শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:০৩ পি.এম
বরিশালে ৩০০ গ্রাম গাঁজাসহ আব্দুল জলিল আকন (৩৫) নামের এক ব্যক্তিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে।
আটকের সময় তার কাছ থেকে ‘আজকের মানবজমিন’ নামক একটি পত্রিকার পরিচয়পত্রও উদ্ধার করা হয়। ওই পরিচয়পত্রে তিনি নিজেকে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক হিসেবে উল্লেখ করেছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের চাঁদমারী খেয়াঘাট সড়কে অবস্থিত গাজি স-মিলের ভেতরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বরিশাল মহানগর পুলিশের মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ওই স-মিলে অভিযান পরিচালনা করে। এ সময় জলিল আকনকে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটক জলিল আকন পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল এলাকার মৃত মইনুদ্দিন আকনের ছেলে। বর্তমানে তিনি বরিশাল নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোডের একটি বাড়িতে ভাড়া থাকেন।
বরিশাল মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার জানান, এই ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া পত্রিকার পরিচয়পত্রের সত্যতা, পত্রিকাটির প্রকাশনা এবং প্রকাশক-সম্পাদক হিসেবে তার পরিচয়ের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাকৃবি শাখা। অনুষ্ঠানে আট শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছির মো. ত্বোহা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রশিবিরের সাবেক সদস্য ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উপহার হিসেবে ব্যাগ, জার্সি, বই, পানির বোতল ও কলম বক্স দেওয়া হয়। শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনের প্রস্তুতি নিয়ে দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথম আলোচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ভালো ফলাফল অর্জন, পরীক্ষার খাতায় উত্তর উপস্থাপনের কৌশল, উচ্চশিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব নিয়ে পরামর্শ দেন। দ্বিতীয় আলোচনায় সংগঠনটির সাবেক সদস্য ও বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিরা করপোরেট খাতে সফলতা অর্জন, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা এবং ব্যক্তিত্ব গঠনের বিষয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা সংগঠনটির অতীত ইতিহাসও তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা বলেন, আমরা এমন একটি প্রজন্ম, যে প্রজন্ম ৩৬ দিনের আন্দোলনের মাধ্যমে এই উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। আমাদের এই জাতি আবারও প্রমাণ করেছে, আমরা ব্রিটিশদের সঙ্গে ১৯০ বছর লড়াই করেছি, কখনো মাথা নত করিনি। আমরা এখনো কারও কাছে মাথা নত করব না।’
তিনি বলেন, ‘১৬ বছর আমরা নতজানু পররাষ্ট্রনীতি দেখেছি। কিন্তু আমরা চুপ করে বসে থাকিনি। পলাশীর যুদ্ধ, বক্সারের যুদ্ধ, ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, তিতুমীরের বাঁশের কেল্লার লড়াই, বালাকোটের যুদ্ধ ও ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহসহ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এ অঞ্চলের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে। বাংলাদেশের মানুষ এখনো লড়াই করার মানসিকতা রাখে।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু একটি আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তন আনা যথেষ্ট নয়। দেশের প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে কাজ করতে হবে। অন্যায় ও আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও কর্মক্ষেত্রে নিজেদের প্রস্তুত করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনা, ১৩ নভেম্বর ২০২৬ : আধুনিক জেলা কসাইখানার উদ্বোধন আজ জেলা প্রশাসনের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকালে, পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস নবনির্মিত কসাইখানার উদ্বোধন করেন, যা পৌর এলাকার বাস টার্মিনাল সংলগ্ন স্থানে অবস্থিত।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পাবনা পৌরসভার প্রশাসক খায়রুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু তালেব, এবং সিনিয়র আইনজীবী মির্জা আজিজুল রহমান।
সভায় বক্তারা উল্লেখ করেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করা এবং আধুনিক পদ্ধতিতে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে এই কসাইখানা নির্মাণ করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং আধুনিক নগর ব্যবস্থাপনায় এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে আধুনিক জেলা কসাইখানাটি নির্মাণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের কারণে নূর মোহাম্মদ নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার মান্দারতলা গ্রামের মাঠে এই নির্মম ঘটনা ঘটে।
নিহত নূর মোহাম্মদ মান্দারতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত হানেফ আলীর পুত্র। অভিযুক্ত জসিম উদ্দিন একই উপজেলার পোড়াদহ গ্রামের লুৎফর রহমানের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নূর মোহাম্মদ মাঠের একটি জমিতে কলাই মাড়াইয়ের কাজ করতে যান। এ সময় পাশের জমিতে কাজ করতে আসেন পোড়াদহ গ্রামের জসিম উদ্দিন। কাজের এক পর্যায়ে পূর্বের পাওনা টাকা নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা ও বিরোধ শুরু হয়। বিরোধের এক পর্যায়ে জসিম তার হাতে থাকা ধারালো দা দিয়ে নূর মোহাম্মদকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে নূর মোহাম্মদ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত বলে ঘোষণা করেন।
মহেশপুর থানার ওসি ইমরান আলম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাউজানের ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিংগলা আবিদ আলী তালুকদার জামে মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর, মসজিদের জায়গা আত্মসাৎ এবং মিথ্যা মামলা দিয়ে এলাকাবাসীকে হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচিটি শুক্রবার দুপুর ১২টায় এলাকার জনগণের উদ্যোগে মসজিদসংলগ্ন সড়কে অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা জানান, সন্ত্রাসী ও ভূমিদস্যু বদিউল আলম তালুকদার, যিনি ঝাপ্টা বদি নামে পরিচিত, এবং তার ভাই শফিউল আলম তালুকদার ৫ আগস্টের পর থেকে মসজিদ ও এর আশপাশের জায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছেন। তারা মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর করেছেন এবং এলাকার সাধারণ মানুষকে নানাভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করছেন। বক্তারা অবিলম্বে এসব অনৈতিক কার্যক্রম বন্ধ করার এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মসজিদ কমিটির সভাপতি নাছির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ সেলিম উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সহসভাপতি কাজী জালাল আহম্মদ ও স্থানীয় বাসিন্দা বেবি আকতারসহ অন্যান্য এলাকাবাসী।
বক্তারা সতর্ক করে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে মসজিদ দখলদার সন্ত্রাসী ঝাপ্টা বদির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ