ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

আরটিভিতে সংবাদ প্রকাশ: এনসিপিতে পদ পাওয়া প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্লাহ জগলু বরখাস্ত


আরটিভিতে সংবাদ প্রকাশ: এনসিপিতে পদ পাওয়া প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্লাহ জগলু বরখাস্ত

সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা কমিটিতে সাংগঠনিক পদে থাকার অভিযোগে ভোলার চরফ্যাশনের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সফিউল্লাহ জগলুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহজামান খানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, মো. সফিউল্লাহ জগলু বর্তমানে ভোলার লালমোহন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন: তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

এতে আরও বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা গেছে, সফিউল্লাহ জগলু এনসিপির চরফ্যাশন উপজেলা কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২৫(১) বিধিতে সরকারি কর্মচারীদের রাজনৈতিক দলের সদস্য হওয়া এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এই অবস্থায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এবং সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২৫(১) বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া, গত ৫ অক্টোবর এনসিপির ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান ও সদস্যসচিব শরীফ হাওলাদার সাগরের স্বাক্ষরে আগামী ছয় মাসের জন্য দলটির চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়। সাত সদস্যবিশিষ্ট ওই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে সফিউল্লাহ জগলুর নাম অন্তর্ভুক্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুসফুসের টিউমার অপসারণে অস্ত্রোপচার করাবেন পোপ চতুর্দশ লিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


ফুসফুসের টিউমার অপসারণে অস্ত্রোপচার করাবেন পোপ চতুর্দশ লিও

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : পোপ চতুর্দশ লিও আগামী কয়েক দিনের মধ্যে ফুসফুসে ধরা পড়া একটি টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচার করাবেন। তিনি জানান, রোগটি একেবারে প্রাথমিক পর্যায়ে শনাক্ত হয়েছে।

রোববার সেন্ট পিটার্স স্কয়ারে অনুষ্ঠিত সাপ্তাহিক ভাষণে ৭১ বছর বয়সী পোপ বলেন, ‘সম্প্রতি চিকিৎসা পরীক্ষার সময় আমার ফুসফুসে একটি নডিউল ধরা পড়েছে। এটি একেবারে প্রাথমিক পর্যায়ে এবং ফুসফুসের একটি নির্দিষ্ট স্থানে শনাক্ত হয়েছে।’

এ খবর ভ্যাটিকান সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

তিনি আরও বলেন, ‘চিকিৎসকদের মতে, অস্ত্রোপচার করানোই যথাযথ হবে। তাদের পরামর্শ মেনে আমি এটি অপসারণের সিদ্ধান্ত নিয়েছি। আগামী কয়েক দিনের মধ্যেই অস্ত্রোপচারের সময় নির্ধারণ করা হয়েছে।’

পোপের সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনার পর ভ্যাটিকানের প্রেস অফিস জানায়, আগামী কয়েক দিনের মধ্যে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

অস্ত্রোপচারের পর সুস্থ হতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে। রোমের জেমেলি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। পোপ দ্বিতীয় জন পলের সময় থেকে হাসপাতালটি পোপদের চিকিৎসাসেবার জন্য পরিচিত।

অস্ত্রোপচার ও সুস্থ হওয়ার সময়ের কারণে পোপের আন্তর্জাতিক সফরসূচিতে কোনো পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি। আগামী ৬ থেকে ১৭ নভেম্বর তাঁর উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরু সফরের কথা রয়েছে।

‘প্রশান্তি’-

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক বিবৃতিতে বলেন, ‘আজকের অ্যাঞ্জেলাস প্রার্থনায় তিনি যে প্রশান্তির সঙ্গে কথা বলেছেন, তা আমাদের আশ্বস্ত করেছে।’

তিনি পোপের প্রতি ব্যক্তিগত সহমর্মিতা এবং ইতালি সরকারের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন, যাতে পোপ আগামী কয়েক দিনের এই কঠিন সময় মোকাবিলা করতে পারেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে পোপের ‘সফল অস্ত্রোপচার এবং দ্রুত ও পূর্ণ সুস্থতা’ কামনা করেন।

তিনি আরও বলেন, ‘আমাদের চিন্তা ও প্রার্থনা তাঁর সঙ্গে রয়েছে। আমরা আশা করি, তিনি শিগগিরই সুস্থ হয়ে আগের মতো শক্তি ফিরে পাবেন।’

উরুগুয়ের মন্টেভিডিও’র আর্চবিশপ ড্যানিয়েল স্তুরলা পোপের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করতে ধর্মবিশ্বাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পোপের আসন্ন উরুগুয়ে সফরের প্রস্তুতি আরও উৎসাহের সঙ্গে চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

আর্জেন্টিনার বিশপ সম্মেলনও অস্ত্রোপচারের আগে পোপের জন্য বিশেষ প্রার্থনায় অংশ নিতে ক্যাথলিকদের প্রতি আহ্বান জানিয়েছে। এতে অস্ত্রোপচার সফল হওয়া এবং তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়।

শিকাগোতে জন্ম নেওয়া পোপ চতুর্দশ লিও গত বছর পোপ হিসেবে নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তিনিই হলেন প্রথম পোপ। এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল তাঁর পূর্বসূরি আর্জেন্টাইন পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে মারা যান।

২০২৫ সালের ৮ মে বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিকের নেতা নির্বাচিত হন লিও।

সাবেক রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট তাঁর পূর্বসূরির তুলনায় কম আবেগপ্রবণ হলেও ধীরে ধীরে ক্যাথলিক চার্চের নেতৃত্বে নিজস্ব ধরণ প্রতিষ্ঠা করেছেন। রক্তক্ষয়ী সংঘাত থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে তিনি নিজের অবস্থান স্পষ্ট করছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর এ সংঘাতের অন্যতম সোচ্চার সমালোচক হয়ে ওঠেন পোপ।

ইরানকে ধ্বংস করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে তিনি ‘সত্যিই অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানান। একই সঙ্গে মার্কিন আইনপ্রণেতাদের শান্তির পক্ষে কাজ করার দাবি জানাতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি আহ্বান জানান।

এর জবাবে ট্রাম্প পোপকে ‘অপরাধ দমনে দুর্বল এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভয়াবহ’ বলে আখ্যা দেন। জবাবে লিও বলেন, এ বিষয়ে মুখ খোলা তাঁর ‘নৈতিক দায়িত্ব’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় ফেসবুকে অস্ত্র দেখিয়ে ভিডিও প্রকাশ, সুইট গ্রুপের প্রধানসহ দুইজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


বগুড়ায় ফেসবুকে অস্ত্র দেখিয়ে ভিডিও প্রকাশ, সুইট গ্রুপের প্রধানসহ দুইজন গ্রেপ্তার

বগুড়ায় ‘সুইট গ্রুপের’ প্রধান এরিন আহম্মেদ সুইটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফেসবুকে হাতে বার্মিজ চাকু ও পিস্তল নিয়ে ভিডিও প্রকাশ করে আতঙ্ক ছড়ানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ সময় তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নিবন্ধনহীন একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত অপরজন হলেন মো. মিরাজুল (১৯)। সুইট ও মিরাজুলের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলায় অবস্থিত। সুইটের বাড়ি ফুলকোর্ট মধ্যপাড়া গ্রামে এবং মিরাজুলের বাড়ি বিলকেশ পাথার গ্রামে।

সোমবার (১২ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, সুইটের হাতে বার্মিজ চাকু ও পিস্তল নিয়ে প্রদর্শনের ভঙ্গিতে তৈরি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এক সহযোগী ভিডিওটি ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশ ও জ্যেষ্ঠ সাংবাদিকদের নজরে আসে। পরে পুলিশ সুপারের নির্দেশে তাদের গ্রেপ্তার অভিযান চালায় ডিবি পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা জানান, রোববার বিকেলে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। চাকুটির দৈর্ঘ্য ৬ দশমিক ৭ ইঞ্চি এবং ভাঁজ করা অবস্থায় দৈর্ঘ্য ৪ দশমিক ১ ইঞ্চি। এ ছাড়া তাদের ব্যবহৃত ১৫০ সিসির নিবন্ধনহীন একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার প্রধান হিসেবে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


সরকার প্রধান হিসেবে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, একজন নাগরিকের প্রাপ্য অধিকার নিশ্চিত করা সরকারের প্রধান হিসেবে তাঁর দায়িত্ব।

তিনি উল্লেখ করেন, ‘ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছি।’

আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

শারদীয় দুর্গাপূর্জা উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা-১৭ আসনের ৮টি মন্দিরের প্রতিনিধিগণ দেখা করে তাঁকে পূজার আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

মতবিনিময়কালে বিএনপি ক্ষমতায় আসার পর হিন্দুদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন নেতৃবৃন্দ। পূজার ছুটি ও অনুদান বাড়ানোর জন্য তাঁরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা নিজেরাই বলেছেন এই অল্প সময়ের মধ্যে যতটুকু কাজ হয়েছে, আমরা তা করেছি। আরও কিছু বিষয়ে আমরা চেষ্টা করছি। এ থেকেই প্রমাণ হয়, আমাদের সদিচ্ছা রয়েছে।’

দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তাঁর বাবা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। সেই যুদ্ধে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষ অংশ নিয়েছিলেন।

১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানেও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জাতির ক্রান্তিলগ্নে যখন আমরা ধর্মকে বিবেচনায় আনিনি, তখন অন্য কাজে কেন ধর্মকে বিবেচনা করব? দেশটা সবাই মিলে স্বাধীন করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনেও সবাই অংশ নিয়েছি।’

ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে আন্দোলন-সংগ্রামে বিভিন্ন ধর্মের নেতা-কর্মীদের নির্যাতনের শিকার হওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, তাঁর মুসলমান কর্মীরা যেমন নির্যাতনের শিকার হয়েছেন, তেমনি হিন্দু কর্মীরাও একইভাবে নির্যাতিত হয়েছেন। সেখানে ধর্মের কোনো পার্থক্য ছিল না।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, আল্লাহতালা আমাকে একটি সুযোগ দিয়েছেন। আমি আমার অবস্থান থেকে চেষ্টা করব, ধর্মের পরিপ্রেক্ষিতে নয়, বরং মানুষ হিসেবে প্রত্যেককে আমার ক্ষমতার মধ্যে যতটুকু নিরাপত্তা দেওয়া সম্ভব, তা নিশ্চিত করতে।’

নাগরিক অধিকার নিশ্চিত করার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘একজন দেশের নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে আপনার যে অধিকার, আপনার যা প্রাপ্য, সরকারপ্রধান হিসেবে আমার যে কর্তব্য, আমি সেটাই পালন করার চেষ্টা করছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রত্যেক নাগরিকের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করার ক্ষেত্রে নিজের দায়িত্ব ও দায়বদ্ধতা থেকে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জাতীয় সংসদ নির্বাচনের পর তাঁরা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন বলে জানান।

তারা বলেন, তাঁদের কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। বিএনপিকে ভোট দিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন যে ভুল করেনি, তা এই সরকার ক্ষমতা গ্রহণের পরপর বারবার প্রমাণ হচ্ছে। সরকারের প্রতি তাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তাঁরা উল্লেখ করেন।

এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, গুলশান-বনানী সর্বজনীন পূর্জা ফাউন্ডেশনের সভাপতি অলক সাহা, বারিধারা ডিওএইচ পূজা কমিটির সভাপতি জীবন কানাই দাস, ব্রিটিশ চন্দ্র কর্মকার, নারায়ণ চন্দ্র সাহা, প্রদীপ চন্দ্র দাস, শিখা রানী দাস, শ্যামল কুমার দাস, রাজিব কুমার আচার্য উপস্থিত ছিলেন।

এছাড়া মতবিনিময়কালে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান সানি ও বনানী সোসাইটির কোষাধ্যক্ষ সফিকুজ্জামান রতনও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা: কারা পাবেন সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা: কারা পাবেন সুবিধা

যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্য সহায়তা কর্মসূচি এসএনএপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কর্মসূচির আওতায় যোগ্য পরিবারগুলো ইলেকট্রনিক সুবিধা কার্ডের মাধ্যমে অর্থ পায়, যা অনুমোদিত খাদ্য কেনার কাজে ব্যবহার করা হয়। মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী ৪৮টি অঙ্গরাজ্য, ওয়াশিংটন ডিসি, গুয়াম ও ভার্জিন দ্বীপপুঞ্জে সাধারণ আয়সীমা অনুযায়ী একজনের পরিবারের মাসিক মোট আয় ১ হাজার ৭২৯ ডলার এবং চার সদস্যের পরিবারের ৩ হাজার ৫৭৫ ডলার পর্যন্ত হতে পারে। নিট আয়ের সীমা যথাক্রমে ১ হাজার ৩৩০ ও ২ হাজার ৭৫০ ডলার। আলাস্কা ও হাওয়াইয়ের জন্য আয়ের সীমা আলাদা। তবে এই সীমার মধ্যে থাকলেই স্বয়ংক্রিয়ভাবে সুবিধা পাওয়া যায় না; অন্যান্য যোগ্যতার শর্তও পূরণ করতে হয়।

পরিবারের সদস্যসংখ্যা অনুযায়ী আয়ের সীমা নিম্নরূপ:

১. একজন: মোট আয় ১,৭২৯ ডলার; নিট আয় ১,৩৩০ ডলার।

২. দুজন: মোট আয় ২,৩৪৫ ডলার; নিট আয় ১,৮০৪ ডলার।

৩. তিনজন: মোট আয় ২,৯৬০ ডলার; নিট আয় ২,২৭৭ ডলার।

৪. চারজন: মোট আয় ৩,৫৭৫ ডলার; নিট আয় ২,৭৫০ ডলার।

৫. পাঁচজন: মোট আয় ৪,১৯১ ডলার; নিট আয় ৩,২২৪ ডলার।

এখানে মোট আয় বলতে অনুমোদিত কর্তন বাদ দেওয়ার আগের আয় বোঝায়। নিট আয় হিসাব করার সময় কর্মসংস্থান, নির্ভরশীল ব্যক্তির যত্ন, চিকিৎসা ও বাসস্থানের কিছু অনুমোদিত ব্যয় বিবেচনা করা হতে পারে। কোন কর্তন প্রযোজ্য হবে, তা পরিবারের পরিস্থিতি ও অঙ্গরাজ্যের নিয়মের ওপর নির্ভর করে।

২০২৫ সালে পাস হওয়া ফেডারেল আইনের ফলে নির্দিষ্ট কিছু প্রাপ্তবয়স্ক এসএনএপি গ্রাহকের কাজসংক্রান্ত শর্ত সম্প্রসারিত হয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে মাসে অন্তত ৮০ ঘণ্টা কাজ, স্বেচ্ছাসেবা বা অনুমোদিত প্রশিক্ষণে অংশ নেওয়ার প্রমাণ দিতে হতে পারে। শর্ত পূরণ না করলে নির্দিষ্ট তিন বছরের সময়কালে সাধারণত তিন মাসের বেশি সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে।

এসএনএপি সুবিধার ক্ষেত্রে অভিবাসন-অবস্থা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেই প্রত্যেক বিদেশি নাগরিক এই সুবিধা পাওয়ার যোগ্য হন না। নাগরিকত্ব, নির্দিষ্ট অভিবাসন-শ্রেণি, বসবাসের সময় এবং অন্যান্য শর্ত বিবেচনা করা হয়। পরিবারের কোনো সদস্য অযোগ্য হলেও পরিবারের অন্য যোগ্য সদস্যদের আবেদন বিবেচনা করা যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%