ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি আরব


হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি আরব

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে, যা ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের দ্বারা ছোড়া হয়েছিল। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়। শুক্রবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এ তথ্য প্রকাশ করেছে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার প্রবণতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে কয়েকটি ড্রোনও প্রতিহত করা হয়েছে। এ ছাড়া জাজান, আবহা ও খামিস মুশাইতসহ বিভিন্ন স্থানে আগাম সতর্কবার্তা জারি করা হয়। পরে জানানো হয় যে বিপদের আশঙ্কা কেটে গেছে।

এদিকে, হুতিদের পরিচালিত ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, শুক্রবার রাজধানী সানায় সৌদি আরব বিমান হামলা চালিয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন: ভারত বলেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না

ইয়েমেনের সীমান্তসংলগ্ন সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হুতিরা এর আগে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। এসব হামলায় সামরিক স্থাপনা, বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

সর্বশেষ হামলাগুলো বৃহস্পতিবারের হামলার এক দিনেরও কম সময়ের মধ্যে সংঘটিত হয়েছে। ওই দিন হুতিদের হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবনটি ক্ষতিগ্রস্ত হয়, যেখানে দেশের সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কার্যালয় অবস্থিত।

লোহিত সাগরের উপকূলে জাজান এলাকায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি শোধনাগার রয়েছে, যেখানে প্রতিদিন ৪ লাখ ব্যারেল তেল পরিশোধন করা হয়। এছাড়া, দেশটির অন্যান্য তেল স্থাপনাও হামলার ঝুঁকিতে রয়েছে।

এর আগে সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলার দাবি করেছিল হুতিরা। এই পাইপলাইনের মাধ্যমে পূর্বাঞ্চলের তেলক্ষেত্র থেকে অপরিশোধিত তেল লোহিত সাগরের রপ্তানি টার্মিনালে নিয়ে যাওয়া হয়, যা ঝুঁকিপূর্ণ হরমুজ প্রণালি এড়িয়ে তেল রপ্তানির সুযোগ দেয়।

আরও পড়ুন: এক দশক পর জুরফ আল-সাখারে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ফেরানোর উদ্যোগ ইরাকের

সৌদি আরবের খামিস মুশাইতে কিং খালিদ বিমানঘাঁটি অবস্থিত। হুতিরা দাবি করেছে যে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে এই ঘাঁটিতে একাধিকবার আঘাত হেনেছে।

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয় হুতিরা এবং এরপর থেকে তারা দেশটির উত্তরাঞ্চলের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে। হুতিদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইএলওর তাগিদ: পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনা করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ এম


আইএলওর তাগিদ: পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনা করতে হবে

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়ায় জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং শ্রমিকদের ক্রয়ক্ষমতা বিবেচনা করার তাগিদ দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। সংস্থাটি মজুরি নির্ধারণের জন্য নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত এবং অর্থনৈতিক বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শও দিয়েছে। চলমান শ্রমিক অসন্তোষ এবং শিল্পে অস্থিরতা নিরসনে সরকার, মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের মধ্যে ধারাবাহিক আলোচনার গুরুত্ব তুলে ধরেছে আইএলও।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এসব বিষয় উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ এবং চলমান অস্থিরতার ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইএলও। এই অস্থিরতার প্রভাব শ্রমিকদের জীবন-জীবিকা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং শিল্পসম্পর্কের ওপর পড়ছে।

আইএলও সরকারের নিম্নতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। সংস্থাটির মতে, মজুরি নির্ধারণ প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা এবং কার্যকারিতা নিশ্চিত করার জন্য মালিক ও শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণ অপরিহার্য। শ্রমিকদের উপযুক্ত মজুরি, শোভন কর্মপরিবেশ, টেকসই শিল্পপ্রতিষ্ঠান এবং সুস্থ শিল্পসম্পর্ক বজায় রাখতে ধারাবাহিক ও গঠনমূলক সামাজিক সংলাপ প্রয়োজন।

আইএলওর ন্যূনতম মজুরি নির্ধারণ কনভেনশন-১৩১ অনুযায়ী, ন্যূনতম মজুরি নির্ধারণ এবং নিয়মিত সমন্বয়ের ক্ষেত্রে স্বচ্ছতা এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। শ্রমিক এবং তাঁদের পরিবারের প্রয়োজন, জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতির কারণে ক্রয়ক্ষমতার ওপর প্রভাব যথাযথভাবে বিবেচনা করতে হবে।

এছাড়া উৎপাদনশীলতা, কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের টেকসই সক্ষমতার মতো বিষয়গুলোর ওপরও গুরুত্ব দিতে হবে। দেশের সাধারণ মজুরির স্তর, সামাজিক নিরাপত্তা সুবিধা, শিল্পের সক্ষমতা এবং অন্যান্য সামাজিক গোষ্ঠীর তুলনামূলক জীবনমান বিবেচনায় নেওয়ার কথাও উল্লেখ করেছে সংস্থাটি।

বিবৃতিতে পোশাক খাতের চলমান পরিস্থিতিতে সহিংসতা, ভাঙচুর এবং উৎপাদন কার্যক্রমে বিঘ্নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইএলও। সংস্থাটি মনে করে, এসব ঘটনার ফলে শ্রমিক, ব্যবসাপ্রতিষ্ঠান এবং শিল্পসম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উত্তেজনা প্রশমনে সব পক্ষকে সংলাপ এবং শান্তিপূর্ণ পন্থা অনুসরণের আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে নিম্নতম মজুরি বোর্ডকে তার নির্ধারিত দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ দেওয়ার কথাও বলেছে আইএলও।

শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা, সংগঠিত হওয়ার অধিকার এবং যৌথ দর-কষাকষির অধিকারকে সুস্থ শিল্পসম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। সংকটের সময়েও এসব অধিকার সম্মান করার ওপর তারা জোর দিয়েছে।

আইএলও মনে করে, পোশাক খাতে মজুরি এবং কর্মপরিবেশের টেকসই উন্নয়নে শুধু কারখানার মালিক ও শ্রমিকদের নয়, পুরো সরবরাহব্যবস্থার সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিত দায়িত্ব রয়েছে। আন্তর্জাতিক ক্রেতাদের দায়িত্বশীল ব্যবসায়িক এবং ক্রয়চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দায়িত্বশীল ক্রয়নীতি শ্রমিকদের মজুরিসংক্রান্ত বাধ্যবাধকতা পূরণ, শোভন কর্মপরিবেশ নিশ্চিত এবং দীর্ঘ মেয়াদে পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা ও টেকসই উন্নয়নে সহায়তা করতে পারে।

এদিকে, বাংলাদেশের মজুরি নীতিকে আরো শক্তিশালী করতে সরকার, মালিক এবং শ্রমিক সংগঠনগুলোকে কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আইএলও। সংস্থাটি বলেছে, তথ্য-প্রমাণ তৈরি, সক্ষমতা উন্নয়ন এবং সামাজিক সংলাপের মাধ্যমে একটি প্রমাণভিত্তিক এবং জেন্ডার-সংবেদনশীল জাতীয় মজুরি নীতি গ্রহণে তারা সহযোগিতা করতে প্রস্তুত।

আইএলওর মতে, এ ধরনের জাতীয় মজুরি নীতি বাস্তবায়িত হলে মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় পূর্বানুমানযোগ্যতা, স্বচ্ছতা এবং ন্যায্যতা বাড়বে। একই সঙ্গে টেকসই শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং সৌহার্দ্যপূর্ণ শিল্পসম্পর্ক বজায় রাখার পথ তৈরি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনফান্তিনোর সামনে দুই প্রতিদ্বন্দ্বী দিয়ালো ও তাশিমা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৩ এম


ইনফান্তিনোর সামনে দুই প্রতিদ্বন্দ্বী দিয়ালো ও তাশিমা

ফিফার প্রেসিডেন্ট পদে জিয়ান্নি ইনফান্তিনোর একচ্ছত্র আধিপত্য এবার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ্পে দিয়ালো এবং জাপানের কোজো তাশিমা আগামী বছরের নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত। বৃহস্পতিবার ফিফা আনুষ্ঠানিকভাবে তাঁদের মনোনয়ন নিশ্চিত করেছে। ফলে ইনফান্তিনো টানা চতুর্থবার সভাপতি হওয়ার পথে এবার প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছেন।

২০১৬ সালে সেপ ব্লাটারের উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইনফান্তিনো। প্রথম নির্বাচনে চারজনের সঙ্গে লড়াই করলেও পরবর্তী দুই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তিনি। তবে সাম্প্রতিক সময়ে তাঁর কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য, রাজনৈতিক চাপের মুখে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় বোলোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। উয়েফাসহ বিভিন্ন সংস্থার আপত্তির পর ফিফাকে বেসরকারিকরণের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে।

এই পরিস্থিতিতে ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ানো দিয়ালো ফরাসি ফুটবল প্রশাসনের পরিচিত মুখ। তিনি একসময় নঁতের অ্যাকাডেমিতে খেলেছেন। ১৯৯২ সাল থেকে ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত রয়েছেন। দুই দশকেরও বেশি সময় ধরে ফিফার বিরোধ নিষ্পত্তি চেম্বারের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন। প্যারিসে মনোনয়ন ঘোষণার সময় দিয়ালো জানান, অন্য মহাদেশগুলো থেকেও তিনি জোরালো সমর্থনের ইঙ্গিত পেয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানাতে উয়েফা থেকে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ডেভি হিউইট।

অন্যদিকে, ৬৮ বছর বয়সী কোজো তাশিমা জাপানের ফুটবল প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া প্রথম জাপানি প্রার্থী। সাবেক এই ফুটবলার ১৯৭৯ থেকে ১৯৮০ সালের মধ্যে জাপানের হয়ে সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১৫ সালে সেপ ব্লাটারের আমল থেকেই ফিফার রুলিং কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান।

নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তাশিমা বলেছেন, বিষয়টি শুধু জয়-পরাজয়ের নয়; তিনি জাপানি ফুটবলে গড়ে ওঠা সততা, সুস্থতা ও ন্যায়পরায়ণতার মূল্যবোধ বিশ্বের সামনে তুলে ধরতে চান। তাঁর মতে, ফিফার এখন এসব মূল্যবোধ প্রয়োজন।

আগামী বছরের ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফার ২১১ সদস্য ফেডারেশনের ভোটে নির্ধারিত হবে পরবর্তী সভাপতি। ফুটবল বিশ্বের নজর এখন ইনফান্তিনোর দীর্ঘ শাসন অব্যাহত থাকবে, নাকি নতুন কেউ দায়িত্ব নেবেন—সেদিকেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, আবেদন প্রক্রিয়া জানানো হলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৭ এম


ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, আবেদন প্রক্রিয়া জানানো হলো

দেশের স্কুল, কলেজ ও মাদরাসার ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তি দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। উপবৃত্তির আওতায় আসতে না পারা যেসব ছাত্রী রয়েছেন, তাদের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব খুলে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় তারা এই সুবিধা গ্রহণের সুযোগ পাচ্ছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বুধবার (১৮ নভেম্বর) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা ট্রাস্টের স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য শতভাগ উপবৃত্তি চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ছাত্রদের জন্য পূর্বের নিয়মে উপবৃত্তি কার্যক্রম চলমান থাকবে। শিক্ষার্থীদের কাছে সরাসরি সরকারি অর্থ পৌঁছে দিতে জিটুপি পদ্ধতি অনুসরণ করা হবে। এই পদ্ধতিতে উপবৃত্তির টাকা পেতে বাধ্যতামূলকভাবে অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে।

নতুন হিসাব খুলতে হবে যাদের

বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব ছাত্রীর নাম ইতিমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি-এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত রয়েছে অথবা যারা উপবৃত্তি পাচ্ছেন, তাদের নতুন করে হিসাব খুলতে হবে না। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে পড়লেও যারা এখনো উপবৃত্তি পাচ্ছেন না, শুধু তাদের বা তাদের অভিভাবকের নামে হিসাব খুলতে হবে।

অভিভাবক হিসাব

সাধারণত শিক্ষার্থীর বাবা অথবা মা অভিভাবক হিসেবে বিবেচিত হবেন। তাদের মধ্যে যেকোনো একজনের নামে তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকে অনলাইন হিসাব থাকলে সেটি ব্যবহার করে উপবৃত্তির জন্য আবেদন করা যাবে। নতুন হিসাব খুললেও একই নিয়ম অনুসরণ করতে হবে। তবে বাবা-মা দুজনই জীবিত না থাকলে, আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা কিংবা নানির মধ্যে যেকোনো একজনকে অভিভাবক হিসেবে মনোনীত করা যাবে।

এ ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। অভিভাবক হিসেবে যাকে দেখানো হবে, হিসাব খোলার সময় তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে হবে।

মোবাইল ব্যাংকিংয়ে অর্থ গ্রহণের শর্তাবলি

মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে উপবৃত্তির অর্থ পেতে হলে শিক্ষার্থীর বাবা বা মায়ের মধ্যে অন্তত একজনের জীবিত থাকা আবশ্যক। যাকে অভিভাবক হিসেবে মনোনীত করা হবে, তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সিম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং একই এনআইডি ব্যবহার করে তার নামেই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে হবে।

অ্যাকাউন্ট খোলার পাশাপাশি কেওয়াইসি (KYC) ফরম পূরণ করে অনলাইনে জমা দেওয়াও অপরিহার্য। এনআইডি, সিম রেজিস্ট্রেশন ও মোবাইল ব্যাংকিংয়ের তথ্যের মধ্যে কোনো গরমিল পাওয়া গেলে উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না।

অভিভাবক না থাকলে যা করণীয়

কোনো শিক্ষার্থীর বাবা-মা কিংবা নির্ধারিত স্বজনদের কেউ অভিভাবক না থাকলে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান তৃতীয় কোনো ব্যক্তিকে অভিভাবক হিসেবে মনোনয়ন দিতে পারবেন। এ ক্ষেত্রে একটি প্রত্যয়নপত্র প্রদান করতে হবে এবং এইচএসপি-এমআইএস (HSP-MIS) সফটওয়্যারে আবেদনের তথ্য এন্ট্রি করার সময় তা আপলোড করতে হবে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীকে শুধু নিজের নামে তফশিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে হবে।

পাশাপাশি শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট চালু রাখা প্রয়োজন। তবে বয়স ১৮ বছর পূর্ণ হলে অ্যাকাউন্টটি সাময়িকভাবে স্থগিত হয়ে যাবে; তখন নিজস্ব জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে অ্যাকাউন্টটি আপডেট করতে হবে।

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান যুক্ত করার প্রক্রিয়া

ব্যানবেইস প্রদত্ত ইআইআইএন (EIIN) নম্বরধারী সাধারণ এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবে। এর জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে স্কিম পরিচালকের বরাবর আবেদন পাঠাতে হবে। প্রয়োজনীয় আবেদন ফরম ও বিস্তারিত নির্দেশনা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে পাওয়া যাবে।

অপরদিকে এইচএসপি-এমআইএস সফটওয়্যারে প্রথমবার লগইন করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে গিয়ে নতুন পাসওয়ার্ড সেট করে ইউজার আইডি সচল করতে হবে।

এ ছাড়া উপবৃত্তি নিয়ে যেকোনো জটিলতায় সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে নির্ধারিত ঠিকানায় ই-মেইলের মাধ্যমে যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মা-বাবা: সন্তানের জীবনের সেরা নিয়ামত ও দায়িত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৭ এম


মা-বাবা: সন্তানের জীবনের সেরা নিয়ামত ও দায়িত্ব

মানুষের জীবনে কিছু সম্পর্ক স্রষ্টার পক্ষ থেকে পাওয়া এক অনন্য উপহার, যার গভীরতা উপলব্ধি করতে পুরো জীবনও যথেষ্ট নয়। মা-বাবা তেমনই এক অনন্য উপহারের নাম। পৃথিবীর আলো দেখার আগে থেকেই যাদের ত্যাগের সঙ্গে আমাদের অস্তিত্বের বন্ধন রয়েছে, যাদের স্বপ্নের ভেতর ধীরে ধীরে বেড়ে ওঠে আমাদের সুন্দর ভবিষ্যৎ। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা শুধুমাত্র একটি নৈতিক দায়িত্ব নয়, বরং ঈমানি চেতনার অপরিহার্য অংশও বটে। একটি সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য মা-বাবা নিজেদের কত-শত ইচ্ছাকে নীরবে বিসর্জন দেন, তার কোনো হিসাব লেখা হয় না। মায়ের স্নেহমাখা মমতা এবং বাবার নীরব সংগ্রাম মিলে সন্তানের জন্য তৈরি করে নিরাপদ আশ্রয়। অথচ সময়ের আবর্তে যখন সন্তান নিজের পৃথিবী সাজাতে ব্যস্ত হয়ে পড়ে, তখন জীবনের সবচেয়ে আপন মানুষ দুটিই সন্তানের কাছে ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলেন। এমন অবহেলা মানুষের বিবেক, মানবিকতা ও নৈতিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করে তোলে।

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন, তিনি ছাড়া অন্য কারো ইবাদত না করতে এবং মা-বাবার প্রতি সদ্ব্যবহার করতে। তাদের একজন অথবা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদের ‘উফ্‌’ পর্যন্ত বলো না এবং তাদের ধমক দিয়ো না; বরং তাদের সঙ্গে সম্মানজনকভাবে কথা বলো।’ (সুরা আল-ইসরা : ২৩) মা-বাবার গুরুত্ব বোঝাতে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সে ব্যক্তি অপমানিত হোক, সে ব্যক্তি অপমানিত হোক, সে ব্যক্তি অপমানিত হোক।’ সাহাবিরা জিজ্ঞেস করলেন, ‘কে হে আল্লাহর রাসুল?’ তিনি বললেন, ‘যে ব্যক্তি তার মা-বাবার একজন অথবা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল, অতঃপর জান্নাতে প্রবেশ করতে পারল না।’ (মুসলিম : ২৫৫১)

এই শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয়, মা-বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও যত্নশীল আচরণই একজন সন্তানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো, তাদের অনুভূতিকে গুরুত্ব দেওয়া, কণ্ঠে কোমলতা রাখা, অসুস্থতায় সেবা করা এবং বৃদ্ধ বয়সে তাদের নিঃসঙ্গতা দূর করে পাশে থাকা—এসবই কৃতজ্ঞতার বাস্তব প্রকাশ। মনে রাখতে হবে, মা-বাবা চিরকাল আমাদের পাশে থাকবেন না। একদিন হয়তো তাদের কণ্ঠস্বর শোনার আকাঙ্ক্ষা থাকবে, কিন্তু উত্তর দেওয়ার মানুষটি থাকবেন না। তাই সময় থাকতে তাদের ভালোবাসুন, সম্মান করুন এবং তাদের দোয়া অর্জন করুন। পৃথিবীর কাছে সফল হওয়ার আগে মা-বাবার কাছে একজন উত্তম সন্তান হয়ে উঠুন। কেননা জীবনের সব অর্জন একদিন ম্লান হয়ে যেতে পারে, কিন্তু মা-বাবার চোখের প্রশান্তি আর মুখের দোয়া একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%