০৬:২৯ পি.এম
সৌম্য সরকার আবারও সাদা জার্সি গায়ে চড়ানোর সুযোগ পাচ্ছেন। তবে, তার জন্য ৫ বছরের বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে।
সৌম্য সরকার সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে।
মাথার দীর্ঘ অপেক্ষার পর, এবার তিনি অস্ট্রেলিয়া সফরে ডাক পেয়েছেন। ৩৩ বছর বয়সী ওপেনারকে এত দিন পর কেন দলে ডাকা হয়েছে তার স্পষ্ট ব্যাখ্যা আজ দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি মনে করেন, অস্ট্রেলিয়ার পেস বোলিং সামলানোর অভিজ্ঞতা সৌম্যকে এগিয়ে রেখেছে।
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সাক্ষাৎ
ছন্দও সৌম্যর পক্ষে। জাতীয় ক্রিকেট লিগের সর্বশেষ আসরে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। খুলনা বিভাগের হয়ে ৭ ম্যাচে তিনি ৬৩৩ রান করেছেন। সৌম্য ৪৫.২১ গড়ের বিপরীতে ৪ ফিফটির সঙ্গে ১ সেঞ্চুরি হাঁকিয়েছেন।
সৌম্যকে ফেরানোর ব্যাখ্যায় হাবিবুল বলেছেন, ‘সৌম্যকে নেওয়ার সময় আমাদের কয়েকটি বিষয় মাথায় ছিল। বর্তমানে টপ অর্ডারে প্রায় পাঁচজন বাঁহাতি ব্যাটার রয়েছে। যদি তানজিদ, তামিম এবং শাদমান ইসলাম ওপেন করে, তাহলে টানা চারজন বাঁহাতি ব্যাটার নেমে যাবে। আদর্শ পরিস্থিতিতে এটা ভালো নয়। সৌম্য দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে।
অস্ট্রেলিয়ায় যে ধরনের গতি ও বাউন্সের মুখোমুখি হতে হবে, সে সেটার সঙ্গে অভ্যস্ত।’
টপ অর্ডারে বাঁহাতি ব্যাটারের সংখ্যা বাড়ছে, এটা বিসিবির মাথায় ছিল। তবে টপ অর্ডারের ডানহাতি ব্যাটাররা এখনও ছন্দে না থাকায় এবং সম্ভাবনাময়েরা এখনও প্রস্তুত না হওয়ায় বাঁহাতিদের ওপরই আস্থা রাখতে হয়েছে বলে জানান হাবিবুল। সাবেক অধিনায়ক বলেন, ‘আমরা অন্যান্য ওপেনারদের বিষয়েও ভেবেছি। কিন্তু এই মুহূর্তে আমাদের ডানহাতি ওপেনাররা এখনও প্রস্তুত নয়। যাদের নিয়ে কাজ করছি, তারা একেবারেই নতুন। তাদের সরাসরি অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া কঠিন হবে। সামনে হাই পারফরম্যান্স দলের সিরিজ রয়েছে। আশা করি, আগামী এক বছরের মধ্যে আমরা একজন ডানহাতি ওপেনার তৈরি করতে পারব, যা আমাদের খুব প্রয়োজন।’
আরও পড়ুন: হাসপাতালে সাংবাদিক এনাম সরকারের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রিজভী
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুইটি টেস্ট অনুষ্ঠিত হবে। প্রথম টেস্টটি আগামী ১৩ আগস্ট ডারউইনে এবং পরবর্তী ম্যাচটি ২২ আগস্ট ম্যাকাইতে। সিরিজ খেলতে বাংলাদেশ আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন