ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নাটোরের নলডাঙ্গায় উদ্ধার হলো ছয়টি অবিস্ফোরিত ককটেল


নাটোরের নলডাঙ্গায় উদ্ধার হলো ছয়টি অবিস্ফোরিত ককটেল

নাটোরের নলডাঙ্গা এলাকায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রমে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ এবং বোমা নিষ্ক্রিয়করণ দলের সহযোগিতা ছিল। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পাটুলনীচা বাজার এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

রাজশাহী থেকে এসআরবি-৫ সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা থানার পাটুলনীচা বাজারের কাছে খোলাবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে একটি ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে স্থানীয়রা একটি সাদা রঙের বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানানো হলে এসআরবির সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে একটি অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়।

রাত সাড়ে ৩টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় তল্লাশি চালিয়ে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো পরে জব্দ করা হয়। তবে ককটেলগুলো কে বা কারা সেখানে রেখেছে, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আগুন দেওয়ার চেষ্টা

নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান বলেন, ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি সদস্যরা ছয়টি অবিস্ফোরিত ককটেল ও সদৃশবস্তু উদ্ধার করার পর নলডাঙ্গা থানায় সাধারণ ডায়েরিমূলে হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারব না। আল কোরআনে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত-ইকাতুল মাউত। অর্থাৎ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। 'মৃত্যুর প্রথম রাত কেমন হবে! মৃত্যুর পর মানুষের পার্থিব পরিচয় ও বিলাসবহুল জীবনের অবসান ঘটে এবং কবরের অন্ধকার ঘরে এক চরম নিঃসঙ্গ ও জবাবদিহিমূলক রাতের সূচনা হয়। হাফিজ মাছুম আহমদ দুধরচকীর, লেখার মূল বিষয়বস্তু ও সারসংক্ষেপ নিচে তুলে ধরা হলো:
পার্থিব জীবনের অবসান ও শেষ বিদায়
পরিচয় পরিবর্তন. মৃত্যুর সাথে সাথেই মানুষের দামি বিছানা ও বাড়ি থেকে নামিয়ে মসজিদের খাটিয়ায় রাখা হয় এবং মুহূর্তের মধ্যেই নামের বদলে মানুষ তাকে 'লাশ' বলে ডাকতে শুরু করে।
অসহায়ত্ব. প্রিয়জনদের কান্না এবং বরইপাতা মিশ্রিত গরম পানিতে শেষ গোসল করানো ও সাদা কাফন পরানোর দৃশ্য মৃত ব্যক্তি অনুভব করলেও কোনো কথা বলার শক্তি তার থাকে না।
খাটিয়ায় আর্তনাদ. হাদিসের উদ্ধৃতি দিয়ে লেখক উল্লেখ করেছেন, জানাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নেককার ব্যক্তি জান্নাতের দিকে দ্রুত নিয়ে যেতে বলেন এবং গুনাহগার ব্যক্তি আফসোস করে আর্তনাদ করতে থাকেন, যা মানুষ ছাড়া অন্য সব সৃষ্টি শুনতে পায়।
কবরের একাকীত্ব ও অন্ধকার প্রথম রাত
চিরচেনা সঙ্গীদের বিদায়. কবরে নামানোর পর আত্মীয়স্বজন ও বন্ধুরা বাঁশ, পাটি ও মাটি দিয়ে কবর ঢেকে দিয়ে দোয়া করে ফিরে যান।
নিঃসঙ্গতা. দুনিয়ার আলো-বাতাস ও শব্দ থেকে বিচ্ছিন্ন হয়ে বিছানা-বালিশহীন মাটির নিচে মানুষকে একাই থাকতে হয়, এবং সময়ের সাথে সাথে কবরের চিহ্নটিও মুছে যায়।
আত্মজিজ্ঞাসা ও পরকালের প্রস্তুতি
ফেরেশতাদের প্রশ্ন ও হিসাব. কবরের প্রথম রাতে ফেরেশতাদের আচরণ কেমন হবে, হাশরের ময়দানে ছায়া বা পুলসিরাত পার হওয়া যাবে কি না—তা নিয়ে গভীরভাবে ভাবার আহ্বান জানানো হয়েছে।
বুদ্ধিমানের কাজ. তিরমিজি শরিফের হাদিসের আলোকে হাফিজ মাছুম আহমদ দুধরচকী উল্লেখ করেছেন, প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি, যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। অস্থায়ী দুনিয়ার মায়া ত্যাগ করে নিজেকে পরিবর্তন করতে পারলেই কবরের প্রথম রাতের ভয় দূর হবে। মৃত্যু খুবই কষ্টের। মৃত্যু হলেই দামি বিছানা ও কষ্টে অর্জিত বাড়ি থেকে নিচে নামিয়ে মসজিদের খাটিয়ায় শুইয়ে দেওয়া হবে। মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হবে মৃত্যুর সংবাদটি। আত্মীয়স্বজন প্রতিবেশী শেষবারের মতো আমার চেহারাটা এক নজর দেখতে আসবে। বরইপাতা দিয়ে পানি গরম করে সেই পানি দিয়ে শেষ গোসল করাবে। দামি ও রঙিন পোশাক নয়, বাজারের সাদা কাফন শরীরে জড়িয়ে দেবে। আমার নামে ডাকা মুহূর্তের মধ্যেই বন্ধ করে সবাই আমাকে লাশ বলে সম্বোধন করবে। ছেলেমেয়ে, ভাইবোন কাঁদতে থাকবে। আঃ আমিও এ দৃশ্য দেখতে থাকব। কিন্তু কোনো কথা বলার শক্তিই পাব না। জানাজা দিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। তখন আমি খাটিয়ায় শুইয়ে আর্তনাদ করতে থাকব। যা পৃথিবীর কোনো মানুষ শুনবে না। এ ব্যাপারে হজরত আবু সাইদ খুদরি (রা.) রসুল (সা.) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, ‘যখন মৃত ব্যক্তিকে পুরুষ তাদের কাঁধে করে নিয়ে যায় তখন যদি সে নেককার হয় তাহলে সে বলে, আমাকে জান্নাতে পৌঁছে দাও। আর যদি বদকার-গুনাহগার হয় তাহলে বলতে থাকে, হায় আফসোস! একে (মৃত ব্যক্তিকে) কোথায় নিয়ে যাচ্ছে ওরা। মানুষ ছাড়া সবাই তার আর্তনাদ শুনতে পাবে। আর মানুষ যদি মৃত ব্যক্তির এসব আহ্বান শুনত তবে তারা বেহুঁশ হয়ে পড়ত।’ (বুখারি)

আহ, কি নির্মম পরিণতি হবে তখন আমার। কবরের পাশে আমাকে রেখে দুজন কবরে নামিয়ে দেবে। তখন ভাবতে থাকব এ দুজনই আমার সঙ্গী। হঠাৎ তারা আমাকে রেখে উঠে যাবে। আমি চিল্লিয়ে কাঁদতে থাকব। আত্মীয়-প্রতিবেশী বন্ধুরা সবাই ওপরে রয়েছে। শুধু আমি একাই মাটিতে শুয়ে আছি। ডানে-বাঁয়ে-নিচে মাটি। নেই কোনো বিছানা কিংবা বালিশ। শুধু একটু আকাশ দেখা যায়। মিনিটের মধ্যেই আকাশও দেখা যাবে না। বাঁশ, পাটি ও ওপরে মাটি দিয়ে আমার মাটির ঘরটাকে অন্ধকার বানিয়ে দেবে। তারা কিছুটা সময় দোয়া করে একা রেখে চলে যাবে। দুনিয়ার কোনো আলো-বাতাস কিংবা শব্দ আর শুনতে পাব না। একা একাই থাকতে হবে ঘণ্টা, সপ্তাহ, মাস, বছরের পর বছর। একসময় আমার কবরের চিহ্নটিও মুছে যাবে।
প্রিয় পাঠক! আসুন একটু চিন্তা করি, আমাকে যে কবরে রাখা হবে এ কবরের প্রথম রাত কীভাবে কাটাব? আমার সঙ্গে ফেরেশতারা কেমন আচরণ করবে? আমার জন্য জান্নাত, জাহান্নাম কোনটি অপেক্ষা করছে? মহান আল্লাহর সামনে দন্ডায়মান হওয়ার পর আমার অবস্থা কেমন হবে? আমার কৃতকর্মের জন্য কী জবাব দেব? কীভাবে পুলসিরাত পার হব? আমার জন্য হাশরের উত্তপ্ত ময়দানে একটু ছায়ার ব্যবস্থা হবে কি? আমি হাউসে কাওসারের পানি পান করার সুযোগ পাব কি?

আসুন নিজেকে একটু প্রশ্ন করি আমি কে? দুনিয়ায় কেন এসেছি? আমার কাজ কী? এরপর কোথায় যাব? আমার গন্তব্য কোথায়? এ প্রশ্নগুলোর ব্যাপারে কি কোনো চিন্তাভাবনা আছে? আমি কোনো পরিকল্পনা করেছি? অস্থায়ী এই দুনিয়ার জীবনে এ প্রশ্নগুলো নিজেকে করুন এবং উত্তর খোঁজার চেষ্টা করুন। উত্তর খুঁজে পেলেই কবরের প্রথম রাতটিতে কোনো ভয় থাকবে না। পরিবর্তন হতে হবে নিজেকে। রাসূল (সা.) বলেছেন, ‘সেই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কাজ করে।’ (তিরমিজি) আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন আমাদের সকলকে উপরিউক্ত আলোচনা গুলোর প্রতি গুরুত্ব সহকারে আমল করার তাওফিক দান করেন, আমীন।

লেখক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী: প্রতিষ্ঠাতা সভাপতি: জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট। সাবেক ইমাম ও খতীব: আধ্যাত্মিক নগরী সিলেটের কদমতলী হযরত দরিয়া শাহ (রহ.) মাজার কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট। সাবেক প্রিন্সিপাল: হযরত শাহজালাল রহ. ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা উপশহর সিলেট। সাবেক প্রধান শিক্ষক: তৈয়ব কামাল হযরত শাহজালাল রহ. লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা সিলেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বচ্ছতা নিশ্চিতে ও মামলা-মোকদ্দমা কমাতে ভূমি নিবন্ধনে অটোমেশন উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


স্বচ্ছতা নিশ্চিতে ও মামলা-মোকদ্দমা কমাতে ভূমি নিবন্ধনে অটোমেশন উদ্যোগ

॥ মাহমুদুল হাসান রাজু ॥

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : দীর্ঘকাল ধরে চলা প্রক্রিয়াগত জটিলতা, মধ্যস্বত্বভোগীদের প্রভাব এবং কাগজপত্র সংক্রান্ত সমস্যার কারণে দেশের ভূমি নিবন্ধন কার্যক্রম সাধারণ মানুষের জন্য একটি জটিল সরকারি সেবায় পরিণত হয়েছে, যা নাগরিকদের দীর্ঘসূত্রতা, হয়রানি এবং আর্থিক ক্ষতির সম্মুখীন করছে।

দেশে অটোমেশন ল্যান্ড রেজিস্ট্রেশন বা স্বয়ংক্রিয় ভূমি নিবন্ধন ব্যবস্থার সরকারি উদ্যোগটি এই পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। প্রচলিত কাগজনির্ভর পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ব্যবস্থা চালুর মাধ্যমে এই খাতে স্বচ্ছতা নিশ্চিত করা, সেবার গতি বৃদ্ধি করা এবং জনগণের হয়রানি কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহারের মাধ্যমে দেশব্যাপী দলিল নিবন্ধন সেবার আধুনিকায়নে ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন বা স্বয়ংক্রিয়করণ প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে, নাগরিকরা অনলাইনে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি নিবন্ধনের বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হবেন। এতে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীলতা এবং নিবন্ধন কার্যালয়ে বারবার যাতায়াতের প্রয়োজন কমে যাবে।

ডিজিটাল পদ্ধতিতে দলিল যাচাই এবং নিবন্ধন প্রক্রিয়া সহজ করার ফলে সম্পত্তি হস্তান্তরে স্বচ্ছতা বৃদ্ধি পাবে, অনিয়মের সুযোগ কমবে এবং নিবন্ধন সম্পন্ন করতে প্রয়োজনীয় সময়ও সাশ্রয় হবে।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এর আগে জানিয়েছিলেন, ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ বা ২০২৮ সালের প্রথমার্ধের মধ্যে অনলাইন দলিল নিবন্ধন চালুর লক্ষ্যে সরকার আইসিটি-ভিত্তিক অটোমেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে।

এই উদ্যোগ দেশের বিচার ব্যবস্থার উপরও উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। বিচার বিভাগের বিভিন্ন স্তরে বিচারাধীন মামলার একটি বড় অংশই ভূমি-সংক্রান্ত বিরোধ নিয়ে, যা আদালতের উপর বাড়তি চাপ সৃষ্টি করে বিচারপ্রার্থীদের আর্থিক ও মানসিক দুর্ভোগ বাড়াচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, স্বচ্ছ ও ডিজিটালভাবে যাচাইকৃত নিবন্ধন ব্যবস্থা চালু হলে মালিকানা সংক্রান্ত নথির নির্ভুলতা বাড়বে এবং জালিয়াতির মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের সুযোগ কমবে। ফলে ভূমি সংক্রান্ত বিরোধের সূত্রপাত অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে, যা আদালতে এ ধরনের মামলার চাপ কমাতে সহায়ক হবে।

নিবন্ধন অধিদপ্তর জাতীয় অর্থনীতিতেও বড় অবদান রাখে। তারা বছরে প্রায় ২০,০০০ কোটি টাকা রাজস্ব আয় করে। জনপ্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে এই অধিদপ্তর সম্পত্তির মালিকানা স্বত্ব সুরক্ষা, আইনগত নথি সংরক্ষণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সুতরাং, ভূমি নিবন্ধন পরিষেবার আধুনিকীকরণ কেবল উন্নত জনসেবা প্রদানেই নয়, বরং প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদারে এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নেও অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

তবে, এই গুরুত্বপূর্ণ প্রকল্পের সফল বাস্তবায়ন বেশ কিছু দীর্ঘস্থায়ী প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতা, বিশেষ করে মাঠ পর্যায়ের সীমাবদ্ধতাগুলো সমাধানের ওপর নির্ভর করবে।

সম্প্রতি রাজধানীতে একটি কর্মসূচির ফাঁকে আলোচনায় নিবন্ধন মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজ সারাদেশে সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে জনবল সংকট, দলিল ও নথি সংরক্ষণের অপর্যাপ্ত ব্যবস্থা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

তিনি বলেন, অটোমেশন কার্যক্রম এগিয়ে চলার পাশাপাশি দেশব্যাপী অটোমেটেড চালান (এ-চালান) ব্যবস্থা চালুর প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। তবুও অনেক উপ-রেজিস্ট্রি অফিসে এখনও কম্পিউটার অপারেটর এবং নৈশপ্রহরীসহ সাধারণ নিরাপত্তা কর্মীদের জন্য অনুমোদিত পদের অভাব রয়েছে।

শামীমা আফরোজ বলেন, ‘নিবন্ধন অধিদপ্তর নাগরিকদের গুরুত্বপূর্ণ সম্পত্তির দলিল সংরক্ষণ করে। কিন্তু প্রয়োজনের তুলনায় জনবল না থাকায় এসব গুরুত্বপূর্ণ দলিল ঝুঁকির মধ্যে রয়েছে।’ এ অবস্থায় অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে প্রাতিষ্ঠানিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, অটোমেশন প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের যথাযথ প্রশিক্ষণ, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এবং নির্ভরযোগ্য সার্ভার অবকাঠামো নিশ্চিত করতে হবে।

নতুন নিবন্ধন পদ্ধতি সম্পর্কে নাগরিকদের সচেতন করাও জরুরি উল্লেখ করে তিনি বলেন, নাগরিকরা যাতে নতুন নিবন্ধন পদ্ধতি বুঝতে পারেন এবং ব্যবস্থা ও বিদ্যমান নিবন্ধন বিধি সম্পর্কে জ্ঞানের অভাবে বিভ্রান্ত বা প্রতারিত না হন, তা নিশ্চিত করার জন্য জনসচেতনতাও অপরিহার্য।

প্রযুক্তিগত আধুনিকীকরণের পাশাপাশি অধিদপ্তরের প্রশাসনিক কার্যক্রমের পরিধি বাড়াতেও উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৪৫টি নতুন সাব-রেজিস্ট্রি কার্যালয় স্থাপন করা হচ্ছে।

মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতা ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রম আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘ভবিষ্যতের জন্য আমাদের অঙ্গীকার মূলত তিনটি প্রতিশ্রুতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত : স্বচ্ছতা, দ্রুত পরিষেবা প্রদান এবং জনসাধারণের হয়রানি সম্পূর্ণ অবসান করা।’

নিবন্ধন সেবাকে আরও দক্ষ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ব্যবস্থায় রূপান্তর করতে অধিদপ্তর প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধান নির্বাহীর পদত্যাগের পর নতুন সংকটে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


প্রধান নির্বাহীর পদত্যাগের পর নতুন সংকটে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া, প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদত্যাগের পর, এবার হিসাবপদ্ধতি নিয়ে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার তদন্তের সম্মুখীন হয়েছে। এই তথ্য যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, শনিবার নিউইয়র্ক টাইমস গোপন তদন্ত সম্পর্কে অবগত ব্যক্তিদের উদ্ধৃত করে জানায়, যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে ওয়াল স্ট্রিট জার্নালও এই তদন্তের খবর প্রকাশ করে। তবে তদন্তের মূল বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সংবাদমাধ্যমটি। তদন্ত শেষে এনভিডিয়ার বিরুদ্ধে অভিযোগ ছাড়াই বিষয়টির নিষ্পত্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এনভিডিয়ার ব্যবসায়িক সম্পর্ক সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সঙ্গে নিয়েও প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চীনে নিষেধাজ্ঞার আওতায় থাকা এআই চিপ পাঠানোর সন্দেহে তদন্ত করছে। এই প্রেক্ষাপটে এনভিডিয়ার আর্থিক তথ্য প্রকাশের পদ্ধতিতে নতুন করে প্রশ্ন উঠেছে।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বছর এনভিডিয়া বিভিন্ন দেশে বিক্রির হিসাব প্রকাশের পদ্ধতিতে পরিবর্তন আনে। পূর্বে গ্রাহকদের বিলিং ঠিকানা অনুযায়ী বিক্রির হিসাব দেখানো হতো, কিন্তু নতুন পদ্ধতিতে গ্রাহক প্রতিষ্ঠানের সদর দপ্তর যে দেশে, সেই দেশের হিসাব অনুযায়ী বিক্রি দেখানো হচ্ছে।

এই পরিবর্তনের ফলে এনভিডিয়ার ভৌগোলিক বিক্রির হিসাব থেকে সিঙ্গাপুরের নাম বাদ পড়ে যায়, যদিও দেশটিতে প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য ব্যবসা রয়েছে।

এসইসির তদন্তের সঙ্গে হিসাব প্রকাশের এই পরিবর্তনের সম্পর্ক রয়েছে কি না, কিংবা সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের সঙ্গে এর যোগসূত্র আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

চলতি মাসের শুরুতে বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশিত হওয়ার পর হুয়াং পদত্যাগ করেন। এসব সম্পর্কের মধ্যে অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গেও তার সম্পর্কের বিষয়টি সামনে আসে। অ্যালিস মেগাস্পিডের সাবেক কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ, তিনি বেইজিংয়ের হয়ে কাজ করতেন।

তবে চীন গুপ্তচরবৃত্তির এসব অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে, মেগাস্পিড জানিয়েছে, তারা আইন মেনেই ব্যবসা পরিচালনা করে।

হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দিয়েছে। একই সঙ্গে হুয়াংয়ের পদত্যাগের পেছনের পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পর্ষদ।

এনভিডিয়া, বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি, সাম্প্রতিক এই অস্থিরতার কারণে বিনিয়োগকারীদের আস্থায় বড় ধরনের প্রভাব ফেলেছে। প্রতিষ্ঠানটির তৈরি উন্নত সেমিকন্ডাক্টর চিপ বিশ্বজুড়ে এআই প্রযুক্তির দ্রুত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শুক্রবার এনভিডিয়ার শেয়ারের দাম ১৪ শতাংশ কমে যায়। এতে সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ারের মোট দরপতন ২০ শতাংশ ছাড়িয়ে যায়।

তবে এসব ঘটনার মধ্যেও শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াংকে আবারও প্রধান নির্বাহীর পদে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, জেনসেনকে দ্বিতীয়বারের মতো সুযোগ দেওয়া হলে আমি খুব খুশি হব।’

এদিকে, এনভিডিয়ার চেয়ারম্যান হার্ভি জোনস হুয়াংয়ের ফিরে আসার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, পরিচালনা পর্ষদের সব সদস্য সর্বসম্মতিক্রমে হুয়াংয়ের পদত্যাগ গ্রহণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিদিন লবঙ্গ খেলে মিলবে স্বাস্থ্য উপকারিতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


প্রতিদিন লবঙ্গ খেলে মিলবে স্বাস্থ্য উপকারিতা

লবঙ্গ দেখতে অনেকটা ছোট্ট নাকফুলের মতো। যদিও আকারে এটি সামান্য, তবে এর সুগন্ধে এর তুলনা নেই। রান্নায় স্বাদ ও ঘ্রাণ বৃদ্ধির জন্য লবঙ্গের ব্যবহার বহুদিনের। তবে, এটি শুধুমাত্র মসলা হিসেবেই নয়, লবঙ্গের কিছু সম্ভাব্য স্বাস্থ্যগুণও রয়েছে। এর মধ্যে একটি বিশেষ উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। মুখের যত্ন থেকে শুরু করে জীবাণুর বিরুদ্ধে কার্যকারিতা—বিভিন্ন কারণে লবঙ্গ নিয়ে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু প্রতিদিন লবঙ্গ খেলে কি পেটের মেদ কমে, কিংবা বিভিন্ন শারীরিক সমস্যা দূর হয়? আসুন, ছোট্ট এই মসলার গুণাগুণ ও সতর্কতার দিকগুলো জানি।

১. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। ২০১৯ সালে প্রকাশিত এক গবেষণায় ১৩ জন সুস্থ ও প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির অংশগ্রহণ ছিল। তাঁদের ৩০ দিন ধরে প্রতিদিন ২৫০ মিলিগ্রাম পলিফেনলসমৃদ্ধ লবঙ্গের নির্যাস দেওয়া হয়। গবেষণায় দেখা যায়, নির্যাস গ্রহণের ১২ দিনের মাথায় অংশগ্রহণকারীদের খাবারের পর রক্তে শর্করার মাত্রা কমে যায়। ৩০ দিন শেষে এই পরিবর্তন অব্যাহত ছিল। যাঁদের রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ছিল, তাঁদের খাবারের আগের রক্তে শর্করার মাত্রাতেও কমতি দেখা যায়। তবে গবেষণাটি ছোট পরিসরে পরিচালিত হয়েছিল এবং এতে আস্ত লবঙ্গ নয়, নির্দিষ্ট মাত্রার নির্যাস ব্যবহার করা হয়েছিল।

২. অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস

লবঙ্গে ইউজেনল ও পলিফেনলজাতীয় উপাদান রয়েছে। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ধারণ করে। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ফ্রি র‍্যাডিক্যালের প্রভাব মোকাবিলায় সহায়তা করে। ফ্রি র‍্যাডিক্যালের অতিরিক্ত প্রভাব কোষের ক্ষতির সঙ্গে সম্পর্কিত। সুতরাং, অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার সুষম খাদ্যতালিকায় গুরুত্বপূর্ণ।

৩. দাঁতের ব্যথা উপশমে ব্যবহার

দাঁতের চিকিৎসায় লবঙ্গের ব্যবহার একটি প্রাচীন প্রথা। এর প্রধান উপাদান ইউজেনল সাময়িকভাবে ব্যথার অনুভূতি কমাতে সক্ষম। এই কারণে দাঁতের চিকিৎসায় ইউজেনল ব্যবহার করা হয়। বিশেষ করে কিছু ডেন্টাল উপকরণ তৈরিতে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। পাশাপাশি, এর অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যও রয়েছে।

৪. প্রদাহবিরোধী বৈশিষ্ট্য

লবঙ্গে থাকা ইউজেনলের প্রদাহবিরোধী বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করা হয়েছে। বিভিন্ন পরীক্ষাগারভিত্তিক গবেষণায় দেখা গেছে, এ উপাদান প্রদাহের সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। তাই প্রদাহ কমানোর সম্ভাব্য প্রাকৃতিক উপাদান হিসেবে ইউজেনল নিয়ে গবেষণা চলছে।

৫. কিছু জীবাণুর বিরুদ্ধে কার্যকর

লবঙ্গের নির্যাস ও ইউজেনল নিয়ে পরীক্ষাগারে করা গবেষণায় কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাকের বিরুদ্ধে কার্যকারিতা দেখা গেছে। লবঙ্গের এই বৈশিষ্ট্যের কারণে খাদ্য সংরক্ষণ এবং মুখের যত্নে এর উপাদান ব্যবহারের সম্ভাবনা নিয়েও গবেষণা করা হয়েছে।

কীভাবে খাবেন, কতটা সতর্ক থাকবেন?

রান্নায় স্বাভাবিক পরিমাণে লবঙ্গ ব্যবহার করা যেতে পারে। তবে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক লবঙ্গ খেলে একই ধরনের স্বাস্থ্য উপকার পাওয়া যাবে—এমন কোনো প্রতিষ্ঠিত নিয়ম নেই। গবেষণায় ব্যবহৃত লবঙ্গের নির্যাস ও রান্নায় ব্যবহৃত আস্ত লবঙ্গ এক নয়। তাই গবেষণার ফলাফল দেখে নিজে থেকে বেশি পরিমাণে লবঙ্গ বা লবঙ্গের তেল গ্রহণ করা উচিত নয়। অতিরিক্ত ইউজেনল গ্রহণে যকৃতের ক্ষতি হতে পারে।

সব মিলিয়ে, লবঙ্গ শুধুমাত্র রান্নার সুগন্ধি মসলাই নয়; এতে থাকা ইউজেনল ও পলিফেনলের কিছু বৈশিষ্ট্য বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে। বিশেষ করে ৩০ দিনের একটি প্রাথমিক গবেষণায় লবঙ্গের নির্যাস রক্তে শর্করার মাত্রায় ইতিবাচক প্রভাব দেখিয়েছে। তবে এ বিষয়ে আরও বড় পরিসরে গবেষণা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%