ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

জলবায়ু সংকটের জন্য দায়ী নয় যারা, তাদের ঋণ নিতে বাধ্য করা যাবে না: খলিলুর রহমান


জলবায়ু সংকটের জন্য দায়ী নয় যারা, তাদের ঋণ নিতে বাধ্য করা যাবে না: খলিলুর রহমান

জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়, অথচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন দেশগুলোকে জলবায়ু মোকাবিলায় অর্থ পেতে গিয়ে নতুন করে ঋণের বোঝা নিতে বাধ্য করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। তিনি উল্লেখ করেন, জলবায়ু অর্থায়ন প্রকৃত প্রয়োজনের জায়গায় পৌঁছাতে হবে এবং সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১-এর ফাঁকে কমনওয়েলথ সেক্রেটারিয়েট আয়োজিত এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে খলিলুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, ছোট দ্বীপরাষ্ট্র ও অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়নের ক্ষেত্রে অনুদানকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে, অর্থায়ন পাওয়ার প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় নথিপত্রের সংখ্যা কমানো এবং অনুমোদন দ্রুত করার ওপর গুরুত্ব দেন তিনি। এছাড়া, দেশগুলোর নিজস্ব জলবায়ু পরিকল্পনাকে বাস্তবায়নযোগ্য ও অর্থায়নযোগ্য প্রকল্পে রূপ দিতে জাতীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান।

আরও পড়ুন: কুড়িগ্রামের তিন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন

খলিলুর রহমান বলেন, জলবায়ু অর্থায়নের সুযোগ নির্ধারণে শুধু কোনো দেশের আয় বিবেচনা করা যথেষ্ট নয়; বরং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও ক্ষয়ক্ষতির মাত্রাকে গুরুত্ব দিতে হবে। অর্থায়ন নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করাও জরুরি।

তিনি আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদ ২০২৭ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) শীর্ষ সম্মেলন পর্যন্ত এসব অগ্রাধিকার এগিয়ে নেবে। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর বাস্তব প্রয়োজন মেটাতে অর্থায়নকে আরও সহজলভ্য ও কার্যকর করার জন্য এখনই সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, তুরস্কের আনতালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

আরও পড়ুন: মাভাবিপ্রবিতে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর তিন বহিরাগত আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলে শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বোর্ডের সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১১ নভেম্বর) কলেজের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান এবং কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

 অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমান বলেন, এ বছর কলেজ থেকে ৭০০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ৩০৯ জন, যা মোট পরীক্ষার্থীর ৪৪ দশমিক ১৪ শতাংশ। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হারে জাতীয় পর্যায়ে কলেজটি তৃতীয় স্থান অর্জন করেছে বলে দাবি করেন তিনি।

অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ল্যাবরেটরি, খেলাধুলাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়। এ ছাড়া অন্যান্য কলেজের তুলনায় শিক্ষার্থীদের মাসিক ব্যয়ও কম রাখা হয়েছে। বোর্ড পরীক্ষার আগে ‘ওয়ান-শট ক্লাসের’ মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের ওপর অনুশীলন করানো হয়। পরীক্ষার মাঝের ছুটির দিনগুলোতেও এ কার্যক্রম চলে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে লাইব্রেরিতে বাধ্যতামূলক অধ্যয়নের ব্যবস্থা রয়েছে, যা ভবিষ্যতে চাকরির পরীক্ষার প্রস্তুতিতেও সহায়ক হবে।

প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, একাডেমিক ঘাটতি ও সীমাবদ্ধতা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের উপযুক্ত ও পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলে কলেজটিকে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করাই তাঁদের প্রধান লক্ষ্য।

কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান বলেন, কঠোর শৃঙ্খলা, রাজনীতিমুক্ত পরিবেশ এবং গঠনমূলক পড়াশোনার মাধ্যমে কলেজটি এ সাফল্য অর্জন করেছে। শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৯৮৫ সালের ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় কেবি কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজটির চারটি ভবনে ৩৬ জন শিক্ষক পাঠদান করছেন। এ ছাড়া তৃতীয় শ্রেণির ছয়জন এবং চতুর্থ শ্রেণির ২১ জন কর্মচারী কর্মরত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ হুমকি দিলেন নারায়ণগঞ্জের মৎস্যজীবী নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ হুমকি দিলেন নারায়ণগঞ্জের মৎস্যজীবী নেতা

‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ - নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বিরিয়ানির দোকানের ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকায় এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ম্যানেজারের নাম খোকন।

এমন প্রকাশ্যে হত্যার হুমকির ঘটনায় বাজারের মধ্যে শত শত মানুষের সামনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, উত্তেজিত হয়ে এইচ এম হোসেন বিরিয়ানির দোকানের ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি দিচ্ছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।

নেটিজেনরা একই সঙ্গে এইচ এম হোসেনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং তাঁর কাছে অবৈধ অস্ত্র থাকলে তা উদ্ধারের দাবি তুলেছেন।

স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, জনসমাগমপূর্ণ বাজারে প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কী হবে। তাঁরা এমন ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিরিয়ানির দোকানের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এক মহিলা চার প্যাকেট বিরিয়ানি পার্সেল নিতে আসেন। তিনি ক্যাশে টাকা না দিয়েই টাকা দিয়েছেন দাবি করে বিরিয়ানি চাইছিলেন। ম্যানেজার দিতে অস্বীকৃতি জানালে ঐ মহিলার সঙ্গে তর্কবিতর্ক হয়। পরে ঐ মহিলা মৎস্যজীবী দলনেতা হোসেনসহ অন্যদের নিয়ে আসেন। হোসেন দোকানে এসে ম্যানেজারের সঙ্গে উত্তেজিত হয়ে উঠেন এবং তাকে গুলি করে হত্যার হুমকি দেন।

তবে এই বিষয়ে জানতে এইচ এম হোসেনকে একাধিকবার মোবাইলে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবাগত পুলিশ সুপারকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ফুলেল শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


নবাগত পুলিশ সুপারকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ফুলেল শুভেচ্ছা

মুন্সিগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মো. বদরুদ্দোজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা। এ সময় পত্রিকাটির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বুধবার (১১ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার নির্বাহী সম্পাদক বর্ষণ মোহাম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে অংশ নেয়। সাক্ষাৎকালে নবাগত পুলিশ সুপারের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করা হয়।

প্রতিনিধিদলের সদস্যরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফ ইকবালের পক্ষ থেকেও পুলিশ সুপারকে সালাম ও শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইমরান আহম্মেদ পিপিএম, দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহম্মেদ, স্টাফ রিপোর্টা এলডি হৃদয়, মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ ছিবগাতুল্লাহ, সিরাজদিখান প্রতিনিধি সিজান হোসেন প্রমুখ। এ ছাড়া পত্রিকার অন্যান্য সাংবাদিকও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে পত্রিকার পক্ষ থেকে পুলিশ সুপারকে ধন্যবাদ জানানো হয় এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় তাঁর সহযোগিতা কামনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ নভেম্বর থেকে পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেস চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


২০ নভেম্বর থেকে পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেস চালু

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : আগামী ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে চালু হতে যাচ্ছে আন্তঃনগর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ এবং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ট্রেন।

এর আগে, ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে ১১ নভেম্বর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, ট্রেন দুটি বাণিজ্যিকভাবে পরিচালনা এবং উদ্বোধনী ট্রেনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপককে অনুরোধ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ১৯ নভেম্বর বিকাল ৪টা ৩০ মিনিটে পাবনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ ট্রেনটি ছাড়বে। এই ট্রেনটি পথে শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে। উদ্বোধনী ট্রেনের টিকিট কেবল পাবনা ও ঈশ্বরদী স্টেশনের কম্পিউটারাইজড কাউন্টার থেকে বিক্রি করা হবে।

ট্রেন সার্ভিসের উদ্বোধনী কার্যক্রমে অংশগ্রহণের পর ঢাকায় ফেরার জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদস্য, পাবনা জেলার সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিদের জন্য একটি ডব্লিউজেসি এবং দুটি (ডঔঈঈ) কোচের আসন সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

রেলওয়ের নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে যে, ভারসাম্য বজায় রাখার জন্য ১৯ নভেম্বর উদ্বোধনী ট্রেনটি পরিচালনা করা হবে। পরদিন ২০ নভেম্বর ঢাকা থেকে ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ট্রেনের মাধ্যমে ৮০৮/৮০৭ নম্বর আন্তঃনগর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’-এর নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে।

বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. মেহেদী হাসান স্বাক্ষরিত এ নির্দেশনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন এ ট্রেন সার্ভিস চালু হলে পাবনা ও ঢাকার মধ্যে রেল যোগাযোগে নতুন মাত্রা যুক্ত হবে। বিশেষ করে পাবনা, ঈশ্বরদী ও আশপাশের এলাকার যাত্রীদের ঢাকায় যাতায়াতে রেলপথে নতুন সুযোগ সৃষ্টি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%