প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : পোপ চতুর্দশ লিও আগামী কয়েক দিনের মধ্যে ফুসফুসে ধরা পড়া একটি টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচার করাবেন। তিনি জানান, রোগটি একেবারে প্রাথমিক পর্যায়ে শনাক্ত হয়েছে।
রোববার সেন্ট পিটার্স স্কয়ারে অনুষ্ঠিত সাপ্তাহিক ভাষণে ৭১ বছর বয়সী পোপ বলেন, ‘সম্প্রতি চিকিৎসা পরীক্ষার সময় আমার ফুসফুসে একটি নডিউল ধরা পড়েছে। এটি একেবারে প্রাথমিক পর্যায়ে এবং ফুসফুসের একটি নির্দিষ্ট স্থানে শনাক্ত হয়েছে।’
এ খবর ভ্যাটিকান সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
তিনি আরও বলেন, ‘চিকিৎসকদের মতে, অস্ত্রোপচার করানোই যথাযথ হবে। তাদের পরামর্শ মেনে আমি এটি অপসারণের সিদ্ধান্ত নিয়েছি। আগামী কয়েক দিনের মধ্যেই অস্ত্রোপচারের সময় নির্ধারণ করা হয়েছে।’
পোপের সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনার পর ভ্যাটিকানের প্রেস অফিস জানায়, আগামী কয়েক দিনের মধ্যে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
অস্ত্রোপচারের পর সুস্থ হতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে। রোমের জেমেলি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। পোপ দ্বিতীয় জন পলের সময় থেকে হাসপাতালটি পোপদের চিকিৎসাসেবার জন্য পরিচিত।
অস্ত্রোপচার ও সুস্থ হওয়ার সময়ের কারণে পোপের আন্তর্জাতিক সফরসূচিতে কোনো পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি। আগামী ৬ থেকে ১৭ নভেম্বর তাঁর উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরু সফরের কথা রয়েছে।
‘প্রশান্তি’-
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক বিবৃতিতে বলেন, ‘আজকের অ্যাঞ্জেলাস প্রার্থনায় তিনি যে প্রশান্তির সঙ্গে কথা বলেছেন, তা আমাদের আশ্বস্ত করেছে।’
তিনি পোপের প্রতি ব্যক্তিগত সহমর্মিতা এবং ইতালি সরকারের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন, যাতে পোপ আগামী কয়েক দিনের এই কঠিন সময় মোকাবিলা করতে পারেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে পোপের ‘সফল অস্ত্রোপচার এবং দ্রুত ও পূর্ণ সুস্থতা’ কামনা করেন।
তিনি আরও বলেন, ‘আমাদের চিন্তা ও প্রার্থনা তাঁর সঙ্গে রয়েছে। আমরা আশা করি, তিনি শিগগিরই সুস্থ হয়ে আগের মতো শক্তি ফিরে পাবেন।’
উরুগুয়ের মন্টেভিডিও’র আর্চবিশপ ড্যানিয়েল স্তুরলা পোপের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করতে ধর্মবিশ্বাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পোপের আসন্ন উরুগুয়ে সফরের প্রস্তুতি আরও উৎসাহের সঙ্গে চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
আর্জেন্টিনার বিশপ সম্মেলনও অস্ত্রোপচারের আগে পোপের জন্য বিশেষ প্রার্থনায় অংশ নিতে ক্যাথলিকদের প্রতি আহ্বান জানিয়েছে। এতে অস্ত্রোপচার সফল হওয়া এবং তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়।
শিকাগোতে জন্ম নেওয়া পোপ চতুর্দশ লিও গত বছর পোপ হিসেবে নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তিনিই হলেন প্রথম পোপ। এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল তাঁর পূর্বসূরি আর্জেন্টাইন পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে মারা যান।
২০২৫ সালের ৮ মে বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিকের নেতা নির্বাচিত হন লিও।
সাবেক রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট তাঁর পূর্বসূরির তুলনায় কম আবেগপ্রবণ হলেও ধীরে ধীরে ক্যাথলিক চার্চের নেতৃত্বে নিজস্ব ধরণ প্রতিষ্ঠা করেছেন। রক্তক্ষয়ী সংঘাত থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে তিনি নিজের অবস্থান স্পষ্ট করছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর এ সংঘাতের অন্যতম সোচ্চার সমালোচক হয়ে ওঠেন পোপ।
ইরানকে ধ্বংস করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে তিনি ‘সত্যিই অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানান। একই সঙ্গে মার্কিন আইনপ্রণেতাদের শান্তির পক্ষে কাজ করার দাবি জানাতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি আহ্বান জানান।
এর জবাবে ট্রাম্প পোপকে ‘অপরাধ দমনে দুর্বল এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভয়াবহ’ বলে আখ্যা দেন। জবাবে লিও বলেন, এ বিষয়ে মুখ খোলা তাঁর ‘নৈতিক দায়িত্ব’।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন