ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

পার্বতীপুরে গুনীজনদের খেতাব প্রদান


পার্বতীপুরে গুনীজনদের খেতাব প্রদান

 

পার্বতীপুরে সঙ্গীতজ্ঞ পন্ডিত তমাল কান্তি লাহিড়ী, খন্দকার মোহাম্মদ আলী সম্রাট এবং মিলন কুমার ভট্টাচার্য্যকে খেতাব প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ আগস্ট শনিবার সন্ধ্যায় পার্বতীপুর মৎস্য খামার হ্যাচারী কমপ্লেক্স অডিটরিয়ামে মিডিয়া কর্ণার শিল্পী পরিষদের উদ্যোগে খেতাব প্রদান অনুষ্ঠানের উদ্বোধন ও বক্তব্য রাখেন মরহুম উচ্চাঙ্গ পন্ডিত তমাল কান্তি লাহিড়ীর সহধর্মিনী বিথী গাঙ্গুলী।

বাংলাদেশ বেতার রংপুরের গীতিকার, সাংবাদিক ও শিক্ষক মুসলিমুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের সংগীত প্রযোজক ওস্তাদ মিলন কুমার ভট্টাচার্য, নাট্য পরিচালক ওস্তাদ খন্দকার মোহাম্মদ আলী সম্রাট, বিটিভির ভাওয়াইয়া শিল্পী ও ছায়ানটের লোকজ বিভাগের শিক্ষক এরফান হোসেন, বাংলাদেশ বেতার রংপুরের সংগীত শিল্পী ও সুরকার এস এম নজরুল ইসলাম, শাহীদুজ্জামান লাভলু, সংগীত পরিচালক মোঃ সোলায়মান, শিল্পী গীরেন্দ্র নাথ রায়, শিল্পী মফিজুর রহমান বিপ্লব, নজরুল সংগীত শিল্পী আজিবর রহমান, শিল্পী বিনয় কুমার রাজবংশী, সঙ্গীত সংগঠক প্রধান শিক্ষক মোরশেদ উল আলম, সঙ্গীত গবেষক আসাদুজ্জামান বাবু প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন মিডিয়া কর্ণার শিল্পী পরিষদের প্রতিষ্ঠাতা ও সংগীত শিল্পী মোশাহেদুল হক মিলন।

আরও পড়ুন: আবু তাহের তালুকদারের নেতৃত্বে পূর্বধলায় ৬৬ পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা

অনুষ্ঠানে মরনোত্তর উচ্চাঙ্গ পন্ডিত খেতাব প্রদান করা হয় তমাল কান্তি লাহিড়ীকে, ভাওয়াইয়া মহারাজ খেতাব দেওয়া হয় খন্দকার মোহাম্মদ আলী সম্রাটকে এবং রবীন্দ্র পন্ডিত খেতাব প্রদান করা হয় মিলন কুমার ভট্টাচার্যকে, মুকুট পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। পরে খ্যাতনামা সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঙ্গীত পরিবেশন করেন ওস্তাদ মিলন ভট্টাচার্য, ওস্তাদ খন্দকার মোহাম্মদ আলী সম্রাট, বিথী গাঙ্গুলী, এরফান হোসেন, মোঃ সোলায়মান, আজিবর রহমান, এস এম নজরুল ইসলাম, আমেনা খাতুন, পুতুল রায়, মোশাহেদুল হক মিলন প্রমূখ। অনুষ্ঠানে উত্তরবঙ্গের সকল খ্যাতনামা শিল্পীগণসহ বিভিন্ন ধারার সংগীত ওস্তাদবৃন্দ, সংগীত শিল্পী এবং সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউন্সিলর প্রার্থী ব্যানার লাগানোয় কারও কারও গা জ্বলছে’: আবু সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


কাউন্সিলর প্রার্থী ব্যানার লাগানোয় কারও কারও গা জ্বলছে’: আবু সরকার

 

আসন্ন সৈয়দপুর পৌরসভা নির্বাচনের প্রেক্ষাপটে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আবু সরকার শুভেচ্ছা জানিয়ে পৌরসভার নির্বাচনি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল ব্যানার টাঙিয়েছেন। তবে অভিযোগ উঠেছে, রাতের অন্ধকারে কেউ বা কিছু তার কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলেছে। শহরের বাসিন্দাদের মধ্যে অনেকের অভিযোগ, সম্প্রতি সৈয়দপুর শহরে ব্যানার ছিঁড়ে ফেলার একটি প্রবণতা দেখা দিয়েছে। কিন্তু সব প্রার্থীর ব্যানার বা পোস্টার ছেঁড়া হচ্ছে না। নির্দিষ্ট কিছু ব্যক্তি ও প্রার্থীর ব্যানার লক্ষ্য করে এ ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবু সরকার দীর্ঘদিনের পরীক্ষিত বিএনপি নেতা। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছর ধরে জাতীয়তাবাদী দল বিএনপির জন্য তিনি নিরলসভাবে কাজ করে আসছেন। দলের দুর্দিনেও তিনি মাঠে ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

আবু সরকার বলেন, ‘গত ১৭ বছর আমি আমার জাতীয়তাবাদী দল বিএনপির জন্য নিরলসভাবে মাঠে থেকে কাজ করেছি। আজ অনেক নেতা মাইকে বড় বড় ভাষণ দিচ্ছেন। অথচ তাদের মধ্যে অনেকেই দলের দুর্দিনে আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে পথ চলেছেন। আর আমি সামাজিক যোগাযোগমাধ্যমসহ সৈয়দপুরের মাঠে সাহসিকতার সঙ্গে কাজ করে গেছি।

তিনি আরও বলেন, "আমি কাউন্সিলর প্রার্থী হিসেবে ব্যানার লাগানোর পর কতিপয় ব্যক্তির গা জ্বলছে।"

ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনার নিন্দা জানিয়ে আবু সরকার এটিকে ‘জঘন্য কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দেন। একই সঙ্গে তিনি প্রশাসনের কাছে দাবি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। শহরের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ অনুসরণ করে যারা এ ধরনের কাজের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে গ্রেপ্তার এবং শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।

এদিকে, নির্বাচনের আগে এ ধরনের ঘটনা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও নির্বাচনী পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সচেতন মহল মনে করছে, প্রার্থীদের প্রচারসামগ্রী নষ্ট করার মতো ঘটনা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন। তবে ব্যানার ছিঁড়ে ফেলার বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রার্থী আবু সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ৩০০ ছিনতাই স্পট, অপরাধের পেছনে বড় ভূমিকা কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


রাজধানীতে ৩০০ ছিনতাই স্পট, অপরাধের পেছনে বড় ভূমিকা কার

ঢাকায় সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা ব্যাপক হারে বেড়ে গেছে। বিভিন্ন সময় ছিনতাইয়ের কবলে পড়ে নিহত হচ্ছেন অনেক মানুষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা করলেও প্রায়ই ছিনতাইয়ের ঘটনায় প্রাণহানি ঘটছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী রয়েছে ১ হাজার ৩৮৭ জন। গোয়েন্দা সূত্র বলছে, তালিকার বাইরেও হাজারো ছিনতাইকারী সক্রিয়। তাদের একটি বড় অংশ ভাসমান ও মাদকাসক্ত। সুযোগ পেলেই তারা পথচারী, রিকশা, বাস কিংবা প্রাইভেট কারে থাকা মানুষের ওপর হামলে পড়ে।

ডিএমপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাজধানীতে প্রায় ৩০০ ছিনতাই স্পট রয়েছে। এর মধ্যে ৫৫টি হটস্পট হিসেবে চিহ্নিত। এসব এলাকায় একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রেহাই পাচ্ছেন না। গত জুনে শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় তিন দুর্বৃত্তকে আটক করতে গেলে ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা করা হয়।

সাম্প্রতিক সময়ে একের পর এক ঘটনায় উঠে এসেছে ছিনতাইকারীদের বেপরোয়া চিত্র। গত ২৪ আগস্ট কমলাপুরে বাস থেকে নামার সময় চ্যানেল নাইনের ব্রডকাস্ট কর্মকর্তা ফরিদ হোসেনের মানিব্যাগ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে এক যুবক। হাতেনাতে ধরা পড়লেও ফরিদের দাবি, সেখানে আরও কয়েকজন ছিল। পরিস্থিতি এমন হয়েছিল যে, উল্টো তাকেই ছিনতাইকারী প্রমাণ করার চেষ্টা চলছিল।

এর আগে কমলাপুরে এক নারীর কান থেকে দুল ছিনিয়ে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে এক ছিনতাইকারী। পুলিশের ভাষ্য, ধরা পড়ার পর সে দুলটি গিলে ফেলে। মিরপুরে এক নারীর ব্যাগ ও মোবাইল নিয়ে পালানোর সময় ধরা পড়ে আরেকজন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর গলা থেকে চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে দিনের আলোতেই। বারবার হ্যাঁচকা টানে গলায় আঘাত পান ওই শিক্ষার্থী।

ডিএমপির তথ্য বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত দেড় বছরে ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ৭০৩টি মামলা করা হয়েছে। এ সময়ে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৮৩৭ জনকে। শুধু ২০২৫ সালেই ৫৩১ মামলায় গ্রেপ্তার হয় ১ হাজার ৪৩৫ জন। চলতি বছরের প্রথম ছয় মাসে ১৭২ মামলায় গ্রেপ্তার হয়েছে আরও ৪০২ জন।

কিন্তু এত গ্রেপ্তারের পরও কেন থামছে না ছিনতাই? পুলিশ বলছে, গ্রেপ্তারের পর অনেক অপরাধী দ্রুত জামিনে বেরিয়ে আবার একই অপরাধে জড়িয়ে পড়ে। আবার ভুক্তভোগীদের অনেকেই মামলা করতে চান না। 

অপরাধ বিশেষজ্ঞদের মতে, এই অপরাধের পেছনে বড় ভূমিকা রাখছে মাদকের সহজলভ্যতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাজ্জাদ সিদ্দিকী বলছেন, শুধু পেটের দায়ে মানুষ ছিনতাইয়ে নামে না; মাদকের অর্থ জোগাড় করতেও একটি বড় অংশ অপরাধে জড়িয়ে পড়ে। কর্মসংস্থানের অভাব এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার দুর্বলতাও পরিস্থিতিকে জটিল করছে।

তার ভাষায়, বিচ্ছিন্নভাবে মামলা বা দু-একজনকে গ্রেপ্তার করে এ সংকটের সমাধান সম্ভব নয়। অপরাধের মূল উৎসে আঘাত করতে সমন্বিত ও কঠোর পদক্ষেপ প্রয়োজন।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম অবশ্য বলছেন, ছিনতাইকারীদের ধরতে নিয়মিত বিশেষ অভিযান চলছে। ছিনতাইপ্রবণ এলাকায় পুলিশের টহলও বাড়ানো হয়েছে। তার দাবি, কিছু ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় ছিনতাই বেড়েছে বলে মনে হলেও পুলিশের পরিসংখ্যানে তা বাড়েনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্লাস্টিকের বোতল দিয়ে বিস্কুট বানাচ্ছেন গবেষকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


প্লাস্টিকের বোতল দিয়ে বিস্কুট বানাচ্ছেন গবেষকরা

ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল ও কৃষিজ বর্জ্যকে প্রোটিনসমৃদ্ধ কুকিজে রূপান্তরের প্রযুক্তি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটির গবেষকেরা। নাসার নেতৃত্বে গভীর মহাকাশ অভিযানের জন্য খাদ্য তৈরির একটি প্রকল্পের অংশ হিসেবে তৈরি এই প্রযুক্তি ভবিষ্যতে খাদ্যসংকট মোকাবিলা ও প্লাস্টিক দূষণ কমাতে ভূমিকা রাখতে পারে।

গবেষকেরা নতুন এই খাবারের নাম দিয়েছেন ‘µBites’। এর প্রধান উপাদানের মধ্যে রয়েছে ফেলে দেওয়া পিইটি (PET) প্লাস্টিক (সাধারণত পানীয় ও পানির বোতল তৈরিতে যে প্লাস্টিক ব্যবহৃত হয়)। এর সঙ্গে ব্যবহার করা হচ্ছে ভুট্টার ডাঁটা ও পাতার মতো কৃষিজ বর্জ্য।

গবেষণা প্রক্রিয়ায় পানি ও অক্সিজেন ব্যবহার করে প্রচণ্ড তাপ ও চাপের মাধ্যমে প্লাস্টিক ও উদ্ভিজ্জ বর্জ্যকে ভেঙে ক্ষুদ্র উপাদানে পরিণত করা হয়। পরে বিশেষভাবে প্রস্তুত অণুজীবের সাহায্যে এসব উপাদানকে প্রোটিন, চর্বি ও বিভিন্ন অ্যাসিডে রূপান্তর করা হয়।

এরপর থ্রিডি প্রিন্টারের মাধ্যমে ওই মিশ্রণকে কুকিজের আকার দেওয়া হয়। কুকিজের স্বাদ ও পুষ্টিমান বাড়াতে আলাদাভাবে তৈরি ইস্টও ব্যবহার করা হচ্ছে। গবেষকদের তৈরি এক ধরনের ইস্ট উদ্ভিজ্জ বর্জ্য থেকে সরাসরি ভ্যানিলার স্বাদ তৈরি করতে পারে। অন্য একটি ইস্ট পিইটি প্লাস্টিকে থাকা ইথিলিন গ্লাইকোলকে বিটা-ক্যারোটিনে রূপান্তর করে। মানবদেহে বিটা-ক্যারোটিন ভিটামিন ‘এ’-তে রূপান্তরিত হয়।

গবেষক দল জানিয়েছে, ‘µBites’ খাওয়ার উপযোগী কি না, সে বিষয়ে নিরাপত্তা পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে আনুষ্ঠানিক স্বাদ পরীক্ষার জন্য এখনো প্রাতিষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রকল্পটি। এর আগে পরিচালিত গন্ধ পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ মানুষ জানিয়েছেন, সম্পদের সংকট রয়েছে— এমন পরিস্থিতিতে তারা এই কুকিজ খেতে রাজি।

গবেষক লাহিরু জয়াকোডি জানান, ভবিষ্যতে কুকিজে স্টার্চ, ফাইবার ও মিষ্টিকারক উপাদান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। কয়েক বছরের মধ্যে এগুলো সাধারণ মানুষের খাওয়ার উপযোগী করে তোলার আশা করছেন তারা।

গবেষকদের মতে, এই প্রযুক্তির সম্ভাবনা শুধু মহাকাশ অভিযানের মধ্যেই সীমাবদ্ধ নয়। মানবিক সংকটের সময় খাদ্যসংকট মোকাবিলা, সীমিত সম্পদের পরিবেশে খাবার উৎপাদন এবং প্লাস্টিক বর্জ্য কমানোর ক্ষেত্রেও এটি কাজে লাগতে পারে।

বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে বর্জ্যকে পুষ্টিকর খাবারে রূপান্তরের এই প্রযুক্তিকে সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে দেখছেন গবেষকরা। তাদের ধারণা, ভবিষ্যতে মানুষ যে বর্জ্য তৈরি করছে, অণুজীবের সাহায্যে সেটিকেই আবার খাদ্যের উপযোগী উপাদানে পরিণত করা সম্ভব হতে পারে। সূত্র: ফোর্বস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় দুই সার ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


নেত্রকোণায় দুই সার ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা

নেত্রকোণা, ৩০ আগস্ট, ২০২৬ : জেলার কলমাকান্দা উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই সার ডিলারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার বিকেলে কলমাকান্দা সদর ইউনিয়নের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান আসিফ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিকেলে সদর ইউনিয়নে সারের বাজার পরিস্থিতি, মজুত ও ডিলারদের কার্যক্রম মনিটরিংয়ে যায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

পরিদর্শনকালে সার বিক্রিতে সরকারি নিয়ম লঙ্ঘন, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায়ের সত্যতা পাওয়া যায়।

অভিযানে সার ব্যবস্থাপনা আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ‘মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ’-এর বিএডিসি সার ডিলারকে ১০ হাজার টাকা এবং ‘মেসার্স হাবিবুর রহমান’-এর বিসিআইসি সার ডিলারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার জন্য কলমাকান্দা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান আসিফ বাসসকে জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সার বিক্রিতে যেকোনো ধরনের অনিয়ম ও অতিরিক্ত দাম আদায়ের বিরুদ্ধে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%