০৮:৩২ পি.এম
ভারতের কাছে পরাজয়ের মাধ্যমে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল পাকিস্তান। তাই সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে মালদ্বীপের বিরুদ্ধে জয় ছাড়া তাদের সামনে কোনো বিকল্প ছিল না। কঠিন এই সমীকরণে দলটি দারুণভাবে সফল হয়েছে। জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপকে ৩-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।
‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তান শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। প্রথমার্ধে তারা তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। জোড়া গোল করেন নাজিব উল্লাহ, অন্য গোলটি করেন আবদুল্লাহ।
ম্যাচের দ্বিতীয় মিনিটে মালদ্বীপের ডিফেন্ডার মোহাম্মদ নাঈম মিকাইল অরুণ আব্দুল্লাহকে নিজেদের ডি-বক্সে ফাউল করেন। পেনাল্টি থেকে চতুর্থ মিনিটে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন আবদুল্লাহ। পাঁচ মিনিট পর বক্সের কিনারা থেকে ব্যবধান দ্বিগুণ করেন নাজিব। ২৪ মিনিটে মালদ্বীপের অভিজ্ঞ ডিফেন্ডার আমদান আলীর ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এই তরুণ ফরোয়ার্ড।
আরও পড়ুন: ঢাকা ইউনাইটেড প্রিমিয়ার লিগে উন্নীত
বিরতির পর মালদ্বীপ তিনটি পরিবর্তন এনেও ম্যাচে ফিরে আসতে পারেনি। ৬৬ মিনিটে নাঈমের নিচু শট ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ ইয়াজ বাট। পরের মিনিটে মালদ্বীপ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান।
ভারতের বিরুদ্ধে ২-৩ গোলে পরাজয়ের পর পাকিস্তানের এই জয়ে সেমিফাইনালের সমীকরণও অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আগামী ১১ নভেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে ভারত। ওই ম্যাচে ড্র করলেই পাকিস্তানের সঙ্গী হবে ভারত। তবে মালদ্বীপ তিন গোলের ব্যবধানে জিতলে তারা শেষ চারে উঠতে পারে; সে ক্ষেত্রে বাদ পড়বে ভারত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন