১২:১৭ পি.এম
আফগানিস্তানে ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে দেশটির পুরুষ দলও নিজেদের শক্ত অবস্থান প্রতিষ্ঠা করেছে। তবে এবার তালেবান সরকার ক্রিকেট সংবাদ প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দক্ষিণাঞ্চলীয় কান্দাহারের রেডিও স্টেশনগুলোকে ক্রিকেট সংক্রান্ত খবর প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল শনিবার এ বিষয়ে তথ্য প্রদান করেছে বার্তা সংস্থা এএফপি। কান্দাহারের দুটি রেডিও স্টেশনের কর্মকর্তারা এবং প্রাদেশিক প্রশাসনের একটি সূত্র নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে রেডিও স্টেশনগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকে স্টেশনগুলো ক্রিকেট নিয়ে কোনো অনুষ্ঠান প্রচার করতে পারবে না। এমনকি ম্যাচের ধারাভাষ্য, সংবাদ কিংবা দলের জয়ের খবরও প্রচার করা যাবে না।
আরও পড়ুন: ইরানের প্রতিবেশীদের সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্বান
নাম প্রকাশে অনিচ্ছুক তথ্য ও সংস্কৃতি বিভাগের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, ‘ক্রিকেট সংক্রান্ত সংবাদ প্রচার নিষিদ্ধ করা হয়েছে। ধারাভাষ্য, সংবাদ প্রচার, এমনকি কোনো দল জিতলে সেই ফলাফল নিয়েও প্রতিবেদন করা যাবে না।’
কান্দাহারের একটি স্থানীয় রেডিও স্টেশনের প্রধানও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আমরা তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে ফোন পেয়েছি। আমাদের জানানো হয়েছে, এখন থেকে রেডিওতে ক্রিকেট নিয়ে কোনো খবর প্রচার করা যাবে না।’
অন্য একটি রেডিও স্টেশনের ব্যবস্থাপকও একই নির্দেশ পেয়েছেন। তাঁর বক্তব্য, ‘কর্তৃপক্ষ ফোন করে জানিয়েছে, আপাতত ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত সবকিছুই নিষিদ্ধ।’ নিরাপত্তার কারণে দুই সম্প্রচারকই নিজেদের নাম প্রকাশ করতে চাননি।
তালেবান সরকারের সর্বোচ্চ নেতার বাসস্থান কান্দাহার। সেখানে ক্রিকেট সংবাদ প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে মন্তব্য চাওয়া হয়েছিল এএফপির পক্ষ থেকে। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।
আরও পড়ুন: সৌদিতে নাবালক অবস্থায় গ্রেপ্তার শিয়া যুবকের মৃত্যুদণ্ড কার্যকর
আফগানিস্তানে ক্রিকেটের প্রতি তালেবান সরকারের অবস্থান নিয়ে এই সিদ্ধান্ত নতুন প্রশ্ন সৃষ্টি করেছে। ক্ষমতায় ফিরে আসার পর সরকার ক্রিকেটের প্রতি সমর্থন প্রদর্শন করেছে। এমনকি ক্ষমতা ফিরে পাওয়ার বর্ষপূর্তি উপলক্ষে গত আগস্টে ক্রিকেট ম্যাচের আয়োজনও করা হয়েছিল।
তবে দেশটিতে খেলাধুলার ওপর তালেবানের কিছু কঠোর বিধিনিষেধ রয়েছে। মিক্সড মার্শাল আর্ট নিষিদ্ধ করেছে তারা। পুরুষ ও ছেলেদের ক্রিকেট খেলার অনুমতি থাকলেও নারী ও মেয়েদের খেলাধুলা এবং জিমে যাওয়া নিষিদ্ধ। জনজীবনে নারীদের অংশগ্রহণ সীমিত করার অংশ হিসেবেই এসব নিয়ম কার্যকর করা হয়েছে।
এদিকে আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলছে।
আরও পড়ুন: তুরস্কে ইরানি জেনারেল হত্যায় মোসাদের ভূমিকা, রহস্য ঘিরে তদন্ত চলছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন