ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মোংলা পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল


মোংলা পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল

মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে যে, প্রায়ই রাতের বেলায় অ্যাম্বুলেন্সের মাধ্যমে ছাগল পরিবহন করা হয়ে থাকে।

জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর রাতের সময় খুলনার জিরো পয়েন্ট থেকে অ্যাম্বুলেন্সের ড্রাইভার মো. শরীফুল ছাগলগুলো অ্যাম্বুলেন্সে তোলেন। একজন তাৎক্ষণিকভাবে সেটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। পরে, ছাগলগুলো মোংলায় নিয়ে আসা হয়। ছাগলগুলো ছিল মোংলার ছাগল ব্যবসায়ী মো. রশিদের। অভিযোগ রয়েছে যে, শরীফুল টাকার বিনিময়ে প্রায়ই অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন করে আসছিলেন।

অ্যাম্বুলেন্সের চালক শরীফুল এ বিষয়ে বলেন, "অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ঘটনা এটাই প্রথম।" তিনি দাবি করেছেন যে, ছাগল পরিবহনের জন্য তিনি কোনো টাকা নেননি।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

ছাগল ব্যবসায়ী কসাই রশিদ জানান, "আমি চুকনগর থেকে ছাগল কিনে জিরো পয়েন্টে আসি। সেখানে কোনো গাড়ি না পেয়ে অ্যাম্বুলেন্সকে সিগন্যাল দিয়ে থামিয়ে ৬টি ছাগল অ্যাম্বুলেন্সে করে মোংলায় নিয়ে আসি। এ বাবদ ড্রাইভারকে আমি কোনো টাকা দিইনি।"

এদিকে, এই ঘটনায় পৌর কর্তৃপক্ষ শুক্রবার (২ অক্টোবর) অ্যাম্বুলেন্সের চালক শরীফুলের কাছ থেকে চাবি নিয়ে নিয়েছে। অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ঘটনায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

এ বিষয়ে জানতে মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমীর মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলের নিরাপত্তা বাহিনীতে নিহতের সংখ্যা ১৩১৮ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫০ এম


ইসরাইলের নিরাপত্তা বাহিনীতে নিহতের সংখ্যা ১৩১৮ ছাড়াল

ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন ফ্রন্টে দেশটির নিরাপত্তা বাহিনীর ১ হাজার ৩১৮ সদস্য নিহত হয়েছেন। এ তথ্য রোববার (৪ অক্টোবর) ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফ্যামিলিজ, কমেমোরেশন অ্যান্ড হেরিটেজ বিভাগ প্রকাশ করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর নিহতদের মধ্যে রয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), পুলিশ, শিন বেত, ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস, নিরাপত্তা সমন্বয়কারী এবং স্থানীয় প্রতিরোধ দলের সদস্যরা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা উপত্যকা ছাড়াও লেবানন ও পশ্চিম তীরসহ বিভিন্ন ফ্রন্টে এসব প্রাণহানি ঘটেছে।

যুদ্ধের ফলে এ পর্যন্ত ৭ হাজার ১৫০ জনের বেশি মানুষকে স্বজন হারানো পরিবার হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২ হাজার ১৪৩ জন শোকাহত বাবা-মা, ৩৫৫ জন বিধবা এবং ৮৮০ জন এতিম অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, যুদ্ধে ৩ হাজার ৭৭২ জন তাদের ভাই বা বোন হারিয়েছেন।

গাজায় ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি সেনাদের প্রাণহানি পুরোপুরি বন্ধ হয়নি। গাজায় বাফার জোন নির্ধারণকারী ‘ইয়েলো লাইন’-সংলগ্ন এলাকায় বিভিন্ন ঘটনায় এখনও ইসরায়েলি সেনারা নিহত হচ্ছেন।

গত সপ্তাহে উত্তর গাজায় একটি সামরিক অবস্থানে আইডিএফের পরিচালিত একটি ড্রোন অবতরণের পর বিস্ফোরিত হলে দুই রিজার্ভ সেনা নিহত হন। তারা ১৬তম ব্রিগেডের সদস্য ছিলেন।

নিহত দুই সেনা হলেন- ২৪ বছর বয়সী মেজর (রিজার্ভ) নাদাভ কালি এবং ২৩ বছর বয়সী মেজর (রিজার্ভ) অফেক মোআলেম। কালি হার হালুতজ এলাকার এবং মোআলেম জেরুজালেমের বাসিন্দা ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুলিভান যুক্তরাষ্ট্রের সর্বকালের রেকর্ড ভেঙে দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫১ এম


সুলিভান যুক্তরাষ্ট্রের সর্বকালের রেকর্ড ভেঙে দিলেন

এক সপ্তাহও হয়নি অভিষেকের। এর মধ্যেই যুক্তরাষ্ট্র জাতীয় দলের সর্বকালের রেকর্ড ভেঙে ফেলেছেন কাভান সুলিভান। তিনি এখন দেশটির ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা। শনিবার রাতে মেক্সিকোর বিরুদ্ধে গোল করেছেন তিনি। তখন তার বয়স ছিল ১৭ বছর ৫ দিন।

ম্যাচের ৬২ মিনিটে গোলটি আসে। সুলিভান মেক্সিকোর গোলরক্ষক রাউল রানহেলের একটি পাস ধরে নিয়ে দারুণ এক চিপে বলটি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান। এই গোলে যুক্তরাষ্ট্র ২-০ গোলে এগিয়ে যায়। মেক্সিকো কনকাকাফ অঞ্চলে যুক্তরাষ্ট্রের চিরপ্রতিদ্বন্দ্বী।

কিছু দিন আগে সতীর্থ মাথিস আলবার্ট রেকর্ডটি গড়েছিলেন। মঙ্গলবার চিলির বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করার সময় তার বয়স ছিল ১৭ বছর ১৩১ দিন। সুলিভান সেই রেকর্ড ভেঙে দিয়েছেন।

রেকর্ড গড়ার ক্ষেত্রে সুলিভান নতুন নন। তিনি ১৭তম জন্মদিনের মাত্র দুই দিন আগে পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচে শুরুর একাদশে নামেন। ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে তিনিই যুক্তরাষ্ট্র দলের সর্বকনিষ্ঠ অভিষিক্ত খেলোয়াড়।

ক্লাব পর্যায়েও তিনি ইতিহাস গড়েছেন। ফিলাডেলফিয়া ইউনিয়নের এই একাডেমির খেলোয়াড় মাত্র ১৪ বছর ২৯৩ দিন বয়সে এমএলএসে অভিষেক করেন। উত্তর আমেরিকার কোনো শীর্ষ লিগে এত কম বয়সে কেউ নামেননি। তিনি ফ্রেডি আদুর ২০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেন। আদু ২০০৪ সালে ১৪ বছর ৩০৬ দিন বয়সে অভিষেক করেছিলেন।

এ মৌসুমে ইউনিয়নের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন সুলিভান। তার কারণেই তিনি এবার যুক্তরাষ্ট্র দলে ডাক পেয়েছেন। শেষ আট এমএলএস ম্যাচে তিনি ছয়টি গোল ও আটটি অ্যাসিস্ট করেছেন। তার পারফর্ম্যান্সের জোরে ফিলাডেলফিয়া টানা ১২ ম্যাচ অপরাজিত রয়েছে। এটি ক্লাবের জন্য একটি রেকর্ড।

সেপ্টেম্বরে তিনি এমএলএসের মাসসেরা খেলোয়াড় হয়েছেন। এই সম্মান পেতে তিনি লিওনেল মেসিসহ অনেককে পেছনে ফেলেন। সবচেয়ে কম বয়সে এ পুরস্কার জেতার রেকর্ডও এখন তার। সেপ্টেম্বরে মাত্র চার ম্যাচে তার গোলে অবদান ছিল নয়টি। চারটি গোল, পাঁচটি অ্যাসিস্ট।

এই মাসেই তিনি আদুর আরেকটি রেকর্ড ভেঙেছেন। ১৬ বছর বা তার কম বয়সী কোনো খেলোয়াড়ের এক মৌসুমে সবচেয়ে বেশি গোলে অবদানের রেকর্ড ছিল আদুর। সুলিভান ১৩ সেপ্টেম্বর সান দিয়েগো এফসির বিপক্ষে ম্যাচে ১১তম অবদান রেখে সেটি পেছনে ফেলেন। আগের রেকর্ড ছিল ১০।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিটলারের পক্ষে সাফাই দিলেন টাকার কার্লসন, ব্রিটেনের যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫১ এম


হিটলারের পক্ষে সাফাই দিলেন টাকার কার্লসন, ব্রিটেনের যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

মার্কিন রক্ষণশীল ভাষ্যকার টাকার কার্লসন উল্লেখ করেছেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের অংশগ্রহণের পক্ষে কোনো যৌক্তিক কারণ ছিল না। তিনি পোল্যান্ডে নাৎসি জার্মানির আগ্রাসনের পক্ষে অ্যাডলফ হিটলারের কিছু যুক্তিও তুলে ধরেন।

গত শুক্রবার সাবেক ব্রিটিশ ব্যবসামন্ত্রী স্যার জ্যাকব রিস-মগের সঙ্গে এক ঘণ্টার সাক্ষাৎকারে কার্লসন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ইউরোপের সংঘাতে ব্রিটেনের ঐতিহাসিক ভূমিকা নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের কেন লড়াই করা উচিত ছিল, তা আমি কখনো বুঝতে পারিনি।" তার দাবি, নাৎসি জার্মানি পোল্যান্ড আক্রমণ করার সময় ব্রিটেনের সঙ্গে দেশটির সরাসরি কোনো সম্পর্ক ছিল না। তাই পোল্যান্ডকে রক্ষায় ব্রিটেনের যুদ্ধে জড়ানো উচিত হয়নি।

কার্লসন আরও বলেন, "হিটলারের দাবি ছিল, পোল্যান্ডের প্রায় ১৫ শতাংশ ভূখণ্ড একসময় জার্মানির অংশ ছিল এবং ভার্সাই চুক্তির মাধ্যমে তা পোল্যান্ডকে দেওয়া হয়েছিল।" তিনি দাবি করেন যে ওই অঞ্চলে জার্মান জনগোষ্ঠী বসবাস করত।

তবে কার্লসন স্পষ্ট করেন যে, এসব বক্তব্যের মাধ্যমে তিনি হিটলারের পক্ষ নিচ্ছেন না।

ব্রিটেনের দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণের সমালোচনা করে তিনি বলেন, "যুদ্ধের কারণে ব্রিটেন তার সাম্রাজ্য ও দেশকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।" তিনি মন্তব্য করেন যে, ব্রিটেন এখনো ওই যুদ্ধে অংশ নেওয়াকে সঠিক সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করে।

কার্লসন আরও বলেন, "হিটলার হঠাৎ করে পোল্যান্ডে ঢুকে পড়েছিলেন- এমন ধারণা মিথ্যা।" তার দাবি, হিটলার বারবার বলেছিলেন যে তিনি ব্রিটেনের সঙ্গে যুদ্ধে যেতে চান না।

রিস-মগ কার্লসনের মন্তব্যে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, "কার্লসন যেন হিটলারের কর্মকাণ্ডের সাফাই দেওয়ার কাছাকাছি চলে যাচ্ছেন।"

জবাবে কার্লসন ব্যঙ্গ করে বলেন, "হ্যাঁ, মনে হয় আমি গোপন নাৎসি।" এরপর তিনি বলেন, তিনি কোনোভাবেই নাৎসি নন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিপাইনে অনলাইন জালিয়াতি দমনে ২৪৪ বিদেশি কর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫২ এম


ফিলিপাইনে অনলাইন জালিয়াতি দমনে ২৪৪ বিদেশি কর্মী আটক

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : চলতি বছরের সবচেয়ে বড় অভিযানে ফিলিপাইন কর্তৃপক্ষ ২৪৪ জন বিদেশি কর্মীকে আটক করেছে, যারা অবৈধ অনলাইন জুয়া ও জালিয়াতি কার্যক্রমের সাথে জড়িত। আটককৃতদের অধিকাংশ চীনা নাগরিক বলে জানিয়েছে ফিলিপাইনের অভিবাসন ব্যুরো।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মানবপাচার, অর্থপাচার, অনলাইন প্রতারণা, অপহরণ ও হত্যাকাণ্ডের মতো অপরাধের সঙ্গে জড়িত চক্রগুলো অবৈধ অনলাইন গেমিং প্রতিষ্ঠানকে আড়াল হিসেবে ব্যবহার করছে—এমন অভিযোগের ভিত্তিতে ফিলিপাইন সরকার ২০২৪ সালে দেশটিতে পরিচালিত অনলাইন গেমিং অপারেটর বা পিওজিও নিষিদ্ধ করেছে।

শুক্রবার, দেশটির দক্ষিণাঞ্চলীয় মিনদানাও অঞ্চলের দুটি স্থাপনায় সামরিক বাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা অভিযান পরিচালনা করে।

অভিবাসন ব্যুরো শনিবার রাতে একটি বিবৃতিতে জানায়, প্রথম স্থানে অভিযান চালিয়ে ১১০ জন চীনা নাগরিক, দুইজন কম্বোডীয় এবং হংকংয়ের এক নাগরিককে আটক করা হয়েছে।

দ্বিতীয় স্থানে আরও ১৩১ জনকে আটক করা হয়েছে, যাদের বেশিরভাগই চীনা নাগরিক। এছাড়াও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিকও আটক হয়েছে।

অভিযানে বিপুল পরিমাণ কম্পিউটার সরঞ্জাম, মোবাইল ফোন, ল্যাপটপ ও সিম কার্ড জব্দ করা হয়েছে বলে জানিয়েছে অভিবাসন ব্যুরো।

আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মানবপাচারের সাথে সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে তদন্ত চলছে। বাকিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

ফিলিপাইনের অভিবাসন ব্যুরোর প্রধান জোয়েল ভিয়াদো একটি বিবৃতিতে বলেন, ‘আমরা ফিলিপাইনে অবস্থানের শর্ত লঙ্ঘনকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিবাসন আইন প্রয়োগ অব্যাহত রাখব। একই সঙ্গে নিশ্চিত করব, ফিলিপাইন যেন অবৈধ কর্মকাণ্ড পরিচালনার ঘাঁটি হিসেবে ব্যবহৃত না হয়।’

অভিবাসন ব্যুরো অভিযানটিকে ২০২৬ সালে পিওজিওবিরোধী সবচেয়ে বড় অভিযান হিসেবে বর্ণনা করেছে।

এ বিষয়ে জানতে ম্যানিলায় চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%