রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:০০ পি.এম
ইতালির ভেনিসে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘সন অব এ পিচ অ্যাওয়ার্ড ২০২৬’ আসরে বাংলাদেশের নির্মাতা রাকায়েত রাব্বি ‘হাওয়াই মিঠাই’ (The Sweetness of Air) শর্ট ফিল্মের জন্য ‘সেরা পরিচালক’ পুরস্কার অর্জন করেছেন। তিনি ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভেনিসের ঐতিহাসিক হোটেল এক্সেলসিয়র-এর ক্যাম্পারি লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
৯ ও ১০ সেপ্টেম্বর ‘সন অব এ পিচ অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হওয়ার তথ্য জানা গেছে।
যুদ্ধের পটভূমিতে নির্মিত ‘হাওয়াই মিঠাই’ (The Sweetness of Air) চলচ্চিত্রটি এক শিশুর মনস্তত্ত্ব ও যুদ্ধের নির্মম বাস্তবতা তুলে ধরেছে। বুলেটের খোসার বিনিময়ে হাওয়াই মিঠাই কেনার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত মানবিক ও সংবেদনশীল গল্পটি বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
পুরস্কার পাওয়ার পর নির্মাতা রাকায়েত রাব্বি মন্তব্য করেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে এমন একটি মর্যাদাপূর্ণ মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের হয়ে পুরস্কার পাওয়া আমার জীবনের সবচেয়ে সেরা অনুভূতি। এটি আমার দ্বিতীয় শর্টফিল্ম। এর আগে আমি ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপের জন্য আমার প্রথম শর্টফিল্ম 'জহরে কহরে' বানিয়েছিলাম, আলফা আই এর ব্যানারে। এরপর হাওয়াই মিঠাই নির্মাণ করি। পরে চরকির জন্য গ্যাড়াকল, টিফিন বক্স ফ্ল্যাশফিল্ম বানানো হয়। এটি আমার প্রথম পুরস্কার। এর আগেও অনেকগুলো ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে।
হাওয়াই মিঠাই (The Sweetness of Air) শর্ট ফিল্মের মাধ্যমে নির্মাতা কী বার্তা দিতে চেয়েছেন, জানতে চাইলে রাব্বি বলেন, ‘পৃথিবীর সকল যুদ্ধ বন্ধ হোক, সকল শিশু তার মায়ের বুকে ফিরে যাক। তার পরিবারের সাথে সুন্দর ভবিষ্যতের আশায় বড় হোক। কেউ তাদের হাওয়াই মিঠাইয়ের লোভ না দেখাক।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্প্যানিশ লা লিগায় একটি গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনা লেভান্তের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল। বর্তমান চ্যাম্পিয়নরা দুর্দান্ত ফুটবল প্রদর্শন করলেও, শেষের দিকে স্বাগতিকরা কামব্যাক করার চেষ্টা করে। তবে কাতালানরা ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ত্যাগ করে।
রোববার (১৩ সেপ্টেম্বর) এস্তাদিও সিউদাদ দে ভ্যালেন্সিয়ায় ইয়ামাল জোড়া গোল করেন, এবং একটি করে গোল করেন কারিম আডেইয়েমি ও শাভি এস্পার্ত। অধিনায়ক হাফিনিয়া দুটি গোলের জন্য অবদান রাখেন।
বার্সেলোনা ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছে। অন্যদিকে, লেভান্তে সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে অবস্থান করছে।
এদিন, বার্সেলোনা চতুর্থ মিনিটে প্রতিপক্ষের মাঠে এগিয়ে যায়। হাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে ডি বক্সে ঢুকে এস্পার্ট গোল করেন। পেশাদার ফুটবলে তরুণ লেফট ব্যাকের এটি প্রথম গোল।
এস্পার্টের ডান পায়ের শটে খুব বেশি জোর ছিল না, তবে লেভান্তের একজনের পায়ে লেগে বলের দিক পরিবর্তন হয়ে জালে প্রবেশ করে। গোলরক্ষক ঝাঁপিয়েও নাগালে পাননি।
চতুর্দশ মিনিটে রাতকভের শট ব্লক করেন পাউ কুবার্সি। পরের মিনিটে রজার ব্রুগেইয়ের শট ঝাঁপিয়ে ব্যর্থ করেন জোয়ান গার্সিয়া। ১৯তম মিনিটে ইয়ামাল স্কোরলাইন ২-০ করেন। হাফিনিয়ার কাট ব্যাক থেকে বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফরোয়ার্ড গোল করেন।
এখন পর্যন্ত সব প্রতিযোগিতায় আট গোল করা হাফিনিয়ার এটি ষষ্ঠ অ্যাসিস্ট। লেভান্তে রক্ষণে গুটিয়ে না থেকে আক্রমণাত্মক ফুটবলে ব্যবধান কমানোর চেষ্টা করে। প্রথমার্ধের শেষ দিকে বার্সেলোনার রক্ষণে চাপ তৈরি করে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সেলোনা ব্যবধান বাড়ায়। ৪৮তম মিনিটে ইয়ামাল সফল স্পট কিকে গোল করেন। তাকেই ফাউল করায় বার্সেলোনা পেনাল্টি পায়। চলতি মৌসুমে ইয়মালের গোল হলো সাতটি।
৫৬তম মিনিটে হাফিনিয়ার শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। চার মিনিট পর গোললাইন থেকে আইভান রোমেরোর শট ঠেকিয়ে দেন আন্দ্রেয়াস ক্রিস্টিয়ানসেন। পরের মিনিটে বার্সেলোনা গোলরক্ষক পা দিয়ে রোমেরোর শট ঠেকান।
৭৯তম মিনিটে বার্সেলোনার রক্ষণের মারাত্মক ভুলে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান রোমেরো। তিনি সহজেই গার্সিয়াকে এড়িয়ে গোল করেন। এতে ম্যাচ জমে ওঠে।
৮৮তম মিনিটে ব্রুগেই চমৎকার গোল করে ব্যবধান আরও কমান। দুই জনের চ্যালেঞ্জ এড়িয়ে ডি বক্সে ঢুকে পড়েন তিনি। ক্রিস্তিয়ানকে এড়িয়ে শট নেন, গার্সিয়া হাত বাড়িয়ে ঠেকাতে পারলেও ফিরতি বলে তাকে পরাস্ত করেন ব্রুগেই।
বার্সেলোনা চাপের মধ্যে পড়লেও আডেইয়েমি যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্বস্তি ফেরান। মাঝমাঠে বল পেয়ে একজনের চ্যালেঞ্জ এড়িয়ে ডি বক্সে প্রবেশ করেন। সেখানে আরেকজনকে ডজ দিয়ে কাছের পোস্ট দিয়ে গোল করেন। তার গতি ও পায়ের চমৎকার কারিকুরিতে প্রতিপক্ষ বিভ্রান্ত হয়ে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ ইকবাল হোসেন রাজবাড়ী জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শনসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
ডিআইজি মোঃ ইকবাল হোসেন গত ১২ সেপ্টেম্বর রাজবাড়ী জেলায় আগমন করেন। রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছালে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম (সেবা) তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজি মোঃ ইকবাল হোসেনকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি মাস্টার প্যারেডের অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।
প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শামসুল হক। প্যারেড পরিদর্শনকালে ডিআইজি মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা ও পোশাকের মান মূল্যায়ন করেন এবং ভালো পারফরম্যান্সের জন্য সদস্যদের পুরস্কৃত করেন।
প্যারেড শেষে ডিআইজি রাজবাড়ী পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং পুলিশ লাইন্স কম্পাউন্ডে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
পরে পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় রাজবাড়ী জেলা পুলিশের অফিসার ও ফোর্সের পক্ষ থেকে জেলায় আগমন উপলক্ষে ডিআইজিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এরপর ডিআইজি ঢাকা রেঞ্জ রাজবাড়ী জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন।
দুপুরে পুলিশ ফোর্স মেসে আয়োজিত প্রীতিভোজে অফিসার ও ফোর্সের সঙ্গে অংশ নেন ডিআইজি। সেখানে তিনি পুলিশ সদস্যদের সঙ্গে আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন।
প্রীতিভোজ শেষে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত বিশেষ অপরাধ সভায় অংশ নেন তিনি। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের সামগ্রিক চিত্র এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়।
সভায় ডিআইজি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
দিনব্যাপী এ কর্মসূচিতে রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন।
পুলিশের জনবান্ধব কার্যক্রম জোরদার, সদস্যদের কল্যাণ নিশ্চিত এবং পেশাদারিত্বের মাধ্যমে জননিরাপত্তা আরও সুসংহত করতে রাজবাড়ী জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিউইয়র্ক সিটি এবং এর আশপাশের ট্রাই-স্টেট অঞ্চলে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কবার্তা রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে প্রকাশ করা হয়।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বন্যার ঝুঁকি সর্বাধিক থাকবে। এই সময়ের মধ্যে ১ দশমিক ২৫ থেকে ১ দশমিক ৭৫ ইঞ্চি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু অঞ্চলে এর চেয়েও বেশি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
এই সতর্কতার আওতায় নিউইয়র্ক সিটি, দক্ষিণ ওয়েস্টচেস্টার, উত্তর-পূর্ব নিউ জার্সি এবং উপকূলীয় কানেকটিকাটের বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত রয়েছে।
ভারী বৃষ্টির ফলে নিচু এলাকাগুলোতে পানি জমে সড়কে আকস্মিক বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই গাড়িচালকদের পানিতে ডুবে থাকা সড়কগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো সড়কে বন্যার পানি জমে থাকলে সেখানে গাড়ি চালানোর চেষ্টা না করার জন্যও সতর্ক করা হয়েছে।
জাতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার বিকেলের দিকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পঞ্চগড়ে সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের সামনে বিএনপি নেতাকর্মীরা তর্কে জড়িয়ে পড়েন। এ সময় ব্যাপক হট্টগোলের সৃষ্টি হলে মন্ত্রীকে সবাইকে শান্ত থাকার নির্দেশনা দিতে দেখা যায়।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এই ঘটনা ঘটে।
হট্টগোল এবং তর্কের সূত্রপাত ঘটে বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের একটি মন্তব্যকে কেন্দ্র করে।
সভায় এই বিএনপি নেতা তার বক্তব্যে উল্লেখ করেন, "দল বর্তমানে হাইব্রিড নেতা দিয়ে ভরে গেছে। আগে দলকে হাইব্রিড মুক্ত করতে হবে।" তিনি আরও বলেন, "জেলা পরিষদের দ্বায়িত্ব আপনারা কাচ্চু ভাইকে দেন, মজিদ ভাইকে দেন যাকেই দেন। দলের নেতাকর্মীদের সাথে আগে আলোচনা করেন। দলের দুর্দিনে যখন পার্টি অফিসে তালাবদ্ধ ছিল তখন আমি বোদা থেকে এসে পার্টি অফিসের তালা খুলেছিলাম। আমরা এখানে আনোয়ার ভাইকে পেয়েছি (সদর উপজেলার বিএনপির সাবেক সভাপতি)।"
এ সময় তার এই মন্তব্যকে ঘিরে ব্যাপক হট্টগোল শুরু হয়। বিএনপি নেতাকর্মীরা তর্কে জড়িয়ে পড়েন এবং প্রায় পাঁচ মিনিট ধরে হট্টগোল চলতে থাকে।
এ সময় সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বিএনপি নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। পরে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে জানতে ফোন করা হলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, "আমি একটা অনুষ্ঠানে রয়েছি। আপনার সাথে পরে কথা হবে।"
জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু মন্তব্য করেন, "কীসের গন্ডগোল হইছে, গন্ডগোল হয়নি তো। মজিদকে জেলা পরিষদের প্রশাসক করছে এ নিয়ে ছেলেরা বক্তব্য রাখছে। এ নিয়ে একটু বাদ বিবাদ হইছে এই আরকি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ