ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রোনালদোকে ছাড়াই পর্তুগালের দাপুটে ৪-২ জয় ডেনমার্কের বিরুদ্ধে


রোনালদোকে ছাড়াই পর্তুগালের দাপুটে ৪-২ জয় ডেনমার্কের বিরুদ্ধে

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই জয় পেতে সক্ষম হয়েছে পর্তুগাল। আজ কোপেনহেগেনে অনুষ্ঠিত নেশনস লিগের ম্যাচে ডেনমার্ককে ৪-২ গোলে পরাজিত করেছে পর্তুগাল।

রোমাঞ্চকর এই ম্যাচে পর্তুগালের হয়ে গোল করেছেন জোয়াও কানসেলো, গনসালো রামোস, ভিটিনিয়া ও জোয়াও ফেলিক্স। অন্যদিকে, ডেনমার্কের হয়ে দুটি গোল করেছেন মিকেল ডামসগার্ড ও রাসমুস হইলুন্দ।

এই জয়ের ফলে নেশনস লিগে পর্তুগাল টানা তিন ম্যাচ জিতল। এর আগে তারা ওয়েলস ও নরওয়েকে পরাজিত করেছিল। ২০২৬-২৭ নেশনস লিগের লিগ পর্বে পর্তুগাল ‘এ৪’ গ্রুপে অংশগ্রহণ করছে।

আরও পড়ুন: জেমস অ্যান্ডারসন ইতালির টি-টেন দলের সহ-মালিক হলেন

কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে।

১৩ মিনিটে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন জোয়াও কানসেলো। তবে স্বাগতিক ডেনমার্ক বেশিক্ষণ পিছিয়ে থাকতে পারেনি। ২৩ মিনিটে মিকেল ডামসগার্ডের গোলে তারা সমতায় ফেরে। এক মিনিট পর গনসালো রামোস আবার পর্তুগালকে এগিয়ে নেন।

বিরতির পর স্বাগতিকরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। রাসমুস হইলুন্দ দারুণ এক চিপ শটে গোলরক্ষক দিয়েগো কোস্তার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে স্কোরলাইন ২-২ করেন।

বিরতির পর ম্যাচে ফের ডেনমার্ক। ৫৫ মিনিটের দিকে রাসমুস হইলুন্দের গোলে তারা আবারও সমতায় আসে। ৭০ মিনিটের পর ভিটিনিয়ার গোলে সফরকারীরা আবার এগিয়ে যায়।

আরও পড়ুন: মুশফিক ইনজুরিতে, সিলেট টেস্টে খেলবেন তো?

শেষের দিকে ডেনমার্ক সমতা ফেরানোর চেষ্টা করলেও উল্টো পর্তুগাল আবারও জালে বল পাঠায়। ৮৮ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আজ থেকেই কার্যকর: স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৬ এম


মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন।

স্পিকার জানিয়েছেন, সংবিধানের বিধান অনুযায়ী, পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তার পদত্যাগ কার্যকর হয়েছে। আইন অনুযায়ী, এই আসনে উপনির্বাচন আগামী ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের টানেলে জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন স্পিকার হাফিজ।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি আমার অফিসে এসে লিখিতভাবে চিঠি দিয়ে গেছেন। সংবিধানের বিধান অনুযায়ী পত্রটি পাওয়ার পরই তার পদ শূন্য হয়ে গেছে। আমরা এটি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেব। আজ থেকেই এই পদত্যাগ কার্যকর হবে।”

পদত্যাগের কারণ উল্লেখ করা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, “সংসদের বিধান হলো, এমপির যখন পদত্যাগ করেন তখন কোনো কারণ উল্লেখ করেন না।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রযুক্তি ও সেবা দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৯ এম


প্রযুক্তি ও সেবা দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা, ১ অক্টোবর, ২০২৬ : দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেছেন নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

তিনি উল্লেখ করেছেন, সাধারণ মানুষের জন্য প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা হবে মূল লক্ষ্য। বিশেষ করে দরিদ্র মানুষের জন্য প্রযুক্তি এবং আর্থিক সেবা সহজলভ্য করার প্রয়োজনীয়তা রয়েছে।

আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্ম ‘জিপে’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘জিপেতেই সমাধান’ প্রতিপাদ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এই প্ল্যাটফর্মটি। এর লক্ষ্য হলো আর্থিক লেনদেনকে আরো সহজ, নিরাপদ এবং সবার জন্য সহজলভ্য করা।

সাবেক অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেন, ‘জিপে’র উদ্দেশ্য হলো মানুষকে অর্থ বহনের ঝুঁকি ও ভয় থেকে মুক্তি দেওয়া। এখন আর হাতে টাকা বহন করার প্রয়োজন হবে না। নোট ও কাগজপত্র নিয়ে মানুষের যে দুশ্চিন্তা থাকে, তা অনেকটাই কমানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষের কাছে যে সার্ভিস নিয়ে যেতে পারব, সেখানেই সাফল্য। বড়লোকের বহু আয়োজন থাকে, কিন্তু গরিবের নেই। গরিবের জন্য যেন প্রযুক্তি থাকে, সার্ভিস থাকে, সেই লক্ষ্যে কাজ করতে হবে। দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে।’

গ্রামীণ ব্যাংকের শুরুর দিনের কথা স্মরণ করে অধ্যাপক ইউনূস বলেন, তখন দেশে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সীমিত ছিল। ঢাকার সঙ্গে যোগাযোগ কিংবা এক শাখার সঙ্গে অন্য শাখার যোগাযোগেও নানা সমস্যা হতো। সেই পরিস্থিতি থেকে এখন গ্রামীণ ব্যাংকের সদস্যরা মোবাইলের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারছেন। এর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।

গ্রামীণফোনের শুরুর সময়ের কথাও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, গ্রামীণফোনের লক্ষ্য ছিল গ্রামের দরিদ্র মানুষের কাছে, বিশেষ করে নারীদের হাতে মোবাইল পৌঁছে দেওয়া। সেসময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, গ্রামের নারীরা ফোন ব্যবহার করে কী করবেন। কিন্তু পরে দেখা গেছে, এই ফোন ব্যবহার করে তারা দেশের বিভিন্ন প্রান্তে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি অন্যদের সঙ্গে যোগাযোগ করিয়ে আয়ও করতে পেরেছেন।

প্রফেসর ইউনূস বলেন, তখন সারাবিশ্বে বড় শহর ও বড় ব্যবসাকেন্দ্রিক সেলুলার ফোনের ধারণা প্রচলিত ছিল। কিন্তু গ্রামীণফোনের মাধ্যমে প্রমাণ হয়েছে, গ্রামের দরিদ্র মানুষকে কেন্দ্র করেও ব্যবসা গড়ে তোলা সম্ভব। এর ফলে গ্রামীণফোনকে ঘিরে বহু কোম্পানি শহরের বাইরে তাদের ব্যবসা সম্প্রসারণ করেছে এবং গ্রামের মানুষের অংশগ্রহণে নতুন ব্যবসার সুযোগ তৈরি হয়েছে।

‘জিপে’কে একটি সামাজিক ব্যবসা হিসেবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, সামাজিক ব্যবসার মূল লক্ষ্য হলো মানুষের সমস্যার সমাধান করা। ‘জিপে’ যে মুনাফা করবে, তা কোনো ব্যক্তি নেবেন না; বরং সেই অর্থ দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরো সম্প্রসারণ করা হবে। অর্থাৎ সামাজিক ব্যবসার মধ্যেই এর সম্প্রসারণ ঘটবে।

অনুষ্ঠানে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সমাধান সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান স্বাগত বক্তব্য রাখেন। পরে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা দলের উপস্থিতিতে ‘জিপে’র আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

‘জিপে’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমদ আরমান সিদ্দিকী প্ল্যাটফর্মটির বিভিন্ন সুবিধা ও ফিচার তুলে ধরে বলেন, সবার জন্য লেনদেনের জটিলতা কমিয়ে তা সহজবোধ্য করাই তাদের লক্ষ্য। আর্থিক যেকোনো জটিলতায় ‘জিপেতেই সমাধান’ পৌঁছে দেওয়াই তাদের মূল প্রতিশ্রুতি।

অনুষ্ঠানে প্রফেসর ইউনূস গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টির বিশেষত্ব হলো- এর একটি সুস্পষ্ট লক্ষ্য রয়েছে। ‘তিন শূন্য’র পৃথিবী গড়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টি কাজ করছে।

অনুষ্ঠানের শেষে প্রফেসর মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতাদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘টাকা পে’ কার্ড তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলামোটরে কথা-কাটাকাটির পর মাথায় আঘাত, মোটরসাইকেলে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩২ এম


বাংলামোটরে কথা-কাটাকাটির পর মাথায় আঘাত, মোটরসাইকেলে আগুন

রাজধানীর বাংলামোটর এলাকায় কথা-কাটাকাটির একপর্যায়ে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত হিসেবে হাতিরঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমন চিহ্নিত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা তার মোটরসাইকেলটি আটক করে ভাঙচুরের পর সেটিতে আগুন ধরিয়ে দেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে এই ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় স্থানীয়রা সাইমনের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বলে জানা যায়।

আহতের নাম সোহাগ (৪৫)। তিনি ৬২/এ নিউ ইস্কাটনে বসবাস করেন এবং তার বাবার নাম মৃত শামসুদ্দিন।

হাতিরঝিল থানা সূত্রে জানা গেছে, সোহাগের সঙ্গে ফেরদৌস আহাম্মেদ সাইমনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সাইমন সোহাগের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হন। পরে সাইমন দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তার মোটরসাইকেলটি আটক করে ভাঙচুর করেন এবং পরে সেটিতে আগুন ধরিয়ে দেন।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

সোহাগ অভিযোগ করেন যে, সাইমন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মারামারি ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তিনি দাবি করেন যে, এসব কর্মকাণ্ডের কারণে সাইমনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক নির্মূলের নামে সালিশে কান ধরে উঠবস, টাকা আদায়ের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৩ এম


মাদক নির্মূলের নামে সালিশে কান ধরে উঠবস, টাকা আদায়ের অভিযোগ

কিশোরগঞ্জের নিকলীতে মাদকবিরোধী কার্যক্রমের আওতায় ‘রোদারপুড্ডা আলোকিত প্রজন্ম’ নামক সংগঠনের বিরুদ্ধে সালিশ বসিয়ে স্থানীয়দের হেনস্তা করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মাদক সেবনের অভিযোগে বিভিন্ন ব্যক্তিকে আটক করে সংগঠনের উদ্যোগে আয়োজিত সালিশে কান ধরে উঠবস ও ঘোরানোসহ নানা ভাবে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে। এসব ঘটনার মধ্যে তাদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগও রয়েছে।

এটি জানা যায় যে, মাদক নির্মূলের উদ্দেশ্যে ‘রোদারপুড্ডা আলোকিত প্রজন্ম’ নামের একটি সংগঠন গঠন করা হয়েছে। সংগঠনের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে দিন-রাত এলাকায় টহল দেন। যদি কারো বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ওঠে, তবে তাকে আটক করে এশার নামাজের পর সংগঠনের উদ্যোগে বসানো সালিশে হাজির করা হয়। সেখানে সংগঠনের পক্ষ থেকে তৈরি করা নিয়ম অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালিত হয় বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, সালিশে মাদক সেবনের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের কান ধরে ঘোরানো, কান ধরে উঠবস করানো, জুতাপেটাসহ বিভিন্নভাবে অপমান ও লাঞ্ছিত করা হয়। কেউ যদি সালিশে হাজির না হন, তাহলে তাকে সামাজিকভাবে হেয় করা হয় বলেও অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী রোদারপুড্ডা মাইজহাটির সিদ্দিক মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া অভিযোগ করেন, তার বিরুদ্ধে মাদক বিক্রির মিথ্যা অভিযোগ তুলে সালিশের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্ধারিত সময়ের এক দিন পর সালিশে উপস্থিত হওয়ায় তাকে কান ধরে ঘোরানো, জুতাপেটা এবং কান ধরে উঠবস করানো হয় বলে দাবি করেন তিনি। এসব ঘটনা জানাজানি হলে তার ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন সোহাগ।

আরেক ভুক্তভোগী রোদারপুড্ডা এলাকার আক্কাস আলীর ছেলে জিহাদ মিয়া (২৮) অভিযোগ করেন, রিজন, খোকন, জিহাদুলসহ ২০ থেকে ২৫ জন তাকে মাদক সেবনের অভিযোগে আটক করে প্রায় দুই ঘণ্টা খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। তার মা-বাবা তাকে ছাড়িয়ে নিতে গেলে তাদের ছাড়েননি। পরে পুলিশ তাকে সোপর্দ করে, কিন্তু তার কাছে মাদকের কোনো আলামত না পাওয়ায় পুলিশ তাকে ছেড়ে দেয়।

জিহাদ আরও অভিযোগ করেন, পুলিশ ছেড়ে দেওয়ার পর ওই রাতেই তাকে ও তার মা-বাবাকে গ্রামের সালিশে হাজির করা হয়। সেখানে তার পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করা হয় এবং তাকে কান ধরে উঠবস ও ঘোরানো হয়। এসব ঘটনা এলাকার বাইরে কাউকে জানালে বা অভিযোগ করলে তিন মাসের জেল দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

রোদারপুড্ডা গ্রামের সাবেক মেম্বার মো. আলম মিয়া বলেন, চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন জানতে পেরে একটি পক্ষের হয়ে সংগঠনের কয়েকজন সদস্য তার বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করে তার ছেলেকে তল্লাশি করেন। এ সময় ভিডিও ও ছবি তোলা হয়। তার ছেলে সিগারেটও সেবন করেন না বলে দাবি করেন আলম মিয়া। পরে বাধ্য হয়ে নিকলী থানায় অভিযোগ করলে তার ছেলেকে মাদক কারবারি আখ্যা দিয়ে এলাকায় মিছিল করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, কোনো আলামত না পাওয়ার পরও ধারীশ্বর গ্রামের সিয়ামকে (২০) ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গোয়ালহাটির জলিল (২৫) ও কফিল (৫৫) হাওরে মাছ ধরতে গেলে তাদের বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগ তোলা হয়। পরে ফরজ আলী (৩৫) ও রাজীবের (৩৮) নেতৃত্বে তাদের আটক করে সংগঠনটির কাছে হস্তান্তর করা হলে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ ছাড়া রোদারপুড্ডা মাইজহাটির ইয়াকুব ও তসলিমকে মাদক সেবনের অভিযোগে আটক করে যথাক্রমে ৬ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা এবং সালিশে কান ধরে সাত পাক ঘোরানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। ধারীশ্বরের ফেরদৌস (২৮), বাঁধন (১৭), আলমগীর (২৫) ও জারইতলার আকাশ (১৮)সহ আরও কয়েকজনকে জুতাপেটা, কান ধরে ঘোরানো, অপমান-লাঞ্ছিত এবং জরিমানা করার অভিযোগও করেছেন স্থানীয়রা।

অভিযোগের বিষয়ে ‘রোদারপুড্ডা আলোকিত প্রজন্ম’-এর প্রচার সম্পাদক মো. আব্দুল হালিম হোসাইনী জানান, প্রমাণসহ মাদকসেবীদের আটক করে পুলিশে দেওয়া হয়। যেসব ক্ষেত্রে পুলিশ আসামি নিচ্ছে না, সেসব বিষয়ে গ্রামের মুরব্বিরা বিচার করছেন। সাংগঠনিক দায়িত্ব হিসেবে মাদকসেবীদের আটক করে সালিশের দরবারে হাজির করা হয়েছে। সামাজিক জুরিবোর্ডের মাধ্যমে মুরব্বিরা শাস্তির সিদ্ধান্ত নিয়েছেন।

সালিশে কান ধরে উঠবস করানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কান ধরে উঠবস করানো সামাজিক শাস্তির আওতাভুক্ত ছিল। মাদক সেবনের অভিযোগে আটক কয়েকজনকে পুলিশে দেওয়া হয়েছে এবং কয়েকজনকে সামাজিক বিচারের আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।

সংগঠনের সভাপতি আরিফ রাব্বানী বলেন, তাদের সংগঠনের মাধ্যমে বেশ কিছু মাদকসেবীকে আটক করা হয়েছে। কয়েকজনকে মোবাইল কোর্টের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া হয়েছে। আর কয়েকজনকে গ্রামীণ সালিশে হস্তান্তর করা হয়েছে। অনেকের বিষয় গ্রামীণ সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।

সালিশে আটক ব্যক্তিকে জুতাপেটা করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছেলে তার বাবার হাতে শাসিত হয়েছে, এর জন্য গ্রামবাসী বা সংগঠন দায়ী নয়। সালিশে কান ধরে ঘোরানো ও উঠবস করানোর বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে গ্রামের সালিশকারীরা বলতে পারবেন।

রোদারপুড্ডা গ্রামের সালিশকারক বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল করিম সালিশে কান ধরে উঠবস করানোর বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, কাউকে জরিমানা করা হয়নি। তবে একজনকে কান ধরে উঠবস করানো হয়েছে এবং কয়েকজনকে মুফতির কাছে তওবা করানো হয়েছে। মাদকসেবনের অভিযোগে চারজনকে পুলিশে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সংগঠন ও গ্রামের বিচার কার্যক্রমের বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে।

এ বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক জানান, নিকলী থানায় যোগদানের পর তিনি জানতে পেরেছেন, রোদারপুড্ডা এলাকায় একটি সংগঠনের কিছু লোক সালিশে কান ধরে ঘোরানো, উঠবস করানো এবং টাকা আদায় করছে। বিষয়টি জানার পর এসব কর্মকাণ্ড বন্ধ রাখতে বলা হয়েছে। একই সঙ্গে অপরাধীদের থানায় সোপর্দ করতে বলা হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না বলেও জানান তিনি।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%