প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়ায় জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং শ্রমিকদের ক্রয়ক্ষমতা বিবেচনা করার তাগিদ দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। সংস্থাটি মজুরি নির্ধারণের জন্য নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত এবং অর্থনৈতিক বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শও দিয়েছে। চলমান শ্রমিক অসন্তোষ এবং শিল্পে অস্থিরতা নিরসনে সরকার, মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের মধ্যে ধারাবাহিক আলোচনার গুরুত্ব তুলে ধরেছে আইএলও।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এসব বিষয় উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ এবং চলমান অস্থিরতার ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইএলও। এই অস্থিরতার প্রভাব শ্রমিকদের জীবন-জীবিকা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং শিল্পসম্পর্কের ওপর পড়ছে।
আইএলও সরকারের নিম্নতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। সংস্থাটির মতে, মজুরি নির্ধারণ প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা এবং কার্যকারিতা নিশ্চিত করার জন্য মালিক ও শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণ অপরিহার্য। শ্রমিকদের উপযুক্ত মজুরি, শোভন কর্মপরিবেশ, টেকসই শিল্পপ্রতিষ্ঠান এবং সুস্থ শিল্পসম্পর্ক বজায় রাখতে ধারাবাহিক ও গঠনমূলক সামাজিক সংলাপ প্রয়োজন।
আইএলওর ন্যূনতম মজুরি নির্ধারণ কনভেনশন-১৩১ অনুযায়ী, ন্যূনতম মজুরি নির্ধারণ এবং নিয়মিত সমন্বয়ের ক্ষেত্রে স্বচ্ছতা এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। শ্রমিক এবং তাঁদের পরিবারের প্রয়োজন, জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতির কারণে ক্রয়ক্ষমতার ওপর প্রভাব যথাযথভাবে বিবেচনা করতে হবে।
এছাড়া উৎপাদনশীলতা, কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের টেকসই সক্ষমতার মতো বিষয়গুলোর ওপরও গুরুত্ব দিতে হবে। দেশের সাধারণ মজুরির স্তর, সামাজিক নিরাপত্তা সুবিধা, শিল্পের সক্ষমতা এবং অন্যান্য সামাজিক গোষ্ঠীর তুলনামূলক জীবনমান বিবেচনায় নেওয়ার কথাও উল্লেখ করেছে সংস্থাটি।
বিবৃতিতে পোশাক খাতের চলমান পরিস্থিতিতে সহিংসতা, ভাঙচুর এবং উৎপাদন কার্যক্রমে বিঘ্নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইএলও। সংস্থাটি মনে করে, এসব ঘটনার ফলে শ্রমিক, ব্যবসাপ্রতিষ্ঠান এবং শিল্পসম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উত্তেজনা প্রশমনে সব পক্ষকে সংলাপ এবং শান্তিপূর্ণ পন্থা অনুসরণের আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে নিম্নতম মজুরি বোর্ডকে তার নির্ধারিত দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ দেওয়ার কথাও বলেছে আইএলও।
শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা, সংগঠিত হওয়ার অধিকার এবং যৌথ দর-কষাকষির অধিকারকে সুস্থ শিল্পসম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। সংকটের সময়েও এসব অধিকার সম্মান করার ওপর তারা জোর দিয়েছে।
আইএলও মনে করে, পোশাক খাতে মজুরি এবং কর্মপরিবেশের টেকসই উন্নয়নে শুধু কারখানার মালিক ও শ্রমিকদের নয়, পুরো সরবরাহব্যবস্থার সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিত দায়িত্ব রয়েছে। আন্তর্জাতিক ক্রেতাদের দায়িত্বশীল ব্যবসায়িক এবং ক্রয়চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দায়িত্বশীল ক্রয়নীতি শ্রমিকদের মজুরিসংক্রান্ত বাধ্যবাধকতা পূরণ, শোভন কর্মপরিবেশ নিশ্চিত এবং দীর্ঘ মেয়াদে পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা ও টেকসই উন্নয়নে সহায়তা করতে পারে।
এদিকে, বাংলাদেশের মজুরি নীতিকে আরো শক্তিশালী করতে সরকার, মালিক এবং শ্রমিক সংগঠনগুলোকে কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আইএলও। সংস্থাটি বলেছে, তথ্য-প্রমাণ তৈরি, সক্ষমতা উন্নয়ন এবং সামাজিক সংলাপের মাধ্যমে একটি প্রমাণভিত্তিক এবং জেন্ডার-সংবেদনশীল জাতীয় মজুরি নীতি গ্রহণে তারা সহযোগিতা করতে প্রস্তুত।
আইএলওর মতে, এ ধরনের জাতীয় মজুরি নীতি বাস্তবায়িত হলে মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় পূর্বানুমানযোগ্যতা, স্বচ্ছতা এবং ন্যায্যতা বাড়বে। একই সঙ্গে টেকসই শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং সৌহার্দ্যপূর্ণ শিল্পসম্পর্ক বজায় রাখার পথ তৈরি হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন