শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:৫০ এম
পশ্চিমা সমর্থিত লেবানন সরকার সন্তোষ প্রকাশ করেছে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হওয়ায়। তবে, হুথিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা না করায় নিরাপত্তা পরিষদের প্রতি তারা সমালোচনা করেছে।
ইয়েমেনের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-সাদি, যিনি জাতিসংঘে পশ্চিমা সমর্থিত প্রতিনিধি হিসেবে নিযুক্ত, বলেছেন, হুথিরা তাদের সামরিক অভিযানকে আরও তীব্র করছে। পাশাপাশি, লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগরে নৌ চলাচলের নিরাপত্তার জন্য তারা হুমকি সৃষ্টি করছে। এমন একটি সংকটময় পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের এই প্রস্তাবটি এসেছে।
আল-সাদি ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবারকে জানিয়েছেন, "নিরাপত্তা পরিষদ বিষয়গুলোকে যথাযথ নামে অভিহিত করতে এবং হুথি মিলিশিয়াদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বর্ণনা করতে না পারায় আমরা দুঃখিত।"
বৃহস্পতিবার, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি পাস করেছে। এর মাধ্যমে ইয়েমেনের সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। পাশাপাশি, হুথিদের হামলার নিন্দা জানানো হয়েছে।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইতালি যেন জিনেদিন জিদানের জন্য এক অতিক্রম্য বাধা হয়ে দাঁড়িয়ে আছে!
২০০৬ বিশ্বকাপ ফাইনালের সেই রাতের ঘটনা এখনো ফুটবলপ্রেমীদের মনে উজ্জ্বল। ফ্রান্সের হয়ে নিজের শেষ ম্যাচে ইতালির মার্কো মাতেরাজ্জিকে আঘাত করে লাল কার্ড দেখেছিলেন জিদান।
দুই দশক পর জাতীয় দলের কোচ হিসেবে ফিরে এসেও ইতালির কাছে পরাজয় এড়াতে পারলেন না ফরাসি কিংবদন্তি। সান সিরোয় অনুষ্ঠিত ম্যাচে ইতালি ৩-১ গোলে জয়লাভ করে একটি স্মরণীয় জয় তুলে নেয়।
গতকাল রাতে উয়েফা নেশনস লিগের খেলায় ইতালির শুরুটা ভালো হয়নি। গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলের সুযোগ নিয়ে ১০ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন মাইকেল ওলিসে। তবে ২৬ মিনিটে পিও এসপোসিতোর গোলে সমতা ফেরায় ইতালি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে উভয় দল। ৬০ মিনিটে পেনাল্টি পেয়েও এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে পারেনি ইতালি। সেবাস্তিয়ানো এসপোসিতোর নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩ মিনিট পর ফেদেরিকো দি মার্কোর পাস থেকে গোল করে ইতালিকে এগিয়ে দেন দাভিদে ফ্রাত্তেসি।
এরপর ইতালির সামনে ব্যবধান বাড়ানোর সুযোগ আসে। এবার পেনাল্টি থেকে আর ভুল করেননি সেবাস্তিয়ানো এসপোসিতোর ছোট ভাই পিও এসপোসিতো। ৭৫ মিনিটে স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোল করে ইতালির জয় নিশ্চিত করেন তিনি।
১৯৬২ সালের পর ঘরের মাঠে ফ্রান্সের বিপক্ষে এটি ইতালির প্রথম জয়। সাম্প্রতিক সময়ে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠেছে। অক্টোবরে ফ্রান্সের মাঠে ১-১ গোলে ড্র হয়েছিল ইতালির সাথে। এবার নিজেদের মাঠে জিদানের দলকে পরাজিত করে রবার্তো মানচিনির দল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বিশ্বজুড়ে একটি বড় ধরনের সেবা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। প্রতিষ্ঠানটির জনপ্রিয় ই-মেইল সেবা আউটলুক, ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম মাইক্রোসফট টিমস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা কোপাইলট ব্যবহার করতে গিয়ে হাজার হাজার ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হচ্ছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত বিবিসির একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
মাইক্রোসফট জানায়, তাদের একাধিক সেবা সংযোগজনিত সমস্যার কারণে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রতিষ্ঠানটির কারিগরি বিভাগের সদস্যরা কাজ করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধারাবাহিক আপডেটে মাইক্রোসফট জানায়, সেবা পুনরুদ্ধারের কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে তারা কাজ করে যাচ্ছে।
আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টার দিকে বিশ্বজুড়ে আউটলুক সেবা নিয়ে সমস্যা সম্পর্কে প্রায় ১ লাখ ৪০ হাজার অভিযোগ জমা পড়ে।
তবে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সেবা বিপর্যয়ের পেছনে সাইবার হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
মাইক্রোসফট ৩৬৫-এর আওতাধীন এসব সেবা বিশ্বের বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ই-মেইল আদান-প্রদান, অনলাইন বৈঠক, ফাইল সংরক্ষণ এবং দূরবর্তী অবস্থান থেকে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে এসব সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, চলমান সমস্যার কারণে ব্যবহারকারীরা ক্যালেন্ডার অ্যাপের কিছু তথ্য এবং নির্দিষ্ট ফাইল দেখতে গিয়ে জটিলতায় পড়তে পারেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির এআইভিত্তিক প্ল্যাটফর্ম কোপাইলটের কার্যক্রমও ব্যাহত হতে পারে।
বিশ্বজুড়ে বিপুলসংখ্যক ব্যবহারকারী ও প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম এসব সেবার ওপর নির্ভরশীল হওয়ায় এই বিপর্যয়ে কর্মক্ষেত্রে যোগাযোগ ও কাজের স্বাভাবিক ধারায় বিঘ্ন ঘটছে।
সূত্র: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ফলে সৌদি আরবে বিমান চলাচলে বিঘ্ন অব্যাহত রয়েছে। নিরাপত্তার ঝুঁকি উল্লেখ করে বেশ কিছু আন্তর্জাতিক এয়ারলাইনস দেশটিতে ফ্লাইট চলাচল স্থগিত রাখার মেয়াদ বৃদ্ধি করেছে।
বৃহস্পতিবার ভারতের বিমান সংস্থা আকাসা এয়ার জানায়, রিয়াদ ও জেদ্দা থেকে আসা-যাওয়ার সব ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। চলমান নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের অপর বিমান সংস্থা ইন্ডিগোও রিয়াদ এবং দাম্মামে তাদের ফ্লাইট চলাচল ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে। তবে জেদ্দা ও মদিনায় তাদের ফ্লাইট ২১ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
এছাড়া, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস রিয়াদ, জেদ্দা ও দাম্মাদে ফ্লাইট চলাচল ১৪ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে।
ইউরোপের বিমান সংস্থাগুলোও আরো দীর্ঘ সময়ের জন্য ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। নেদারল্যান্ডসের কেএলএম রিয়াদ ও দাম্মামে তাদের ফ্লাইট ২৭ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে। অন্যদিকে, ব্রিটিশ এয়ারওয়েজ লন্ডন-রিয়াদ রুটে ফ্লাইট পুনরায় চালুর সময় পিছিয়ে ২০২৭ সালের ১১ জানুয়ারি নির্ধারণ করেছে।
সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ রিয়াদ ও দাম্মাদে ফ্লাইট চলাচল ১৯ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে। ওমানের সালামএয়ারও একই দুই শহরে তাদের ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে।
হুথিদের ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা ঘটেছে। হামলার লক্ষ্যবস্তু হিসেবে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। এসব হামলার কারণে দেশটির বিমান চলাচল এবং আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটছে।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত গোশত উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে গোশত প্রক্রিয়াজাতকারী, বিক্রেতা ও কসাইদের নিয়ে একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা গোশত বিক্রেতা, প্রক্রিয়াজাতকারী ও কসাইরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালার কোর্স পরিচালনার দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীক জাহান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিষেক কান্তি বর্মণ, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অফিস সহকারী আলমগীর হোসেনসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পরিচ্ছন্ন পরিবেশে গোশত প্রক্রিয়াজাতকরণ, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিষ্কার ও জীবাণুমুক্ত সরঞ্জাম ব্যবহার, সঠিক পদ্ধতিতে গোশত সংরক্ষণ এবং বিক্রয়কেন্দ্রের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। নিরাপদ ও মানসম্মত গোশত সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন করণীয় সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনাও দেওয়া হয়।
বক্তারা উল্লেখ করেন, ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত গোশত নিশ্চিত করতে গোশত বিক্রেতা ও প্রক্রিয়াজাতকারীদের সচেতনতার পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালন করা আবশ্যক। গোশতের গুণগত মান বজায় রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে বিক্রির প্রতিটি পর্যায়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করা অত্যন্ত জরুরি। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগিয়ে সবাইকে নিরাপদ গোশত সরবরাহে সচেষ্ট হওয়ার আহ্বান জানান বক্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ