প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলে শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বোর্ডের সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
বুধবার (১১ নভেম্বর) কলেজের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান এবং কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমান বলেন, এ বছর কলেজ থেকে ৭০০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ৩০৯ জন, যা মোট পরীক্ষার্থীর ৪৪ দশমিক ১৪ শতাংশ। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হারে জাতীয় পর্যায়ে কলেজটি তৃতীয় স্থান অর্জন করেছে বলে দাবি করেন তিনি।
অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ল্যাবরেটরি, খেলাধুলাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়। এ ছাড়া অন্যান্য কলেজের তুলনায় শিক্ষার্থীদের মাসিক ব্যয়ও কম রাখা হয়েছে। বোর্ড পরীক্ষার আগে ‘ওয়ান-শট ক্লাসের’ মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের ওপর অনুশীলন করানো হয়। পরীক্ষার মাঝের ছুটির দিনগুলোতেও এ কার্যক্রম চলে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে লাইব্রেরিতে বাধ্যতামূলক অধ্যয়নের ব্যবস্থা রয়েছে, যা ভবিষ্যতে চাকরির পরীক্ষার প্রস্তুতিতেও সহায়ক হবে।
প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, একাডেমিক ঘাটতি ও সীমাবদ্ধতা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের উপযুক্ত ও পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলে কলেজটিকে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করাই তাঁদের প্রধান লক্ষ্য।
কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান বলেন, কঠোর শৃঙ্খলা, রাজনীতিমুক্ত পরিবেশ এবং গঠনমূলক পড়াশোনার মাধ্যমে কলেজটি এ সাফল্য অর্জন করেছে। শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৯৮৫ সালের ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় কেবি কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজটির চারটি ভবনে ৩৬ জন শিক্ষক পাঠদান করছেন। এ ছাড়া তৃতীয় শ্রেণির ছয়জন এবং চতুর্থ শ্রেণির ২১ জন কর্মচারী কর্মরত রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন