শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৫১ এম
রাজধানী ঢাকা এবং এর আশপাশের অঞ্চলে দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আবহাওয়া অধিদপ্তর জানায়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেইসাথে, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য তুলে ধরা হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একইসাথে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।
এদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিসরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক আবদুল আল-সাইয়েদ আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন। মধ্যবর্তী নির্বাচনে মিশিগান থেকে তার এই ঐতিহাসিক বিজয় যুক্তরাষ্ট্রে ইসলামোফোবিয়া বা ইসলামভীতি, প্রচলিত রাজনৈতিক কাঠামো এবং পররাষ্ট্রনীতি নিয়ে ডেমোক্রেটিক ও রিপাবলিকানদের ঐকমত্যকে চ্যালেঞ্জ করেছে। আমেরিকার রাজনৈতিক কাঠামো যুগ যুগ ধরে বৈচিত্র্যকে জাতীয় গুণ হিসেবে উদযাপন করে এসেছে। তবে এই বৈচিত্র্য তখনই জাতীয় গুণ হয়ে ওঠে, যখন তা প্রতিষ্ঠিত স্বার্থের পথে বাধা হয়ে দাঁড়ায় না। সিনেটে আবদুল আল-সাইয়েদের বিজয় এই স্ববিরোধিতাকেই সামনে এনেছে।
এটি শুধু ধর্মীয় পরিচয়ের দিক থেকেই প্রথম নয়, বরং এর তাৎপর্য আরো গভীর। এটি অর্থনৈতিক অসন্তোষ, প্রজন্মগত পরিবর্তন, পররাষ্ট্রনীতি নিয়ে ভিন্নমত এবং দীর্ঘকাল প্রান্তিক অবস্থানে থাকা জনগোষ্ঠীর ক্রমবর্ধমান আত্মবিশ্বাসের প্রতিফলন। একজন মুসলিম প্রার্থী হিসেবে আল-সাইয়েদ শুধু ইসলামোফোবিয়াকে জয় করেননি, তার নির্বাচনি প্রচারণা বেশ কিছু অমীমাংসিত প্রশ্নও সামনে এনেছে।
পেশায় চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিভাগের সাবেক কর্মকর্তা হিসেবে আল-সাইয়েদ তার নির্বাচনি প্রচারণায় স্বাস্থ্যসেবার ব্যয় বহনের সক্ষমতা, আবাসন ব্যয়, বৈষম্য এবং করপোরেট প্রভাবের মতো বিষয়গুলোকে মূল এজেন্ডা করেছিলেন। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পক্ষে তার দৃঢ় অবস্থান এবং করপোরেট স্বার্থের সমালোচনা ছিল ওয়াশিংটনের প্রচলিত অর্থনৈতিক ঐকমত্যের বিরুদ্ধে একটি প্রগতিশীল চ্যালেঞ্জ।
আমেরিকার জাতীয় সম্পদ এবং সাধারণ পরিবারগুলোর জীবনযাত্রার অনিশ্চয়তার মধ্যে ব্যবধান ক্রমেই বাড়ছে। এতে ভোটারদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। আল-সাইয়েদের নির্বাচনি প্রচারণায় এসব বিষয়ে তার জোরালো বক্তব্য ভোটারদের আকৃষ্ট করেছে। কারণ, লাখ লাখ সাধারণ মানুষ এখন স্বাস্থ্যসেবা, বাড়িভাড়া, নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা এবং সম্মানজনক জীবনযাপনের ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে। এসব জনগুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের কাছে প্রশ্ন তুলে আল-সাইয়েদ আরব-আমেরিকান, তরুণ ভোটার, শ্রমজীবী সম্প্রদায় এবং প্রগতিশীল ডেমোক্র্যাটদের একত্র করেছিলেন। এসব ভোটারের সমর্থনে তার জয় ইঙ্গিত দেয়, পরিচয়ভিত্তিক ও শ্রেণিভিত্তিক রাজনীতি পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়। বরং বঞ্চনার বিষয়টি যখন বৃহত্তর অর্থনৈতিক উদ্বেগের সঙ্গে যুক্ত হয়, তখন এ দুই ধরনের রাজনীতি একে অন্যকে শক্তিশালী করতে পারে।
মুসলিম পরিচয় নিয়ে বিতর্ক
তবে আবদুল আল-সাইয়েদের মুসলিম পরিচয় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল। তার নির্বাচনি প্রচারণার সময় এমন এক প্রতিকূল পরিবেশ তৈরি করা হয়েছিল, যেখানে তার নাম, ধর্মবিশ্বাস এবং কথিত বিভিন্ন সম্পর্ক নিয়ে ক্রমাগত আক্রমণ করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাইয়েদের নাম নিয়ে উপহাস করেছেন এবং তাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিত্রিত করেছেন। ‘মুসলিম ব্রাদারহুড’-এর সঙ্গে তার কথিত যোগসূত্র থাকার অভিযোগও করেছিলেন ট্রাম্প। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। তা সত্ত্বেও ইসলামবিদ্বেষীদের কাছে ‘আবদুল’ নামটি একটি নেতিবাচক প্রতীকে পরিণত হয়েছিল।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলমানদের ক্ষেত্রে এটি একটি গভীর সমস্যার প্রতিফলন। কারণ, সেখানে মুসলমানদের রাজনৈতিক অংশগ্রহণকে সাধারণ নাগরিক অধিকার হিসেবে না দেখে জাতীয় নিরাপত্তার প্রশ্ন হিসেবে দেখা হয়। একজন প্রার্থীর কর্মসূচি নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে তার আনুগত্য নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। অথচ সাইয়েদ ও অন্য মুসলিম প্রার্থীদের ক্ষেত্রে তা করা হয়েছে। এটি সমান নাগরিক অধিকারকেই ঝুঁকির মুখে ফেলে। কেননা, মার্কিন গণতন্ত্র বিকশিত হয়েছে ভোটাধিকার, নাগরিক অধিকার এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব অর্জনের সংগ্রামের মধ্য দিয়ে। আল-সাইয়েদের বিজয় সেই প্রক্রিয়ারই একটি অংশ।
বর্তমানে আমেরিকান মুসলমানরা সমাজের নানা ক্ষেত্রে শুধু অংশগ্রহণই করছেন না, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানকে নতুন রূপ দেওয়ারও চেষ্টা করছেন। তবে আইনসভায় তাদের প্রতিনিধিত্ব থাকলেই যে কুসংস্কার দূর হয়ে যাবে, তা নয়। মুসলমানদের বিরুদ্ধে যেসব বয়ান এমন পরিস্থিতি তৈরি করেছে, সেগুলো আপনা-আপনি দূর হবে না। এসবের বিরুদ্ধে মার্কিন মুসলমানদের আরো লড়াই করতে হবে।
রাজনীতিতে উত্থানের পটভূমি
মার্কিন পররাষ্ট্রনীতি, বিশেষ করে ইসরাইলের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে আল-সাইয়েদের সমালোচনা তার উত্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মিশিগানে উল্লেখযোগ্যসংখ্যক আরব-আমেরিকান বসবাস করেন। রাজ্যটি এখন গাজা পরিস্থিতি, ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা এবং ইসরাইলপন্থি প্রচারণা নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ইসরাইলকে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সহায়তা প্রদানের বিরোধিতা এবং গাজায় সংঘটিত গণহত্যার তীব্র সমালোচনা করায় আল-সাইয়েদ প্রভাবশালী ডেমোক্র্যাট নেতাদেরসহ মূলধারার রাজনীতির বড় একটি অংশের বিরাগভাজন হয়েছেন।
এই প্রেক্ষাপটে আবদুল আল-সাইয়েদের বিজয়কে শুধু ইসরাইল ইস্যুতে গণভোট বা ফিলিস্তিন ইস্যুতে ভোটারদের অভিন্ন অবস্থানের প্রমাণ হিসেবে দেখা ঠিক হবে না। বরং অর্থনৈতিক উদ্বেগ, ট্রাম্পের প্রতি অসন্তোষ, স্থানীয় পরিস্থিতি এবং প্রার্থীর নিজস্ব বৈশিষ্ট্য—সবকিছুই এখানে বড় ভূমিকা রেখেছে। তবু তার এ বিজয়ের রাজনৈতিক তাৎপর্য উপেক্ষা করার উপায় নেই।
ডেমোক্রেটিক ও রিপাবলিকান—উভয় দলই কয়েক দশক ধরে ইসরাইলের প্রতি দৃঢ় সমর্থন দিয়ে আসছে। কিন্তু তাদের এই ঐকমত্য ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। বিশেষ করে তরুণ ডেমোক্র্যাট এবং সাধারণ ভোটারদের একটি বড় অংশ অভ্যন্তরীণ অগ্রাধিকার ও বিদেশে সামরিক দায়বদ্ধতার মধ্যকার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন। এই পরিস্থিতিতে ট্রাম্পও চলতি বছরের শেষ নাগাদ ইসরাইলে মার্কিন সহায়তা কমানোর কথা বলছেন। এটি মার্কিন ও ইসরাইলি রাজনীতিতে বড় ধরনের ভূকম্পন সৃষ্টি করেছে। গাজায় প্রতিদিন শিশুদের হত্যার দৃশ্য বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে। বর্ণবাদী এই শাসনব্যবস্থার কট্টর সমর্থকদের মধ্যেও ধীরে ধীরে অবস্থান পরিবর্তনের প্রবণতা দেখা যাচ্ছে।
এ ব্যাপারে আল-সাইয়েদের স্পষ্ট বক্তব্য হলো, দেশের ভেতরে যখন মৌলিক প্রয়োজনগুলোই মেটানো সম্ভব হচ্ছে না, তখন কেন সরকারি সম্পদ অন্য দেশে সামরিক সহায়তার পেছনে ব্যয় করা হচ্ছে? করদাতাদের এ নিয়ে প্রশ্ন তোলা উচিত। পররাষ্ট্রনীতির জবাবদিহি, সম্পদের বণ্টন এবং গণতন্ত্রের ওপর প্রভাবশালী গোষ্ঠীগুলোর প্রভাব বিস্তার নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার মধ্যে আল-সাইয়েদের এই যুক্তি শুধু আরব বা মুসলমানদের মধ্যেই নয়, আরো বিস্তৃত পরিসরে সাড়া ফেলেছে।
নেতিবাচক প্রচারণাকে চ্যালেঞ্জ
সিনেটের একটি আসনে আল-সাইয়েদের বিজয় ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্যে বড় কোনো পরিবর্তন আনবে না কিংবা ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ বিভাজনও দূর করবে না। তবু এই বিজয় ধারণাটিকে আরো জোরালো করবে যে দলের ভবিষ্যৎ নির্ভর করছে অর্থনৈতিক জনতুষ্টিবাদ এবং সমান নাগরিকত্বের রাজনীতির মধ্যে আবার সংযোগ স্থাপনের ওপর।
যুক্তরাষ্ট্রে ও বহির্বিশ্বে আল-সাইয়েদের বিজয়কে ‘ঐতিহাসিক প্রথম ঘটনা’ হিসেবে দেখা হচ্ছে। এই বিজয়ের গভীর তাৎপর্য হলো, তিনি এমন একজন প্রার্থী, যার নাম ও ধর্মকে ইস্যু করে তার প্রার্থিতার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। কিন্তু সব বিতর্ক পেছনে ফেলে তিনি বিজয়ী হয়েছেন। তার এই জয় নির্বাচনে মুসলিম পরিচয় একটি নেতিবাচক বিষয়—এমন ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছে। এটি রাজনৈতিক দলগুলোকেও এই বার্তা দেয় যে যেসব জনগোষ্ঠীকে প্রান্তিক বলে গণ্য করা হয়, তারা অভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের ভিত্তিতে সংগঠিত হলে নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে।
আল-সাইয়েদের এই বিজয় আমেরিকার জন্য একটি গণতান্ত্রিক অর্জন এবং একই সঙ্গে একটি সতর্কবার্তাও। যে দেশে কোনো ব্যক্তির ধর্মীয় পরিচয় সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়, সেই দেশ নিজেকে অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থার আদর্শ উদাহরণ হিসেবে দাবি করতে পারে না। আবার সাধারণ মানুষের জীবনযাত্রার নিরাপত্তা যখন হুমকির মুখে পড়ে, তখন শুধু সমাজে প্রতীকী বৈচিত্র্য দেখিয়ে ভোটারদের সন্তুষ্ট করাও সম্ভব নয়।
এ কথা ঠিক যে সিনেটে ‘আবদুল’ নামটির উপস্থিতিই যুক্তরাষ্ট্রের রাজনীতি ও পররাষ্ট্রনীতিকে রাতারাতি বদলে দেবে, ইসলামোফোবিয়া দূর করবে কিংবা ডেমোক্রেটিক পার্টির সংকট সমাধান করবে, তা নয়। তবে এটি স্পষ্ট করে দেয় যে গ্রহণযোগ্য প্রতিনিধিত্বের পরিধি এখন পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের ধারায় আমেরিকান গণতন্ত্রে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণকে স্বাভাবিক, বৈধ ও সমান হিসেবে গণ্য করতে হবে। এ ক্ষেত্রে তাদের নাম, ধর্মবিশ্বাস বা পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গি যা-ই হোক না কেন, তা বিবেচ্য হওয়া উচিত নয়। আর ‘আবদুল’ নামটিও এখন আর উপহাসের বিষয় নয়; বরং দেশটির প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থার সামনে এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে, যা উপেক্ষা করার আর কোনো সুযোগ তাদের নেই।
ডেইলি সাবাহ অবলম্বনে মোতালেব জামালী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনার রূপসায় মো. জাকির হোসেন (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০ টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া হিরকের দোকানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. জাকির হোসেন রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি আব্দুল জলিল শেখের ছেলে এবং টিএসবি ইউনিয়নে বিএনপির সার্চ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন। একইসঙ্গে তিনি পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের বড় ভাই ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার ফকিরহাটের দিক থেকে একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুই ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হন। হীরকের দোকানের পাশে মোটরসাইকেল রেখে একজন দোকানের ভেতরে প্রবেশ করে জাকির হোসেনের মাথায় গুলি করে। এরপর তারা মোটরসাইকেলযোগে ফকিরহাটের দিকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন জাকিরকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, জাকিরের মাথায় লক্ষ্য করে গুলি করা হয়েছে। গুলির পর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পেশায় একজন ইট বালু ব্যবসায়ী ছিলেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, ঘটনার সংবাদ পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দ্বিতীয় ফটকের সামনে ট্রাকের চাপায় আসাদুল (২৭) নামের একজন অটোচালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে টাংগাইলের সন্তোষ এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ফটকের সামনে একটি অটোরিকশা অন্য একটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করার সময় ধাক্কা লাগে। এরপর দুই চালকের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয় এবং পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে একজন অটোরিকশাচালক অপর চালক আসাদুলকে ধাক্কা দিলে তিনি ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় একটি চলন্ত ট্রাক তাঁর বুকের ওপর দিয়ে চলে যায়, যার ফলে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় উদ্ধার করে টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার বিষয়ে কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আবদুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমরা নিহতের নাম পরিচয় শনাক্ত করেছি। ট্রাক ও অটো জব্দ করার জন্য আমাদের টিম কাজ করছে। বাকিটা তদন্তের পর জানা যাবে।"
নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে, তিনি টাংগাইল সন্তোষের বালুচড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লিওনেল স্কালোনি আর্জেন্টিনার কোচ হিসেবে ২০৩০ বিশ্বকাপের পর পর্যন্ত থাকার জন্য সম্মত হয়েছেন। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিশ্বকাপ ফাইনালে হারের পর থেকে তার ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা এখন দূর হয়েছে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া এক সংবাদ সম্মেলনে স্কালোনির চুক্তি নবায়নের বিষয়ে ঘোষণা দেন। ওই সময় ৪৮ বছর বয়সী কোচও সেখানে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, তিনি আগের মতোই উদ্দীপ্ত রয়েছেন, ‘প্রথম দিনের’ মতো। তিনি আরও বলেন, ‘এখন একটি নতুন প্রকল্প শুরু হচ্ছে।’ আন্তর্জাতিক ফুটবল থেকে এক মাস আগে বিদায় নিয়েছেন লিওনেল মেসি, যিনি প্রায় ২০ বছর ধরে দলের মূল স্তম্ভ ছিলেন।
তাপিয়া উল্লেখ করেন, চুক্তির মেয়াদ শেষ হলে স্কালোনি হবেন সবচেয়ে বেশি বিশ্বকাপে দায়িত্ব পালনকারী আর্জেন্টিনা কোচ।
১৯ জুলাই নিউজার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১–০ গোলে পরাজিত হয় আর্জেন্টিনা। এরপর থেকেই স্কালোনির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। ২০১৮ সালের সেপ্টেম্বরে স্কালোনি দলের দায়িত্ব গ্রহণ করেন। তার আগে রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য দুঃসহ অভিজ্ঞতা ছিল, যেখানে দলটি শেষ ষোলোতে বিদায় নেয়।
কোচিংয়ের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও স্কালোনি ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই দায়িত্ব গ্রহণ করেন এবং আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল গড়ে তোলেন। তার নেতৃত্বে ২০২২ সালে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এছাড়া, ২০২১ সালে ২৮ বছরের শিরোপাহীনতা কাটিয়ে দলটি কোপা আমেরিকা জেতে, এবং ২০২৪ সালের কোপা আমেরিকার জন্য প্রস্তুতি নিতে হবে তাকে মেসি পরবর্তী যুগে নতুন চ্যালেঞ্জ নিয়ে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ