ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ঝুঁকিতে কুবি শিক্ষার্থীরা


কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ঝুঁকিতে কুবি শিক্ষার্থীরা

কুমিল্লা জেলায় চুরি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের ওপরও। বিশেষ করে আবাসিক সুবিধার সীমাবদ্ধতার কারণে শহর ও বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিভিন্ন মেসে বসবাসকারী শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন।

সাম্প্রতিক সময়ে জেলায় অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ১৭ জুলাই জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাসূত্রে জানা গেছে, চলতি বছরের গত সাত মাসে কুমিল্লায় ৮৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনার কয়েকটিতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও পরে অনেকেই জামিন বা অন্যান্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।

২০২৫ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত অপরাধ চিত্রে দেখা যায়—ডিসেম্বরে ৯টি, জানুয়ারিতে ১৪টি, ফেব্রুয়ারিতে ১২টি, মার্চে ১১টি, এপ্রিলে ১০টি, মে মাসে ১৭টি এবং জুনে ১০টিসহ মোট ৮৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। একই সময়ে ধর্ষণের ঘটনা ঘটে ৯৭টি।

এ ছাড়া গত ছয় মাসে চুরির ঘটনা ঘটেছে ৩০২টি, ডাকাতি ৩৩টি এবং অপহরণের ঘটনা ১৪টি। অপমৃত্যু হয়েছে ৩৪৮টি। এ সময় পুলিশ ৪৮টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়।

আরও পড়ুন: ঢামেকে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক, থানায় হস্তান্তর

মাদক ব্যবসা এবং এলাকার আধিপত্যকে কেন্দ্র করে ২৫ জুন নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচিতে হামলা ও গুলির ঘটনায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়। গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথান আহম্মেদ প্রেম কাঁটাবিল উচ্চ বিদ্যালয়ের ছাত্র। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

সবশেষ চলতি মাসে নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় একটি জলাশয় থেকে জুম্মান নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে পরিচিত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ছাড়া চলতি বছরের ৪ মার্চ দুপুরে ঢাকা যাওয়ার সময় অপহরণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল। জোরপূর্বক তাকে গাড়িতে তুলে অপহরণকারীরা ময়নামতি ক্যান্টনমেন্ট-সংলগ্ন সড়ক ধরে নিয়ে যায় এবং দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয়। এ সময় তার কাছে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মানিব্যাগে থাকা প্রায় ১৫ হাজার টাকা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

৫ মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হোসাইন ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সায়েদ হাসান কুমিল্লা শহরের ধর্মসাগর পাড় এলাকা দিয়ে হাঁটার সময় শপিং ব্যাগের ধাক্কা লাগাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলার শিকার হন। এ সময় তাদের মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি তাদের গাড়িতে তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয়। তাদের উদ্ধার করতে গিয়ে আহত হন প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান শিপন।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার তিন দাবি

২২ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে লোকাল সেন্টমার্টিন পরিবহণ নামের একটি চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা করে পাঁচজন। এর মধ্যে দুইজনকে সেদিনই শিক্ষার্থীরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। বাকি তিনজন পালিয়ে যায়। পলাতক তিন আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা। এর মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুইজন এখনো পলাতক রয়েছে।

এ ছাড়া গত বছরের ৭ সেপ্টেম্বর কুমিল্লায় নিজ বাসায় খুন হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী ও তার মা তাহমিনা।

এদিকে, শহর ও মহাসড়কগুলোতে রাত গভীর হলে ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে যায়। সম্প্রতি ছিনতাইকারীদের হামলায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর নিহত হওয়ার ঘটনা জেলাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ রয়েছে, সংঘবদ্ধ ছিনতাইকারীরা কখনো যাত্রীর, আবার কখনো চালকের ছদ্মবেশে সাধারণ মানুষকে টার্গেট করে অপরাধ সংঘটিত করছে।

অন্যদিকে, কুমিল্লা নগরীতে কয়েক ডজন কিশোর গ্যাং সক্রিয় রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। সম্প্রতি এসব গ্যাংয়ের কার্যক্রম উপজেলা পর্যায়েও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সময় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তুলনামূলক কমসংখ্যক সদস্য গ্রেপ্তার হয়েছে বলে অভিযোগ রয়েছে। বয়স কম হওয়ায় অনেক সদস্য দ্রুত আইনি সুবিধা পেয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে স্থানীয়রা দাবি করেন।

আরও পড়ুন: বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব বিশেষজ্ঞদের

সম্প্রতি অস্ত্রসহ আটক কয়েকজন অপরাধী ও কিশোর গ্যাং সদস্যদের সঙ্গে পুলিশের সদস্যদের কথিত ওঠাবসার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়েও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এসব ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এসব পরিস্থিতির মধ্যে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থীর মাত্র প্রায় ২৩ শতাংশ আবাসিক সুবিধা পাচ্ছেন। ফলে অধিকাংশ শিক্ষার্থীকে কুমিল্লা শহর কিংবা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিভিন্ন মেসে বসবাস করতে হয়।

প্রতিদিন ক্লাস, পরীক্ষা, টিউশন ও অন্যান্য প্রয়োজনে শহর থেকে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করায় তারা ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঝুঁকিতে থাকছেন বলে জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময় শহর থেকে ক্যাম্পাসে কিংবা ক্যাম্পাস থেকে শহরে যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তাহীনতা বেড়েছে। অনেকেই প্রয়োজন ছাড়া রাতে বাইরে বের হতে ভয় পাচ্ছেন। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন: শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা বুলু, দোয়া চাইলেন পরিবার

নিজের অপহরণের ঘটনার বর্ণনা দিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ সবুজ বলেন,
“আমাকে যখন অপহরণ করা হয়, তখন রাত প্রায় ১০টা। এই সময়ে টিউশন শেষ করে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরে আসেন। শহর থেকে সর্বশেষ বাস আসে সাড়ে ৮টায়। ফলে যারা বিভিন্ন কারণে এই সময়ের পর ফিরে আসেন, তাদের একটি নিরাপত্তা ঝুঁকি থেকেই যায়। সবকিছু বিবেচনায় উপাচার্য মহোদয়ের কাছে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করেছিলাম, অন্তত একটি বাস যেন রাত ৯টায় দেওয়া হয়। বাস সংকটের কারণে তখন দেওয়া হয়নি। নতুন ভিসি স্যার এসেছেন, তার চিন্তায় ‘স্টুডেন্ট ফার্স্ট’। বাসও আছে। তাই বলব, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় অন্তত একটি বাস রাত ৯টায় দেওয়া হোক।”

তিনি আরও বলেন,
“এর বাইরে শহরে আমাদের প্রশাসনিক কোনো কেন্দ্র নেই। শহরে থাকা বা টিউশনে যাওয়া শিক্ষার্থীদের অনেকেই বিভিন্ন সময় ছিনতাই, চুরি, অপহরণ এমনকি খুনেরও শিকার হন। এ ক্ষেত্রে দেখা যায়, ক্যাম্পাসের রেসপন্সের ওপর নির্ভর করতে হয়। শহরে যদি একটি স্থায়ী হেল্প ডেস্ক থাকত, তাহলে বিষয়গুলো খুব সহজে দ্রুত সময়ের মধ্যে সমাধান করা যেত।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন বলেন,
“কুমিল্লা শহরে খুন, ছিনতাইসহ অপরাধ উদ্বেগজনকভাবে বেড়েছে। হল সংকটের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী শহরের মেস ও ভাড়া বাসায় থাকেন এবং প্রতিদিন যাতায়াত করেন। ফলে তাদের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বাড়ছে। এই পরিস্থিতির অন্যতম কারণ মাদকের সহজলভ্যতা ও মাদকাসক্তির বিস্তার। তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ, নিয়মিত টহল এবং মাদকবিরোধী অভিযান জোরদার করা জরুরি।”

একই বিভাগের আরেক শিক্ষার্থী সৈয়দা নাজিফা নাফিল বলেন,
“কুমিল্লা শহরে তুলনামূলকভাবে ছিনতাই, কিশোর গ্যাং ও নিরাপত্তা ঝুঁকি বেশি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দিন দিন বাড়ছে। খুন-খারাবির মতো পরিস্থিতি তৈরি হয়ে শিক্ষার্থীরা নিরাপত্তা সংকটে ভুগছেন। শুধু মেয়েরা নয়, বর্তমানে সব শিক্ষার্থীই ঝুঁকিতে আছেন। বিগত কয়েক দিন আগে ক্যাম্পাসে একজন শিক্ষার্থীকে মাদকাসক্ত কয়েকজন মিলে ছুরিকাঘাতের চেষ্টা করে। এ ক্ষেত্রে প্রশাসনের কাছ থেকেও কোনো রেসপন্স পাওয়া যায়নি। আসলে এ ব্যাপারে প্রশাসনের আরও সচেতন হওয়া উচিত এবং দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

আরও পড়ুন: দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির-এনসিপির রাজনীতি: ছাত্রদল সেক্রেটারি নাছির উদ্দীন নাছির

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন,
“এ বিষয়ে আমরা এসপি বরাবর স্মারকলিপি জমা দিয়েছি এবং প্রতিনিয়ত আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।”

কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট রোজী আক্তার বলেন,
“আপনি এ বিষয়ে আমার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম)-এর সঙ্গে কথা বলুন।”

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন,
“আমাদের ডিসি অফিসে আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশনা দেওয়া আছে যে, যখন যেখানে যেমন অপরাধ দেখা দেবে, তখন আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেবে। অপরাধ প্রবণতা বাড়ার বিষয়ে আলাদাভাবে পুলিশকে জানানো হয়েছে এবং আমাদের সিদ্ধান্তও সেভাবেই রয়েছে। পুলিশও আমাদের সভায় উপস্থিত থাকে। সব বাহিনী বিশেষভাবে কাজ করছে। অবশ্যই আমাদের আলাদা নজর রয়েছে। অপরাধ বাড়লে বিষয়টি আমরা আলাদাভাবে দেখি।”

আরও পড়ুন: টেকনাফে অপহৃত মাদ্রাসাছাত্র সিফাত উদ্ধার, দুই অপহরণকারী গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় রাজশাহী নগরীতে

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:৪২ পি.এম


কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় রাজশাহী নগরীতে

রাজশাহীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে জলাবদ্ধতায় ডুবে যায় রাজশাহী সাহেববাজার বানিজ্যিক এলাকা, মহানহরীর বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও রামেক হাসপাতালের সামনের সড়ক। এর ফলে নগরবাসী, সাধারণ পথচারী, রামেকে আগত রোগী, তাঁদের স্বজন, চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক দফা এলাকাটি উঁচু করা হয়েছে, তবে নর্দমার (ড্রেনেজ) ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সমস্যার স্থায়ী সমাধান হয়নি। একই অবস্থা সাহেববাজার বড়মসজিদ এলাকার।

মঙ্গলবার বিকেলে টানা বৃষ্টির পর সাহেববাজার এলাকা এবং মহাসpitalের জরুরি বিভাগের সামনে ও প্রধান ফটকসংলগ্ন সড়কে হাঁটুপানি জমে যায়। নিচু এলাকা হওয়ার কারণে আশপাশের বৃষ্টির পানিও সেখানে জমা হচ্ছে। কয়েক ঘণ্টা ধরে সেখানে পানি নামতে দেখা যায়নি এবং সন্ধ্যা সাতটার দিকে সেখানেও পানি ছিল।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালে বাইরে আসা এবং হাসপাতালে প্রবেশ করা রোগী ও স্বজনদের কাপড় গুটিয়ে কিংবা জুতা হাতে নিয়ে পানির মধ্য দিয়ে চলাচল করতে বাধ্য হতে হচ্ছে। জরুরি বিভাগে রোগী আনা-নেওয়াও হয়েছে পানি মাড়িয়ে। কিছু লোককে পানিতে পিছলে পড়তেও দেখা গেছে।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রোগী নিয়ে হাসপাতালে আসা মাসুম আলী জানান, এটি দীর্ঘদিনের একটি সমস্যা। সামান্য বৃষ্টিতেই হাসপাতালের সামনে পানি জমে যায়।

রোগী দেখতে আসা মোঃ মিজানুর রহমান বলেন, পুরো সড়ক পানিতে ডুবে যাওয়ায় হাসপাতলে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয়েছে এবং বছরের পর বছর একই সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।

সাহেববাজার কাপড়পট্রির মোঃ সাহেব আলী উল্লেখ করেন, সামান্য বৃষ্টিতেই বড়মসজিদের সামনে সড়কে হাঁটুপানি জমে থাকায় পথচারী ও মসজিদে আসা মুসল্লিরা চরম ভোগান্তিতে পড়েন। তিনি আরও জানান, রাজশাহী শহরকে বলা হতো পুকুরের শহর। বর্তমানে এই শহরে পুকুর শূণের কোঠায়। এই সুখী, শান্তির নগরী থেকে পুকুর, মাইঠ্যাল ভরাট করে সেখানে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। এবং এই ভরাট কাজগুলোর জন্য কিছু অসাধু নেতা, পাতি নেতা, ভূমি দস্যুরা গত ১৫/২০ বছরে সবচেয়ে বেশি দায়ী।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ জানান, হাসপাতালের সামনের সড়কে জলাবদ্ধতার সমস্যা নতুন নয়। গত কয়েক বছরে অন্তত দুই থেকে তিন দফা সড়ক উঁচু করা হয়েছে। তবে ভারী বৃষ্টির সময় এখনো পানি জমে। হাসপাতালের কিছু নিজস্ব নর্দমা থাকলেও সেগুলো সিটি করপোরেশনের নর্দমা নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত। এজন্য স্থায়ী সমাধানের জন্য সমন্বিত উদ্যোগের প্রয়োজন। তিনি বলেন, ড্রেনে ময়লা বা পলিথিন জমে থাকলে তা পরিষ্কারের জন্য সিটি করপোরেশনকে জানানো হবে। পাশাপাশি হাসপাতালের সামনের অংশ আরও উঁচু করা যায় কি না সেটিও বিবেচনা করা হচ্ছে। রোগীদের দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

এদিকে একই বৃষ্টিতে রাজশাহী নগরীর, লক্ষ্ণীপুর, বাকির মোড়, ডিঙ্গাডোবা ও বহরমপুরসহ কয়েকটি নিচু এলাকায়ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মোঃ মামুন জানিয়েছেন, হাসপাতালের সামনে ফুটপাতে অবৈধ দোকানপাট গড়ে ওঠে। উচ্ছেদের পরও তারা আবার বসে এবং নর্দমায় ময়লা-আবর্জনা ফেলায় অনেক সময় পানিনিষ্কাশনে বাধা সৃষ্টি হয়। তবে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয় না। তাঁর দাবি, সাধারণত দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই পানি নেমে যায়। নগরীর পানি নিষ্কাশনের পথগুলো সচল ও পরিষ্কার রাখা হয়েছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালিয়ায় মিজানুর রহমানের বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


কাঁঠালিয়ায় মিজানুর রহমানের বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের দক্ষিণ চেচরী গ্রামে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে মিজানুর রহমানের বিরুদ্ধে। এই ঘটনার কারণে এলাকায় ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে, উপজেলা বন বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্তে নিশ্চিত করেছে যে গাছগুলো সরকারি সম্পত্তি। এর পাশাপাশি তারা জানিয়েছে যে, গাছ কাটার জন্য বন বিভাগের কোনো অনুমতি গ্রহণ করা হয়নি।

স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই মাস আগে মৃত শাহেব আলী হাওলাদারের ছেলে মিজানুর রহমান সড়কের পাশে অবস্থিত তিনটি সরকারি চাম্বল গাছ কেটে বিক্রি করেন। এলাকাবাসীর অভিযোগ, গাছগুলোর নিচের অংশ প্রায় ১৫ থেকে ২০ ফুট রেখে উপরের অংশ কেটে নেওয়া হয়েছে।

অথচ অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান দাবি করেন, গাছগুলো তার নিজস্ব মালিকানাধীন সম্পত্তি। তিনি নিজেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের চেচরীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন।

অভিযোগের পর কাঁঠালিয়া উপজেলা বনায়ন কর্মকর্তা আরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানিয়েছেন, প্রথমিক তদন্তে গাছগুলো সরকারি সম্পত্তি হিসেবে প্রতীয়মান হয়েছে। এছাড়াও, গাছ কাটার আগে বন বিভাগের কাছে অনুমতি নেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

বন বিভাগ জানিয়েছে যে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যে ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর পাশাপাশি, স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছেন যে, সরকারি সম্পদ রক্ষায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। তাদের অভিযোগ, সরকারি সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবি সাংবাদিক সমিতির দুই পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


যবিপ্রবি সাংবাদিক সমিতির দুই পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) দুটি গুরুত্বপূর্ণ পদ, যা চাকরিতে যোগদান ও পরবর্তী সময়ে পদত্যাগের কারণে শূন্য হয়েছে, সেগুলোর জন্য উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমরান হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাইজিংবিডির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমদাদুল ইসলাম।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের কার্যালয়ে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার পদে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। নির্বাচনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মো. হামিদুর রহমান এবং তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মো. নাজমুল হোসাইন।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, দুটি পদের বিপরীতে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৩টায় ফলাফল ঘোষণা করা হয়। এতে মো. ইমরান হোসেন সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন মো. ইমদাদুল ইসলাম।

জানা যায়, যবিপ্রবিসাসের ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শেখ সাদী ভূঁইয়া গত ১ জুন এসিআই অ্যানিমেল হেলথ-এ অ্যাকুয়া সার্ভিস অফিসার হিসেবে যোগদান করেন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, কার্যনির্বাহী পরিষদের কোনো সদস্য চাকরিতে যোগ দিলে তাকে পদ থেকে অব্যাহতি নিতে হয়। ১৮ জুলাই শেখ সাদী ভূঁইয়া সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নেন, ফলে পদটি শূন্য হয়ে যায়।

এরপর, শূন্য সাধারণ সম্পাদক পদে উপ-নির্বাচনে অংশ নিতে প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন নিজ পদ থেকে পদত্যাগ করেন। ফলে সাধারণ সম্পাদক এবং প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক উভয় পদই শূন্য হয়ে পড়ে। এসব শূন্য পদ পূরণে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ উপ-নির্বাচনের আয়োজন করা হয়। নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে যবিপ্রবি সাংবাদিক সমিতির ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের যে দুটি শূন্য পদ ছিল, সেগুলি পূরণ হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসে থেকেও কণ্ঠে ছড়াচ্ছেন দ্বীনের সৌন্দর্য, মিজান ক্বাদরির অনুপ্রেরণার গল্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদন: মো. শরীফ উদ্দিন

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


প্রবাসে থেকেও কণ্ঠে ছড়াচ্ছেন দ্বীনের সৌন্দর্য, মিজান ক্বাদরির অনুপ্রেরণার গল্প

প্রতিভা কখনো থেমে থাকে না। দূর প্রবাসে থেকেও যার কণ্ঠ ছুঁয়ে যায় লাখো মানুষের হৃদয়—তিনি মোহাম্মদ মিজান ক্বাদরি।

২০০২ সালের ১০ জানুয়ারি সিলেট বিভাগের হবিগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর তেঘরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ মিজান ক্বাদরি।

শৈশব থেকেই তিনি ছিলেন শান্ত, মেধাবী এবং দ্বীনের প্রতি গভীর অনুরাগী। ছোটবেলা থেকেই ইসলামি সংস্কৃতি ও পবিত্র কুরআনের প্রতি তার ভালোবাসা ছিল অসাধারণ। হবিগঞ্জ সদর উপজেলার রাঙ্গার গাঁও গ্রামে সম্পন্ন করেন পবিত্র হিফজুল কুরআন।

পরবর্তীতে ২০১৮ সালে হবিগঞ্জ উমেদনগর দাখিল মাদ্রাসা থেকে কৃতিত্বের সঙ্গে দাখিল সম্পন্ন করেন। এরপর হবিগঞ্জ দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসা থেকে আলিম ও অনার্স সম্পন্ন করে জ্ঞান ও সৃজনশীলতার পথে এগিয়ে যান।

তবে তার পরিচয় শুধু একজন শিক্ষার্থী হিসেবেই সীমাবদ্ধ নয়। বর্তমানে তিনি বাংলাদেশের পরিচিত ইসলামি সংগীত শিল্পীদের মধ্যে অন্যতম একজন।

তার কণ্ঠে ফুটে ওঠে দ্বীনের দাওয়াহ, ভালোবাসা, আবেগ ও মানবতার আহ্বান। অসংখ্য ভাইরাল নাত, ইসলামি সংগীত ও সচেতনতামূলক কনটেন্টের মাধ্যমে তিনি ইতোমধ্যে লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। নিজের লেখা অসংখ্য ইসলামি গানও মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে।

আল্লাহ তায়ালা তাকে দিয়েছেন বহুমুখী প্রতিভা। তিনি একজন ইসলামি কনটেন্ট ক্রিয়েটর, দক্ষ সংবাদকর্মী, মঞ্চ উপস্থাপক, ভয়েস আর্টিস্ট, লেখক এবং আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।

এর পাশাপাশি দেশের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তিনি।

বর্তমানে কর্মসংস্থানের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করলেও থেমে নেই তার সৃজনশীল পথচলা। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও নিয়মিত তৈরি করে চলেছেন ইসলামি, সামাজিক ও সচেতনতামূলক কনটেন্ট। তার কণ্ঠ ও লেখনী প্রতিনিয়ত মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।

তার জীবন যেন এক অনুপ্রেরণার গল্প—স্বপ্ন, পরিশ্রম, অধ্যবসায় ও প্রতিভার সমন্বয়ে গড়ে উঠেছে আজকের মোহাম্মদ মিজান ক্বাদরি।

দোয়া ও ভালোবাসায় এগিয়ে যাক তার পথচলা। তার কণ্ঠে ছড়িয়ে পড়ুক দ্বীনের সৌন্দর্য পৃথিবীর প্রতিটি প্রান্তে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%