ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

বিষখালী ও পায়রা নদীতে দুটি সেতু নির্মাণে বদলে যাবে দক্ষিণাঞ্চলের ভাগ্য


বিষখালী ও পায়রা নদীতে দুটি সেতু নির্মাণে বদলে যাবে দক্ষিণাঞ্চলের ভাগ্য

বরগুনার বিষখালী ও পায়রা নদীর ওপর দুটি সেতু নির্মাণের মাধ্যমে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক মানচিত্র পরিবর্তনের বিশাল সম্ভাবনা রয়েছে। সেতু দুটি বাস্তবায়িত হলে বরগুনা, পাথরঘাটা, আমতলী, তালতলীসহ আশপাশের জনপদের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন হবে। কৃষি, মৎস্য, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। মানুষের যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় কমে যাবে। কিন্তু দীর্ঘদিনের জনদাবি এবং অর্থনৈতিক গুরুত্ব থাকা সত্ত্বেও এখনো নির্মাণকাজ শুরু হয়নি। সম্ভাবনাময় এ দুটি সেতু প্রস্তাবনা, পরিকল্পনা ও আশ্বাসের মধ্যে আটকে রয়েছে। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার পেছনে কোনো স্বার্থান্বেষী মহলের বাধা কিংবা ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও অভিযোগ রয়েছে।

এ অবস্থায় বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মণি'র কার্যকর ভূমিকার দিকে তাকিয়ে রয়েছেন উপকূলবাসী। জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন এবং সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে যোগাযোগের সুযোগ কাজে লাগিয়ে তিনি সেতু দুটি নির্মাণের প্রক্রিয়া ত্বরান্বিত করতে কার্যকর উদ্যোগ নেবেন- এমন প্রত্যাশা জেলার গণমানুষের। বরগুনার উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জেলার উন্নয়নে উত্থাপিত প্রস্তাবগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন। পায়রা ও বিষখালী নদীর সেতু নির্মাণের বিষয়টিও জেলার উন্নয়ন দাবির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে এসেছে।

বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ বলেন, "বিষখালী ও পায়রা নদীর ওপর দুটি সেতু নির্মাণ বরগুনাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। সেতু দুটি নির্মিত হলে মানুষের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষি, মৎস্য, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে ব্যাপক পরিবর্তন আসবে। অথচ এত গুরুত্বপূর্ণ দুটি প্রকল্প এখনো বাস্তবায়িত হয়নি। আমরা চাই, আর কোনো আশ্বাস নয়, দ্রুত সেতু দুটির নির্মাণকাজ শুরু করা হোক।"

আরও পড়ুন: লক্ষ্মীপুরে পাঁচ কিলোমিটার ট্রাক ধাওয়া করে চালক আটক, পরে ৭ দিনের কারাদণ্ড

জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, "বরগুনার সামগ্রিক উন্নয়নের স্বার্থে বিষখালী ও পায়রা নদীর ওপর সেতু নির্মাণের বিকল্প নেই। আমরা জেলার উন্নয়নবিষয়ক ২৩ দফা দাবির মধ্যেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছি। সেতু দুটি নির্মিত হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। দীর্ঘদিন ধরে প্রস্তাবনা ও আশ্বাসের মধ্যে প্রকল্প আটকে থাকা কোনোভাবেই কাম্য নয়। আমরা এ দাবিতে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন গড়ে তোলার পক্ষে।"

বিষখালী নদীর ওপর বরগুনা-পাথরঘাটা সংযোগ সেতু নির্মিত হলে পাথরঘাটা, বামনা ও আশপাশের এলাকার মানুষের যোগাযোগ সহজ হবে। অন্যদিকে পায়রা নদীর ওপর সেতু নির্মিত হলে বরগুনা-আমতলী-পটুয়াখালী অঞ্চলের সড়ক যোগাযোগে নতুন মাত্রা যোগ হবে। বর্তমানে ফেরিঘাটে অপেক্ষা, যানবাহনের দীর্ঘ সারি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নদী পারাপারের অনিশ্চয়তা মানুষের ভোগান্তি বাড়ায়। সেতু দুটি নির্মিত হলে এসব প্রতিবন্ধকতা অনেকাংশে কমে আসবে।

অর্থনৈতিকভাবে এর প্রভাব হবে সুদূরপ্রসারী। বরগুনার মাছ, শুঁটকি, কাঁকড়া, কৃষিপণ্য ও অন্যান্য উৎপাদিত পণ্য দ্রুত দেশের বড় বাজারগুলোতে পৌঁছানো সম্ভব হবে। পরিবহন ব্যয় কমলে উৎপাদক ও ব্যবসায়ীরা লাভবান হবেন। পাথরঘাটার হরিণঘাটা, টেংরাগিরি ইকোপার্ক, সোনারচর এবং কুয়াকাটাকেন্দ্রিক পর্যটন যোগাযোগেও নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে পায়রা সমুদ্রবন্দর ও আশপাশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বরগুনার সংযোগ বাড়বে।

তবে সেতু নির্মাণের পাশাপাশি বিষখালী ও পায়রা নদীতে আধুনিক নৌযোগাযোগ সচল রাখাও জরুরি। সেতুর নকশায় বড় নৌযান চলাচলের পর্যাপ্ত উচ্চতা ও প্রশস্ততা নিশ্চিত করতে হবে। নদীর নাব্যতা রক্ষা, নিয়মিত ড্রেজিং, আধুনিক ফেরি ও কার্গো টার্মিনাল নির্মাণের বিষয়টিও পরিকল্পনায় রাখতে হবে।

আরও পড়ুন: খুলনায় দোকানে ঢুকে বিএনপি নেতা জাকির হোসেনকে গুলি করে হত্যা

এদিকে এত গুরুত্বপূর্ণ দুটি প্রকল্প এখনো বাস্তবায়নের দৃশ্যমান পর্যায়ে না পৌঁছানোয় জনমনে হতাশা বাড়ছে। প্রকল্পের অগ্রগতি, অনুমোদন, অর্থায়ন ও বাস্তবায়নের দায়িত্বে থাকা দপ্তরগুলোর কাছে স্বচ্ছ ব্যাখ্যা দাবি করছেন সচেতন নাগরিকরা। উপকূলবাসীর প্রত্যাশা, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সেতু বিভাগের সঙ্গে সমন্বয় করবেন। একই সঙ্গে বরগুনার সাংবাদিক সমাজ, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি এবং সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে এ দাবিতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখবেন।

বরগুনার বিষখালী ও পায়রা নদীর ওপর দুটি সেতু কেবল যোগাযোগের অবকাঠামো নয়, এটি দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক মুক্তি, কর্মসংস্থান ও সমৃদ্ধির সম্ভাবনার সঙ্গে জড়িত। তাই আর আশ্বাস নয়, প্রস্তাবনার গণ্ডি পেরিয়ে সেতু দুটির বাস্তবায়ন প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি এখন সময়ের দাবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনলাইনে নিজেই জমির নামজারি করবেন যেভাবে, কত টাকা লাগবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


অনলাইনে নিজেই জমির নামজারি করবেন যেভাবে, কত টাকা লাগবে

জমি কেনা, উত্তরাধিকার, দান, হেবা অথবা আদালতের রায়ের মাধ্যমে মালিকানা পরিবর্তিত হলে নতুন মালিকের নামে সরকারি রেকর্ড হালনাগাদ করা অপরিহার্য। এই প্রক্রিয়াকে নামজারি বা মিউটেশন বলা হয়। পূর্বে নামজারির জন্য ভূমি অফিসে একাধিকবার যেতে হলেও বর্তমানে ঘরে বসেই অনলাইনে আবেদন করা, ফি পরিশোধ করা এবং আবেদনের অগ্রগতি জানা সম্ভব। নির্ধারিত সরকারি ফি হলো ১ হাজার ১৭০ টাকা।

নামজারি কেন প্রয়োজন?

জমির মালিকানা পরিবর্তনের পর নতুন মালিকের নামে সরকারি রেকর্ড হালনাগাদ করার জন্য নামজারি করতে হয়। এর মাধ্যমে নতুন মালিকের নামে একটি খতিয়ান তৈরি হয়। এই খতিয়ানে মালিকের নাম, মৌজার নাম ও নম্বর, দাগ নম্বর, জমির পরিমাণ এবং মালিকানার অংশের বিবরণ অন্তর্ভুক্ত থাকে।

নামজারি না করার ফলে ভূমি উন্নয়ন কর পরিশোধ, জমির রেকর্ড হালনাগাদ রাখা কিংবা ভবিষ্যতে জমি বিক্রির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে। তবে নামজারি একটি মালিকানা সৃষ্টির দলিল নয়, বরং এটি বৈধ মালিকানার ভিত্তিতে সরকারি রেকর্ড সংশোধন করে।

নামজারি করতে যেসব কাগজপত্র লাগবে

জমি কীভাবে অর্জন করা হয়েছে, তার ওপর প্রয়োজনীয় কাগজপত্র নির্ভর করে। সাধারণত নিম্নলিখিত নথিগুলোর প্রয়োজন হয়-

* আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের কপি।

* আবেদনকারীর ছবি।

* জমির মূল বা সার্টিফায়েড দলিলের কপি।

* আগের মালিকের খতিয়ান ও সর্বশেষ জরিপের রেকর্ড।

* ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা।

* উত্তরাধিকার সূত্রে জমি পেলে ওয়ারিশ সনদ।

* আদালতের রায় বা ডিক্রির মাধ্যমে মালিকানা পেলে সংশ্লিষ্ট নথি।

* প্রয়োজনে ভায়া দলিল, বণ্টননামা, হেবা বা দানপত্র।

অনলাইনে নামজারির আবেদন করবেন যেভাবে

অনলাইনে নামজারির আবেদন করতে হলে ভূমি মন্ত্রণালয়ের ই-মিউটেশন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আবেদন প্রক্রিয়ার ধাপগুলো হলো-

১. প্রথমে mutation.land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।

২. নতুন আবেদন করতে লগইন করুন। আগে নিবন্ধন করা না থাকলে ‘রেজিস্টার’ অপশনে গিয়ে নাম, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন।

৩. লগইন করার পর মিউটেশন অপশনে গিয়ে ‘নতুন আবেদন করুন’ নির্বাচন করুন।

৪. যে উপজেলার জমির নামজারি করতে চান, সেই উপজেলা নির্বাচন করুন।

৫. আবেদনের কোর্ট ফি বাবদ ২০ টাকা অনলাইনে পরিশোধ করুন।

৬. এরপর বিভাগ, জেলা, উপজেলা, মৌজা ও জেএল নম্বর নির্বাচন করুন।

৭. জমির খতিয়ানের ধরন, খতিয়ান নম্বর, দাগ নম্বর ও জমির পরিমাণ উল্লেখ করুন।

৮. জমি ক্রয়, উত্তরাধিকার, হেবা, দান কিংবা আদালতের রায়ের মাধ্যমে পেয়েছেন—সঠিক তথ্য নির্বাচন করুন।

৯. প্রয়োজনীয় দলিল, খতিয়ান, জাতীয় পরিচয়পত্র, ভূমি উন্নয়ন করের দাখিলা ও মালিকানা অর্জনের প্রমাণক স্ক্যান করে আপলোড করুন।

১০. আবেদন ফরম পূরণ শেষে নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকা অনলাইনে পরিশোধ করে আবেদন জমা দিন।

১১. আবেদন জমা হলে একটি আবেদন নম্বর বা রসিদ পাওয়া যাবে। পরবর্তী সময়ে আবেদনের অবস্থা জানতে এটি সংরক্ষণ করুন।

১২. আবেদন জমা হওয়ার পর সংশ্লিষ্ট ভূমি অফিস প্রয়োজনীয় তথ্য যাচাই করবে। প্রয়োজনে তদন্ত ও শুনানির ব্যবস্থা করা হতে পারে। শুনানির তারিখ ও নির্দেশনা মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হয়।

১৩. সহকারী কমিশনার (ভূমি) আবেদন মঞ্জুর করলে নামজারি খতিয়ান প্রস্তুত হবে।

১৪. এরপর রেকর্ড সংশোধন ও খতিয়ান বাবদ ১ হাজার ১০০ টাকা ডিসিআর ফি পরিশোধ করতে হবে।

১৫. ফি পরিশোধের পর অনলাইন থেকে সিস্টেম জেনারেটেড খতিয়ান, ডিসিআর ও হস্তান্তর বৃত্তান্ত ডাউনলোড করা যাবে।

নামজারি করতে কত টাকা লাগবে?

ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত ফি অনুযায়ী, একটি নামজারি আবেদনের মোট সরকারি খরচ ১ হাজার ১৭০ টাকা। এর মধ্যে-

কোর্ট ফি: ২০ টাকা, নোটিশ জারি ফি: ৫০ টাকা ও রেকর্ড সংশোধন ও খতিয়ান ফি: ১ হাজার ১০০ টাকা।

অর্থাৎ আবেদন জমা দেওয়ার সময় ৭০ টাকা এবং আবেদন মঞ্জুর হওয়ার পর বাকি ১ হাজার ১০০ টাকা পরিশোধ করতে হবে। জমির পরিমাণ বেশি হলেও একটি আবেদনের নির্ধারিত সরকারি ফি একই থাকে।

সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা দেওয়ার প্রয়োজন নেই। কেউ বাড়তি টাকা দাবি করলে ভূমিসেবা হটলাইন ১৬১২২ নম্বরে অভিযোগ করা যায়।

নামজারি হতে কত দিন লাগে?

ভূমি মন্ত্রণালয়ের ই-মিউটেশন নির্দেশিকা অনুযায়ী, সাধারণত ২৮ দিনের মধ্যে নামজারি প্রক্রিয়া নিষ্পত্তির কথা বলা হয়েছে। তবে কাগজপত্রে ঘাটতি, তথ্যের অমিল, তদন্ত কিংবা শুনানির প্রয়োজন হলে বেশি সময় লাগতে পারে।

আবেদনের সর্বশেষ অবস্থা জানতে ই-মিউটেশন ওয়েবসাইটে গিয়ে ‘আবেদন অবস্থা দেখুন’ অপশনে প্রবেশ করতে হবে। সেখানে আবেদন নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে অগ্রগতি জানা যাবে।

আবেদন নামঞ্জুর হলে তার কারণও অনলাইনে জানা সম্ভব। প্রয়োজনীয় কাগজপত্র বা তথ্যের ঘাটতি থাকলে নির্দেশনা অনুযায়ী তা সংশোধন করতে হবে। সিদ্ধান্তে আপত্তি থাকলে প্রযোজ্য নিয়মে রিভিউ বা প্রতিকারের আবেদন করা যায়।

নামজারির আবেদনে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

নামজারির আবেদন করার সময় দলিল, খতিয়ান ও জাতীয় পরিচয়পত্রে থাকা তথ্য ভালোভাবে মিলিয়ে নিতে হবে। বিশেষ করে জমির দাগ নম্বর, মৌজার নাম, জেএল নম্বর ও জমির পরিমাণে যেন ভুল না থাকে।

উত্তরাধিকার সূত্রে জমি পেলে ওয়ারিশদের সঠিক তথ্য ও অংশ উল্লেখ করতে হবে। পাশাপাশি ঝাপসা বা অসম্পূর্ণ কাগজপত্র আপলোড করা থেকে বিরত থাকতে হবে। আবেদন নম্বর ও অনলাইন পেমেন্টের রসিদ সংরক্ষণ করাও জরুরি।

শুনানির নোটিশ পেলে প্রয়োজনীয় মূল কাগজপত্র সঙ্গে রাখতে হবে। নামজারি-সংক্রান্ত যেকোনো তথ্য বা সহায়তার জন্য ভূমিসেবা হটলাইন ১৬১২২ নম্বরে যোগাযোগ করা যাবে।

জমি কেনা কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়ার পর নতুন মালিকের নামে সরকারি রেকর্ড হালনাগাদ করতে নামজারি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইনে আবেদনের সুবিধা থাকায় এখন নিজেই ঘরে বসে এ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রেখে নির্ধারিত ১ হাজার ১৭০ টাকা সরকারি ফি পরিশোধ করেই নামজারির আবেদন করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে নতুন উপজেলা দুটোতেই নামজারি বন্ধ, এলাকাবাসী ভোগান্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


ঠাকুরগাঁওয়ে নতুন উপজেলা দুটোতেই নামজারি বন্ধ, এলাকাবাসী ভোগান্তিতে

জেলার নবঘোষিত রুহিয়া ও ভুল্লি উপজেলায় ছয় মাসের বেশি সময় পার হলেও প্রয়োজনীয় ভূমিসেবা এখনও চালু হয়নি। জমির নামজারি কার্যক্রম বন্ধ রয়েছে, কারণ সহকারী কমিশনার (ভূমি) পদ সৃষ্টি ও কর্মকর্তা পদায়ন হয়নি। এই কারণে দুই উপজেলার ১১ ইউনিয়নের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। জমি বিক্রি করতে না পারার কারণে কেউ উন্নত চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে পারছেন না, আবার কেউ ঋণের বোঝায় জর্জরিত হচ্ছেন। কিছু মানুষের হজে যাওয়ার স্বপ্নও অনিশ্চিত হয়ে পড়েছে।

রুহিয়া উপজেলার রাজগাঁও ইউনিয়নের রাজারামপুর গ্রামের কৃষক ইউনুস আলী গত নয় বছর ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি কৃষিকাজে ব্যবহৃত শ্যালো মেশিন কাঁধে নিয়ে মাঠে যাওয়ার সময় পিছলে পড়ে গুরুতর আহত হন। এরপর ঠাকুরগাঁও, দিনাজপুর ও ঢাকায় চিকিৎসা করিয়েছেন। মেরুদণ্ডে অস্ত্রোপচার করেও তেমন সুফল পাননি। চিকিৎসকেরা মেরুদণ্ডে নাট ও স্ক্রু লাগানোর পরামর্শ দেন। তবে চিকিৎসার বিষয়ে নিশ্চয়তা না পাওয়ায় দেশে ফিরে আসেন তিনি।

এদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে পাঁচবার স্ট্রোক করেছেন ইউনুস আলী। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ইচ্ছা থাকলেও অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না। চিকিৎসার জন্য সঞ্চিত অর্থ শেষ হয়ে যাওয়ায় এখন জমি বিক্রি করে চিকিৎসার খরচ জোগাড় করতে চান তিনি। কিন্তু নামজারি জটিলতায় আটকে আছে জমি বিক্রির উদ্যোগ।

রুহিয়া উপজেলার আখানগর গ্রামের সাবেক ইউপি সদস্য সোলেমান আলী একই পরিস্থিতিতে পড়েছেন। একসময় পাকা বাড়ি ও চালকলের মালিক এই কৃষক চিকিৎসার খরচে নিঃস্ব হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য জমি বিক্রি করতে চাইলেও নামজারি না হওয়ায় তা পারছেন না। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেও দ্রুত সমাধানের আশ্বাস পাননি।

আখানগর এলাকার বয়োবৃদ্ধ তসলিম উদ্দীন স্ত্রীকে নিয়ে হজে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এ জন্য জমি বিক্রি করে অর্থের ব্যবস্থা করতে চান তিনি। কিন্তু নামজারি না হওয়ায় জমি নিবন্ধন করতে পারছেন না। প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে না পারায় অনিশ্চিত হয়ে পড়েছে তার হজযাত্রা।

ব্যবসায়িক ও আর্থিক সংকটেও পড়েছেন অনেকে। আখানগরের ব্যবসায়ী মহির উদ্দীন জানান, ব্যাংকে তার ৩০ লাখ টাকার নগদ ঋণ রয়েছে। ব্যবসায় লোকসান হওয়ায় প্রতিদিন সুদের পরিমাণ বাড়ছে। ঋণ পরিশোধের জন্য জমি বিক্রি করতে চান তিনি। এ জন্য পাঁচ মাস আগে নামজারির আবেদন করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। ফলে জমি বিক্রি করতে না পেরে প্রতিদিন ব্যাংকের সুদ গুনতে হচ্ছে।

ঢোলারহাট এলাকার কৃষক রফিকুল ইসলাম জানান, ঋণ নেওয়ার প্রয়োজনে কয়েকটি জমির নামজারি করা দরকার। ভূমি অফিসে গেলে তাঁকে জানানো হয়, রুহিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদে কোনো কর্মকর্তা না থাকায় নামজারি করা সম্ভব হচ্ছে না।

স্থানীয়দের অভিযোগ, নতুন উপজেলা ঘোষণার আগে রুহিয়া, রাজাগাঁও ও আখানগর ইউনিয়ন ভূমি অফিসগুলোতে প্রতিদিনই সেবা নিতে মানুষের ভিড় থাকত। কিন্তু নতুন উপজেলা ঘোষণার পর থেকে নামজারি কার্যক্রম বন্ধ থাকায় এসব অফিসে এখন মানুষের উপস্থিতি নেই বললেই চলে। জরুরি প্রয়োজনে জমি বিক্রি করতে না পেরে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ।

রুহিয়া ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, গত ১৯ মে রুহিয়া উপজেলা গঠনের প্রজ্ঞাপন জারির পর থেকেই এ উপজেলার নামজারি কার্যক্রম বন্ধ রয়েছে। শুরুতে অনেক মানুষ নামজারির জন্য অফিসে আসতেন। পরে কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি জানাজানি হলে মানুষের আসা কমে যায়। এখন মূলত কন্যাদায়গ্রস্ত অভিভাবক কিংবা উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে ইচ্ছুক অসুস্থ ব্যক্তিরা আসেন। কিন্তু তাদের জন্য কিছুই করার নেই। অসহায় মানুষের কথা শুনে সান্ত্বনা দেওয়া ছাড়া তাঁদের আর কোনো উপায় নেই।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানান, নতুন দুই উপজেলায় নামজারি নিয়ে জনগণের ভোগান্তির বিষয়টি স্বীকার করে তিনি বলেন, এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে।

তিনি বলেন, প্রথমে সহকারী কমিশনার (ভূমি) পদ সৃষ্টি করতে হবে। ভূমি মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ চলছে। পদ সৃষ্টি হলে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থনৈতিক কোড তৈরি করতে হবে। এরপরই নামজারি কার্যক্রম চালু করা সম্ভব হবে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। আশা করছি, খুব শিগগিরই এ দুর্ভোগ থেকে মানুষ মুক্তি পাবেন।

উল্লেখ্য, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ৭ মে দেশে পাঁচটি নতুন উপজেলা গঠনের ঘোষণা দেয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে রুহিয়া ও ভুল্লি নামে দুটি পৃথক উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে গত ১৯ মে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে উপজেলা গঠনের ছয় মাস পেরিয়ে গেলেও প্রয়োজনীয় প্রশাসনিক পদ সৃষ্টি ও কর্মকর্তা পদায়ন না হওয়ায় এখনো পূর্ণাঙ্গ ভূমিসেবা চালু হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-চীনের বিচার বিভাগীয় সহযোগিতা জোরদার করবে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


বাংলাদেশ-চীনের বিচার বিভাগীয় সহযোগিতা জোরদার করবে আলোচনা

বাংলাদেশ ও চীনের মধ্যে বিচার বিভাগীয় সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের চার্জ দা অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের বিচার বিভাগীয় সহযোগিতা গভীর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও আলোচনায় অন্তর্ভুক্ত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়াকে নিয়ে সম্ভাব্য ত্রিপক্ষীয় আলোচনার গুরুত্বে একমত যুক্তরাষ্ট্র ও চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


রাশিয়াকে নিয়ে সম্ভাব্য ত্রিপক্ষীয় আলোচনার গুরুত্বে একমত যুক্তরাষ্ট্র ও চীন

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : রাশিয়াকে নিয়ে সম্ভাব্য উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় আলোচনা আয়োজনের গুরুত্ব নিয়ে যুক্তরাষ্ট্র ও চীন একমত হয়েছে। শান্তি প্রতিষ্ঠা এবং পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়টি তাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রেস অফিস এই তথ্য প্রকাশ করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে আলাপকালে এই বিষয়ে একমত হন।

বার্তা সংস্থা তাস ওয়াশিংটন থেকে এ খবর জানায়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের এক্স অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে জানায়, "শান্তি ও পারমাণবিক নিরস্ত্রীকরণের মতো লক্ষ্য অর্জনে উচ্চপর্যায়ের অর্থবহ আলোচনা গুরুত্বপূর্ণ বলে তারা একমত হয়েছেন। রাশিয়াকে নিয়ে সম্ভাব্য যেকোনো ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকও এর অন্তর্ভুক্ত।"

আলাপকালে রুবিও এবং ওয়াং ই চীনের শেনজেনে আগামী ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলন নিয়েও আলোচনা করেন। এছাড়া, আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর মায়ামিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলন নিয়েও তাদের মধ্যে কথা হয়।

এ সময়, পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে কৌশলগত স্থিতিশীলতা বজায় রেখে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে দুই দেশের নেতাদের অঙ্গীকার নিয়েও আলোচনা হয়।

চীনের অনুরোধে এই টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%