০৮:৩৭ পি.এম
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে এক দিনের মধ্যে প্রায় দেড় হাজার অভিবাসী পৌঁছানোর ঘটনা ঘটেছে, যা গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ। শনিবার (১৪ নভেম্বর) স্পেনের কোস্টগার্ড ১৪টি নৌকায় থাকা মোট ১ হাজার ৪৮৮ জন অভিবাসীকে উদ্ধার করেছে। এর আগে এক দিনে সর্বোচ্চ অভিবাসী আসার রেকর্ডটি ২০২০ সালের ৭ নভেম্বর ছিল, যখন ১ হাজার ৪৬১ জনকে উদ্ধার করা হয়েছিল।
রোববার (১৫ নভেম্বর) বার্তা সংস্থা ইএফই স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে। রয়টার্সের প্রতিবেদনে এই খবরটি উঠে এসেছে।
উদ্ধার হওয়া নৌকাগুলোর মধ্যে একটি নৌকায় ২৪০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ১২ জন নারী এবং ৩৬টি শিশু অন্তর্ভুক্ত রয়েছে। উদ্ধারকৃতদের ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম ছোট দ্বীপ এল হিয়েরোতে নিয়ে যাওয়া হয়েছে। এই অভিবাসীদের অধিকাংশই পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল, গাম্বিয়া এবং গিনি কোনাক্রির নাগরিক। শনিবার আসা নৌকাগুলোর মধ্যে ১২টি এল হিয়েরো দ্বীপে ভিড়েছে, বাকি দুটি গ্রান ক্যানারিয়া ও তেনেরিফে পৌঁছেছে। পরিস্থিতি সরেজমিনে দেখতে রোববার এল হিয়েরো দ্বীপ পরিদর্শনে যাচ্ছেন স্পেনের আঞ্চলিক নীতিবিষয়ক মন্ত্রী অ্যাঞ্জেল ভিক্টর তোরেস।
আরও পড়ুন: গাজার ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলকে চার দেশের আহ্বান
সরকারি হিসাব অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরের অক্টোবর পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসী আসার হার ৫ দশমিক ৫ শতাংশ কম ছিল। তবে গত এক মাস ধরে হঠাৎ করেই অভিবাসীদের স্রোত বেড়ে যাওয়ায় ছোট দ্বীপগুলোর আশ্রয়কেন্দ্র ও জরুরি সেবা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে।
পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার এই পথটি বিশ্বের অন্যতম বিপজ্জনক রুট হিসেবে পরিচিত। উত্তাল সাগর এবং প্রবল স্রোত উপেক্ষা করে প্রতি বছর হাজার হাজার মানুষ গাদাগাদি করে নৌকায় এই ঝুঁকিপূর্ণ যাত্রা করেন। সাধারণত শরৎকালে সাগর কিছুটা শান্ত থাকায় এ সময় অভিবাসীদের আসার প্রবণতা বৃদ্ধি পায়।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন: লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, ৭৫ পরিবার গৃহহীন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন