ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

বঙ্গোপসাগরে ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস


বঙ্গোপসাগরে ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি সুস্পষ্ট লঘুচাপ ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড শনিবার (২৪ অক্টোবর) তাদের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করেছে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, দক্ষিণ পূর্ব এবং তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে আজ সকালে সুস্পষ্ট লঘুচাপে রূপান্তরিত হয়েছে। এটি আগামী ৩-৪ দিন ক্রমান্বয়ে শক্তি বৃদ্ধি করতে পারে এবং প্রথমে ৬-১২ ঘণ্টার মধ্যে নিম্নচাপ, ২৪-৩৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপ এবং ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

সুস্পষ্ট লঘুচাপ কেন্দ্র থেকে ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বর্তমানে বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ ৩৫ কিমি/ঘণ্টা, যা দমকা ও ঝড়ো হাওয়াসহ ৪৫ কিমি/ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ওই স্থানে সাগর ধীরে ধীরে কিছুটা উত্তাল হয়ে উঠছে।

আরও পড়ুন: সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে: আবহাওয়ার পূর্বাভাস

বর্তমানে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক সব সমুদ্রবন্দরে কোনো সতর্ক সংকেত না থাকলেও শিগগিরই হুঁশিয়ারি সংকেত আসতে পারে। তাই আপাতত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহ গভীর সাগরে (১৫০ কিলোমিটার এর বেশি দূরত্বে) যাওয়া থেকে বিরত থাকতে হবে এবং উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে হবে।

এটি আগামী ২৪-৩৬ ঘণ্টা গড়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হতে পারে। পরে শক্তি বৃদ্ধি করতে করতে বেশিরভাগ পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

সিস্টেমটি পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গিয়ে সর্বোচ্চ শক্তি অর্জন করতে পারে। যদিও এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সর্বোচ্চ শক্তিমত্তা কেমন হবে তা নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকলেও বাংলাদেশে সরাসরি আঘাতের কোনো ঝুঁকি নেই।

এটি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ২৮ তারিখের আশেপাশে উত্তর অন্ধ্রপ্রদেশ বা তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

আরও পড়ুন: পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৫.৪ ডিগ্রিতে

সিস্টেমের গতিপথ অনুযায়ী ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দূরবর্তী প্রভাবে বাংলাদেশের উপর ২৭/২৮ তারিখ থেকে একটি বৃষ্টি বলয় চালু হতে পারে। এতে বাংলাদেশের অনেক অঞ্চলে ২৭/২৮ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হলেও তুলনামূলক কম হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান সমুদ্রতলের ইন্টারনেট ক্যাবলে হামলার পরিকল্পনা করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩০ এম


ইরান সমুদ্রতলের ইন্টারনেট ক্যাবলে হামলার পরিকল্পনা করেছে

ইরান যুদ্ধ পুনরায় শুরু হলে উপসাগরীয় অঞ্চলে সমুদ্রতলের ইন্টারনেট ক্যাবলে হামলার বিস্তারিত পরিকল্পনা করেছে। এই তথ্যটি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের দুই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা প্রকাশ করেছেন।

কর্মকর্তাদের মতে, যদি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে নতুন করে হামলা চালায়, তবে হরমুজ প্রণালির নিচ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ইন্টারনেট ক্যাবল লক্ষ্যবস্তু হতে পারে। হামলার পর মেরামতকাজ বাধাগ্রস্ত করে যোগাযোগব্যবস্থায় দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটানোর পরিকল্পনা তাদের মধ্যে রয়েছে।

একজন কর্মকর্তা মন্তব্য করেন, “যদি ইরানের ওপর হামলা চালানো হয়, তবে কোনো রেড লাইন বা সীমাবদ্ধতা আর অবশিষ্ট থাকবে না। সমুদ্রতলদেশের ক্যাবল থেকে শুরু করে সামরিক ঘাঁটি- এমনকি গোপন ঘাঁটিগুলোও তখন হামলার লক্ষ্যবস্তু হবে।”

তিনি ওয়াশিংটনকে ‘আগুন নিয়ে না খেলার’ ব্যাপারে সতর্ক করে বলেন, ইরানের কাছে সমুদ্রতলদেশের ক্যাবলগুলোর নাগাল পাওয়ার পূর্ণ সক্ষমতা রয়েছে এবং তারা সহজেই সেগুলো ধ্বংস করে দিতে পারে।

বিশ্বের প্রায় ৯৯ শতাংশ ইন্টারনেট ট্রাফিক সমুদ্রতলের ক্যাবলের মাধ্যমে পরিচালিত হয়, তবে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক ব্যান্ডউইথের এক শতাংশেরও কম প্রবাহিত হয়। বিশ্লেষকেরা মনে করছেন, সেখানে হামলার বৈশ্বিক প্রভাব সীমিত হতে পারে। তবে একাধিক ক্যাবল ক্ষতিগ্রস্ত হলে ইন্টারনেটের গতি কমে যাওয়া, আর্থিক লেনদেন, ই-কমার্স ও ক্লাউড সেবায় বিঘ্ন ঘটতে পারে।

বিশ্লেষকদের মতে, ইরানের এ ধরনের হুমকির উদ্দেশ্য যুক্তরাষ্ট্রকে নতুন করে সামরিক অভিযান চালানো থেকে বিরত রাখা এবং উপসাগরীয় দেশ ও মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর বিনিয়োগ নিয়ে উদ্বেগ সৃষ্টি করা।

এদিকে, উপসাগরীয় দেশগুলো কেবল তেলনির্ভরতা কমিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির বৈশ্বিক কেন্দ্রে পরিণত করতে বিপুল বিনিয়োগ করছে। বিকল্প স্থলভিত্তিক যোগাযোগব্যবস্থা গড়ে তুলে ইন্টারনেট অবকাঠামোর নিরাপত্তা বাড়ানোর উদ্যোগও চলছে। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট ২০৩০ সালের মধ্যে মধ্যপ্রাচ্যে সমুদ্রতল ও স্থলভিত্তিক যোগাযোগ অবকাঠামোয় ৪০ কোটি ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করেছে।

সূত্র: রয়টার্স

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলাস্কায় নির্বাচনের ফলাফল আটকে দিতে ট্রাম্প প্রশাসনের মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩০ এম


আলাস্কায় নির্বাচনের ফলাফল আটকে দিতে ট্রাম্প প্রশাসনের মামলা

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কায় আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান যদি পরাজিত হন, তাহলে ফলাফল প্রত্যয়ন প্রক্রিয়া আটকে দেওয়ার জন্য আবেদন করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বৃহস্পতিবার, ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে দেশটির বিচার বিভাগ, যেখানে বলা হয়েছে, ব্যালট পেপারে একই নামের আরেক প্রার্থী থাকায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে সিনেটর ড্যান সুলিভান ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনমত জরিপ অনুযায়ী, দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, যেখানে নির্বাচনের আগে পেলটোলা সামান্য ব্যবধানে এগিয়ে আছেন।

সরকারের আবেদনে উল্লেখ করা হয়েছে, যদি সিনেটর সুলিভান একই নামের অন্য প্রার্থীর কাছে ভোটের ব্যবধানে পরাজিত হন, তাহলে আদালত যেন আলাস্কা অঙ্গরাজ্যকে নির্বাচনের ফলাফল প্রত্যয়ন করতে বাধা দেয়। পাশাপাশি, ভোটাররা নামের কারণে বিভ্রান্ত হয়েছেন কি না, তা তদন্ত করার জন্যও আবেদন জানানো হয়েছে।

শুক্রবার ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমিই এটি করার নির্দেশ দিয়েছি।” তিনি দ্বিতীয় সুলিভানের প্রার্থিতাকে ‘প্রতারণা’ আখ্যা দিয়ে জানান, এটি বন্ধ করার জন্য তার প্রশাসন কার্যকর আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে।

ব্যালটে থাকা দ্বিতীয় ড্যান সুলিভান একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তার প্রার্থিতা বাতিলের পূর্বে কয়েকটি প্রচেষ্টা আলাস্কা সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে। তিনি একসময় ইউএস ফরেস্ট সার্ভিসে কাজ করেছেন এবং চলতি বছরের শুরুতে রিপাবলিকান হিসেবে নিবন্ধন করার আগে আলাস্কা ইন্ডিপেন্ডেন্স পার্টির সদস্য ছিলেন।

আদালতে দাখিল করা নথিতে অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি ই. উডওয়ার্ড জুনিয়র দাবি করেছেন, দ্বিতীয় সুলিভানের প্রার্থী হওয়ার উদ্দেশ্য হলো সিনেটর সুলিভানের ভোট কমিয়ে মেরি পেলটোলাকে সুবিধা প্রদান করা। একই নামের দুই প্রার্থী থাকায় ভোটাররা ভুল করে অন্য ব্যক্তিকে ভোট দিতে পারেন, যা নির্বাচনে ভোটারদের প্রকৃত অভিপ্রায়কে প্রভাবিত করতে পারে।

তবে দ্বিতীয় সুলিভান এ অভিযোগ অস্বীকার করেছেন। চলতি বছরের শুরুতে স্থানীয় পত্রিকা ‘পিটার্সবার্গ পাইলট’-কে তিনি বলেছিলেন, পেলটোলার নির্বাচনী প্রচারণায় কার সঙ্গে যোগাযোগ করতে হবে, তা-ই তিনি জানেন না। ‘কোর্টহাউস নিউজ’-কে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, ভোটাররা যেন বুঝতে পারেন কাকে বা কীসের জন্য ভোট দিচ্ছেন, সেটিই তার প্রত্যাশা। তবে ভোটারদের সামনে বিকল্প থাকা ভালো বলেও মন্তব্য করেন।

আলাস্কায় ‘র‍্যাঙ্কড-চয়েস’ বা পছন্দক্রম অনুযায়ী ভোট দেওয়ার পদ্ধতি চালু রয়েছে। এই ব্যবস্থায় ভোটাররা প্রার্থীদের পছন্দের ক্রমানুসারে চিহ্নিত করতে পারেন। ফলে একই নামের দুই প্রার্থী ব্যালটে থাকায় ভোটারদের বিভ্রান্ত হওয়ার আশঙ্কা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রাম্প প্রশাসন।

মামলায় বলা হয়েছে, যদি মেরি পেলটোলা জয়ী হন এবং ভোটের ব্যবধান দেখে নামের বিভ্রান্তির প্রভাবের আশঙ্কা তৈরি হয়, তাহলে ফলাফল প্রত্যয়ন স্থগিত রাখা উচিত। একই সঙ্গে দ্বিতীয় সুলিভানের নাম ব্যালটে না থাকলে নির্বাচনের ফল কী হতে পারত, তা নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রার্থীই মন্তব্য করেননি।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সেখানে ট্রাম্প ১৪ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন। তবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষ অঙ্গরাজ্যটিতে তার জনপ্রিয়তায় প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে আলাস্কার সিনেট আসনটি তাই বিশেষ গুরুত্ব পাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩১ এম


ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার সক্ষমতা রয়েছে। তবে তিনি এ বিষয়ে প্রশ্ন তুলেছেন যে, যুদ্ধটি কি দ্রুত শেষ হবে, নাকি ধীরে ধীরে এর অবসান ঘটতে দেওয়া হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা খুব দ্রুতই যুদ্ধ শেষ করতে পারি। প্রশ্ন হলো, আমরা কি এটি শেষ করতে চাই, নাকি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে দিতে চাই?”

তিনি আরও উল্লেখ করেন যে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ এখনও অব্যাহত রয়েছে।

ট্রাম্পের ভাষায়, “আমরা যা চাই, তার সবই পাচ্ছি।”

এর আগে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্ববাজারে তেলের দাম বাড়ানোর জন্য ইরান সর্বাত্মক চেষ্টা করছে বলে অভিযোগ করেন ট্রাম্প। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে এই অভিযোগটি করেন।

এছাড়া, ইরান হামলা ও সমুদ্রের মাইন নিয়ে “মিথ্যা” খবর ছড়াচ্ছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে এসব অভিযোগের পক্ষে তিনি কী প্রমাণ দিয়েছেন, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম তীরে ১৫ শহরে ইসরাইলি অভিযানে আটক বহু ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩১ এম


পশ্চিম তীরে ১৫ শহরে ইসরাইলি অভিযানে আটক বহু ফিলিস্তিনি

অবরোধ ঘোষণার পর বিভিন্ন শহর ও জনপদে অভিযান চালিয়ে বহু ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে।

শনিবার আলজাজিরার সংবাদদাতাদের তথ্য অনুযায়ী, পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অন্তত ১৫টি শহর ও জনপদে অভিযান পরিচালনা করা হয়েছে। হেবরনে দুই ইসরাইলি সেনা নিহত হওয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো পশ্চিম তীরে অবরোধের নির্দেশ দেন।

অভিযানের লক্ষ্য ছিল পশ্চিম তীরের নাবলুস, জেনিন, তুবাস ও কালকিলিয়া সহ কয়েকটি শহর ও জনপদ। নাবলুসের জালুদ ও কারিউত গ্রামে ফিলিস্তিনিদের বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েকজনকে আটক করে ইসরাইলি বাহিনী। জেনিনের কাছে আরাবেহ ও বুরকিনেও আটক হওয়ার ঘটনা ঘটেছে। তুবাস ও এর কাছের আক্কাবা শহরে প্রবেশ করে ইসরাইলি সেনারা।

অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে হেবরনে তিনতলা একটি ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বুলডোজার। ভবনটির বাসিন্দাদের মালপত্র সরানোর জন্য মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়। একই সময়ে হেবরনের আইন দেইর বাহা এলাকা ও আশপাশের কয়েকটি জায়গা থেকে শত শত ফিলিস্তিনি পরিবারকে জোর করে বাড়িঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হেবরনে দুই ইসরাইলি সেনা নিহত হওয়ার ঘটনার সন্দেহভাজন এক ব্যক্তির বাড়িও ঘিরে ফেলে ইসরাইলি সেনারা। এ সময় শহরের আল-জালদা এলাকায় অভিযান চালানো হয়।

শুক্রবার গভীর রাতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, হেবরনে তাদের অভিযান শুরু হয়েছে। এই অভিযান কয়েক দিন ধরে চলবে। পাশাপাশি পশ্চিম তীরের অসংখ্য এলাকায় অন্যান্য বাহিনীর অভিযানও চলবে বলে জানানো হয়েছে।

পশ্চিম তীরের পূর্বাঞ্চলে জেরিকো শহর ও এর কাছের আকাবাত জাবর শরণার্থীশিবিরেও প্রবেশ করে ইসরাইলি বাহিনী।

অবরোধের ফলে পশ্চিম তীরজুড়ে প্রায় এক হাজার তল্লাশিচৌকি ও প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। এতে লাখ লাখ ফিলিস্তিনির চলাচল ব্যাহত হবে।

শুক্রবার ইসরাইলি সেনাবাহিনী জানায়, তেলেম নামের একটি ইসরাইলি বসতির কাছে রিজার্ভ সেনাদের একটি ব্যাটালিয়নের ওপর হামলা চালানো দুই ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা করেছে তারা। ওই হামলায় দুই ইসরাইলি সেনা নিহত হন। এর কিছুক্ষণ পরেই পশ্চিম তীরে পূর্ণ অবরোধের নির্দেশ দেন নেতানিয়াহু।

ইসরাইলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা জানিয়েছে, নিহত দুই সেনা ছাড়াও অন্তত তিনজন ইসরাইলি সেনা আহত হয়েছেন।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, তেলেমসহ অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপন অবৈধ।

এই হামলা ও অবরোধের ঘটনা এমন এক সময়ে ঘটছে, যখন ফিলিস্তিনি ভূখণ্ডে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ইসরাইলি বসতি স্থাপনকারী ও সেনাদের সহিংস হামলার পাশাপাশি জলপাই সংগ্রহকারী ফিলিস্তিনিদের ওপরও হামলার ঘটনা বেড়েছে। মঙ্গলবারের ইসরাইলি নির্বাচনের আগে এসব সহিংসতা আরও বাড়ছে।

ইসরাইলের উগ্রইহুদি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির দুই সেনা নিহত হওয়ার পর পশ্চিম তীরের পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ইসরাইলি সরকার সেখানে আরো বহু বসতি নির্মাণে উৎসাহ দিচ্ছে।

ফিলিস্তিনের রাজনৈতিক দল প্যালেস্টিনিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তাফা বারঘুতি বলেছেন, ইসরাইলের উগ্রইহুদি মন্ত্রীদের উসকানিমূলক বক্তব্য পরিস্থিতিকে আরো খারাপ করছে।

আলজাজিরাকে তিনি বলেন, অবরোধের ফলে পশ্চিম তীরের প্রতিটি শহর ও গ্রাম ‘ছোট কারাগারে’ পরিণত হবে। তল্লাশিচৌকি ও প্রবেশপথ বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা, অর্থনীতি ও শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হবে।

বারঘুতি সতর্ক করে বলেন, ফিলিস্তিনিদের ওপর সমষ্টিগত শাস্তি চাপিয়ে দিলে পরিস্থিতির বিস্ফোরণ ঘটতে পারে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%