ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নিষেধাজ্ঞা ও বোমা হামলার হুমকি উপেক্ষা করে মঞ্চে দিলজিৎ


নিষেধাজ্ঞা ও বোমা হামলার হুমকি উপেক্ষা করে মঞ্চে দিলজিৎ

নিষেধাজ্ঞা, বিভিন্ন প্রতিবন্ধকতা এমনকি বোমা হামলার হুমকিও জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝকে দমাতে পারেনি। তিনি ভারতের ইন্দৌরে মঞ্চে উঠেছেন সকল প্রতিকূলতা উপেক্ষা করে। গান পরিবেশনের পাশাপাশি, নিজের চারটি জনপ্রিয় গান পরিবেশন করে নিষেধাজ্ঞার প্রতিবাদও করেছেন ভিন্নভাবে। মঞ্চে দাঁড়িয়ে বিখ্যাত উর্দু কবি রাহাত ইন্দোরির কবিতার পঙ্‌ক্তি আবৃত্তি করেছেন, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর অংশ হিসেবে ইন্দৌরে কনসার্ট করেন দিলজিৎ। তবে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই একের পর এক বাধার সম্মুখীন হন তিনি। মদ্যপান, মাদক ও সহিংসতাকে উৎসাহিত করার অভিযোগে জেলা শিশু সুরক্ষা দপ্তর তার চারটি জনপ্রিয় গান পরিবেশনে নিষেধাজ্ঞা জারি করে। গানগুলো হলো ‘পাতিয়ালা পেগ’, ‘৫ তারা’, ‘জেব বিচো আফিম’ ও ‘জাট উঠা ফায়ার করদা’।

দপ্তরের উদ্বেগ ছিল, কনসার্টে পাঁচ বছরের বেশি বয়সি শিশুরা উপস্থিত থাকতে পারে। এর ফলে গানগুলোর কথাগুলো তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চণ্ডীগড়ের অধ্যাপক পুণ্ডিত্রাও ধরণেভারের অভিযোগের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়। এ সময় ২০১৯ সালের ২২ জুলাই পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের একটি নির্দেশনার কথাও উল্লেখ করা হয়, যেখানে মাদক ও সহিংসতাকে উৎসাহিত করে এমন গান সরাসরি অনুষ্ঠানে পরিবেশন না করার কথা বলা হয়েছিল।

আরও পড়ুন: ২৭ নভেম্বর ঢাকায় কনসার্টে আসছেন পপতারকা ওটিলিয়া

এতসব বাধার মধ্যেও কনসার্ট বাতিল করেননি দিলজিৎ। বরং মঞ্চে উঠে দর্শকদের সঙ্গে ‘জয় শ্রী মহাকাল’ ধ্বনি দেন তিনি। এরপর উপস্থিত দর্শকদের উদ্দেশে বলেন, ‘এটা মহাকালের ভূমি। এখানে আসতে আমাকে কেউ আটকাতে পারবে না। আগেও ভয় পাইনি, আজও ভয় পাচ্ছি না। আর তোমাদের ভয় পাওয়ারও কোনো কারণ নেই। তোমাদের শক্তিতেই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি।’

ইন্দৌরে পৌঁছানোর পথে বাধার সম্মুখীন হয়েছেন বলে জানান এই সংগীতশিল্পী। তার ভাষ্যমতে, তাকে সেখানে আসতে বাধা দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে। তবে কাউকে একবার কথা দিলে তিনি কখনো পিছিয়ে আসেন না। সব প্রতিকূলতা অতিক্রম করে দর্শকদের সামনে উপস্থিত হতে পারা তার কাছে বড় সন্তুষ্টির বিষয়।

এরপর চারটি গান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে মঞ্চেই নিজের অসন্তোষ প্রকাশ করেন গায়ক। কটাক্ষের সুরে বলেন, ‘এই গান গাওয়া যাবে না, ওই গান গাওয়া যাবে না! এটা করা যাবে না, ওটা করা যাবে না।’ এরপরই রাহাত ইন্দোরির কবিতার কয়েকটি পঙ্‌ক্তি আবৃত্তি করেন তিনি।

কবিতার মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করে দিলজিৎ জানান, তার মুখ থেকে যা বের হয়, সেটিই তার সত্য। অন্যের ভাষায় কথা বলার দায় তার নেই। কেউ বিরোধিতা করলে করুক, এতে ভয় পাওয়ার কিছু নেই। দেশের মাটিতে সবার রক্ত মিশে রয়েছে, তাই ভারত কারও একার সম্পত্তি হতে পারে না।

আরও পড়ুন: ফের বড়পর্দায় বিক্রম-শোলাঙ্কি, আসছে 'রাজকন্যা'

বিশেষ করে কবিতার শেষ পঙ্‌ক্তি ‘কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়’ দর্শকদের নজর কাড়ে। যার অর্থ, হিন্দুস্তান কারও একার সম্পত্তি নয়। অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যে এই পঙ্‌ক্তি আবৃত্তির মাধ্যমে নিজের প্রতিবাদী অবস্থান তুলে ধরেন গায়ক। পরে সেই মুহূর্তের ভিডিও নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।

এদিকে কনসার্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগও তৈরি হয়েছিল। দিলজিতের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে ইন্দৌরের মেয়রের দপ্তর, তিনটি ব্যাংক ও তিনটি বেসরকারি স্কুলে ইমেইল পাঠানো হয়। তবে তদন্তের পর পুলিশ প্রাথমিকভাবে এসব হুমকিকে ভুয়া বলে মনে করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলাতক ফ্যাসিস্টরা নৈরাজ্য করার চেষ্টা করছে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


পলাতক ফ্যাসিস্টরা নৈরাজ্য করার চেষ্টা করছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী উল্লেখ করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য জনগণ ব্যর্থ করে দেবে। তিনি বলেন, "আজকে পলাতক ফ্যাসিস্টরা পেছনের দরজা দিয়ে নৈরাজ্য করার চেষ্টা করছে, মানুষ এটা ব্যর্থ করে দেবে।" তিনি আরও দাবি করেন, তারা পার্শ্ববর্তী দেশ থেকে মদদ নিয়ে আবার ক্ষমতায় আসতে চায়। রিজভী সতর্ক করে দেন, "তাদের সুখের স্বর্গ আর কখনো আসবে না।"

সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার পর তিনি এসব কথা বলেন।

দেশের জনগণ আর শেখ হাসিনাকে দেখতে চায় না বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, "পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে দেশের মানুষ আবার ফুঁসে উঠেছে।" তিনি আরও জানান, দেশের মানুষ শেখ হাসিনাকে আর দেখতে চায় না এবং রক্তাক্ত পথে এ দেশের মানুষ তাদের আর হাঁটতে দেবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৮ পি.এম


বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ সোমবার সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, কারণ এটি আরো ঘনীভূত হচ্ছে। এই নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য প্রদান করেছে। পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো ঘনীভূত হয়েছে। আজ সকালে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। গভীর নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

ঢাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ সকাল ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা কুতুবদিয়ায় ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে। আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১৫ মিনিটে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ, আয় ৪৫৭ মিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৮ পি.এম


চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ, আয় ৪৫৭ মিলিয়ন ডলার

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশের জুতা রপ্তানিতে আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) চামড়ার ও চামড়াবিহীন জুতা মিলিয়ে মোট রপ্তানি আয় ৪৫৭.০১ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯.৩৭ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম চার মাসে এই খাতে রপ্তানি আয় ছিল ৪১৭.৮৫ মিলিয়ন ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে চামড়ার জুতা রপ্তানি থেকে আয় ২৬২.১৫ মিলিয়ন ডলার হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের ২৩৯.৮৬ মিলিয়ন ডলারের তুলনায় ৯.২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, চামড়াবিহীন জুতা রপ্তানি থেকে আয় ১৯৪.৮৬ মিলিয়ন ডলার হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ১৭৭.৯৯ মিলিয়ন ডলার। এ খাতে প্রবৃদ্ধি ৯.৪৮ শতাংশ হয়েছে। দুই ধরনের জুতা মিলিয়ে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ৩৯.১৬ মিলিয়ন ডলার।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাসসকে বলেছেন, "বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং নতুন বাজার সম্প্রসারণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।" তিনি আরও জানান, চামড়া ও জুতা শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানো, পণ্যের মূল্য সংযোজন বৃদ্ধি, ব্যবসায়িক প্রক্রিয়া সহজ করা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, "এ শিল্পের উদ্যোক্তারা যাতে আন্তর্জাতিক বাজারের চাহিদা ও মান অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারেন, সে জন্য সরকার নীতিগত সহায়তা অব্যাহত রাখবে।"

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চামড়া ও জুতা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে উৎপাদন সক্ষমতা এবং রপ্তানি বাড়াতে একটি কার্যকর রোডম্যাপ তৈরির কাজ চলছে। এ জন্য বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আন্তর্জাতিক ক্রেতাদের পরিবেশগত ও সামাজিক মানদণ্ড পূরণে উদ্যোক্তাদের সহায়তা এবং পণ্যের উৎপাদন ও সরবরাহের উৎস শনাক্তে জাতীয় ট্রেসেবিলিটি কাঠামো তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রপ্তানিমুখী জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাধারণ বন্ডের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। রপ্তানিমুখী অন্যান্য শিল্পকেও বন্ড সুবিধার আওতায় আনার উদ্যোগের ফলে এ খাতের উদ্যোক্তাদের কাঁচামাল আমদানি ও উৎপাদন কার্যক্রম সহজ হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের বাজারে চীনের সঙ্গে মূল্য প্রতিযোগিতা থাকলেও যুক্তরাষ্ট্র ও ভারতের বাজারে বাংলাদেশের জুতার ক্রয়াদেশ বাড়ছে। পাশাপাশি চলতি অর্থবছরে প্রথমবারের মতো মেক্সিকোতে জুতা রপ্তানি শুরু হয়েছে। ফলে প্রচলিত বাজারের পাশাপাশি নতুন নতুন বাজারেও বাংলাদেশের জুতার প্রবেশ ঘটছে।

ইনভেস্ট বাংলাদেশের তথ্য অনুযায়ী, বাংলাদেশের চামড়ার জুতার উল্লেখযোগ্য রপ্তানি বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও কানাডা। অন্যদিকে চামড়াবিহীন জুতার উল্লেখযোগ্য বাজারের মধ্যে রয়েছে স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি ও জার্মানি। এসব বাজারের পাশাপাশি মেক্সিকোসহ নতুন গন্তব্যে রপ্তানি শুরু হওয়ায় বাংলাদেশের জুতা শিল্পের বাজার সম্প্রসারণের সুযোগ বাড়ছে।

চামড়াবিহীন জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান এনপলি ফুটওয়্যার গত অর্থবছরে ৩ কোটি ৮০ লাখ ডলারের জুতা রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি।

প্রতিষ্ঠানটির কারখানায় বর্তমানে প্রতিদিন ১৪ হাজার জোড়া জুতা উৎপাদিত হচ্ছে। ক্রয়াদেশ বাড়ায় আগামী মাস থেকে নতুন শিফট চালু এবং অতিরিক্ত দেড় হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে ফাইভ-আর ফুটওয়্যার চলতি অর্থবছরে মেক্সিকোর বাজারে জুতা রপ্তানি শুরু করেছে। বিশ্ববাজারে চামড়াবিহীন জুতার চাহিদা বাড়ছে। এ সুযোগ কাজে লাগাতে পারলে আগামী বছরগুলোতে এ ধরনের জুতা রপ্তানিতে আরও উচ্চ প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে প্রতিষ্ঠানটির মালিক মনে করছেন। তবে এ জন্য বন্ড সুবিধাসহ ব্যবসায়িক কার্যক্রমের বিদ্যমান জটিলতা দূর করার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

ওয়ার্ল্ড ফুটওয়্যার ইয়ারবুক ২০২৬-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ প্রায় ৫৫ কোটি ৪০ লাখ জোড়া জুতা উৎপাদন করেছে। এ হিসাবে বিশ্বে জুতা উৎপাদনে বাংলাদেশের অবস্থান সপ্তম। উৎপাদন সক্ষমতা, নতুন বিনিয়োগ, পণ্যের বৈচিত্র্য এবং আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের আগ্রহ কাজে লাগাতে পারলে দেশের জুতা রপ্তানি আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূজার আগেই প্রসাদ খাওয়ায় মায়ের মারধরে শিশুকন্যার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


পূজার আগেই প্রসাদ খাওয়ায় মায়ের মারধরে শিশুকন্যার মৃত্যু

ভারতের বিহার রাজ্যের সমস্তিপুর জেলা থেকে একটি হৃদয়বিদারক খবর এসেছে, যেখানে পরিবারগুলো ছট পূজার প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে। এই পরিস্থিতিতে চার বছরের একটি শিশুকন্যার মৃত্যুর ঘটনায় এলাকার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

অভিযোগ রয়েছে, রবিবার ছট পূজার জন্য প্রস্তুত খাবার থেকে কিছু খেয়ে ফেলেছিল শিশুটি। এই ঘটনায় তার মা তাকে মারধর করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু ঘটে। পুলিশ এই ঘটনায় শিশুটির মাকে গ্রেপ্তার করেছে।

নিহত শিশুটির নাম সুহানি কুমারী, যিনি রাজু পাসওয়ানের চার বছর বয়সী মেয়ে। তার মায়ের নাম রীনা কুমারী। শিশুটির বাবার বর্ণনায়, পরিবারটি তখন ছট পূজার প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিল। পরিবারের অন্যান্য সদস্যরা উৎসবের আয়োজনের জন্য কাছের একটি ঘাটে গিয়েছিলেন। এ সময় রীনা কুমারী বাড়িতে পূজার প্রসাদ তৈরির কাজে নিয়োজিত ছিলেন।

ছট পূজা বিহারের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসবে ভক্তরা পরিবারের সদস্যদের মঙ্গল, সন্তানদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করে সূর্যদেবের কাছে প্রার্থনা করেন। এ সময় অভিযোগ করা হয়েছে, সুহানি ছট পূজার জন্য তৈরি খাবার থেকে কিছু খেয়ে ফেললে তার মা রীনা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন। এর ফলে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে রীনা মেয়েকে চিকিৎসার জন্য একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর সুহানিকে মৃত ঘোষণা করেন।

পুলিশকে দেওয়া বক্তব্যে রাজু পাসওয়ান জানান, তাদের পরিবার পুরোপুরি শোকে ভেঙে পড়েছে। সুহানির মৃত্যুর পর ছট পূজার আনন্দও অর্থহীন হয়ে গেছে। তিনি স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। রাজু বলেন, তার জীবনে আর স্ত্রীর প্রয়োজন নেই। তিনি একাই বাকি সন্তানদের বড় করবেন। রাজু ও রীনা দম্পতির তিন সন্তান রয়েছে। তাদের মধ্যে সাত বছর বয়সী শিবানি কুমারী, চার বছর বয়সী সুহানি কুমারী এবং দেড় বছর বয়সী রাজা কুমার রয়েছে। সুহানির মৃত্যুতে পরিবারজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে।

ঘটনার খবর পেয়ে স্টেশন হাউস অফিসার (এসএইচও) রাকেশ কুমার পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সমস্তিপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

এসএইচও জানান, চার বছর বয়সী শিশুকন্যার মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। অভিযুক্ত মা রীনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর পেছনের প্রকৃত কারণ জানতে ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফল পাওয়ার পর মৃত্যুর কারণ এবং ঘটনার বিস্তারিত পরিস্থিতি নিশ্চিত হওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%