ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

সকালে ঘুম থেকে উঠেই ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫


সকালে ঘুম থেকে উঠেই ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ায় সকালবেলা ঘুম থেকে উঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের লোকজন। দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষ চলাকালীন ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলা করা হয় কয়েকটি বাড়িতে। এই সংঘর্ষের ফলে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা গ্রামে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে সাবেক চেয়ারম্যান আখতার হোসেন এবং অপর পক্ষের নেতৃত্বে সাবেক চেয়ারম্যান বকুল রয়েছেন। এই দুই পক্ষের মধ্যে অতীতে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সূত্র আরও জানায়, সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় আখতার হোসেনের পক্ষের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খানকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ ওঠে বকুল চেয়ারম্যানের সমর্থকদের বিরুদ্ধে। বর্তমানে আহত এনাম খান ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার প্রেক্ষিতে বুধবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে জানা গেছে।

আরও পড়ুন: উখিয়ায় বটতলী বাজারে প্রকাশ্যে গুলিবর্ষণ, দোকানপাট বন্ধ

এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকটি বাড়িতে হামলাও চালানো হয়। এতে অন্তত ২৫ জন আহত হন। পরে খবর পেয়ে বিজয়নগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টা পর সংঘর্ষ থামে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাহমুদুর রহমানের বক্তব্যের ৩০ মিনিটের মধ্যে জাহাঙ্গীর গেটের বিলবোর্ড থেকে হাসিনার ছবি অপসারিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


মাহমুদুর রহমানের বক্তব্যের ৩০ মিনিটের মধ্যে জাহাঙ্গীর গেটের বিলবোর্ড থেকে হাসিনার ছবি অপসারিত

রাজধানীর ক্যান্টনমেন্টের প্রবেশপথ জাহাঙ্গীর গেটের সামনে স্থাপিত একটি বিলবোর্ডে শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের ক্ষোভ প্রকাশের আধঘণ্টার মধ্যেই সেটি সরানো হয়েছে।

আজ বুধবার মহাখালীর রাওয়া ক্লাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আবদুল গণির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় মাহমুদুর রহমান বিলবোর্ডটির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি ২৪ ঘণ্টার মধ্যে বিলবোর্ড থেকে হাসিনার ছবি অপসারণের দাবি জানান।

মাহমুদুর রহমান বক্তব্য দেন বেলা সাড়ে ১২টায়। এরপর সরেজমিনে ১২টা ৫৭ মিনিটে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিলবোর্ড থেকে হাসিনার ছবি অপসারণ করা হয়েছে।

বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, ‘আজকে আপনাদের এখানে আসার সময় একটা বিলবোর্ড দেখে আমি বড় দুঃখ পেয়েছি। জাহাঙ্গীর গেটের সামনে বিশাল এক বিলবোর্ড দেখলাম, এখনো সেই বিলবোর্ডে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি বিরাট ছবি সংবলিত ব্যানার ঝুলছে।’

জুলাই বিপ্লবের দুই বছর পরও ক্যান্টনমেন্টের সামনে এমন বিলবোর্ড কীভাবে থাকতে পারে, তা বুঝতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি। মাহমুদুর রহমান অভিযোগ করেন, শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন। গত দুদিন সারা দেশে যে সন্ত্রাস হয়েছে, তা শেখ হাসিনার নির্দেশে এবং দিল্লির এস্টাব্লিশমেন্টের সহায়তায় তাদের এদেশীয় এজেন্টরা করেছে।

তিনি আরো বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তির বিলবোর্ড বাংলাদেশের এক নম্বর ক্যান্টনমেন্টের আর্মি হেডকোয়ার্টারের সামনে এখনো থাকবে, এটা আমরা জুলাই বিপ্লবের পর আশা করিনি।’

বিলবোর্ডটি অপসারণের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন মাহমুদুর রহমান। তিনি বলেন, ‘আমি আশা করব, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই বিলবোর্ড এখান থেকে সরে যাবে। আমি আপনাদের মাধ্যমে ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষকে এই আহ্বান জানাই।’

মাহমুদুর রহমানের এই বক্তব্যের আধা ঘণ্টার মধ্যেই বিলবোর্ড থেকে হাসিনার ছবি সংবলিত ব্যানারটি সরিয়ে ফেলা হয়। সরেজমিনে জাহাঙ্গীর গেটে গিয়ে দেখা যায়, শুধু এক কোণায় এর অবশিষ্ট অংশ ঝুলে আছে।

এ বিষয়ে জাহাঙ্গীর গেটে কর্মরত এক পুলিশ সদস্যের কাছে জানতে চাইলে তিনি জানান, কিছুক্ষণ আগেই কয়েকজন লোক এসে এটি খুলে নিয়ে উত্তর দিকে চলে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করছে আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল। আগামী ১৪ নভেম্বর (শনিবার) এই বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পটি অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিষ্ঠানটির আলোক হেলথকেয়ার, মিরপুর-১০ এবং আলোক হসপিটাল, মিরপুর-৬ শাখায় একযোগে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হবে।

ক্যাম্পে অংশগ্রহণকারীরা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা (FBS/RBS), রক্তচাপ পরিমাপ এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ গ্রহণের সুযোগ পাবেন। এছাড়া, নির্ধারিত সরকারি ফি-সংক্রান্ত পরীক্ষা ব্যতীত অন্যান্য প্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষায় সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড় প্রদান করা হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে উৎসাহিত করা।

তারিখ: ১৪ নভেম্বর ২০২৬, শনিবার,
সময়: সকাল ৮টা – দুপুর ২টা,
স্থান: আলোক হেলথকেয়ার, মিরপুর-১০ এবং আলোক হসপিটাল, মিরপুর-৬।
বিস্তারিত জানতে ও চিকিৎসকের সিরিয়ালের জন্য কল করুন: ১০৬৭২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে দারিদ্র্য ও মানব উন্নয়ন সংকট ভয়াবহ রূপ নিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


পাকিস্তানে দারিদ্র্য ও মানব উন্নয়ন সংকট ভয়াবহ রূপ নিচ্ছে

অর্থনৈতিক স্থিতিশীলতা সম্পর্কে সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের বিপরীতে পাকিস্তানে দারিদ্র্য, ক্ষুধা এবং মানব উন্নয়ন সংকট ক্রমশ গভীর হতে চলেছে। সাম্প্রতিক সময়ে দেশটির অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির উদ্বেগজনক চিত্র বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, যার মধ্যে রয়েছে বিশ্বব্যাংক এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

বিশ্বব্যাংকের ‘পাকিস্তান পভার্টি অ্যান্ড ইকুইটি ব্রিফ’ অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে পাকিস্তানের দারিদ্র্যের হার ছিল ২২ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ২৯ শতাংশে পৌঁছেছে। জাতীয় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় সাত কোটি।

একই সময়ে, অর্থনৈতিক বৈষম্য পরিমাপের সূচক জিনি ইনডেক্স ২৮ দশমিক ৪ থেকে বেড়ে ৩২ দশমিক ৭ হয়েছে, যা গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, আফগানিস্তান ও পাকিস্তান (মিনাপ) অঞ্চলের চরম দরিদ্র জনগণের প্রায় অর্ধেকই পাকিস্তানে বসবাস করে।

ইউএনডিপির ২০২৫ সালের বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই) অনুযায়ী, পাকিস্তানের পরিস্থিতির ভয়াবহতা ফুটে উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ৩৮ দশমিক ৩ শতাংশ মানুষ বা প্রায় সাড়ে ৯ কোটি নাগরিক বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। অর্থাৎ, তারা শুধু অর্থের অভাবেই নয়, বরং স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো মৌলিক সুবিধা থেকেও বঞ্চিত। প্রায় তিন কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে। তুলনা করলে দেখা যায়, পার্শ্ববর্তী ভারতে বহুমাত্রিক দারিদ্র্যের হার ১৬ দশমিক ৪ এবং বাংলাদেশে ১৪ দশমিক ৯ শতাংশ।

দেশটির সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, ক্ষুধার পরিস্থিতিও উদ্বেগজনক। ২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে ১২২টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১০৬তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানের ক্ষুধা পরিস্থিতি সবচেয়ে খারাপ। খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় পুষ্টিকর খাবার পাওয়ার সুযোগ সংকুচিত হচ্ছে, ফলে শিশুদের অপুষ্টিও বাড়ছে।

মানব উন্নয়ন ক্ষেত্রেও পাকিস্তান পিছিয়ে রয়েছে। ইউএনডিপির ২০২৫ সালের মানব উন্নয়ন প্রতিবেদনে ১৯৩টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৬৮তম। দক্ষিণ এশিয়ায় শুধু আফগানিস্তান ছাড়া অন্য সব দেশ এ সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে।

এদিকে, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপের তথ্য অনুযায়ী, দেশটির প্রতি তিনজনের একজন মানসিক বা আচরণগত সমস্যায় আক্রান্ত। প্রতি পাঁচজনের মধ্যে একজনের মধ্যে আঘাত-পরবর্তী মানসিক চাপজনিত ব্যাধির লক্ষণ রয়েছে। ছয় শতাংশ মানুষের আত্মহত্যার চিন্তা এবং ১০ শতাংশের বেশি মানুষের বিষণ্নতায় ভোগার তথ্য উঠে এসেছে।

বিশ্লেষকদের মতে, কয়েক দশকের ভুল নীতি এবং সুশাসনের অভাব এ সংকটের অন্যতম কারণ। কৃষি খাতে উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য, পানিসম্পদ ব্যবস্থাপনার দুর্বলতা এবং পরিবহন ব্যয় খাদ্যের দাম বাড়িয়ে দিচ্ছে।

এছাড়া, নিরাপত্তা সংকট এবং ভূরাজনৈতিক উত্তেজনায় মানব উন্নয়নের পরিবর্তে প্রতিরক্ষা খাতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দারিদ্র্য এবং ক্ষুধা লাখো পরিবারের অস্তিত্বের সংকটে পরিণত হলেও জাতীয় আলোচনায় বিষয়গুলো যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। সংকটের প্রকৃত কারণ এবং আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর তথ্য উপেক্ষা করে জনঅসন্তোষ কমানো সম্ভব নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে দারিদ্র্যসীমা অতিক্রম করেছেন ৫০ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


ভারতে দারিদ্র্যসীমা অতিক্রম করেছেন ৫০ কোটি মানুষ

ভারতে গত এক দশকে দারিদ্র্য কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। ২০১১-১২ থেকে ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে দেশটির প্রায় ৪৯ কোটি ৬০ লাখ মানুষ বিশ্বব্যাংকের নির্ধারিত নিম্ন-মধ্যম আয়ের দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছে। টাইমস কুয়েতের রিপোর্ট অনুযায়ী, এই পরিস্থিতি দেশের মানুষের আয় এবং জীবনযাত্রার মানের উন্নয়নকে নির্দেশ করে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ভারতে দৈনিক ৪ ডলার ২০ সেন্টের কম আয়ে জীবনযাপনকারী মানুষের হার ২০১১-১২ সালে ছিল ৫৭ দশমিক ৭ শতাংশ। ২০২৩-২৪ সালে এই হার কমে ১৬ দশমিক ১ শতাংশে নেমে এসেছে। চরম দারিদ্র্যও উল্লেখযোগ্যভাবে কমেছে। দৈনিক ৩ ডলারের কম আয়ে জীবনযাপনকারী মানুষের হার একই সময়ে ২৭ দশমিক ১ শতাংশ থেকে কমে ২ দশমিক ৬ শতাংশ হয়েছে। এর মানে হলো, আগের তুলনায় অনেক বেশি মানুষ এখন মৌলিক চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছেন।

গ্রাম ও শহর উভয় ক্ষেত্রেই দারিদ্র্য কমেছে। গ্রামাঞ্চলে চরম দারিদ্র্যের হার ৩১ শতাংশ থেকে কমে ৩ দশমিক ১ শতাংশ হয়েছে। শহরাঞ্চলে এই হার ১৭ দশমিক ৪ শতাংশ থেকে কমে ১ দশমিক ৪ শতাংশে নেমেছে। এটি প্রমাণ করে যে, শুধু বড় শহরেই নয়, গ্রামীণ জনগণের জীবনযাত্রার মানও উন্নত হয়েছে।

সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচি, ব্যাংকিং সেবার বিস্তার এবং অবকাঠামোগত উন্নয়ন এই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে অনেক মানুষ ব্যাংক হিসাব খোলার সুযোগ পেয়েছেন। আধার কার্ডের মাধ্যমে সরাসরি সরকারি সহায়তা বিতরণের ব্যবস্থা, কম দামে খাদ্য বিতরণ, গ্রামে বিদ্যুৎ সরবরাহ, স্যানিটেশন সুবিধা এবং ডিজিটাল যোগাযোগের উন্নয়নও মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনেছে।

দরিদ্র পরিবারগুলোর মধ্যে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণও দারিদ্র্য কমাতে সহায়ক হয়েছে। এর ফলে খাদ্যসংকট ও অর্থনৈতিক সংকটের সময় অনেক পরিবার সহায়তা পেয়েছে। এছাড়া ভারতের অর্থনীতির সম্প্রসারণের ফলে অবকাঠামো, সরকারি সেবা এবং সামাজিক নিরাপত্তা খাতে বিনিয়োগের সুযোগ বেড়েছে। কৃষির উন্নয়ন, বাজারের সম্প্রসারণ, বিভিন্ন সময়ের অর্থনৈতিক সংস্কার এবং সরকারের নেওয়া জনকল্যাণমূলক কর্মসূচি দারিদ্র্য কমাতে সহায়তা করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার সরকারি সহায়তা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ডিজিটাল সেবা বৃদ্ধির কাজকে আরো এগিয়ে নিয়েছে। তবে দারিদ্র্য কমানোর এই অগ্রগতিতে পূর্ববর্তী সরকারের নীতি ও সংস্কারেরও অবদান রয়েছে। এত অগ্রগতির পরও ভারতে দারিদ্র্য সম্পূর্ণরূপে দূর হয়নি। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, দেশটিতে এখনো প্রায় ৩ কোটি ৫০ লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বাস করছেন। আর দৈনিক ৪ ডলার ২০ সেন্টের কম আয়ে জীবনযাপন করছেন প্রায় ২৩ কোটি ২০ লাখ মানুষ।

এছাড়া, দারিদ্র্যসীমার ওপরে উঠলেই মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয় না। অনেক পরিবার এখনো চিকিৎসার বাড়তি খরচ, অনিশ্চিত চাকরি, ভালো বাসস্থানের অভাব এবং মানসম্মত শিক্ষার সুযোগ না পাওয়ার সমস্যায় রয়েছে। সুতরাং, ভারতের সামনে এখন একটি বড় চ্যালেঞ্জ হলো দারিদ্র্য কমানোর এই অগ্রগতি ধরে রাখা। মানুষের দারিদ্র্যসীমার ওপরে উঠানোর পাশাপাশি তাদের আয়ের স্থায়ী সুযোগ এবং আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

এজন্য উৎপাদন খাতের উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার মান বৃদ্ধি, কম খরচে চিকিৎসার সুযোগ নিশ্চিত করা এবং অর্থনীতিতে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়ানো অপরিহার্য। দারিদ্র্য পরিমাপের পদ্ধতি, মানুষের খরচের হিসাব এবং আন্তর্জাতিক দারিদ্র্যসীমা নিয়ে বিতর্ক রয়েছে। তবে বিশ্বব্যাংকের হিসাবে ভারতে দারিদ্র্য কমার যে চিত্র উঠে এসেছে, তা দেশটির অর্থনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।

বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ ভারতে বাস করে। এমন একটি দেশে প্রায় ৫০ কোটি মানুষের দারিদ্র্যসীমার ওপরে উঠে আসা একটি বড় ধরনের আর্থসামাজিক পরিবর্তন। তবে এই অগ্রগতির সুফল সমাজের সব শ্রেণির মানুষের কাছে পৌঁছানো জরুরি।

ভারতের উন্নয়নের পরবর্তী ধাপ নির্ভর করবে এই অগ্রগতি কতটা ধরে রাখা যাচ্ছে, কত মানুষের জন্য নিরাপদ কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং এখনো দারিদ্র্যের মধ্যে থাকা লাখ লাখ মানুষের কাছে উন্নয়নের সুযোগ কতটা পৌঁছানো যাচ্ছে, তার ওপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%