০১:১৫ পি.এম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কাছে একটি বাড়ির নিকটবর্তী এলাকায় দৌড়াতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন ২৮ বছর বয়সী তরুণী। গুরুতর আহত কেটি সুয়ারেজ বর্তমানে আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। পুলিশ ঘটনাটিকে আপাতদৃষ্টিতে একটি পরিকল্পনাহীন হামলা হিসেবে চিহ্নিত করেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে ব্রুকলিনের বেল্ট পার্কওয়ের পাশে জলপথ ধরে দৌড়াচ্ছিলেন সুয়ারেজ। এ সময় তিনি বাবাকে ফোন করে জানান, বাড়ি থেকে প্রায় আধা মাইল দূরে অবস্থান করছেন। কিন্তু নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। পরে তার বাবা রাস্তার পাশে গলায় ছুরিকাঘাতের ক্ষতসহ তাকে পড়ে থাকতে দেখেন।
নিউইয়র্ক পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান জো কেনি জানান, ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ ফুট পর্যন্ত রক্তের দাগ পাওয়া গেছে। হামলার পর সুয়ারেজের কোনো জিনিসপত্র খোয়া যায়নি এবং যৌন নিপীড়নের কোনো আলামতও পাওয়া যায়নি বলে পুলিশ নিশ্চিত করেছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মায়ামিতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১
ব্রুকলিনের বাথ বিচ ও বেনসনহার্স্ট এলাকার কাছে শোর পার্কওয়ে গ্রিনওয়ে নামের পথে এ হামলার ঘটনা ঘটে। ওই এলাকায় কোনো নজরদারি ক্যামেরা নেই। তবে ঘটনার সময় ওই সড়ক দিয়ে প্রায় ১ হাজার ৭০০ গাড়ি চলাচল করেছিল, যা গাড়ির নম্বর শনাক্তকরণ যন্ত্রের তথ্য থেকে জানা গেছে। তদন্তকারীরা এসব গাড়ির চালকদের মধ্যে কারও গাড়িতে হামলার দৃশ্য ধারণ হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫৬ মিনিট থেকে রাত ৮টা ১২ মিনিটের মধ্যে বেল্ট পার্কওয়ের পূর্বমুখী সাইকেলপথের বে এইট স্ট্রিট ও বে সেভেনটিন স্ট্রিট এলাকার আশপাশে কেউ সুয়ারেজকে দেখে থাকলে বা তার সঙ্গে কোনো ব্যক্তির কথোপকথন হয়ে থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।
তথ্য দিয়ে হামলাকারীকে গ্রেপ্তারে সহায়তা করতে পারলে ১০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। তথ্য জানাতে নিউইয়র্ক পুলিশের ১-৮০০-৫৭৭-৮৪৭৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
সূত্র: এবিসি নিউজ
আরও পড়ুন: ট্রাম্প: ইরান যুদ্ধের কারণে রিপাবলিকানদের নির্বাচনে ভরাডুবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন