ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জাতি এখন সবচেয়ে বড় সংকটে: ডা. শফিকুর রহমান


জাতি এখন সবচেয়ে বড় সংকটে: ডা. শফিকুর রহমান

জাতির সংকটের প্রসঙ্গ তুলে ধরে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, "এই জাতি এখন সবচেয়ে বড় সংকটে আছে।" তিনি উল্লেখ করেন, এই সংকট থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। আমাদের মধ্যে অনেক প্রতিভা বিদ্যমান। কিন্তু বেশিরভাগই খারাপ প্রতিভা। আল্লাহর প্রদত্ত মেধার এই দানকে মানবতার, সৃষ্টির এবং কল্যাণের জন্য ব্যবহার না করে, সংকীর্ণমনা লোকেরা কেবল নিজের স্বার্থে বৈধ ও অবৈধ সব পথে লাভের সন্ধানে থাকে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘রোড টু সিরাহ’ জাতীয় সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৬-এর পুরষ্কার প্রদান ও সাংস্কৃতিক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "আল্লাহকে সন্তুষ্ট করার রাস্তা একটাই। আর তা হচ্ছে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশা কদম অনুসরণ।" পায়ে পায়ে, অক্ষরে অক্ষরে তাঁকে অনুসরণ করতে হবে।

আরও পড়ুন: এনসিপির কমিটিতে ৩০ বছরের নিচে কাউকে রাখা হবে না

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণীয় উল্লেখ করে তিনি বলেন, "একজন শিশুকে যদি প্রশ্ন করা হয় বা একজন শিশু যদি প্রশ্ন করে যে আমি কাকে অনুসরণ করব? তার উত্তর হচ্ছে মা আমিনা এবং হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শিশুপুত্র মোহাম্মদ হচ্ছে তোমার অনুসরণীয়।"

তিনি আরও বলেন, নবী করীম অবুঝ থাকা অবস্থায়ও দুধ ভাইয়ের হক নষ্ট করেননি। কাউকে কষ্ট দেননি। মুখ দিয়ে একটি অশ্লীল কথা বলেননি। কারো হক নষ্ট করেননি।

কিশোর বয়সের উদাহরণ তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, "এরপরে যদি একজন কিশোরকে জিজ্ঞেস করা হয় বা কিশোর যদি জিজ্ঞেস করে যে আমি কাকে অনুসরণ করব? তাহলে মক্কার সেই শান্ত, সৌম, বুদ্ধিদীপ্ত, দায়িত্বশীল কিশোর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা এখানে এসে যাবে।"

তিনি বলেন, "কাবাঘর মেরামতের পর পাথর, কালো পাথর, হাজরে আসওয়াদ এটা প্রতিস্থাপন নিয়ে যে সংকট দেখা দিয়েছিল, সেখানে রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা চারটা কবিলার মধ্যে দেখা দিয়েছিল। তার নিখুঁত সমাধান ইনসাফপূর্ণ সমাধান দিয়েছিলেন সেই কিশোর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ।"

আরও পড়ুন: নাহিদ ইসলাম: দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে

তিনি বলেন, "আল্লাহ তাআলা এভাবেই তাকে শৈশব, কৈশোর, যৌবন এই সবগুলাতে নিয়ামত পড়া আখলাক দিয়ে তাকে সৌন্দর্যমণ্ডিত করেছিলেন।"

মহানবী (সা.)-এর জীবনের নানা প্রতিকূলতার কথা তুলে ধরে তিনি বলেন, "আমরা সবাই জানি জন্মগতভাবেই তিনি এতিম ছিলেন। জন্মের আগেই পিতা তিনি তার মায়ের গর্ভে থাকা অবস্থায় ইন্তেকাল করেছিলেন আর ছয় বছরের মাথায় মাকেও হারিয়েছিলেন। আট বছরের মাথায় দাদাকে হারিয়েছিলেন। এভাবে জীবনে একটার পর একটা ধাক্কা তার জীবনে এসেছিল।"

তিনি আরও বলেন, "একজন ব্যবসায়ী, একজন দার্শনিক, একজন চিন্তাবিদ, একজন সমন্বয়ক, একজন প্রধান বিচারপতি যে ক্ষেত্রেই জীবনের প্রশ্ন আসবে যে আমি কাকে অনুসরণ করব? নিঃসন্দেহে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।"

প্রতিযোগীদের অভিনন্দন জানিয়ে জামায়াতের আমির বলেন, "আজকের প্রতিযোগী যারা তারা এই চর্চার মাধ্যমে আমি মনে করি তাদের হৃদয় কাল আলোকিত হয়েছে। তারা জানার সুযোগ পেয়েছে। রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় নেয়ামত মানবজাতির জন্য কত নিখুঁত আদর্শ বিশ্ববাসীর জন্য। আমি বিশ্বাস করি, পুরস্কার লাভের আশায় তারা এটা করেনি। তারা হেদায়েতের পুরস্কার পাওয়ার আশায় এটা করেছে।"

আরও পড়ুন: ‘জুলাইয়ের আন্দোলনে শেখ হাসিনা ও জাতীয় মসজিদের খতিব পালিয়ে গেছেন’

হেদায়েতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "হেদায়েত মানে হচ্ছে সঠিক পথ প্রদর্শন। নিজের জন্য দোয়া করে না। রাগ করে আরেকজনের জন্য দোয়া করে। এবং এত বড় একটি দোয়াকে মানুষ বদদোয়া মনে করে। কী আশ্চর্য ব্যাপার। হেদায়েত কামনা হচ্ছে সঠিক পথটা পাওয়ার দোয়া আল্লাহ তাালার দরবারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার মান বাড়লে বদলাবে বাংলাদেশ: আসাদুল হাবিব দুলু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


শিক্ষার মান বাড়লে বদলাবে বাংলাদেশ: আসাদুল হাবিব দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্তব্য করেছেন যে, দেশের পরিবর্তন সম্ভব হলে শিক্ষার গুণগত মান উন্নত হতে হবে। তিনি উল্লেখ করেন, “শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়বে। তাই তাদের শুধু ভালো ফলাফলের জন্য নয়, জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।”

শুক্রবার লালমনিরহাট সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সদর উপজেলার মাদ্রাসা, কারিগরি শিক্ষা ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধে শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানদের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। একই সঙ্গে আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

তিনি জানান, “শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তাদের আন্তরিকতা ও নিষ্ঠার ওপর একটি প্রজন্মের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে।”

মতবিনিময় সভায় লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ সংশ্লিষ্টরা বক্তব্য প্রদান করেন।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন, প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালুকু দ্বীপে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আতঙ্ক ছড়ালো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


মালুকু দ্বীপে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আতঙ্ক ছড়ালো

মালুকু দ্বীপের কাছে বান্দা সাগরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ৬.২। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) এই তথ্যটি দেশটির ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (BMKG) এর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার হঠাৎ করে তীব্র কম্পন অনুভূত হওয়ার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূ-কম্পনটির উৎপত্তিস্থল মালুকু দ্বীপসংলগ্ন বান্দা সাগর অঞ্চলে ছিল।

তবে ভূমিকম্পের পর দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা নিশ্চিত করেছে যে, এ ঘটনায় সাগরে বড় ধরনের কোনো সুনামির আশঙ্কা নেই। তাৎক্ষণিকভাবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এটি উল্লেখযোগ্য যে, প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ার’ বা ‘অগ্নিবলয়’-এ ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়া প্রতিনিয়ত মৃদু থেকে তীব্র ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সম্মুখীন হয়ে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোহিত সাগরে জাহাজ চলাচল সম্পূর্ণ নিরাপদ ও সুশৃঙ্খল : হুথি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


লোহিত সাগরে জাহাজ চলাচল সম্পূর্ণ নিরাপদ ও সুশৃঙ্খল : হুথি

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আশ্বস্ত করেছেন যে, লোহিত সাগর উপকূলীয় এলাকায় দ্রুত অগ্রগতির মধ্যে থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বাণিজ্য এবং জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোন কারণ নেই।

গোষ্ঠীটির পলিটবুরো সদস্য হাজেম আল-আসাদ জানিয়েছেন, লোহিত সাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদে প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা সম্পূর্ণ নিরাপদ ও সুশৃঙ্খল রয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরবি আল-জাদিদ-কে দেওয়া এক সাক্ষাৎকারে আল-আসাদ বলেছেন, "লোহিত সাগর ও বাব আল-মানদে আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ চলাচলের স্বাধীনতা সুরক্ষিত এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। তাই বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।"

হুথি রাজনৈতিক ও সামরিক উপস্থিতি ইয়েমেনের লোহিত সাগর উপকূলে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক শিপিং রুটের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। হুথি কর্মকর্তার এই বক্তব্যটি বৈশ্বিক বাণিজ্য মহল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ দূর করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরওয়ের রাজকুমারী অ্যাস্ট্রিডের মৃত্যু, ভাইয়ের মৃত্যুর ১৫ দিন পর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


নরওয়ের রাজকুমারী অ্যাস্ট্রিডের মৃত্যু, ভাইয়ের মৃত্যুর ১৫ দিন পর

নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ডের মৃত্যুর পর মাত্র ১৫ দিনের মাথায় তার বড় বোন প্রিন্সেস অ্যাস্ট্রিড মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৯৪ বছর।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজপ্রাসাদের পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে প্রিন্সেস অ্যাস্ট্রিডের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রিন্সেস অ্যাস্ট্রিডের ছোট ভাই রাজা পঞ্চম হ্যারাল্ড গত ২৮ আগস্ট ৮৯ বছর বয়সে প্রয়াত হন। তিনি ইউরোপের অন্যতম প্রবীণ ও দীর্ঘকাল দায়িত্ব পালনকারী শাসক হিসেবে পরিচিত ছিলেন।

গত ৯ সেপ্টেম্বর ভাইয়ের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় প্রিন্সেস অ্যাস্ট্রিডকে শেষবারের মতো জনসমক্ষে দেখা যায়। রাজা হ্যারাল্ডের মৃত্যুর পর দেশজুড়ে ১৩ দিনের জাতীয় শোক পালন শেষে ওই দিন তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বে পুরো নরওয়েতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ঐতিহ্যবাহী এই রাষ্ট্রীয় আয়োজনে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামসহ বিশ্বের বিভিন্ন রাজপরিবারের সদস্য এবং আন্তর্জাতিক অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রিন্সেস অ্যাস্ট্রিডের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নরওয়ের রাজা অষ্টম হাকন। তিনি এক বিবৃতিতে উল্লেখ করেন, প্রিন্সেস অ্যাস্ট্রিড তার দীর্ঘ জীবনজুড়ে অত্যন্ত আন্তরিকতা ও গভীর কর্তব্যপরায়ণতার সঙ্গে রাজপরিবারের প্রতিনিধিত্ব করেছেন।

প্রয়াত রাজকুমারীর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে রাজপ্রাসাদের পক্ষ থেকে এখনও কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%