মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪২ পি.এম
কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী মুহাম্মদ ওসমান ফারুক শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের ফলে আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠক শুরু হওয়ার পরপরই স্পিকার এ ঘোষণা দেন।
এ সময় স্পিকার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ১৬৪, কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. র. মোহাম্মদ ওসমান ফারুক গত ১৪ নভেম্বর থেকে কার্যকর হওয়ার তারিখ নির্ধারণ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এ বিষয়ে স্পিকার বরাবর স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন।
স্পিকার হাফিজ বলেন, আমি ১৫ই নভেম্বর ২০২৬ তারিখে পদত্যাগপত্রটি পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।
সংবিধানের বিধান তুলে ধরে তিনি বলেন, এমতাবস্থায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী ১৫ই নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে।
জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি সংসদকে জানানো হয়েছে বলেও ঘোষণা দেন স্পিকার।
সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন। স্পিকার ওই পত্র পাওয়ার সময় থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬ : ক্রিস্টাল প্যালেস পিয়েরে সেজকে বরখাস্ত করার পর নতুন কোচ হিসেবে থমাস ফ্রাঙ্ককে নিয়োগ দিয়েছে।
গ্রীষ্মকালে ক্লাবটিতে যোগদান করেছিলেন সেজ। দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যে তাকে বরখাস্ত করা হলো। ১০ ম্যাচ শেষে ক্রিস্টাল প্যালেস প্রিমিয়ার লিগের তলানিতে অবস্থান করছে।
প্যালেস ব্রেন্টফোর্ড ও টটেনহ্যামের সাবেক কোচ ফ্রাঙ্কের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করেছে।
ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে সভাপতি স্টিভ প্যারিশ জানান, ‘থমাসকে ক্রিস্টাল প্যালেসে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। বিজয়ী দল গঠন এবং খেলোয়াড়দের উন্নতিতে তার সাফল্যের রেকর্ড রয়েছে। এ কারণে আমাদের ক্লাবের জন্য তিনিই উপযুক্ত ব্যক্তি।’
তিনি আরও উল্লেখ করেন, ‘প্রিমিয়ার লিগে থমাসের দীর্ঘ অভিজ্ঞতা মৌসুমের বাকি সময়ে আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলে আমি আত্মবিশ্বাসী।’
নতুন দায়িত্ব গ্রহণের পর ফ্রাঙ্ক জানান, ‘এই অসাধারণ ফুটবল ক্লাবের দায়িত্ব নিতে পারা আমার জন্য সম্মানের। আমি সত্যিই, সত্যিই রোমাঞ্চিত।’
তিনি আরও বলেন, ‘ক্রিস্টাল প্যালেস ইংল্যান্ড ও প্রিমিয়ার লিগের একটি ঐতিহ্যবাহী ক্লাব। খেলোয়াড় এবং ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সহায়তা করতে ও সমর্থন দিতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।
তাদের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক বা মডেল মন্দির নির্মাণের লক্ষ্যে প্রকল্প দলিল প্রণয়নের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জাতীয় সংসদে। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি সরকারের এ অবস্থানের কথা তুলে ধরেন।
ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সংসদে বক্তব্য রাখার সময় জানান, দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বর্তমানে প্রকল্প দলিল তৈরির কাজ চলছে।
প্রকল্পটি কবে নাগাদ আলোর মুখ দেখবে বা এর নির্মাণকাজ কবে শুরু হবে—এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, প্রকল্প দলিল প্রণয়নের কাজ পুরোপুরি শেষ হওয়া এবং তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদিত হওয়ার পরই কেবল প্রকল্পটির বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সীমা জানানো সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের জন্য সিটি ব্যাংক পিএলসি এবং বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির (বিডব্লিউএস) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার মাধ্যমে সিটি ব্যাংকের ডিজিটাল চ্যানেলের মাধ্যমে ভ্যালু এ্যাডেড সার্ভিসেস পেমেন্টের প্রক্রিয়া আরো সহজ হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকায় বিডব্লিউএসের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. অরূপ হায়দার এবং বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি জেনারেল ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.) স্মারকে সই করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট ও সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, ফ্যাইনেন্স সেক্রেটারি ইমরুল হাসান এবং জয়েন্ট জেনারেল সেক্রেটারি কাজী হাবিবুর রহমান।
এই অংশীদারির মাধ্যমে বসুন্ধরার আবাসিক এলাকার বাসিন্দারা সিটি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘সিটিটাচ’ ব্যবহার করে বিডব্লিউএসের বিভিন্ন ধরনের ভ্যালু এ্যাডেড সার্ভিসেস পেমেন্ট করতে সক্ষম হবেন। এতে পেমেন্ট প্রক্রিয়াটি আরো আধুনিক, সহজ এবং ঝামেলামুক্ত হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বসুন্ধরা আবাসিকের বাসিন্দাদের সকল সেবা দ্রুত ডিজিটাল পদ্ধতিতে আনার জন্য বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি আন্তরিকভাবে কাজ করছে।
অনুষ্ঠানে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, ‘বসুন্ধরার বাসিন্দাদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। আমাদের অ্যাম্বুল্যান্স সার্ভিস, ২৪ ঘণ্টা জরুরি ওষুধ ডেলিভারি সার্ভিস এবং ইউটিলিটি সার্ভিসের আওতায় প্লাম্বিং ও ইলেকট্রিশিয়ান সেবাসহ বিভিন্ন সেবার বিল এখন থেকে সিটি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ সিটিটাচ ব্যবহার করে পরিশোধ করতে পারবেন। এর ফলে বাসিন্দাদের সেবা গ্রহণ ও বিল পরিশোধের প্রক্রিয়া আরো সহজ, আধুনিক ও ঝামেলামুক্ত হবে।’
সিটি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. অরূপ হায়দার বলেন, ‘ব্যাংকিংটাকে আমরা একদম সহজ করে ফেলছি। যাতে আপনাদের শহরের ব্যস্ত জীবনের যানজট ঠেলে বিল দিতে না হয়। শুধু এই বিল নয়, এ রকম সব ধরনের বিল যাতে আপনারা সহজে দিতে পারেন, সেদিকে আমরা লক্ষ রাখছি। এটা মাত্র আমাদের যাত্রা শুরু।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকার রামপুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রামগঞ্জ পৌর মেয়র বেলাল আহমেদ (৬০), ২৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু (৪৮), ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ১ নম্বর ইউনিটের সদস্য নাসির উদ্দিন (৫০), রামপুরা থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য রবিউল ইসলাম মুন্না (২৩), রামপুরা থানা আওয়ামী লীগের সদস্য আনোয়ারুল হক (৬৮) এবং রামপুরা থানা যুবলীগের সদস্য মো. সৌরভ ইবনে নবী মৃদুল (৩৪)।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার রাতে রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ