মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০২:০৪ এম
রাজধানীর আদাবর এলাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২ কর্তৃক ছয়টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গান পাউডারসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
এসআরবি-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপসের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে এই তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত দুই ব্যক্তির নাম মো. মাহবুব হোসেন (২৯) এবং মো. রাশেদ কবির (২৮)। তাদের মধ্যে মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
এসআরবি-২ জানায়, সোমবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আদাবর থানার শ্যামলী রিং রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি মোটরসাইকেলে থাকা মাহবুব ও রাশেদকে ছয়টি পেট্রোল বোমা এবং ৯৫০ গ্রাম গানপাউডারসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক দুজনের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত। এসআরবি-২ জানায়, মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একাধিক নাশকতার মামলার আসামি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে তারা পেট্রোল বোমা ও গানপাউডার নিয়ে সেখানে অবস্থান করছিলেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় বিদেশি পিস্তল ও গুলিসহ আমিনুল ইসলাম সাগর (৩৪) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। গ্রেফতারের সময় তার ব্যবহৃত একটি প্রাইভেট কার থেকে একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি, একটি সামুরাই, দুটি চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
সোমবার (৯ নভেম্বর) রাতে এসআরবি-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপসের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসআরবি-২ জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরশিনগর এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসী সাগরকে গ্রেফতার করা হয়, যার কাছে একটি বিদেশি পিস্তল ও একটি বিদেশি ওয়ান শুটারগান ছিল।
পরে তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুনরায় তল্লাশি চালানো হয়। অভিযানের সদস্যরা তার ব্যবহৃত প্রাইভেট কারের ভেতর থেকে দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি, একটি সামুরাই, দুটি চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেন।
প্রাথমিক তথ্যানুসন্ধানে এসআরবি-২ জানিয়েছে, গ্রেফতার আমিনুল ইসলাম সাগর নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য। উদ্ধার করা দেশি ও বিদেশি অস্ত্রের মাধ্যমে তিনি নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে আসছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাগরের পিসিপিআর যাচাই করে দেখা গেছে, তার বিরুদ্ধে ডিএমপির শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তিনি আগেও একবার গ্রেফতার হয়েছিলেন।
জব্দ করা আলামত ও গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তার অন্যান্য সহযোগীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে এসআরবি-২-এর অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ