০১:১১ পি.এম
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরের ব্যস্ত নগরজীবনের মধ্যে বৈদ্যুতিক তারের জটলা ও বিজ্ঞাপনের বিলবোর্ডের ফাঁক দিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটি হিন্দু মন্দিরের সুউচ্চ চূড়া। এই মন্দির শহরটির ধর্মীয় বৈচিত্র্য ও সম্প্রীতির এক অতীত ইতিহাসের স্মৃতি বহন করছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের এই মন্দির রাওয়ালপিন্ডির ইতিহাসের এক ভিন্ন সময়ের কথা মনে করিয়ে দেয়। তখন বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বসবাস করতেন বলে জানিয়েছেন গবেষক হাসান তৌসিফ।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২ কোটি ২৫ লাখ ডলারের পণ্য লুট, ১৪ জনের বিরুদ্ধে মামলা
তিনি এএফপিকে বলেন, ‘এই মন্দির আমাদের রাওয়ালপিন্ডির ইতিহাসের এমন এক সময়ের কথা মনে করিয়ে দেয়, যখন বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করতো।’
তৌসিফের মতে, ১৯ শতকে নির্মিত মন্দিরটি শহরের প্রধান বাণিজ্যিক এলাকা রাজা বাজারে অবস্থিত। বর্তমানে এর সামনের অংশের দেয়াল ও স্থাপত্য ধসে পড়ছে। ব্যস্ত সড়কে মোটরসাইকেলের হর্ন আর যানবাহনের ভিড়ের মধ্যে মন্দিরটির নিচতলায় বসে একজন স্বর্ণকার গয়নার ব্যবসা করছেন।
স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যবিষয়ক বিশেষজ্ঞ তৌসিফ জানান, রাওয়ালপিন্ডিতে এখনো টিকে আছে এমন হিন্দু মন্দিরের সংখ্যা ৩৯টি। এর মধ্যে মাত্র তিনটি মন্দিরে শহরের ক্রমশ কমে আসা হিন্দু সম্প্রদায়ের মানুষ উপাসনা করেন। বাকি মন্দিরগুলো বাড়িঘর, দোকানপাট ও অন্যান্য কাজে ব্যবহার করা হচ্ছে।
১৯৪৭ সালে ব্রিটিশ শাসিত ভারত ভাগের আগে রাওয়ালপিন্ডি ছিল ধর্মীয় বৈচিত্র্য সমৃদ্ধ একটি শহর। তখন শহরটির জনসংখ্যার অধিকাংশই ছিলেন অমুসলিম।
আরও পড়ুন: ইউক্রেনীয় হামলার ধাক্কা সামলে ক্রিমিয়ান ব্রিজে ট্রেন চলাচল সচল করল রাশিয়া
দেশভাগের সময় সাম্প্রদায়িক সহিংসতা ও ব্যাপক জনসংখ্যা স্থানান্তরের ফলে হিন্দু ও শিখরা ভারতে চলে যান। অন্যদিকে, মুসলিম শরণার্থীরা পাকিস্তানে আসেন। এর ফলে শহরটির জনসংখ্যার ধর্মীয় চিত্র স্থায়ীভাবে বদলে যায়।
বর্তমানে পাকিস্তানের ২৪ কোটি মানুষের মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় ৯৬ শতাংশ। হিন্দুদের সংখ্যা মাত্র ২ শতাংশ। তাদের অধিকাংশই দেশের গ্রামীণ এলাকায়, বিশেষ করে দক্ষিণাঞ্চলে বসবাস করেন।
অবহেলা ও জরাজীর্ণ অবস্থা
পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্য দীর্ঘদিনের সমস্যা। চলতি বছর প্রকাশিত পাকিস্তানের মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ও হামলা বেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন: ভার্জিনিয়ায় হামে প্রথম শিশুর মৃত্যু ঘটেছে
রাওয়ালপিন্ডির উত্তরাঞ্চলের পুরানা কিলা এলাকায় অবস্থিত একটি পুরোনো হিন্দু মন্দিরের দেয়ালে ফাটল ধরেছে। সেই ফাটল দিয়ে ছোট ছোট গাছ জন্মেছে। মন্দিরটির মূল জানালাগুলোও ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
বাইরে দড়িতে শুকাতে দেওয়া কাপড় দেখে বোঝা যায়, মন্দিরটি এখন বসতবাড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর আশপাশের জায়গাটি মোটরসাইকেল পার্কিংয়ের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে।
শহরটির অনেক ঐতিহাসিক হিন্দু উপাসনালয়ই এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এগুলোর কোনোটি বসতবাড়ি, আবার কোনোটি গুদাম কিংবা স্কুল হিসেবে ব্যবহার করা হচ্ছে।
তৌসিফ বলেন, ‘আবাসনের সংকট যখন অনেক বেড়ে যায়, তখন সরকার এসব মন্দিরের অনেকগুলো পরিবারগুলোর মধ্যে বাড়ি হিসেবে ব্যবহারের জন্য বরাদ্দ দিতে শুরু করে।’
আরও পড়ুন: পোশাক শ্রমিকদের জন্য যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণের প্রতিশ্রুতি
১৯ শতকে নির্মিত গম্বুজবিশিষ্ট কল্যাণ দাস মন্দিরটি এখন দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য পরিচালিত কান্দিল স্কুলের ভেতরে অবস্থিত। মন্দিরটির দেয়ালে এখনো সূক্ষ্ম ও কারুকার্যখচিত নকশা দেখা যায়।
স্কুলটির প্রধান শিক্ষক পারভেজ আখতার বলেন, শিক্ষার্থীদের রাওয়ালপিন্ডির ধর্মীয় অতীত সম্পর্কে জানার সুযোগ করে দেওয়ার শিক্ষাগত ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে।
তিনি বলেন, ‘নতুন প্রজন্মের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা জানতে পারে, ওই ধর্মের মানুষের উপাসনার ধরন কেমন ছিল এবং তাদের উপাসনালয়গুলো দেখতে কেমন ছিল।’
তিনি আরও বলেন, ‘মুসলমান হিসেবে আমরা সব ধর্মের উপাসনালয়কে সম্মান করি। সেই বিশ্বাস থেকেই আমরাও এই স্থানটির প্রতি শ্রদ্ধা দেখাই।’
আরও পড়ুন: বৈশ্বিক রাজনৈতিক পরিবর্তনের মূল শক্তি হয়ে উঠছে জেন-জি
- আমাদেরই ভাই -
রাওয়ালপিন্ডির ক্রমশ ছোট হয়ে আসা হিন্দু সম্প্রদায়ের মানুষ এখনো আশা করেন, পরিত্যক্ত মন্দিরগুলো আবারও উপাসনার কাজে ব্যবহার করা সম্ভব হবে।
১৯৯২ সালে ভারতে বাবরি মসজিদ ভাঙার পর এর প্রতিক্রিয়ায় পাকিস্তানজুড়ে পাল্টাপাল্টি সহিংসতা ছড়িয়ে পড়ে। সে সময় উচ্ছৃঙ্খল জনতা হিন্দুদের বিভিন্ন উপাসনালয়ে হামলা চালায়। রাওয়ালপিন্ডির কয়েকটি মন্দিরও ওই হামলার শিকার হয়।
মহার্ষি বাল্মীকি মন্দিরও হামলার লক্ষ্যবস্তু ছিল। হামলায় মন্দিরটির চূড়া ধ্বংস হয়ে যায়। পরে অবশ্য মন্দিরটি সংস্কার করে আবার খুলে দেওয়া হয়।
আরও পড়ুন: ট্রাম্পের নতুন নির্দেশ: কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে হবে
রাওয়ালপিন্ডির পরিত্যক্ত হিন্দু মন্দিরগুলোর বিষয়ে কথা বলতে গিয়ে মন্দিরটির ৭৪ বছর বয়সী পুরোহিত মীর চাঁদ খোখার বলেন, ‘সরকার যদি মন্দিরগুলো আমাদের হাতে তুলে দেয়, তাহলে আমরাও সেগুলো আবার চালু করতে পারব।’
গবেষক তৌসিফ বলেন, ‘এগুলো আমাদের রাওয়ালপিন্ডির সম্পূর্ণ ভিন্ন এক সময়ের কথা মনে করিয়ে দেয়। সেটি ছিল অনেক বেশি সহনশীলতার সময়। আমরা ভুলে যাই, অন্য ধর্মের মানুষ একসময় আমাদেরই ভাই ছিল।’
তিনি আরও বলেন, ‘এসব ঐতিহাসিক স্থানকে মানুষের কাছে অতীতের গল্প তুলে ধরার জায়গা হিসেবে গড়ে তোলা সম্ভব। এসব স্থান নতুন প্রশ্নের জন্ম দিতে পারে, আবার অনেক প্রশ্নের উত্তরও দিতে পারে। মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতা তৈরি করতে পারে। দক্ষিণ এশিয়ার জন্য এখন এ ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন