০১:৩৭ এম
ভোলার চরফ্যাশনে অবৈধভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণ করা সরকারি জমিতে। পূর্বে পাউবো কর্তৃক প্রদত্ত একাধিক লিখিত ও মৌখিক নিষেধাজ্ঞা অমান্য করে কাজ চালিয়ে যাওয়ার কারণে অভিযুক্ত ব্যক্তিকে আগামী সাত দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে কর্তৃপক্ষ আইনানুগ উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। গতকাল বৃহস্পতিবার ভোলা পানি উন্নয়ন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন দ্বারা স্বাক্ষরিত (স্মারক নং-এল-২/৪৮৫) এক পত্রে এ চূড়ান্ত নির্দেশ জারি করা হয়েছে।
পাউবোর নোটিশ সূত্রে জানা গেছে, চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জুয়েল (পিতা: আবুল কালাম) উপকূলীয় বাঁধ প্রকল্পের (১৯৬৬-৬৭) আওতায় পাউবোর অধিগ্রহণ করা জমিতে অবৈধভাবে স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন। এর আগে ২৭ আগস্ট (স্মারক নং-এল-২/২৮৭) পাউবো লিখিতভাবে নির্মাণকাজ বন্ধ এবং স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছিল। কিন্তু ওই নির্দেশনা অমান্য করে কাজ অব্যাহত রাখায় কর্তৃপক্ষ এবার চূড়ান্ত নোটিশ জারি করেছে।
আরও পড়ুন: বাংলাদেশে ডিজিটাল ‘মব সন্ত্রাস’: কারা এর পেছনে?
নোটিশে বলা হয়েছে, ‘বাংলাদেশ পানি আইন, ২০১৩’-এর ২১(১) ধারার বিধান অনুযায়ী, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্থায়িত্ব ও নিরাপত্তা রক্ষায় উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বাঁধ বা এর সংলগ্ন জমিতে ঘরবাড়ি কিংবা অন্য কোনো স্থাপনা নির্মাণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের অবৈধ নির্মাণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিরাপত্তা ও সরকারি সম্পত্তি সংরক্ষণের ক্ষেত্রে চরম ঝুঁকি তৈরি করছে।
চূড়ান্ত নোটিশে সংশ্লিষ্ট স্থানে সব ধরনের নির্মাণকাজ, নির্মাণসামগ্রী পরিবহন ও স্থাপনা সম্প্রসারণ অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নোটিশ জারির সাত দিনের মধ্যে নিজ খরচে অবৈধ স্থাপনা সরিয়ে জমি পূর্বাবস্থায় ফিরিয়ে দিতে এবং তা লিখিতভাবে পাউবো কার্যালয়কে জানাতে বলা হয়েছে।
ভোলা পানি উন্নয়ন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করা হলে কোনো প্রকার অতিরিক্ত নোটিশ ছাড়াই আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এই ক্ষেত্রে উচ্ছেদ অভিযানের যাবতীয় ব্যয় ও আইনি দায়ভার অভিযুক্ত ব্যক্তির ওপরই বর্তাবে।
আরও পড়ুন: কমলনগরে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে চারজনকে কারাদণ্ড ও জরিমানা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন