ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী


দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় তিন মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের ৭ম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সচিব মো. মাহবুব-উল-আলম সভাপতিত্ব করেন।

এর উদ্দেশ্য হলো শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। যুব উন্নয়ন অধিদপ্তর এই কোর্সটি চালু করেছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। এতে জেলা পর্যায়ের কর্মকর্তারা এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনলাইনে প্রায় পাঁচ হাজার প্রশিক্ষণার্থী অংশ নেন।

এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল অর্থনীতির ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এই প্রকল্পের আওতায় ৭ম ব্যাচে ৪৮০০ হাজার তরুণ-তরুণী প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন বিভিন্ন বিষয়ের জন্য। এ উদ্যোগ তাদের আত্মকর্মসংস্থানের জন্য সহায়তা করবে এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে সহায়তা করবে। সরকারের এই প্রশিক্ষণ কার্যক্রম বেকারত্ব হ্রাস এবং পরিবারভিত্তিক অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে কার্যকর ভূমিকা রাখবে।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, ‘দেশের শিক্ষিত বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রশিক্ষণার্থীরা যদি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করেন, তবে তারা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে দেশীয় ও বৈশ্বিক কর্মবাজারে সফলভাবে কাজের সুযোগ সৃষ্টি করতে পারবেন। এই উদ্যোগ তাদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের পথ আরও সুগম করবে।’

প্রকল্প সূত্রে জানা যায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৭৩ কোটি ৭৭ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে ৩৬ হাজার শিক্ষিত যুব-যুবীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম গত বছরের ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং বর্তমানে দেশে আটটি বিভাগের ৬৪টি জেলায় এ প্রশিক্ষণ চালানো হচ্ছে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

আজ ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী ৭ম ব্যাচের প্রশিক্ষণে দেশের প্রতিটি জেলা থেকে ৭৫ জন করে মোট ৪ হাজার ৮০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেবেন। ১৮ থেকে ৩৫ বছর বয়সী এবং ন্যূনতম এইচএসসি পাস তরুণ-তরুণীরা এ সুযোগ পেয়েছেন। জেলা প্রশাসনের প্রতিনিধি, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা এবং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে প্রশিক্ষণার্থীদের নির্বাচন করা হয়েছে।

প্রকল্পের আওতায় ইতোমধ্যে ছয়টি ব্যাচে ১৯ হাজার ২০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে প্রায় ৬০ শতাংশ, অর্থাৎ ১১ হাজার ৩৫৩ জন দেশি-বিদেশি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করছেন।

এ পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্তদের মোট আয় ১৯ লাখ ৯৯ হাজার ৪৯০ মার্কিন ডলার এবং বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৯০ লাখ ৩৫ হাজার ৮৮৭ টাকা। সব মিলিয়ে তাদের মোট উপার্জনের পরিমাণ ৩৪ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ২১৫ টাকা। প্রশিক্ষণার্থীদের আয় বৃদ্ধিতে সহায়তা করতে প্রতিটি জেলায় মেন্টরিং ক্লাসেরও ব্যবস্থা রাখা হয়েছে।

প্রশिक्षণার্থীরা প্রতিষ্ঠানের মাধ্যমে তিন মাসে মোট ৬০০ ঘণ্টা প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, বেসিক ইংরেজি, ডিজিটাল মার্কেটিং, সফট স্কিল, স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাউবির এমসিসিজে প্রোগ্রামের ২৬১তম টার্মের পরীক্ষার সময়সূচি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


বাউবির এমসিসিজে প্রোগ্রামের ২৬১তম টার্মের পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাস্টার্স ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস (এমসিসিজে) প্রোগ্রামের ২৬১ টার্মের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৬১ টার্মের ৪র্থ ব্যাচের ২য় সেমিস্টার এবং ৩য় ব্যাচের ৪র্থ সেমিস্টারের পরীক্ষা আগামী ২১ আগস্ট থেকে শুরু হবে। এই পরীক্ষা চলবে ২৯ আগস্ট পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, পরীক্ষার সময়সূচি, কেন্দ্র এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের আহ্বান জানিয়েছে যে, তারা যেন নির্ধারিত সময়ের আগেই প্রবেশপত্র সংগ্রহ করেন এবং পরীক্ষার নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের হয়ে পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন ফি মওকুফ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বুধবার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুবিধাভোগী শিক্ষার্থীদের ক্ষেত্রে শুধু সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি পরিশোধ করতে হবে। আহত শিক্ষার্থীরা পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য ফি মওকুফের সুবিধা পেতে নিজেদের সংশ্লিষ্ট কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত আহতদের তালিকার পর্যালোচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২৬৯ জন আহত শিক্ষার্থীর তথ্য পাওয়া গেছে।

এ সকল শিক্ষার্থীদের সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি ছাড়া পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য সব ফি মওকুফের উদ্দেশ্যে অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রীকে একান্তে দেখা করতে বললেন মাদরাসা শিক্ষক, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


ছাত্রীকে একান্তে দেখা করতে বললেন মাদরাসা শিক্ষক, অতঃপর...

বগুড়ার আদমদীঘিতে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি ছাত্রীকে একান্তে দেখা করতে বলেছেন এবং বিভিন্ন ধরনের অনৈতিক বার্তা পাঠিয়েছেন। ভুক্তভোগীর মা মামলাটি দায়ের করার পর অভিযুক্ত কুরআন তেলাওয়াতকারী শিক্ষক মাহমুদুল হাসান (৩৮)কে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবারের সকালে ওই ছাত্রীর মা আদমদীঘি থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, বুধবার সকালে ছাত্রীর মা মামলাটি দায়ের করার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাঁর মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এরপর দুপুরে শিক্ষক মাহমুদুল হাসানকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে যে অভিযুক্ত শিক্ষক মাহমুদুল হাসান বগুড়ার আদমদীঘি উপজেলার বাসিন্দা। তিনি নশরতপুর ইউনিয়নের সাকুয়া গ্রামের ঘোড়াদহ ছিদ্দিকিয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। একই এলাকার ওই ছাত্রী মাদরাসায় পড়াশোনা করে। শিক্ষক কিছুদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত শুরু করেন এবং মোবাইল ফোনের মাধ্যমে একান্তে দেখা করার প্রস্তাবসহ বিভিন্ন ধরনের অনৈতিক বার্তা পাঠিয়ে আসেন।

যার ফলে ছাত্রীটি বিরক্ত হয়ে পরবর্তীতে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়, এবং এটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার সকালে মৌলভী শিক্ষক মাহমুদুল হাসান যখন মাদরাসায় গিয়েছিলেন, তখন ছাত্রীর স্বজন ও স্থানীয়রা তার কাছে মোবাইল ফোনে বার্তা পাঠানোর বিষয়ে জানতে চান। তিনি এসময় সব অভিযোগ অস্বীকার করেন। তখন এলাকাবাসী উত্তেজিত হয়ে ওঠেন। বিকেল ৪ টার দিকে বিপুল সংখ্যক গ্রামবাসী মাদরাসায় জড়ো হয়ে শিক্ষক মাহমুদুল হাসানকে অবরুদ্ধ করেন। এ সময় উত্তেজিত জনগণ পুলিশের উপস্থিতিতেই তাকে গণপিটুনি দিতে শুরু করে। অবশেষে আদমদীঘি থানার পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষককে উদ্ধার করে। পুলিশ তাঁকে জনতার রোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মাদরাসার সুপার মওলানা রহমতুল্লাহ বলেন, মৌলভি শিক্ষক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আগে এ অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। পরে ম্যানেজিং কমিটির মিটিং করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুপ্রিম কোর্টের একটি তালার পেটে কয়েকশ’ চাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


সুপ্রিম কোর্টের একটি তালার পেটে কয়েকশ’ চাবি

দেশের সর্বোচ্চ আদালত, অর্থাৎ সুপ্রিম কোর্টে একটি ব্যতিক্রমধর্মী তালা রয়েছে। এর ভেতরে সযত্নে রাখা হয়েছে কয়েকশ’ চাবি।

প্রযুক্তির এই যুগের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা দ্রুত পরিবর্তন হচ্ছে। স্মার্ট লক, ডিজিটাল অ্যাক্সেস, বায়োমেট্রিক শনাক্তকরণ এবং কার্ডভিত্তিক প্রবেশ ব্যবস্থা বর্তমানে অনেক প্রতিষ্ঠানের নিয়মিত বাস্তবতা হয়ে উঠেছে। কিন্তু প্রযুক্তিনির্ভর এই সময়েও বাংলাদেশের সর্বোচ্চ আদালতের প্রাঙ্গণে একটি ব্যতিক্রমী নিরাপত্তা ব্যবস্থার প্রতীক হিসেবে বিরাজ করছে বিশাল আকৃতির একটি তালা।

এটি আসলে সাধারণ কোনো তালা নয়, বরং তালার ডিজাইনে তৈরি একটি বিশেষ আলমারি। এর ভেতরেই সুপ্রিম কোর্টের বিভিন্ন দপ্তরের গতিশীলতা এবং কার্যক্রমের জন্য প্রয়োজনীয় কয়েকশ’ চাবি সংরক্ষিত থাকে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের মূল ভবনের নিচতলায় সোনালী ব্যাংক-সংলগ্ন প্রবেশপথ দিয়ে ভেতরে প্রবেশ করলেই ডান পাশে চোখে পড়ে এই বিশাল আকৃতির তালা। প্রায় ১০ ফুট উঁচু ও ৫ ফুট চওড়া এ তালা প্রথম দেখে অনেকের কাছে ধাতব শিল্পকর্ম বা নান্দনিক স্থাপনার অংশ বলে মনে হতে পারে। কিন্তু কাছাকাছি গেলে বোঝা যায়, এটি সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ।

তালা-আকৃতির এই আলমারিতে সুশৃঙ্খলভাবে রাখা হয়েছে সুপ্রিম কোর্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের শত শত চাবি। প্রধান বিচারপতির দপ্তর, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের চেম্বার, কর্মকর্তা-কর্মচারীদের অফিস এবং আদালতের বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষের চাবিগুলো এখানেই সংরক্ষিত থাকে।

প্রতিদিন সকাল থেকে শুরু হয় এই বিশাল তালার কার্যক্রম। সংশ্লিষ্ট কর্মচারীরা নিয়ম অনুসারে প্রয়োজনীয় চাবি গ্রহণ করেন। বিচারিক ও প্রশাসনিক কার্যক্রম শেষে নির্ধারিত নিয়মে পুনরায় এই চাবিগুলো জমা দেন। সকাল থেকে রাত পর্যন্ত সুপ্রিম কোর্টের একাধিক কর্মচারী চাবিগুলো সংরক্ষণ এবং হস্তান্তরের দায়িত্ব পালন করে থাকেন।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে জানিয়েছেন, ‘বিশাল আকৃতির তালাটি মূলত চাবি সংরক্ষণের একটি আলমারি। প্রধান বিচারপতির দপ্তর, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের বিচারপতিদের দপ্তর এবং কর্মকর্তা-কর্মচারীদের অফিসের তালা খোলার কয়েকশ’ চাবি এখানে রাখা থাকে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা সকালে এখান থেকে চাবি নিয়ে যান এবং বিকেল বা রাতের সময়ে আবার জমা দেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%