১২:৪৬ পি.এম
মুন্সিগঞ্জ জেলা কারাগারে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’ আধুনিক কারা ব্যবস্থাপনার অংশ হিসেবে চালু করা হয়েছে। এই নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে বন্দিদের নিরাপত্তা, অবস্থান শনাক্তকরণ এবং লেনদেন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
রোববার (২১ জুন) কারা অধিদফতর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই উদ্যোগটি প্রতিশ্রুতি অনুযায়ী আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কারাগার ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও কার্যকর করার অংশ হিসেবে নেয়া হয়েছে।
আরও পড়ুন: সুনামগঞ্জ পৌর শহরে অকেজো ১৫০টি সিসি ক্যামেরা, অপরাধ বাড়ছে
কারা অধিদফতর জানায়, ক্যাশলেস কারা ব্যবস্থাপনায় আরএফআইডি (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) প্রযুক্তির মাধ্যমে বন্দিদের অবস্থান শনাক্ত করা হচ্ছে। এছাড়া, আরএফআইডি ব্যবস্থার মাধ্যমে ওয়ার্ডভিত্তিক বন্দি গণনা নিশ্চিত করা হচ্ছে।
এই ব্যবস্থায় বন্দিদের আত্মীয়-স্বজনের দেয়া অর্থ নগদ লেনদেন ছাড়াই ভার্চুয়াল পদ্ধতিতে তাদের ব্যক্তিগত হিসাবে জমা থাকবে। পরবর্তীকালে, আরএফআইডি প্রযুক্তির সহায়তায় বন্দিরা কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন।
কারা অধিদফতর জানিয়েছে যে, নতুন এই ব্যবস্থার ফলে কারাগারের ভেতরে নগদ অর্থের প্রচলন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এতে বন্দিদের অবস্থান শনাক্তকরণ আরও সহজ হবে এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা আসবে।
এ ছাড়া, আধুনিক প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে কারা ব্যবস্থাপনায় নিরাপত্তা বৃদ্ধি, বন্দিদের তথ্য ব্যবস্থাপনার সহজিকরণ এবং সেবার মান উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছে কারা কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জ জেলা কারাগারে চালু হওয়া এই কার্যক্রম দেশের কারা ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ ও সঞ্চয়ে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রশিক্ষণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন