শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:১১ এম
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।
জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নীরোদ বরন জয়ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বশির গাজী। এ ছাড়া জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় খামারিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতের বিকল্প নেই। নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি, স্থানীয় খামারিদের উৎসাহিত করা এবং আধুনিক ও বিজ্ঞানসম্মত পশুপালন পদ্ধতির প্রসারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সেখানে স্থানীয় খামারিদের লালন-পালন করা উন্নত জাতের গবাদিপশু ও হাঁস-মুরগি প্রদর্শন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ