প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বিশ্বজুড়ে একটি বড় ধরনের সেবা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। প্রতিষ্ঠানটির জনপ্রিয় ই-মেইল সেবা আউটলুক, ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম মাইক্রোসফট টিমস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা কোপাইলট ব্যবহার করতে গিয়ে হাজার হাজার ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হচ্ছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত বিবিসির একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
মাইক্রোসফট জানায়, তাদের একাধিক সেবা সংযোগজনিত সমস্যার কারণে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রতিষ্ঠানটির কারিগরি বিভাগের সদস্যরা কাজ করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধারাবাহিক আপডেটে মাইক্রোসফট জানায়, সেবা পুনরুদ্ধারের কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে তারা কাজ করে যাচ্ছে।
আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টার দিকে বিশ্বজুড়ে আউটলুক সেবা নিয়ে সমস্যা সম্পর্কে প্রায় ১ লাখ ৪০ হাজার অভিযোগ জমা পড়ে।
তবে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সেবা বিপর্যয়ের পেছনে সাইবার হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
মাইক্রোসফট ৩৬৫-এর আওতাধীন এসব সেবা বিশ্বের বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ই-মেইল আদান-প্রদান, অনলাইন বৈঠক, ফাইল সংরক্ষণ এবং দূরবর্তী অবস্থান থেকে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে এসব সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, চলমান সমস্যার কারণে ব্যবহারকারীরা ক্যালেন্ডার অ্যাপের কিছু তথ্য এবং নির্দিষ্ট ফাইল দেখতে গিয়ে জটিলতায় পড়তে পারেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির এআইভিত্তিক প্ল্যাটফর্ম কোপাইলটের কার্যক্রমও ব্যাহত হতে পারে।
বিশ্বজুড়ে বিপুলসংখ্যক ব্যবহারকারী ও প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম এসব সেবার ওপর নির্ভরশীল হওয়ায় এই বিপর্যয়ে কর্মক্ষেত্রে যোগাযোগ ও কাজের স্বাভাবিক ধারায় বিঘ্ন ঘটছে।
সূত্র: বিবিসি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন