ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইউক্রেনীয় হামলার ধাক্কা সামলে ক্রিমিয়ান ব্রিজে ট্রেন চলাচল সচল করল রাশিয়া


ইউক্রেনীয় হামলার ধাক্কা সামলে ক্রিমিয়ান ব্রিজে ট্রেন চলাচল সচল করল রাশিয়া

ইউক্রেনীয় বাহিনীর একের পর এক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ধাক্কা কাটিয়ে অবশেষে রাশিয়া ক্রিমিয়ান ব্রিজে (কের্চ ব্রিজ) ট্রেন চলাচল সম্পূর্ণরূপে স্বাভাবিক করেছে। গত সপ্তাহে টানা তিন দফা ইউক্রেনীয় আক্রমণের ফলে সেতুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পর, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই নিকিতিন শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে সেতুর রেল অংশ পুরোপুরি সচল হওয়ার খবর নিশ্চিত করেছেন।

রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কের্চ প্রণালির ওপর নির্মিত ১৯ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি রাশিয়ার মূল ভূখণ্ডের (ক্রাসনোদার অঞ্চল) সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপকে যুক্ত করার একমাত্র সরাসরি স্থলপথ।

হামলা ও মেরামতের বিস্তারিত চিত্র :

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে খ্রিষ্টানদের ওপর হামলা ও হয়রানি বেড়েছে: ধর্মীয় নেতাদের অভিযোগ

টানা তিন দফা আক্রমণ : গত ১৬, ১৭ এবং ১৯ নভেম্বর- এ চার দিনে ইউক্রেনীয় বাহিনী নেপচুন ও ফ্ল্যামিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ঝাঁকে ঝাঁকে ড্রোন দিয়ে সেতুটিতে তিনবার হামলা চালায়। ১৯ নভেম্বর রাতের ড্রোন হামলার পর নিরাপত্তার স্বার্থে রেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।

দ্রুতগতিতে রেলপথ সংস্কার : হামলার পরপরই রুশ প্রকৌশলী ও বিশেষজ্ঞ দল যুদ্ধকালীন তৎপরতায় মেরামত কাজ শুরু করে। প্রথমে সেতুর দুটি রেললাইনের মধ্যে একটি দিয়ে সীমিত পরিসরে ট্রেন চালু করা হয় এবং শনিবারের মধ্যে দ্বিতীয় লাইনটিও মেরামত করে পুরোপুরি স্বাভাবিক ট্রেন পরিষেবা চালু করা হয়েছে।

সড়কপথ এখনো বন্ধ : রেল যোগাযোগ পুরোপুরি সচল হলেও সেতুটির সড়ক অংশ এখনো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। ইউক্রেনীয় হামলায় সেতুর একটি ইস্পাতের খিলান এবং প্রায় ২০০ মিটার দীর্ঘ চার লেনের সড়ক অংশ ধসে নিচে সমুদ্রে পড়ে যাওয়ায় সাধারণ যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। গাড়িচালকদের আপাতত দক্ষিণ ইউক্রেনের দখলকৃত ভূখণ্ডের স্থলপথ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

পুতিনের কড়া হুঁশিয়ারি :

আরও পড়ুন: কলম্বিয়ার সহিংসতা বন্ধে পুরস্কার ও শাস্তি—দুই কৌশলই প্রয়োজন: নোবেলজয়ী সান্তোস

২০১৪ সালে ক্রিমিয়া অধিগ্রহণের পর ২০১৮ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এ সেতুটি উদ্বোধন করেছিলেন, যা মস্কোর সামরিক রসদ সরবরাহের প্রধান লাইফলাইন হিসেবে পরিচিত। সেতুতে এ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনকে এ আক্রমণের জন্য অনেক বেশি যন্ত্রণাদায়ক জবাব দেওয়া হবে এবং বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের সামুদ্রিক যুদ্ধবিরতি বা জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের আলোচনায় বসবে না মস্কো।

প্রকৌশলীদের মতে, সেতুটির ধসে পড়া সড়ক অংশ পুরোপুরি মেরামত করতে কয়েক মাস থেকে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে। তবে রেলপথটি দ্রুত সচল করতে পারায় রণাঙ্গনে রুশ সেনাদের রসদ ও সামরিক সরঞ্জাম সরবরাহে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

সূত্র : তাস

আরও পড়ুন: দ. কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিও-জিনের পদত্যাগ পরীক্ষায় জালিয়াতির ঘটনায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইয়্যিদুল ইস্তেগফার পাঠের অবিশ্বাস্য ফজিলত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


সাইয়্যিদুল ইস্তেগফার পাঠের অবিশ্বাস্য ফজিলত

মানুষ যতই পাপ করে থাকুক, আল্লাহ তায়ালার রহমতের দরজা কখনোই বন্ধ হয় না। যখন বান্দা আন্তরিকতার সঙ্গে নিজের ভুলগুলো স্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাকে ভালোবাসেন এবং তার জন্য রহমত, মাগফিরাত ও জান্নাতের পথ খুলে দেন।

সাইয়্যিদুল ইস্তেগফার এমন একটি মহিমান্বিত দোয়া, যা ইস্তিগফারের মধ্যে সেরা। এই দোয়াটি হলো,

اللَّهُمَّ أَنْتَ رَبِّي، لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَىٰ عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي، فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, খালাকতানি ওয়া আনা আবুদুকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু, আউজু বিকা মিন শাররি মা সানাতু, আবু লাকা বিনিমাতিকা আলাইয়্যা, ওয়া আবু লাকা বিজামবি ফাগফির লি, ফাইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লাহ আনতা।’

অর্থ : ‘হে আল্লাহ, আপনি আমার রব। আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন। আমি আপনার বান্দা। আমি সাধ্যানুযায়ী আপনার প্রতি কৃত ওয়াদা রক্ষার চেষ্টা করছি। আপনাকে দেওয়া প্রতিশ্রুতির অধীনে থাকার চেষ্টা করছি।

আমার মন্দ কর্মের ব্যাপারে আপনার আশ্রয় চাই। আমি আপনার নেয়ামতের কথা অকুণ্ঠচিত্তে স্মরণ করছি। আমি আমার পাপের কথাও স্বীকার করছি। আমাকে ক্ষমা করুন। কেননা আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না।’

হাদিস : মহানবী (সা.) বলেন, "যদি কেউ দৃঢ়বিশ্বাস ও আন্তরিকতার সঙ্গে সকাল-সন্ধ্যায় এটি পাঠ করে এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করে, তবে সে জান্নাতিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।" (সহিহ বুখারি, হাদিস নম্বর : ৬৩০৬)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগ এখন স্রেফ আওয়ামী সন্ত্রাসী লীগ: ড. মির্জা গালিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


আ.লীগ এখন স্রেফ আওয়ামী সন্ত্রাসী লীগ: ড. মির্জা গালিব

বাংলাদেশি গবেষক ও শিক্ষাবিদ ড. মির্জা গালিব মন্তব্য করেছেন যে, সন্ত্রাস, ক্ষমতা এবং বাকশাল—এই তিনটি বিষয় মিলে আওয়ামী লীগ বর্তমানে শুধু আওয়ামী সন্ত্রাসী লীগ হয়ে উঠেছে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

রোববার, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ ডিসেম্বর মাস সামনে রেখে সন্ত্রাস শুরু করছে। ডিসেম্বর বাংলাদেশীদের জন্য বিজয়ের মাস। এই মাস আমাদের বিজয়ের বার্ষিকী উদযাপন করার সময়।

কিন্তু আওয়ামী লীগ এই মাসটিকে সন্ত্রাস করার জন্য বেছে নিয়েছে। কেন? কারণ আওয়ামী লীগের মাইন্ডসেটে তারা নিজেদের ছাড়া আর কাউকে গুরুত্ব দেয় না। তারা দেশের, মানচিত্রের কিংবা মানুষের কোনো কিছুর প্রতি দায়বদ্ধ নয়। ক্ষমতায় থাকার জন্য তারা দেশকে ভারতের হাতে তুলে দিতে পারে, এবং ক্ষমতা উদ্ধারের জন্য দেশকে সন্ত্রাসের পোড়া মাটিতে পরিণত করতে পারে।

আওয়ামী লীগ কেন সন্ত্রাস করছে? কারণ তারা ক্ষমতা ফেরত চায়। ক্ষমতা পেলে তারা কী করবে? ফ্যাসিজম কায়েম করবে, গুম করবে, খুন করবে, নির্বাচন ডাকাতি করবে এবং সারাজীবন ক্ষমতায় থাকবে। তারা বাকশাল প্রতিষ্ঠা করবে।

সন্ত্রাস, ক্ষমতা এবং বাকশাল—এই তিনটি বিষয় মিলে আওয়ামী লীগ এখন স্রেফ আওয়ামী সন্ত্রাসী লীগ। বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যতে এই সন্ত্রাস এবং সন্ত্রাসীদের কোনো স্থান থাকতে পারে না।

আরেকটি পোস্টে তিনি উল্লেখ করেন, ‘সন্ত্রাসী আওয়ামী লীগের নড়াচড়ার মধ্যে দিয়ে স্পষ্ট হচ্ছে যে, বাংলাদেশের সামনে এখন একটি বড় কাজ হলো আওয়ামী লীগের সন্ত্রাসের একটি শেষ সীমা টানা। আওয়ামী লীগ তার ১৭ বছরের ফ্যাসিস্ট শাসন টিকিয়ে রাখতে পারেনি। তারা পুরো বাংলাদেশ থেকে পরাজিত এবং বিতাড়িত হয়ে এখন শুধু গোপালগঞ্জে অবস্থান করছে। কিন্তু তারা মনে করে, সন্ত্রাস করে এবং জ্বালাও-পোড়াও করে আবার তারা ফিরে আসতে পারবে।

এই ভাবনা তিনটি কারণে তারা করে। প্রথমত, ভারতের সাথে তাদের পুরাতন সম্পর্ক এখনো শেষ হয়নি। দ্বিতীয়ত, দেশের মধ্যে আওয়ামী লীগের কাছে নিজেদের বিবেক-বুদ্ধি বন্ধক দেওয়া একটি সুবিধাবাদী গ্রুপ রয়েছে। তারা মনে-প্রাণে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। তৃতীয়ত, আওয়ামী লীগের বিচার আমরা শেষ করতে পারিনি। যদি তাদের অপরাধের সমান বিচার তারা এতদিনে পেত, তাহলে নতুন করে এই সন্ত্রাস করার সাহস তারা পেত না।

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি হওয়া উচিত ছিল— আওয়ামী লীগের সন্ত্রাসের উচিত বিচার করা এবং যা কিছু ফ্যাসিস্ট, যা কিছু আওয়ামী লীগীয়, তার সব কিছু বাদ দিয়ে একটি নতুন ভবিষ্যৎ নির্মাণ করা। আওয়ামী লীগের সংবিধান বাদ দিয়ে দেওয়া। আওয়ামী লীগের দুর্নীতি এবং সন্ত্রাসের রাজনীতির স্টাইল বাদ দিয়ে দেওয়া। কথাবার্তা, আচরণে আওয়ামীপনা বাদ দিয়ে দেওয়া।

তারেক রহমানের সামনে এই সুযোগটি ছিল। আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার শেষ করা, জুলাই সনদ বাস্তবায়ন করা, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করা, নিজের দলকে গণতান্ত্রিকভাবে সাজানো, দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স স্ট্যান্ড নেওয়া, ফ্যাসিজম বিরোধী সকল দলের সাথে একটি কনস্ট্রাকটিভ সম্পর্ক রাখা, এবং সবাই মিলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

দেশ ও জাতিকে পরিবর্তনের এইরকম একটি মুহূর্ত একটি জাতির জীবনে খুব বেশি আসে না। আমাদের ৭১ এ আসছিল, ৭৫-এ আসছিল, এবং ৯০-এ আসছিল। ২৪ আমাদেরকে সেই সুযোগটি আবার দিয়েছে। আপনারা যারা ক্ষমতায় আছেন, এই সুযোগটি হারাবেন না। এখনো সময় আছে, সব কিছু বদলে দেওয়ার। ঠিক রাজনীতিটা করুন প্লিজ।

তিনি আরো লেখেন, ‘একটি রাজনৈতিক দলের ডিএনএতে কতটা সন্ত্রাস থাকতে পারে যে, গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পরও তারা আবার সন্ত্রাসের পথ ধরেই ফিরতে চায়!’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে নাশকতার প্রস্তুতি: বিদেশি পিস্তল ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


টেকনাফে নাশকতার প্রস্তুতি: বিদেশি পিস্তল ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার, আটক ২

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ অভিযান পরিচালনা করে শতাধিক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বা হাতে তৈরি বিস্ফোরক তৈরির সরঞ্জাম, বিদেশি পিস্তল এবং গুলি উদ্ধার করেছে বিজিবি। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে সীমান্তপথে আনা এসব বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

রোববার (২২ নভেম্বর) উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শন করা হয়। এ সময় বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্ধার করা সরঞ্জামগুলো দিয়ে কী ধরনের বিস্ফোরক তৈরির পরিকল্পনা ছিল, এর সঙ্গে কারা জড়িত এবং সীমান্তের ওপার থেকে কীভাবে এসব সরঞ্জাম আনা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আটক দুজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ চক্রের অন্য সদস্যদের শনাক্ত এবং অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২ কোটি ২৫ লাখ ডলারের পণ্য লুট, ১৪ জনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৩ পি.এম


ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২ কোটি ২৫ লাখ ডলারের পণ্য লুট, ১৪ জনের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ২ কোটি ২৫ লাখ ডলারের বেশি মূল্যের পণ্য লুটের অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্টের মধ্যে অন্তত ৩৬টি ট্রেনে ডাকাতির ঘটনায় তাঁদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। চুরি হওয়া পণ্যের মধ্যে রয়েছে হাজার হাজার জোড়া নাইকি জুতা, মিলওয়াকি ব্র্যান্ডের যন্ত্রপাতি এবং অন্যান্য পণ্য।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করে। ১৪ মাসের তদন্ত শেষে এ সপ্তাহে অভিযোগপত্র দাখিল করা হয়। এই ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি বিল এসাইলি এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে একে ‘বিস্ময়কর মাত্রার চুরি’ বলে উল্লেখ করেছেন।

অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ‘লোস ত্রেনেস’ নামে পরিচিত চক্রটির নেতৃত্বে ছিলেন ২১ বছর বয়সী নাথান ড্যানিয়েল অ্যাঞ্জেল। তাঁর বাবা এবং দুই চাচাসহ চক্রের অন্যান্য সদস্য চলন্ত মালবাহী ট্রেনে উঠে পড়তেন। তাঁদের মধ্যে কেউ নজরদারির দায়িত্ব পালন করতেন, আবার কেউ ট্রেনের বাতাস চলাচলের পাইপ বা এয়ার হোস কেটে দিতেন। এর ফলে বায়ুচাপ কমে গিয়ে ট্রেনের ব্রেক সক্রিয় হয়ে যেত এবং ট্রেনটি জরুরি ভিত্তিতে থেমে যেতে বাধ্য হতো।

ট্রেন থেমে যাওয়ার পর চক্রের অন্য সদস্যরা সেখানে গিয়ে পণ্য লুট করতেন। পরে সেগুলো ট্রাক ও ভ্যানে করে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বাড়ি ও গোপন স্থানে মজুত করা হতো। অভিযোগ করা হয়েছে যে সেখান থেকে পণ্যগুলো কালোবাজারে বিক্রি করা হতো। ট্রেনের এয়ার হোস কেটে দেওয়ার কারণে দুর্ঘটনা ও লাইনচ্যুত হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছিল।

আদালতের নথিতে সংযুক্ত ২০২৪ সালের ফেব্রুয়ারির একটি ছবিতে নাথান অ্যাঞ্জেলকে নাইকির পণ্যভর্তি কয়েকটি বাক্সের সামনে সেলফি তুলতে দেখা যায়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের অক্টোবরে ২৭ বছর বয়সী ডোন্টা হেজম্যান চলন্ত একটি নাইকি পণ্যবাহী ট্রেনের কনটেইনারের তালা করাত দিয়ে কেটে ফেলেন। ২০২৫ সালে চুরির ঘটনা আরও বেড়ে যায়। ওই বছরের ২৯ এপ্রিল চক্রটি মিলওয়াকি ব্র্যান্ডের ১ হাজার ১৭০টি যন্ত্রপাতি ও ১৭ হাজার যন্ত্রাংশ লুট করে।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চক্রটির বিষয়ে তদন্ত শুরু করেছিল। অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ এপ্রিল চক্রের এক অজ্ঞাত সহযোগী কার্লোস লুইস ফার্নান্দো মার্তিনেজকে বার্তা দিয়ে জানান, চোরাই পণ্য গ্রহণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানতে চাইছে, তিনি কার কাছ থেকে পণ্যগুলো পেয়েছেন। জবাবে মার্তিনেজ তাঁকে এনক্রিপ্টেড বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যালের মাধ্যমে যোগাযোগ করতে বলেন।

২০২৫ সালের শেষ দিকে চক্রটির কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্য কেনা একটি প্রতিষ্ঠানের ওপর পুলিশের নজরদারির ইঙ্গিতও পাওয়া যায়। তখন মার্তিনেজকে এক সহযোগী সতর্ক করে লিখেছিলেন, তদন্ত গভীরে গেলে তাঁদের বিপদ হতে পারে।

২০২৬ সালের ১৬ জানুয়ারি নাথান অ্যাঞ্জেল ও ২৫ বছর বয়সী ফ্রেডি মারকিনা এক সহযোগীকে পুলিশ আটক করেছে বলে বার্তা আদান-প্রদান করেন। এরপরও চুরির ঘটনা থামেনি। ওই বছরের জুলাইয়ে ২৪ বছর বয়সী অ্যাঞ্জেল সানচেজ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ছবি শেয়ার করেন। ছবিটিতে মুখোশধারী কয়েকজনকে বার্লিংটন নর্দার্ন সান্তা ফে রেলওয়ের একটি ট্রেন থেকে নাইকির জুতা বিলাসবহুল গাড়িতে ছুড়ে ফেলতে দেখা যায়। গাড়িগুলোতে ‘লোস ত্রেনেস’ লেখা ছিল এবং ওপরে একটি হেলিকপ্টার থেকে সার্চলাইট ফেলা হচ্ছিল।

অভিযোগপত্রে চক্রের সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র, আন্তঃরাজ্য রেলপথে পণ্য চুরি এবং চোরাই পণ্য গ্রহণ বা নিজেদের কাছে রাখার অভিযোগ আনা হয়েছে। ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ পাঁচ বছর এবং রেলপথে পণ্য চুরির প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। রেল পরিবহন সংস্থার বিরুদ্ধে সহিংসতার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হকম্যান বলেন, গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থা সুরক্ষিত রাখা এবং পণ্যগুলো যেন কালোবাজারের পরিবর্তে নির্ধারিত গন্তব্যে পৌঁছায়, তা নিশ্চিত করতে তাঁরা কাজ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%