প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরগুনার বিষখালী ও পায়রা নদীর ওপর দুটি সেতু নির্মাণের মাধ্যমে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক মানচিত্র পরিবর্তনের বিশাল সম্ভাবনা রয়েছে। সেতু দুটি বাস্তবায়িত হলে বরগুনা, পাথরঘাটা, আমতলী, তালতলীসহ আশপাশের জনপদের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন হবে। কৃষি, মৎস্য, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। মানুষের যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় কমে যাবে। কিন্তু দীর্ঘদিনের জনদাবি এবং অর্থনৈতিক গুরুত্ব থাকা সত্ত্বেও এখনো নির্মাণকাজ শুরু হয়নি। সম্ভাবনাময় এ দুটি সেতু প্রস্তাবনা, পরিকল্পনা ও আশ্বাসের মধ্যে আটকে রয়েছে। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার পেছনে কোনো স্বার্থান্বেষী মহলের বাধা কিংবা ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও অভিযোগ রয়েছে।
এ অবস্থায় বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মণি'র কার্যকর ভূমিকার দিকে তাকিয়ে রয়েছেন উপকূলবাসী। জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন এবং সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে যোগাযোগের সুযোগ কাজে লাগিয়ে তিনি সেতু দুটি নির্মাণের প্রক্রিয়া ত্বরান্বিত করতে কার্যকর উদ্যোগ নেবেন- এমন প্রত্যাশা জেলার গণমানুষের। বরগুনার উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জেলার উন্নয়নে উত্থাপিত প্রস্তাবগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন। পায়রা ও বিষখালী নদীর সেতু নির্মাণের বিষয়টিও জেলার উন্নয়ন দাবির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে এসেছে।
বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ বলেন, "বিষখালী ও পায়রা নদীর ওপর দুটি সেতু নির্মাণ বরগুনাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। সেতু দুটি নির্মিত হলে মানুষের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষি, মৎস্য, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে ব্যাপক পরিবর্তন আসবে। অথচ এত গুরুত্বপূর্ণ দুটি প্রকল্প এখনো বাস্তবায়িত হয়নি। আমরা চাই, আর কোনো আশ্বাস নয়, দ্রুত সেতু দুটির নির্মাণকাজ শুরু করা হোক।"
জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, "বরগুনার সামগ্রিক উন্নয়নের স্বার্থে বিষখালী ও পায়রা নদীর ওপর সেতু নির্মাণের বিকল্প নেই। আমরা জেলার উন্নয়নবিষয়ক ২৩ দফা দাবির মধ্যেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছি। সেতু দুটি নির্মিত হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। দীর্ঘদিন ধরে প্রস্তাবনা ও আশ্বাসের মধ্যে প্রকল্প আটকে থাকা কোনোভাবেই কাম্য নয়। আমরা এ দাবিতে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন গড়ে তোলার পক্ষে।"
বিষখালী নদীর ওপর বরগুনা-পাথরঘাটা সংযোগ সেতু নির্মিত হলে পাথরঘাটা, বামনা ও আশপাশের এলাকার মানুষের যোগাযোগ সহজ হবে। অন্যদিকে পায়রা নদীর ওপর সেতু নির্মিত হলে বরগুনা-আমতলী-পটুয়াখালী অঞ্চলের সড়ক যোগাযোগে নতুন মাত্রা যোগ হবে। বর্তমানে ফেরিঘাটে অপেক্ষা, যানবাহনের দীর্ঘ সারি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নদী পারাপারের অনিশ্চয়তা মানুষের ভোগান্তি বাড়ায়। সেতু দুটি নির্মিত হলে এসব প্রতিবন্ধকতা অনেকাংশে কমে আসবে।
অর্থনৈতিকভাবে এর প্রভাব হবে সুদূরপ্রসারী। বরগুনার মাছ, শুঁটকি, কাঁকড়া, কৃষিপণ্য ও অন্যান্য উৎপাদিত পণ্য দ্রুত দেশের বড় বাজারগুলোতে পৌঁছানো সম্ভব হবে। পরিবহন ব্যয় কমলে উৎপাদক ও ব্যবসায়ীরা লাভবান হবেন। পাথরঘাটার হরিণঘাটা, টেংরাগিরি ইকোপার্ক, সোনারচর এবং কুয়াকাটাকেন্দ্রিক পর্যটন যোগাযোগেও নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে পায়রা সমুদ্রবন্দর ও আশপাশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বরগুনার সংযোগ বাড়বে।
তবে সেতু নির্মাণের পাশাপাশি বিষখালী ও পায়রা নদীতে আধুনিক নৌযোগাযোগ সচল রাখাও জরুরি। সেতুর নকশায় বড় নৌযান চলাচলের পর্যাপ্ত উচ্চতা ও প্রশস্ততা নিশ্চিত করতে হবে। নদীর নাব্যতা রক্ষা, নিয়মিত ড্রেজিং, আধুনিক ফেরি ও কার্গো টার্মিনাল নির্মাণের বিষয়টিও পরিকল্পনায় রাখতে হবে।
এদিকে এত গুরুত্বপূর্ণ দুটি প্রকল্প এখনো বাস্তবায়নের দৃশ্যমান পর্যায়ে না পৌঁছানোয় জনমনে হতাশা বাড়ছে। প্রকল্পের অগ্রগতি, অনুমোদন, অর্থায়ন ও বাস্তবায়নের দায়িত্বে থাকা দপ্তরগুলোর কাছে স্বচ্ছ ব্যাখ্যা দাবি করছেন সচেতন নাগরিকরা। উপকূলবাসীর প্রত্যাশা, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সেতু বিভাগের সঙ্গে সমন্বয় করবেন। একই সঙ্গে বরগুনার সাংবাদিক সমাজ, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি এবং সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে এ দাবিতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখবেন।
বরগুনার বিষখালী ও পায়রা নদীর ওপর দুটি সেতু কেবল যোগাযোগের অবকাঠামো নয়, এটি দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক মুক্তি, কর্মসংস্থান ও সমৃদ্ধির সম্ভাবনার সঙ্গে জড়িত। তাই আর আশ্বাস নয়, প্রস্তাবনার গণ্ডি পেরিয়ে সেতু দুটির বাস্তবায়ন প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি এখন সময়ের দাবি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন