ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠনের শুনানি ২৯ নভেম্বর


কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠনের শুনানি ২৯ নভেম্বর

কুমিল্লায় আলোচিত স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। ওই দিন মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। আসামিদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক এবং দুজন প্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার পৃথক দুটি আদালতে পরিচালিত হবে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলার অভিযোগপত্র ইতোমধ্যে আদালত গ্রহণ করেছে। চার আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হবে। দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে শিশু আদালতে (জুভেনাইল কোর্ট) এবং দুই প্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে কুমিল্লার সেশন আদালতে।

আসামিপক্ষের আইনজীবী নিয়োগের বিষয়ে কাইমুল হক বলেন, আসামিদের পক্ষে কুমিল্লার স্থানীয় কোনো আইনজীবী দাঁড়ানোর সিদ্ধান্ত নেননি। আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। তবে রাষ্ট্রপক্ষ নিজেদের আইনি কার্যক্রম যথাযথভাবে চালিয়ে যাবে।

আরও পড়ুন: দেশীয় প্রযুক্তিতে নদীর ঢেউ প্রশমনে নতুন উদ্যোগ, উপকূলীয় বন রক্ষায় বনায়ন ব্যবস্থাপনা

এদিকে ছেলের হত্যার বিচার শুরু হওয়ার খবরে সন্তোষ প্রকাশ করেছেন নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। তিনি বলেন, ছেলেকে হত্যার সঙ্গে জড়িতদের বিচারকাজ শুরু হওয়ার খবর শুনে ভালো লাগছে। তারা আইন ও আদালতের প্রতি আস্থাশীল। আশা করছেন, আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাবেন।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার গন্ধমতি থেকে নিখোঁজ হয় ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল সে। এরপর আর বাসায় ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি নির্জন ঝোপ থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করে পুলিশ। সে কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। মাত্র ১৩ বছর বয়সী এই শিশুর এমন নির্মম হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

পুলিশের তদন্তে উঠে আসে, অপ্রতিমের কাছে থাকা আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চারজন জড়িত থাকার তথ্য পায় তদন্ত সংশ্লিষ্টরা। পরে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করার পর চার আসামির মধ্যে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে মামলাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: পঞ্চগড়ে ৫০ নারীর স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সারথি বসুন্ধরা শুভসংঘ

হত্যাকাণ্ডের প্রায় এক মাস পর গত ২০ অক্টোবর দুই কিশোরসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। তদন্তে চারজনের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানায় জেলা পুলিশ। ২৩ অক্টোবর অভিযোগপত্র দাখিলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়।

এখন আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানিকে কেন্দ্র করে বিচারপ্রক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছেন নিহত অপ্রতিমের পরিবার ও স্থানীয়রা। আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশা স্বজনদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালী উপজেলা জামায়াতের ২০২৭–২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


কাউখালী উপজেলা জামায়াতের ২০২৭–২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুরের কাউখালী উপজেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় কাউখালী উপজেলা জামায়াতের কার্যালয়ে নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটিতে আমীর হিসেবে শপথ গ্রহণ করেন অধ্যাপক হুমায়ুন কবির এবং সেক্রেটারি হিসেবে শপথ গ্রহণ করেন মাওলানা মোস্তাফিজুর রহমান। নবগঠিত কমিটির উপজেলা আমীর অধ্যাপক হুমায়ুন কবিরকে শপথ বাক্য পাঠ করান পিরোজপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুর রব।
এ ছাড়া অফিস বিভাগের দায়িত্বে মোঃ জামিনুল হক জামিল এবং অর্থ বিভাগের দায়িত্বে মোঃ কামরুল ইসলামসহ মোট ১০টি বিভাগের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ৭ সদস্য বিশিষ্ট মহিলা শূরা সদস্য ও ৮ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ কমিটিও গঠন করা হয়েছে। এদের শপথ বাক্য পাঠ করান নবগঠিত আমীর অধ্যাপক হুমায়ুন কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি জহিরুল হক ও সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক। এ সময় কাউখালী উপজেলার রুকন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৪ কোটি ৬০ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৪ কোটি ৬০ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে। এই অভিযানটি সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের মুকুন্দপুর বিওপির একটি টহল দল দ্বারা পরিচালিত হয়।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ২টার দিকে সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় অভিযানটি সম্পন্ন হয়। শনিবার দুপুরে সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য উপস্থাপন করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির টহল দল কামালমোড়া এলাকায় আগে থেকেই অবস্থান নেয়। এসময় ১৫ থেকে ২০ জনের একটি চোরাকারবারি দল মাথায় কার্টন নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা মাথার কার্টন ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে স্কচটেপ দিয়ে মোড়ানো কার্টনের ভেতর থেকে ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্তে চোরাই মোবাইল ডিসপ্লের অনুপ্রবেশ বেড়েছে কারণ চাহিদা রয়েছে। এছাড়া আগামী ডিসেম্বরে একটি রাজনৈতিক দলের ডেটলাইনকে কেন্দ্র করে সীমান্তে অনুপ্রবেশ ঠেকানোর জন্য বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি জানান, বিজিবি কঠোর তৎপর রয়েছে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে।

বিজিবি আরও জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে চলতি নভেম্বর মাসে সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৭১ কেজি গাঁজা, ১০১ বোতল ইস্কফ, ৮১ বোতল বিদেশি মদ এবং ৮৮ বোতল বিয়ার জব্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬৫ বছরের রিম্যান হাইপোথিসিস সমাধানের দাবি, সহায়তায় ক্লড এআই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


১৬৫ বছরের রিম্যান হাইপোথিসিস সমাধানের দাবি, সহায়তায় ক্লড এআই

একটি ১৬৫ বছরের পুরনো গাণিতিক রহস্যের সমাধান খুঁজে পাওয়ার দাবি করেছেন অ্যানথ্রপিকের এক গণিতবিদ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানটির তৈরি মডেল ক্লডের সহায়তায় তিনি এই দাবি করেছেন। যদিও প্রাথমিক কিছু যাচাইয়ে প্রমাণটি উত্তীর্ণ হয়েছে, গণিতবিদরা এখনো এটি পরীক্ষা করে দেখছেন। আনুষ্ঠানিকভাবে সমাধানটি স্বীকৃতি পায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ত আলপোগে শুক্রবার নিজের ওয়েবসাইটে রিম্যান হাইপোথিসিসের প্রমাণ আবিষ্কারের দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ক্লডের সঙ্গে কাজ করেই তিনি এই প্রমাণের দিকে এগিয়েছেন। প্রথমে তিনি এআই মডেলটিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিলেও শেষ পর্যায়ে ক্লড তাঁর প্রত্যাশার চেয়েও বেশি অগ্রগতি দেখিয়েছে।

আলপোগে জানান, তিনি কয়েক মাস ধরে ক্লডের সঙ্গে বিভিন্ন বিষয়ে কাজ করেছেন। তবে শেষ পর্যায়ে এসে ক্লড তাঁকে ছাড়িয়ে গেছে। এআই মডেলটির অগ্রগতি তাঁকে বিস্মিত করেছে বলেও তিনি মন্তব্য করেন।

রিম্যান হাইপোথিসিস আসলে কী

১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নহার্ড রিম্যান এই অনুমানটি উপস্থাপন করেন। এটি মৌলিক সংখ্যার বিন্যাস বা বণ্টনের সঙ্গে সম্পর্কিত। মৌলিক সংখ্যা হলো এমন সংখ্যা, যেগুলোকে শুধুমাত্র ১ এবং সেই সংখ্যা নিজে দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। যেমন—২, ৩, ৫, ৭ ও ১১।

সংখ্যারেখায় মৌলিক সংখ্যাগুলো আপাতদৃষ্টিতে অনিয়মিত মনে হলেও এর পেছনে একটি গভীর গাণিতিক কাঠামো রয়েছে বলে গণিতবিদেরা মনে করেন। রিম্যান হাইপোথিসিসে এই কাঠামোর সঙ্গে রিম্যান জিটা ফাংশন নামের একটি গাণিতিক ফাংশনের শূন্যস্থানগুলোর সম্পর্ক তুলে ধরা হয়েছে।

এই অনুমানটি যদি প্রমাণিত হয়, তবে মৌলিক সংখ্যার বণ্টন সম্পর্কে গণিতবিদদের ধারণা আরও স্পষ্ট হবে। সংখ্যাতত্ত্বসহ গণিতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে।

রিম্যান হাইপোথিসিস ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউটের নির্ধারিত সাতটি ‘মিলেনিয়াম প্রাইজ প্রবলেম’-এর মধ্যে একটি। প্রতিটি সমস্যার গ্রহণযোগ্য সমাধানের জন্য ১০ লাখ ডলার পুরস্কার নির্ধারিত রয়েছে। এখন পর্যন্ত সাতটির মধ্যে শুধু পয়েনকারে কনজেকচার আনুষ্ঠানিকভাবে সমাধান হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ক্লডের দেওয়া প্রমাণ কতটা নির্ভরযোগ্য

আলপোগে তাঁর প্রমাণটি ‘লিন’ (Lean) নামের একটি প্রোগ্রামিং ভাষায় লিখেছেন। গাণিতিক যুক্তি ধাপে ধাপে যাচাই করার কাজে এই ভাষা ব্যবহৃত হয়। এমআইটির গণিতবিদ অ্যান্ড্রু সাদারল্যান্ডসহ স্বাধীন গবেষকেরা লিনে প্রমাণটি কম্পাইল করে প্রাথমিকভাবে কোনো ত্রুটি পাননি।

তবে প্রমাণটি কম্পাইল হওয়া মানেই যে গাণিতিক দাবিটি সঠিক, তা নয়। বিশেষজ্ঞদের যাচাই করতে হবে যে কোডের মাধ্যমে মূল অনুমানের অর্থ বদলে গেছে কি না কিংবা কোনো অনিচ্ছাকৃত শর্টকাট ব্যবহার করা হয়েছে কি না। অর্থাৎ, প্রমাণটি ঠিক যে বিষয়টি প্রতিষ্ঠা করার দাবি করছে, সেটিই প্রতিষ্ঠা করছে কি না, তা নিশ্চিত হওয়া জরুরি।

এখন পর্যন্ত ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউটও এই সমাধানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

গণিত গবেষণায় এআইয়ের নতুন সম্ভাবনা

সাম্প্রতিক বছরগুলোতে জটিল গাণিতিক সমস্যা সমাধানে এআই মডেলের সক্ষমতা দ্রুত বেড়েছে। ২০২৩ সালে সাধারণ চার অঙ্কের যোগের মতো কাজেও এসব মডেলের সীমাবদ্ধতা ছিল। পরবর্তীতে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতায় স্বর্ণপদক পাওয়ার মতো পারফরম্যান্স দেখিয়েছে এআই মডেলগুলো।

চলতি বছর উন্মুক্ত গাণিতিক সমস্যার সমাধানেও এআইয়ের অগ্রগতি দেখা গেছে। এর আগে ওপেনএআইয়ের একটি মডেল নাভিয়ের-স্টোকস সমস্যার ক্ষেত্রেও অগ্রগতির দাবি করেছিল।

রিম্যান হাইপোথিসিসের ক্ষেত্রে আলপোগের দাবি সত্য প্রমাণিত হলে গণিত গবেষণায় এআইয়ের ভূমিকা নিয়ে নতুন আলোচনা তৈরি হবে। তবে বিশেষজ্ঞদের পূর্ণাঙ্গ যাচাই ও আনুষ্ঠানিক স্বীকৃতি না পাওয়া পর্যন্ত এটিকে ১৬৫ বছরের রহস্যের চূড়ান্ত সমাধান বলা যাবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া: আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


অধ্যক্ষ সেলিম ভূঁইয়া: আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই

শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি মন্তব্য করেছেন যে, সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তিনি উল্লেখ করেছেন, ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। যেসব শিক্ষক ফ্যাস্টিদের দোসর হিসেবে কাজ করেছেন তাদের প্রমাণসহ তালিকা দেবেন, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। আমরা কারো ওপর জুলুম বা অন্যায় করতে চাই না। তবে আমাদের দুর্বল মনে করলে আমরা ছেড়েও দেব না।’

আজ শনিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম ভূঁইয়া আরও বলেন, “নুরুল ইসলাম নাহিদকে (সাবেক শিক্ষামন্ত্রী) আটকের পর অনেকের গাত্রদাহ হয়েছে—‘আরে এত বড় একজন বয়স্ক লোক আটক’। আমাদের এম কে আনোয়ারের বয়স কত ছিল? উনি ৮৬ বছর বয়সে কোর্টের বারান্দায় ঘুরেছেন, তাকে ধরে ধরে উঠানো হতো। আবার তাকে হ্যান্ডকাফও লাগানো হয়েছে। আমাকেও হ্যান্ডকাফ লাগিয়ে টেনে টেনে কোর্টে নিয়ে আসত, ৪০টি মামলার আসামি ছিলাম। পুলিশ, র‌্যাব, ডিবি দিয়ে আমাকে উঠিয়ে নেওয়া হয়েছিল।’

এ সংসদ সদস্য বলেন, ‘আমি নাকি যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় বাসে আগুন দিয়েছি। আমরা এত কিছু সহজে ভুলিনি। আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করি না। আবার একেবারে আমাদেরকে কেউ দুর্বল মনে করলে তাদের ছেড়েও দেব না, ধরতে হবে।’

তিনি বলেন, ‘এই ১৭ বছরে শেখানো হইছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা, বই-পুস্তকে এ কথাগুলো আমার মতো শিক্ষকরাই লিখেছে, আপনার মতো শিক্ষকরাই লিখেছে। শেখ মুজিব যদি জাতির পিতা হতো, ১৯৭৪-এর দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় পড়ে মরে থাকত না। লাশ দাফন করার মতো কেউ ছিল না।’

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।

সম্মেলন পরিচালনা করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান দোলন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%