১২:১১ পি.এম
ইতিহাসে কোনো দেশ বা অঞ্চলের শাসকের ক্ষমতাচ্যুতির পর নির্বাসনে যাওয়ার উদাহরণ অনেক রয়েছে।
চার হাজার বছরের পুরনো ব্যবিলনিয়ান রাজতন্ত্র থেকে শুরু করে গ্রেকো-রোমান সাম্রাজ্যবাদ এবং আধুনিক রাষ্ট্র পদ্ধতি প্রতিষ্ঠার সময় পর্যন্ত ক্ষমতার উত্থান-পতনের সঙ্গে এ ধরনের বহু ঘটনা জড়িত রয়েছে।
এই শাসকদের মধ্যে অনেকেই নির্বাসনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন, কেউ দেশে ফিরে বিচারের সম্মুখীন হয়েছেন, আবার কেউ দেশে ফিরে রাষ্ট্র শাসন করেছেন।
আরও পড়ুন: গাজার ৭০ হাজার তাঁবু ভেসে গেল টানা ১২ ঘণ্টার বৃষ্টিতে, চরম দুর্ভোগে ফিলিস্তিনিরা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, কয়েকটি দেশের নেতাদের নির্বাসনে যাওয়ার এবং নির্বাসন-পরবর্তী দেশে ফেরার নাটকীয় ঘটনাগুলি তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।
ইস্কান্দর মির্জা, পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট
১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ইস্কান্দর আলি মির্জা, যে বছর পাকিস্তানের প্রথম সংবিধান জারি হয়।
এর আগে ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত ভাগ হলেও পাকিস্তানের নিজস্ব সংবিধান ছিল না এবং পাকিস্তান ব্রিটিশ সংবিধানের অধীনে অস্থায়ী সাংবিধানিক কাঠামোতে পরিচালিত হতো।
আরও পড়ুন: বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠিন চাপের মুখে
ইস্কান্দর মির্জা ১৯৫৬ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দুই বছরের কিছু বেশি সময় ওই পদে ছিলেন। এই সময়ের মধ্যে তার বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম এবং অসাংবিধানিক কার্যক্রমের অভিযোগ ওঠে।
১৯৫৮ সালের অক্টোবরে, তৎকালীন সেনা কর্মকর্তা জেনারেল আইয়ুব খানের মাধ্যমে দেশে মার্শাল ল বা সেনাশাসন জারি করেন ইস্কান্দর মির্জা।
আইয়ুব খানের নেতৃত্বে তিন সপ্তাহের মধ্যে ইস্কান্দর মির্জা ক্ষমতাচ্যুত হন এবং যুক্তরাজ্যের লন্ডনে চলে যান।
নির্বাসনে থাকা অবস্থায় ইস্কান্দর মির্জার বিভিন্ন লেখা ও চিঠির সংকলন ‘অনার-বাউন্ড টু পাকিস্তান ইন ডিউটি, ডেসটিনি অ্যান্ড ডেথ’ বইয়ে উল্লেখ করা হয়েছে যে, ১৯৫৮ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ইস্কান্দর মির্জার কন্যারা একাধিকবার পাকিস্তান সরকারের কাছে আবেদন করেন তাদের বাবাকে দেশে ফেরার অনুমতি দিতে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক
কিন্তু সেই অনুমতি কখনোই তার পরিবার পায়নি।
ইস্কান্দর মির্জার নাতনির জামাই সৈয়দ খাওয়ার মেহেদির সংকলিত বইয়ে উল্লেখ রয়েছে যে, ১৯৬৯ সালে ৭০ বছর বয়সে ইস্কান্দর মির্জা মৃত্যুবরণ করেন এবং তার পরিবার পাকিস্তানে সমাধিস্থ করার অনুমতি চেয়ে আবেদন করে।
তৎকালীন পাকিস্তান সরকার সেই অনুরোধও প্রত্যাখ্যান করে।
পরে ইরানের শীর্ষ নেতা আহমদ শাহ পাহলভি তার ব্যক্তিগত বিমান পাঠিয়ে লন্ডন থেকে ইস্কান্দর মির্জার লাশ ইরানে নিয়ে যান এবং সেখানে রাষ্ট্রীয় সম্মাননায় তাকে সমাহিত করেন।
আরও পড়ুন: এবার ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের
ইস্কান্দর মির্জার জানাজায় অংশ নিতে তার পরিবারের সদস্যদের ইরানে যাওয়ার জন্যও অনুমতি দেয়নি তৎকালীন পাকিস্তান সরকার।
‘কাম্পালার কসাই’ ইদি আমিন
‘দ্য বুচার অব কাম্পালা’ বা কাম্পালার কসাই হিসেবে পরিচিত ইদি আমিন উগান্ডা শাসন করেছেন ১৯৭১ থেকে ১৯৭৯ পর্যন্ত আট বছর, যা আধুনিক আফ্রিকার ইতিহাসের অন্যতম নৃশংস অধ্যায় হিসেবে বিবেচিত হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অনুমান, ইদি আমিনের শাসনামলে উগান্ডায় সরকারের বিরোধী, সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ প্রায় পাঁচ লাখ মানুষকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: সৌদী আরব ফেব্রুয়ারির পর আবারও সর্বোচ্চ তেল উৎপাদনে ফিরলো
১৯৭৮ সালে তানজানিয়া আক্রমণ করার পর, পরের বছর তানজানিয়ার সেনাবাহিনী ও উগান্ডার সরকার বিরোধীদের যৌথ আক্রমণে ইদি আমিনের সরকারের পতন ঘটে এবং তিনি পার্শ্ববর্তী লিবিয়ায় পালিয়ে যান।
পরে তিনি সৌদি আরবে আশ্রয় নেন।
সৌদি আরবে নির্বাসনে থাকার সময় তিনি বিবিসি ও গার্ডিয়ানের মতো ব্রিটিশ সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন এবং দাবি করেন যে, তার শাসনকালে তার বিরুদ্ধে আনা সহিংসতার সাথে তার কোনো সংযোগ নেই।
২০০৩ সালে, ৭৫ বছর বয়সে, ইদি আমিন উগান্ডার সরকারের কাছে আবেদন জানান যেন তাকে উগান্ডায় ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়।
আরও পড়ুন: আমি ধার্মিক, নরকে যেতে চাই না: ট্রাম্প
উগান্ডার বিরোধী দল উগান্ডা পিপলস কংগ্রেসও তাকে ফেরানোর জন্য সরকারের কাছে অনুরোধ করে, যা সেসময়কার আন্তর্জাতিক পত্রপত্রিকায় প্রকাশিত হয়।
তবে উগান্ডার তৎকালীন প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির সরকার সেসব অনুরোধ গ্রহণ করেনি।
ফার্দিনান্দ মার্কোস, ফিলিপিন্সের দীর্ঘতম শাসক
ফিলিপিন্সের বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ ‘বংবং’ মার্কোসের বাবা ফার্দিনান্দ মার্কোস সিনিয়র ১৯৬৫ থেকে ১৯৮৬ পর্যন্ত প্রায় ২০ বছর ফিলিপিন্সের ক্ষমতায় ছিলেন।
মার্কোস ১৯৬৫ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন, তবে ১৯৭২ সালে তিনি সর্বময় ক্ষমতা দখল করেন।
সে বছর তার দ্বিতীয় মেয়াদের শেষের দিকে দেশে সেনাশাসন জারি করেন।
সেনাশাসন জারি করে মার্কোস সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় বিরোধী দলের নেতাকর্মী, মানবাধিকার কর্মীদের হত্যা করেন এবং বিচার বিভাগকে প্রভাবিত করে আদালতকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
একপর্যায়ে ১৯৮৩ সালে বিরোধী দলীয় শীর্ষ নেতা বেনিগনো অ্যাকুইনোকে হত্যার পর ফিলিপিন্স জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
সেই বিক্ষোভ ১৯৮৬ সালে বড় আকারের বিক্ষোভে রূপ নেয় এবং এক পর্যায়ে ফার্দিনান্দ মার্কোসকে তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে পালিয়ে যেতে বাধ্য করে।
সেই সময়ের ধারণা অনুযায়ী, ফার্দিনান্দ মার্কোস দুর্নীতির মাধ্যমে ১০ বিলিয়ন ডলারের বেশি অর্থ রাষ্ট্রীয় কোষাগার থেকে তছরুপ করেছিলেন।
১৯৮৯ সালে মারা যাওয়ার পর, তার পরিবার ফার্দিনান্দ মার্কোসের লাশ ফিলিপিন্সে ফেরানোর আবেদন করে।
কিন্তু সেই সময়কার প্রেসিডেন্ট কোরাজন অ্যাকুইনো মার্কোসের লাশ ফিরিয়ে আনার ওপর নিষেধাজ্ঞা জারি করেন।
১৯৯৩ সালে প্রেসিডেন্ট ফিদেল রামোস ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন এবং ফার্দিনান্দ মার্কোসের লাশ তার জন্মস্থান ইলোকোস নর্তেতে সমাধিস্থ করার অনুমতি দেন।
পরে ২০১৬ সালে প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের শাসনামলে মার্কোসের দেহাবশেষ রাজধানী ম্যানিলায় নিয়ে আসা হয় এবং ফিলিপিন্সের বীরদের সমাধিস্থল হিসেবে পরিচিত ‘লিবিনগান নাং মাঙ্গাহ বাইয়ানি’ সমাধিক্ষেত্রে রাখা হয়।
থাকসিন সিনাওয়াত্রা, পুলিশ অফিসার থেকে প্রধানমন্ত্রী
থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন যিনি প্রধানমন্ত্রী হিসেবে পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছিলেন।
২০০৫ সালে তিনি দ্বিতীয় দফায়ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার পর সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের মালিকানাধীন টেলিকম শিন কর্পোরেশনে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করার পর থাইল্যান্ডের মানুষের মধ্যে থাকসিন সিনাওয়াত্রার গ্রহণযোগ্যতা কমতে শুরু করে।
থাইল্যান্ডের মানুষ অভিযোগ তোলে যে তিনি কর ফাঁকি দিয়ে এই বিনিয়োগ করেছেন এবং তার বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ।
এরপর ২০০৬ সালের এপ্রিলে একদফা নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়ার ঘোষণা দিয়েও ক্ষমতা না ছাড়লে শেষ পর্যন্ত সে বছরের সেপ্টেম্বরে সেনা অভ্যুত্থানের পর যুক্তরাজ্যে চলে যান তিনি।
পরের বছর, ২০০৭ সালে, তার রাজনৈতিক জোট নির্বাচন জিতলে তিনি একদফা ফেরেন থাইল্যান্ডে।
কিন্তু তার পরিবারের সদস্যদের সাথে তাকেও দুর্নীতির অভিযোগে আদালত দোষী সাব্যস্ত করলে পরিবার নিয়ে দুবাই চলে যান তিনি।
থাইল্যান্ডের বাইরে থাকলেও সেখানকার রাজনীতিতে পুরো সময়েই প্রভাব খাটিয়েছেন থাকসিন সিনাওয়াত্রা।
২০১১ সালে তার বোন ইংলুক সিনাওয়াত্রা এবং ২০২৪ সালে তার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হন।
দুবাইয়ে দীর্ঘ সময় থাকার পর ২০২৩ সালে থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডে ফিরে আসেন এবং আদালতের দেয়া আট বছরের সাজা ভোগ করতে কারাগারে যান।
তার কারাদণ্ডের মেয়াদ পরে কমিয়ে একবছর করা হয়।
বর্তমানে থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডে স্বাভাবিক জীবনযাপন করছেন।
এই সময়ের মধ্যে অন্তত তিনবার থাকসিন সিনাওয়াত্রার পাসপোর্ট বাতিল করে থাইল্যান্ড সরকার।
২০১১ সালে তার বোন প্রধানমন্ত্রী হওয়ার পর একবার তিনি পাসপোর্ট ফিরে পেলেও ২০১৫ সালে সরকার আবারো তার পাসপোর্ট বাতিল করে।
নওয়াজ শরীফ, তিনবারের প্রধানমন্ত্রীর দুই দফার নির্বাসন
মিয়া মুহাম্মদ নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় মেয়াদে ১৯৯৯ সালে সেনাপ্রধান পারভেজ মুশাররফের নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত হন।
ক্ষমতাচ্যূত হওয়ার পর সন্ত্রাসবাদের অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড হয়।
পরের বছর সৌদি রাজপরিবার এবং মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মধ্যস্থতায় ২০০০ সালে তিনি মুক্ত হন এবং শর্তসাপেক্ষে সৌদি আরবে নির্বাসিত হতে সম্মত হন।
২০০৭ সালে সৌদি আরব থেকে তিনি পাকিস্তানে ফেরেন এবং ২০১৩ সালে আবার প্রধানমন্ত্রী হন।
২০১৬ সালে ‘পানামা পেপার্স’ এ শরিফের সন্তানদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশিত হওয়ার পর পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ে তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়।
আদালতের রায়ে তার সাত বছরের কারাদণ্ড হয়।
কারাগারে থাকাকালীন ২০১৯ সালে আদালত নওয়াজ শরিফকে চিকিৎসার স্বার্থে চার সপ্তাহের জন্য যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি দেয়।
নওয়াজ শরিফ যুক্তরাজ্যে গিয়ে সেখান থেকে পরের চার বছর ফেরেননি।
২০২১ সালে ইমরান খানের নেতৃত্বাধীন সরকার তার পাসপোর্ট বাতিল করে দেয়।
পরে ২০২২ সালে ইমরান খান দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যূত হওয়ার পর নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরিফ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হন এবং নওয়াজ শরীফ নতুন করে ইস্যু করা পাসপোর্টে পাকিস্তানে ফিরে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে আদালতে আপিল করেন।
এই নেতাদের পাশাপাশি গত কয়েক বছরে অনেক দেশের শাসকের ক্ষেত্রেও ক্ষমতাচ্যূত হয়ে নির্বাসনে যাওয়া এবং দেশে ফেরাকে ঘিরে নানা নাটকীয় ঘটনা ঘটেছে বিশ্ব রাজনীতিতে।
এদের মধ্যে কিছু নেতা রয়েছেন যারা ক্ষমতাচ্যূত হয়ে দেশে ফিরতে চাইলেও এখনো ফিরতে পারছেন না, যেমন আফগানিস্তানের আশরাফ গণি।
অন্যদিকে, শ্রীলঙ্কার গোটাবায়া রাজাপাকশের মতো এমন নেতাও রয়েছেন যার ক্ষমতা হারানোর পর নির্বাসনের মেয়াদ ছিল দুই মাসেরও কম।
সূত্র: বিবিসি বাংলা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন