মোঃ শাহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৪৫ পি.এম
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক অভিযানে ১ কেজি গাঁজাসহ মো: শরিফুল ইসলাম (৪৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ০৭:১০ থেকে ০৮:০০ ঘটিকা পর্যন্ত পরিচালিত অভিযানে গোমস্তাপুর থানাধীন গোমস্তাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হোগলা গ্রামস্থ এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম ওই একই গ্রামের মো: মোজাম্মেল হক ও মোসা: ইদন বেগমের ছেলে।
ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর ইউনিয়নের হোগলা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শরিফুল ইসলামের কাছ থেকে অবৈধ ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের ১ হাজার ৭৮৫ জন কৃষক প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন। এই কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মনজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী থেকে সরাসরি যুক্ত হয়ে ১ অক্টোবর দেশব্যাপী কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি পতিসরে মনিয়ারী ইউনিয়নের পতিসর ব্লকের ১ হাজার ৭৮৫ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে।
আরো পড়ুন
২০২৭ পর্যন্ত মেমোরি সংকট, চাপে ছোট ফোন-ল্যাপটপ নির্মাতারা
কৃষি বিভাগ জানাচ্ছে, পতিসর ব্লকের সকল কৃষককে এ কার্ডের আওতায় আনা হয়েছে। ইতোমধ্যে ১ হাজার ৭৮৫ জন কৃষকের নামে বিভিন্ন ব্যাংকে হিসাব খোলা হয়েছে। এই ব্যাংক হিসাবের মাধ্যমে কৃষকরা সরকারের দেওয়া সহায়তার অর্থ গ্রহণ করবেন।
কৃষি বিভাগ আরো জানাচ্ছে, একই দিনে দেশের ৫৫টি জেলার ৭৭টি উপজেলায় একযোগে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
নওগাঁ জেলার সকল কৃষককে পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় আনা হবে বলে কৃষি বিভাগ জানিয়েছে।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, নওগাঁয় মোট কৃষক পরিবারের সংখ্যা ৬ লাখ ৭৯ হাজার ৯৭৬টি। এর মধ্যে সদর উপজেলায় ৮৪ হাজার ৪৪০টি, রানীনগরে ৪৬ হাজার ৮৫০টি, আত্রাইয়ে ৫৩ হাজার ২০৫টি, বদলগাছীতে ৫২ হাজার ৫৭৯টি, মহাদেবপুরে ৮৭ হাজার ৩৩৭টি, পত্নীতলায় ৬০ হাজার ৫৮৬টি, ধামইরহাটে ৫৪ হাজার ৩৩৩টি, সাপাহারে ৫০ হাজার ২৬টি, পোরশায় ২৩ হাজার ৭৭০টি, মান্দায় (সংখ্যাটি যাচাই প্রয়োজন) এবং নিয়ামতপুরে ৬৫ হাজার ৮৩০টি কৃষক পরিবার রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কেন্দ্রীয় আশ্রম কাউখালী বাংলাদেশ এর আশ্রমের টাকা আত্মসাৎ ও আশ্রমের কমিটি নিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের মদতের একটি গ্রুপ বিশৃঙ্খলার করার অভিযোগ রয়েছে ।
এ নিয়ে পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কাউখালী উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিপুল বরণ ঘোষ ও তার সহযোগীদের নেতৃত্বে চক্রটি আসন্ন বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে আশ্রমে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের আয়োজনে আশ্রম সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, কেন্দ্রীয় আশ্রমের সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল।
লিখিত বক্তব্যে তিনি জানান, বিগত ৫ আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে। কাউখালী উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আশ্রমের বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষ বিগত সরকারের সময় ক্ষমতার দাপট দেখিয়ে আশ্রমে নানা অনিয়ম ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। পরবর্তীতে আশ্রমে তহবিল তসরুপসহ নানাবিধ অনিয়মের প্রমাণ মেলায় তাকে আইনগতভাবে আশ্রম থেকে বহিষ্কার করা হয়।
তিনি আরও উল্লেখ করেন, আশ্রমের ১ কোটি ৩ লাখ ৬৪ হাজার ৯৪১ টাকা আত্মসাতের অভিযোগে বিপুল বরণ ঘোষের বিরুদ্ধে বিজ্ঞ পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা বর্তমানে চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বর্তমানে বিপুল বরণ ঘোষ সরাসরি সামনে না এসে পর্দার আড়াল থেকে কতিপয় স্বার্থান্বেষী লোককে ইন্ধন জুগিয়ে আশ্রমের শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পিরোজপুর এর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে আশ্রমে একটি তদন্তের দিন ধার্য ছিল। এই তদন্ত কার্যক্রমে বিপুল বরণ ঘোষ আশ্রমে প্রবেশ করতে চাইলে আশ্রমের সাধারণ সদস্যদের প্রতিরোধের মুখে সে ফিরে যেতে বাধ্য হয় । তদন্ত কমিটি নিরপেক্ষ দৃষ্টিতে তদন্ত কার্যক্রম নিয়ে অগ্রসর হলে বিপুল বরণ ঘোষের উস্কানিতে তার আপন মামা শ্বশুর শংকর লাল বসুর নেতৃত্বে কিছু চিহ্নিত সন্ত্রাসী ও বহিরাগত দুষ্কৃতকারী আশ্রমে বিজ্ঞ জেলা ও স্থানীয় প্রশাসনের উপস্থিত কর্মকর্তাবৃন্দের সামনেই বিভিন্ন অসদাচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়েছে। পটুয়াখালী থেকে আগত প্রদীপ কর্মকার, ঝালকাঠি থেকে আগত পরিমল চন্দ্র দে, বরিশাল থেকে আগত প্রশান্ত কুমার দাস ও বরিশালের বিপ্লব দেবনাথ গং এই সকল অপকর্মের অন্যতম উস্কানিদাতা।
আসন্ন বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে আশ্রমের পবিত্র আঙিনায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান আশ্রম কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার, নির্বাহী সভাপতি শংকর দেবনাথ, সহ-সভাপতি বিনয় কৃষ্ণ দাস, সহ-সাংগঠনিক সম্পাদক কমল কৃষ্ণ গড়াই, দপ্তর সম্পাদক মানিক লাল কর, পরিকল্পনা সম্পাদক
এছাড়াও বঙ্কিমচন্দ্র সাহা, উজ্জ্বল সাহা, নেপাল চন্দ্র দে, সুজন সাহা, কালাচাঁদ কর্মকার, পলাশ কর্মকার ও ধলুশীল সহ আশ্রমের অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অপরাধের ধরন পরিবর্তিত হলেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি।
তিনি বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
আরো পড়ুন
নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ কৃষক।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের ধরন পরিবর্তিত হয়েছে এবং প্রতিরোধের জন্য ডিজিটাল প্রযুক্তিতে আসতে হয়েছে। কিন্তু পুলিশকে আধুনিকায়ন করা এখনো সম্ভব হয়নি। থানা ও উপজেলা পর্যায়ে মডার্ন সাইবার সিকিউরিটি ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে।
ক্রাইম রিপোর্টারদের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমদ বলেন, ক্রাইম রিপোর্টারদের কাজ ঝুঁকি নিয়ে করা। যারা ঝুঁকি নিয়ে ক্রাইম রিপোর্ট করছেন, তাদের জন্য ঝুঁকি ভাতা দেওয়ার বিষয়ে কাজ করা যেতে পারে।
আইনের সংশোধন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আইনের সংশোধন প্রয়োজন, কারণ প্রচলিত আইনে অপরাধীদের গ্রেপ্তার করা হলেও তারা জামিনে মুক্ত হয়ে যায়। যুবসমাজের প্রায় প্রতিটি অপরাধের পেছনে জুয়া ও মাদকের প্রভাব রয়েছে।
তিনি আরও বলেন, অপরাধ কেন ঘটে তা নিয়ে আগে গবেষণা করতে হবে, পরে তা নির্মূল করে অপরাধ কমিয়ে আনতে হবে। এ বিষয়ে কাজ চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজন আসামির মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে মন্তব্য করার কারণে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে।
আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের পক্ষ থেকে এ আবেদন দায়ের করা হয়। প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত অবমাননার অভিযোগের মুখোমুখি হওয়া সুপ্রিম কোর্টের দুই আইনজীবী হলেন আইনজীবী হাসানুজ্জামান তুষার এবং আইনজীবী হাসান চৌধুরী। প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানিয়েছেন, বিচারালয়ের দেওয়া সর্বোচ্চ দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও আদালত অবমাননাকর মন্তব্য করার কারণে তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ সাত নেতাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
মামলায় রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী ছিলেন এম হাসান ইমাম ও ইসরাত জাহান। অন্যদিকে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামীম।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ