয়েছি।’
সাফল্যে বন্ধুর ছায়াসঙ্গ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহপাঠী রায়হান সোবহান ছিলেন সাইমনের দীর্ঘ পথচলার অন্যতম সঙ্গী ও শুভাকাঙ্ক্ষী। তাঁরা একসঙ্গে শিক্ষকতা করেছেন এবং বই লিখেছেন; সাফল্য ও ব্যর্থতার নানা বাঁকে রায়হান সাইমনের পাশে ছিলেন। কঠিন সময়ে বন্ধুর সাহচর্য ও অনুপ্রেরণা সাইমনের পথচলাকে অনেকটাই সহজ করে দিয়েছে। বর্তমানে রায়হান সোবহান সুপ্রিম কোর্টের আইনজীবী।
ব্যর্থতার দিনগুলোতে মায়ের সান্ত্বনা
ব্যর্থতার দিনগুলোতে সাইমনের সবচেয়ে বড় আশ্রয় ছিলেন তাঁর মা। প্রথম দিকে পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে মন খারাপ করে বসে থাকতেন। মা তখন তাঁর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন। তিনি বলতেন, ‘এইবার হয় নাই, পরেরবার হবে, ইনশাআল্লাহ।’ মায়ের এই সামান্য কথাই তাঁকে নতুন করে স্বপ্ন দেখার সাহস জোগাত। এক সন্ধ্যায়, মাগরিবের কিছুক্ষণ পর জুডিশিয়ারির ফল প্রকাশিত হলো। উৎকণ্ঠা নিয়ে তালিকায় রোল নম্বর খুঁজলেন; কিন্তু এবারও নাম নেই। সেদিন অনলাইনে শিক্ষার্থীদের কোচিং করানোর কথা ছিল। ফল প্রকাশের পর সন্ধ্যা ৭টায় যথারীতি অনলাইন ক্লাস নিতে বসেন তিনি। প্রায় দুই ঘণ্টা ধরে পড়ালেন, শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে উৎসাহ দিলেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা মন্তব্য করলেন, ‘স্যার, আপনি রোবট, নাকি মানুষ? আজ আপনার রেজাল্ট দিয়েছে, (পরীক্ষার ফল খারাপ হওয়ায়) মন খারাপ থাকার কথা। অথচ আপনি আমাদেরই মোটিভেট করছেন!’ সাইমন মুচকি হেসেছিলেন। কিন্তু শিক্ষার্থীরা জানতেন না, সেদিন অন্যদের সাহস জোগাতে জোগাতে নিজের ভেতরেও একটুখানি সান্ত্বনা খুঁজছিলেন তিনি।
স্বপ্ন, সংসার ও দায়িত্ব
তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এবং পরে লিগ্যাল হোমে সরাসরি ক্লাস নেওয়া শুরু করেন। একদিকে নিজের বিচারক হওয়ার স্বপ্ন, অন্যদিকে শিক্ষার্থীদের প্রতি দায়িত্ব। পঞ্চমবারের প্রস্তুতির সময় এই দুইয়ের সঙ্গে যুক্ত হয় সংসার ও পারিবারিক দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের ক্লাস, কোচিং, বিয়ে, স্ত্রীর গর্ভধারণ, আদালতে হাজিরা এবং নিজের পড়াশোনা, সবকিছু সামলাতে হিমশিম খেতে হয়েছে তাঁকে। দিন শুরু হতো সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস দিয়ে। সেখান থেকে ফিরে কোচিংয়ে সকাল ৯টা থেকে টানা ক্লাস, বিকেলে আবার পড়ানো, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের সময় দেওয়া। এরপর লাইব্রেরিতে নিজের পড়াশোনা। বাসায় ফিরে রাতের খাবার সেরে আবার বই নিয়ে বসতেন, পড়া চলত রাত ২টা পর্যন্ত। কয়েক ঘণ্টার ঘুম শেষে সকাল সাড়ে ৬টায় আবার নতুন দিনের শুরু। এভাবে ছয় মাসেরও বেশি সময় কেটেছে। শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়লেও তা কাউকে বুঝতে দিতে চাইতেন না। বিশেষ করে মা ও স্ত্রীর কাছে নিজের কষ্ট আড়াল করতেন। জীবনের সবচেয়ে কাছের মানুষ দুজনের চোখে নিজের জন্য দুশ্চিন্তা দেখতে চাননি তিনি। বরং তাঁদের কাছে এমন একজন হয়েই থাকতে চেয়েছেন, যিনি সব প্রতিকূলতা সামলে নিতে পারেন, বারবার হোঁচট খেলেও আবার উঠে দাঁড়ান।
শেষ পরীক্ষা, শেষ অপেক্ষা
সাইমনের সর্বশেষ বিজেএস পরীক্ষা ছিল ১৭তম বিজেএস। বয়সসীমা শেষ হয়ে আসছিল। এরপর আর সুযোগ থাকবে না, সেটিও তিনি জানতেন। তবু নিজেকে সান্ত্বনা দিতেন, জীবনে তাঁর একটি পরিচয় তো আছেই, তিনি একজন আইনজীবী। কিন্তু বিচারক হওয়ার স্বপ্নটি তখনো মনের গভীরে সমানভাবে জেগে ছিল। পরীক্ষা শেষ করেই আবার ফিরলেন শিক্ষকতায়। কিছু কিছু দিন চারটি ক্লাস নিয়েছেন, প্রতিটি দুই ঘণ্টার। অর্থাৎ নিজের স্বপ্নের ফলাফলের অপেক্ষায় থেকেও দিনে আট ঘণ্টা সময় দিয়েছেন শিক্ষার্থীদের। নিজের ভবিষ্যৎ অনিশ্চিত হলেও অন্যদের স্বপ্ন গড়ে দেওয়ার কাজটি থামিয়ে রাখেননি।
মায়ের বিশ্বাসের প্রতিদান
অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। জীবনের শেষ বিচার বিভাগীয় পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হলো মাগরিবের নামাজের ঠিক আগে। এবার আগের মতো অস্থিরতা ছিল না, ছিল না তেমন উৎকণ্ঠাও। স্বাভাবিকভাবেই ফলের তালিকায় চোখ বোলাতে গিয়ে হঠাৎ থমকে গেলেন। সেখানে তাঁর রোল নম্বর! পাঁচবারের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। মুহূর্তেই চোখ ভিজে উঠল তাঁর। কত ব্যর্থতা, নির্ঘুম রাত, ক্লান্তি আর সিজদায় করা প্রার্থনা যেন একসঙ্গে ফিরে এলো। মা তখন নামাজে দাঁড়িয়ে। নামাজ শেষ হওয়ার অপেক্ষাটুকুও সইল না। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরলেন। মুখে কোনো কথা নেই, শুধু চোখের পানি। যে মা প্রতিবার ব্যর্থতার পর মাথায় হাত বুলিয়ে বলতেন, ‘পরেরবার হবে, ইনশাআল্লাহ’, সেদিন তাঁর সামনেই সত্যি হলো সেই আশ্বাস। স্ত্রীও তখন নির্বাক। সাইমন বুঝলেন, কিছু আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। কিছু অর্জনের গভীরতা কেবল তাঁরাই অনুভব করতে পারেন, যাঁরা সেই অর্জনের পেছনের দীর্ঘ অপেক্ষা, ত্যাগ আর অনিশ্চয়তার দিনগুলো কাছ থেকে দেখেছেন।
নতুনদের জন্য পরামর্শ
সাইমন সৈয়দের পরামর্শ—কোনো অবস্থাতেই হাল ছাড়া যাবে না। ব্যর্থতা আসবে, মন খারাপ হবে, কখনো কান্নাও পেতে পারে। তবু চেষ্টা চালিয়ে যেতে হবে। দেশের বাইরে চলে যাওয়ার পরামর্শ অনেকেই দিয়েছিলেন তাঁকে। কিন্তু মন যদি দেশ, পরিবার ও মায়ের কাছে পড়ে থাকে, তবে সেখানেই থেকে স্বপ্নের পেছনে ছুটতে হবে। তাঁর মতে, বিচারক হওয়ার প্রস্তুতি শুধু আইনের বইয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না, মানুষের দুঃখ-কষ্ট ও অধিকারও বুঝতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন