০৭:৩০ পি.এম
বাবা-মা কেউই জীবিত নেই। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি নিয়ে বিরোধের কারণে কোমর ও পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সেই অবস্থায় শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হলো ওসমান গনি (৩০) নামের এক যুবকের নিথর দেহ।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদ-সংলগ্ন বাশাইর ঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। নিখোঁজ হওয়ার পর প্রায় এক দিন ধরে নদীতে উদ্ধার অভিযান চলছিল।
নিহত ওসমান গনি বাশাইর গ্রামের মৃত মতিন মিয়ার পুত্র। স্থানীয়দের অভিযোগ, জমি নিয়ে বিরোধের কারণে প্রায় ১৫ দিন আগে তার ফুফা বাবুল হোসেন কোমর ও পায়ে লোহার শিকল দিয়ে তাকে বেঁধে রাখেন। অভিযোগ রয়েছে যে, উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি দখল ও আত্মসাতের চেষ্টা নিয়ে তাকে নির্যাতন করা হতো।
আরও পড়ুন: বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: এমপি নুসরাত
স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৪ নভেম্বর) দুপুরের পর বাবুল হোসেনের মনোনীত একজন ব্যক্তি লাঠি নিয়ে ওসমানকে তাড়া করেন। এ সময় প্রাণভয়ে তিনি শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে উদ্ধার কার্যক্রম শুরু না করার অভিযোগও উঠেছে।
তবে বাবুল হোসেনের দাবি, ওসমান মানসিকভাবে অসুস্থ ছিলেন। আশপাশের লোকজনকে বিরক্ত করার কারণে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার চেষ্টা করলেও তিনি পালিয়ে যেতেন। তার মানসিক অসুস্থতার বিষয়ে হাসপাতালের কাগজপত্রও রয়েছে বলে তিনি দাবি করেন।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ অনুপ কুমার সিংহ জানান, শনিবার বিকেলে উদ্ধার অভিযান শুরু করা হলেও তাকে পাওয়া যায়নি। রোববার সকালে পুনরায় অভিযান চালিয়ে দুপুরে বাশাইর ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: জিয়াউর রহমান হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তার বিচার শুরু ৪৫ বছর পর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন