ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

মালদ্বীপে ঘুমের মধ্যে প্রবাসী বাংলাদেশির মৃত্যু


মালদ্বীপে ঘুমের মধ্যে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপে ঘুমের মধ্যে আব্দুল জলিল (৫৪) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রাজধানী মালেতে তার মৃত্যু হয়। আর্থিক অসচ্ছলতার কারণে তার মরদেহ দেশে পাঠাতে বাংলাদেশ হাইকমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে পরিবার। 

রুমমেটদের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফিরে রাতে ঘুমিয়ে পড়েন আব্দুল জলিল। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে রুমমেটরা তার কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে রাজধানীর ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

আব্দুল জলিলের নিকটাত্মীয় আব্দুর রহিম জানান, পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে প্রায় দেড় বছর আগে জীবিকার সন্ধানে মালদ্বীপে পাড়ি জমান তিনি। দেশটিতে আসার পর প্রথম তিন মাস বৈধভাবে অবস্থান করলেও পরবর্তীতে তার বৈধ কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর পরিবারের ভরণপোষণের জন্য নানা প্রতিকূলতার মধ্যেও মালদ্বীপে কাজ করে আসছিলেন তিনি।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শরীয়তপুরের মারুফ, মরদেহ দেশে ফেরাতে পরিবারের আকুতি

আব্দুল জলিল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার যাত্রাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, আব্দুল জলিলের মৃত্যুর বিষয়টি বাংলাদেশ হাইকমিশন অবগত রয়েছে বলে হাইকমিশন সূত্রে জানা গেছে। পরিবারের অসচ্ছলতার কথা বিবেচনায় নিয়ে মরদেহ দ্রুত দেশে পাঠাতে হাইকমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলীদের নিয়ে ‘বুটক্যাম্প’ প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলীদের নিয়ে ‘বুটক্যাম্প’ প্রশিক্ষণ

নেদারল্যান্ডস-ভিত্তিক ওয়ার্ল্ড ওয়াটার একাডেমির ‘ফ্লোয়িং ফরওয়ার্ড’ কর্মসূচির আওতায় চট্টগ্রামে পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ)-এর সহায়তায় তিন দিনব্যাপী বুটক্যাম্প প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত বুটক্যাম্প উদ্বোধন করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম মো. জানে আলম। এতে চট্টগ্রাম ওয়াসার ২০জন প্রকৌশলী অংশগ্রহণ করেন। বুটক্যাম্প পরিচালনা করেন পেশাজীবী নেদারল্যান্ডসের Delfluent Services এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক বরিস নিফইয়েস (Boris Neefjes) এবং Infrastructure Investment Facilitation Company-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম। সভায় চট্টগ্রাম ওয়াসার পক্ষে ফোকাল পয়েন্ট কর্মকর্তা ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারী সবাইকে এই সুযোগের সর্বোত্তম ব্যবহার করার জন্য উৎসাহিত করছি। প্রশ্ন করুন, ধারণা বিনিময় করুন, নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিন এবং ভাবুন কীভাবে এই প্রশিক্ষণের শিক্ষাগুলো আমাদের চলমান ও ভবিষ্যৎ প্রকল্পে প্রয়োগ করা যায়। চট্টগ্রাম ওয়াসা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে সহযোগিতা অপরিহার্য। সর্বোত্তম চর্চা ও অর্জিত শিক্ষা বিনিময়ের মাধ্যমে আমরা একে অপরকে আরও শক্তিশালী পিপিপি প্রকল্প গড়ে তুলতে সহায়তা করতে পারি। যা চট্টগ্রামের জনগণের চাহিদা পূরণের যৌথ দায়িত্ব পালনে সহায়ক হবে। নেদারল্যান্ডস ভিত্তিক ওয়ার্ল্ড ওয়াটার একাডেমির এই কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই।

সভায় বলা হয়, চট্টগ্রামের ক্রমাগত উন্নয়ন নির্ভরযোগ্য টেকসই পানি ও পয়ঃনিষ্কাশন সেবার চাহিদা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদা পূরণের জন্য কেবল সুষ্ঠু কারিগরি সমাধানই যথেষ্ট নয়, বরং প্রয়োজন সুচিন্তিতভাবে নির্বাচিত, আর্থিক ও বাণিজ্যিকভাবে সম্ভাবনাময়, সাশ্রয়ী এবং সুস্পষ্ট প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা দ্বারা সমর্থিত প্রকল্প। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ দক্ষতা, অর্থায়ন এবং দীর্ঘমেয়াদি পরিচালন সক্ষমতা সংগ্রহের ক্ষেত্রে মূল্যবান সুযোগ সৃষ্টি করতে পারে। তবে প্রতিটি প্রকল্পের জন্য পিপিপি স্বয়ংক্রিয়ভাবে সঠিক সমাধান নয়। এর সাফল্য নির্ভর করে সতর্ক প্রকল্প মূল্যায়ন, যথাযথ ঝুঁকি বণ্টন, বিশ্বাসযোগ্য পরিশোধ ব্যবস্থা, সুস্পষ্ট কর্মদক্ষতার শর্তাবলি এবং সরকারি ও বেসরকারি অংশীদারদের মধ্যে কার্যকর সহযোগিতার উপর। এই বুটক্যাম্পে অংশগ্রহণকারীরা ব্যবহারিক অনুশীলন, দরকষাকষি অনুশীলন এবং আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো পর্যালোচনা করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে জেলা পরিষদের মাসিক সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


জয়পুরহাটে জেলা পরিষদের মাসিক সভা

জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের সভাপতিত্বে সভায় মূল সমন্বয় ও পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত কমিটির সদস্য-সচিব সরকার মোহাম্মদ রায়হান।

সভায় ২০২৫-২৬ অর্থ বছরের বিশেষ বরাদ্দ, ২০২৬-২৭ অর্থ বছরের এডিপির সাধারণ বরাদ্দ, ঠিকাদারি লাইসেন্স নবায়ন, পাঁচুর মোড়ে মার্কেট নির্মাণ এবং চলমান প্রজেক্ট বাস্তবায়ন অগ্রগতিসহ জেলা পরিষদের নানা উন্নয়নমূলক ও প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আযিযুল হাকিম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ. কে. এম. মনিরুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লায়লা নাসরিন জাহান, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, আক্কেলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা খানম বৈশাখী, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উর্ধ্বোতন কর্মকর্তাবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাণনাশের হুমকির মুখে নেতানিয়াহুর বড় ছেলে যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


প্রাণনাশের হুমকির মুখে নেতানিয়াহুর বড় ছেলে যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলে

প্রাণনাশের হুমকির মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়াইর নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র থেকে বিমানে করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ‘শিন বেট’ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তারা জানায়, ইয়াইর ওপর হামলার উল্লেখযোগ্য ঝুঁকি ছিল। পরিস্থিতি পর্যালোচনা করে তাকে এবং তার নিরাপত্তা দলকে জরুরি ভিত্তিতে সরিয়ে নিয়ে ইসরায়েলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সংস্থাটি হুমকির উৎস সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি।

এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম ‘নিউজম্যাক্স’ জানিয়েছিল, গত ডিসেম্বরে ফ্লোরিডায় অবস্থানকালে ইয়াইর নেতানিয়াহু ইরানের একটি কথিত গুপ্তহত্যা পরিকল্পনার লক্ষ্যবস্তু হয়েছিলেন। নিউজম্যাক্স যুক্তরাষ্ট্রের একজন আইন প্রয়োগকারী কর্মকর্তার বরাত দিয়ে জানায়, কথিত এই ষড়যন্ত্রের বিষয়টি জানার পর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মার্কিন কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করেছিল।

বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের ‘চ্যানেল ১৪’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইরান আমার এক ছেলেকে লক্ষ্যবস্তু করেছিল। তারা আমার এক ছেলেকে হত্যা করার চেষ্টা করেছিল। এমন মন্তব্যের পরই এই প্রতিবেদনটি সামনে আসে।

নিউজম্যাক্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি নিরাপত্তা দলের সার্বক্ষণিক পাহারায় থাকা  ইয়াইর নেতানিয়াহুকে অবিলম্বে ওই এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি নিজের ব্যক্তিগত জিনিসপত্র ছাড়াই সেখান থেকে বেরিয়ে আসেন এবং সরাসরি ইসরায়েলে ফিরে যান।

নেতানিয়াহুর বড় ছেলে বেশ কয়েক বছর ধরে ফ্লোরিডায় বসবাস করছেন। ‘দ্য টাইমস অফ ইসরায়েল’-এর প্রতিবেদন অনুযায়ী, তার বিলাসবহুল জীবনযাপন এবং রাষ্ট্রীয় খরচে পাওয়া নিরাপত্তা ব্যবস্থা ইসরায়েলে বারবার জনদৃষ্টি আকর্ষণ করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার পরও তার যুক্তরাষ্ট্রে অবস্থান অনেক ইসরায়েলি নাগরিকের সমালোচনার জন্ম দেয়।

ইসরায়েলি সংবাদপত্রটির তথ্যমতে, লাখ লাখ ইসরায়েলি রিজার্ভ সেনাকে যখন তলব করা হয়েছিল, তখন নেতানিয়াহুর ছেলের বিদেশে অবস্থান নিয়ে অনেকেই ‘দ্বিমুখী আচরণের’ প্রশ্ন তুলেছিলেন। ডানপন্থী কর্মী ও পডকাস্টার হিসেবে পরিচিত ইয়াইর নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়।

তিনি প্রায়ই ইসরায়েলি রাজনীতি নিয়ে মন্তব্য করেন এবং তার বাবার রাজনৈতিক প্রতিপক্ষ, সরকারের সমালোচক ও সাংবাদিকদের তীব্র আক্রমণ করে কথা বলেন।

সূত্র: আলজাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭ জন, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত। একই সময়ে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৩৯ জন। এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৯৭ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৮৩ জনে। 

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৭৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ১৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৪৫৯ জন। এ ছাড়া খুলনা বিভাগে ২৪৩ জন, বরিশালে ১২৩, চট্টগ্রামে ১১৬, ময়মনসিংহে ৮১ এবং রাজশাহীতে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%